Sunday, June 7, 2009

পৌরুষত্ব (গল্প)

ইংল্যান্ডের ছোট্ট শহর কেন্টে তমাল এবং তানিয়ার গোছানো সংসার। তমাল কেন্ট বিশ্ববিদ্যালয়ে পি. এইচ. ডি করছে। তানিয়া স্থানীয় একটা ডে কেয়ার স্কুলে শিক্ষকতা করে। বেশ কেটে যাচ্ছিল ওদের দিনগুলো। দেখতে দেখতে বছর ঘুরে চলে এলো কোরবানীর ঈদ।

ঈদের এক সপ্তাহ আগে থেকে তমাল এবং তানিয়ার মাঝে ঝগড়া শুরু হয়। ঈদের দুদিন আগে সেটা চরম রুপ নিল। পুরোপুরি কথা বন্ধ, দুজন দু'রুমে ঘুমায়। যাইহোক, ঈদের আগের দিন রাতে তমাল বুঝলো কথা বন্ধ করা ঠিক হয়নি। কাল সকাল আটটায় ঈদের জামাত। তানিয়া ওকে ঘুম থেকে ডেকে না তুললে জামাত মিস হবার সম্ভাবনা রয়েছে। অতএব, একটু নমনীয় হবার চেষ্টা করা ভালো। কিন্তু তাই বলে পৌরুষত্ব বিসর্জন দিয়েতো আর আগে কথা বলা যায় না!

অনেক ভেবে এর একটা সমাধান বের করলো তমাল। একটা কাগজে সুন্দর করে লিখলো, "কালতো ঈদ! অতএব সন্ধির প্রস্তাব দিচ্ছি। সকালে ঈদের জামাত ধরতে হবে। আমাকে সাতটায় ঘুম থেকে তুলে দিও। ঈদ মোবারক।" তারপর কাগজটা তানিয়ার রুমে বিছানার পাশে রেখে আসলো।

পরদিন সকালে তমালের ঘুম ভাঙ্গার পর দেখে ঘড়িতে নয়টা বাজে। ধড়ফড় করে জেগে উঠে সে। "তানিয়া এমনটা করতে পারলো?" - মনেমনে যখন তমাল ভাবছে, তখন দেখলো পাশে একটা কাগজ পড়ে আছে। তাতে লেখা, "সন্ধির প্রস্তাব গ্রহন করলাম। এখন ভোর সাতটা বাজে। ঘুম থেকে ওঠো। তোমাকেও ঈদ মোবারক!" (গল্পটি মৌলিক নয়।)
৯ ডিসেম্বর ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

1 comment:

Anonymous said...

lol!