Saturday, July 11, 2009

নিরন্তর: ১ম - ৬ষ্ঠ পর্ব (উপন্যাস)

১

“আমাকে সব সময় এভাবে ভালোবাসবেতো?” শুয়েশুয়েই মনিকা জিজ্ঞেস করলো আকাশকে। জিন্সের বোতাম লাগাতে লাগাতে আকাশ তাকালো মনিকার দিকে। উঁপুড় হয়ে শুয়ে আছে মেয়েটা। পাতলা চাদরে পুরো শরীর ঢাকা। ফর্সা কাঁধ দেখা যাচ্ছে। যেন কোন দেবীর প্রতিমূর্তি।
আকাশ হেসে বলল, “কেন সন্দেহ আছে নাকি?”
মনিকা বাচ্চাদের মত হেসে বললো, “নাহ। তা নেই। আমি জানি তুমি শুধু আমার।”
ঘড়িতে তখন রাত প্রায় এগারোটা। মনিকার বাবা-মা সিঙ্গাপুর গিয়েছেন। সেই সুযোগের সদ্বব্যবহারে আজকের এই অভিসার। আকাশ মনিকার কপালে নাক ঘষে দিয়ে বলল, “আমি এখন আসি। তোমাকে উঠতে হবে না। শুয়ে থাকো। আর মনে করে রাতে কিছু খেয়ে নিও। এত ডায়েট কন্ট্রোল করতে হবে না। এমনিতেই যতটা সেক্সি আছো, তাতেই আমার চলবে।” শেষের কথাটা বলতে বলতে আকাশ হাসছিল। মনিকা বেড়ালের মত উঠে এসে ওকে একটা হাগ দিয়ে দেয়।

রাস্তায় বের হয়ে মোবাইলটা অন করলো আকাশ। একটার পর একটা ম্যাসেজ আসতে শুরু করেছে। খুলে যে পড়বে সে সময়টাও পেলো না, তার মাঝেই ফোন। চোখেমুখে বিরক্তি আর গলায় ভালোবাসা নিয়ে আকাশ ফোনটা ধরলো, “হাই হানি।”
মধুতে কাজ হলো বলে মনে হলো না। অন্য প্রান্তে তখন রিমির চিৎকার শোনা যাচ্ছে। “কোথায় ছিলে তুমি? আমি গত চার ঘন্টা মোবাইলে কল করার চেষ্টা করছি তোমাকে? ফোন বন্ধ ছিল কেন?”
“সজীবের বাসায় ছিলাম। আড্ডা দিচ্ছিলাম। মোবাইল যে চাপ লেগে বন্ধ হয়ে গিয়েছে সেটা দেখিনি।” এক নিঃশ্বাসে আকাশ বলে ফেললো।
“ওহ আচ্ছা।” রিমির গলা একটু শান্ত শোনালো। “আমি দুঃশ্চিন্তা করছিলাম। প্লিজ, এভাবে মোবাইল বন্ধ করে রাখবা না। আমার অস্থির লাগে খুব।”
আকাশ গলায় আবেগের সমুদ্র এনে বলল, “আই এ্যাম পার্ফেক্টলি অলরাইট হানি। এভাবে চিন্তা করতে হয় না। আজ না হয় বন্ধ হয়ে গিয়েছিল। অন্য কোন দিন হয়তো নেটওয়ার্ক থাকবে না। তাতে এভাবে দুঃশ্চিন্তা করে কেউ? পাগলী!”
রিমি হাসছিল। অবিকল মানিকার মত। তার পর বলল, “তুমি আমায় সব সময় ভালোবাসবেতো আকাশ?”
“কেন সন্দেহ আছে নাকি?”
“নাহ। তা নেই। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো।” তারপর ফোনের অপর প্রান্ত থেকে রিমির “তড়িৎ চৌম্বকীয় ভালোবাসর” শব্দ আসতে লাগলো। খুব শীগ্রই আকাশও যোগ দিল ভালোবাসা বিনিময়ের এই নব্য পদ্ধতিতে।

সেদিন নিরব রাতে এক অভিসার থেকে বের হয়ে ফোনে আরেক অভিসারিনীকে চুম্বনে ভিজিয়ে দিচ্ছিল আকাশ। কী অদ্ভুত! বঙ্গ দেশে এখন ভালোবাসার মানুষকে যতটা চুম্বন দেয়া হয়, তার থেকে অনেক বেশি দেয়া হয় মোবাইল ফোনকে। কে যে আসল প্রিয়া মাঝে মাঝে বোঝা কষ্টকর হয়ে দাড়ায়।

২

আকাশের বাসায় ফিরতে রাত প্রায় বারোটা বেজে যায়। মিসেস আশরাফ অর্থাৎ আকাশের মা তখনও জেগে ছিলেন। কিছু বললেন না। শুধু দেখলেন। দু’বছর আগেও এত রাত করে আকাশ বাসায় ফিরতো না। ছেলেটা বদলে যাচ্ছে। খুব দ্রুত বদলে যাচ্ছে। নাকি সময়টাই এমন? নিজেই নিজেকে প্রশ্ন করেন। কয়েকদিন আগে আকাশের বাবা আশরাফ সাহেব আকাশের বন্ধুবান্ধব এবং লাইফস্টাইলের বিষয়ে জিজ্ঞেস করছিলেন তাঁকে। তখন তিনি কোন উত্তর দিতে পারেন নি। আসলে দেয়ার মত কোন উত্তর যে তাঁর কাছে আজ আর নেই।

বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আকাশ। সিগারেটের প্যাকেটে মাত্র দুটা সিগারেট। মেজাজটা প্রায় বিগড়ে এসেছিল, তখনই MSN-এ সজীব নক করলো।
“কি রে? কোথাই ছিলি সারাদিন।”
“কেন? তোর জেনে কি হবে?” বিরক্তিটা কি চ্যাটে প্রকাশ পেল? মনে হয় না।
“নাহ। আমার জানার দরকারও নেই। আমাকে তোর নুতন কালেকশন, ঐ যে কি নাম, শ্রাবনী। ফোন দিয়েছিল। তোর নাকি ফোন বন্ধ ছিল।”
আকাশ বিরক্তবোধ করতে শুরু করলো। এখন শ্রাবনী যদি ফোন দেয় তাহলেই হয়েছে। এই মেয়েটা এত কথা যে কেন বলে। তবুও সম্পর্ক রাখতে হয়। ফিগারটা বেশ।
আকাশ লিখলো, “বাদ দে এসব। তুই কি করিস?”
“চ্যাট করি, আর কি করবো? তোর মত তো আর মেয়েদের সাথে...”
কথাটা সজীব শেষ করেনি। আকাশের লাগলো খুব। বলল, “অর্ধেক কথা বলবি না। পুরোটা বল। কি করি আমি?”
সজীব হাসছে। স্ক্রিনে অট্টহাসির চিহ্ন ফুটে উঠেছে। আকাশের মেজাজ আরো খারাপ হলো। লিখলো, “যাই করি, সরাসরি করি। তোর মত নপুংসকতো না যে বসে বসে চ্যাটে করবো মেয়েদের সাথে।”
সজীবের হাসি মনে হয় আরো বেড়েছে। আজব ধরনের একটা স্মাইলী দিয়েছে এখন। তার পর লিখলো, “আচ্ছা, ঝগড়া বন্ধ কর। কনফারেন্স করবি? আমার এক বন্ধু, ফারজানা অনলাইনে আছে। ইংল্যান্ডে পড়ছে। যদিও তোর টাইপ না।”
যত বিষয়েই অরুচী থাকুক নারী বিষয়ে আকাশের এখন আর অরুচী নেই। কোথাও সুযোগ হলেই হলো। আকাশ আকাশের মত বৃহৎ হৃদয় নিয়ে হাজির হয়ে যায়।
কনফারেন্সে যোগ দিল আকাশও। সজীব পরিচয় করিয়ে দিল দুজনকে। ফারজানাকে বেশ আড়ষ্ঠ মনে হলো। কথা খুব একটা বলে না। তাতে আকাশের সমস্যা নেই। বোবা মেয়েও আকাশের সাথে দুদিন ঘুরলে তৃতীয় দিন কথা বলে ফেলবে। টুকটাক কথা হচ্ছিল। হঠাৎ সজীব সাইন আউট হয়ে গেল। আকাশ-ফারজানা কেউই বুঝলো না ব্যাপারটা কি হলো। একটু পরই এস.এম.এস আসলো সজীবের। “দোস্ত। ইলেক্ট্রিসিটি গন। তোরা কথা বল। আমি পরে আসবো। দেখিস, উল্টাপাল্টা কিছু বলিস না যেন।”
আকাশ পুরো এস.এম.এসটাই চ্যাটে তুলে দিল। এটা একটা ট্রিক্স। মেয়েটা হয়তো এখন বলবে, “আপনি উল্টাপাল্টা কথাও বলেন নাকি? আমার সাথে সাবধান। আমি কিন্তু একটা সীমার পর আর সহ্য করি না।” আকাশ ভালো করে জানে এটা মেয়েদের একটা আহবান। ঐ সীমাটা যে আসলে কোথায় সেটা জানার জন্য ছেলেটা ব্যাকুল হবে। সে সীমা ছাড়াতে চাইবে। মেয়েটাও বলতে থাকবে এখনও সীমা ছাড়াওনি। চলতে থাকবে এই সীমা ছাড়ানোর খেলা। শেষ পর্যন্ত খেলাটা কোথায় গিয়ে থামে সেটা মনিকার বাসা থেকে ফিরতে ফিরতে প্রমান পেয়েছে আকাশ।

কিন্তু অবাক হলো। এই মেয়েটা সেরকম নয়। আকাশের পাতা প্রতিটা কথার ফাঁদ এড়িয়ে যাচ্ছে সাবধানে। আকাশেরও মজা লাগছিল। সহজে ধরা না দেয়া পায়রা আকাশের বেশি পছন্দ। যেন ক্লান্তিতেই তৃপ্তি।
আকাশ লিখলো, “আপনি কোথায় আছেন এখন?”
“ম্যানচেস্টারে। আপনি?”
“আর কোথায়, প্রিয় নগরী ঢাকায়।”
“প্রিয় নগরী? বাহ। শুনতে বেশ ভালো লাগলো।”
“তাই নাকি? তবে এই প্রিয় নগরীতে প্রিয়ার বড় আকাল। ভাবছি ম্যানচেস্টারের দিকে নজর দেব”
“বেশতো। এখানে অনেক বাঙালী আছে। খুঁজে দেব পরে।”
“আপনি বাঙালী না?”
হাসির চিহ্ন আসলো। কিন্তু তার পরপরই প্রসঙ্গ পাল্টে ফেললো মেয়েটা।
“কি পড়ছেন আপনি?”
“টেলিকমিউনিকেশন।”
“ওহ। সবাই পড়ে মনে হয় এখন।”
“কেন? আপনার আরো বন্ধু আছে নাকি যারা টেলিকম পড়ে?”
“নাহ। আমার অত বন্ধু নেই। তবে মানুষের কাছে শুনি। এখন নাকি দেশে সবাই টেলিকম পড়ে। আগে কম্পিউটার সায়েন্স পড়তো। এখন টেলিকম। এটা নাকি একটা ক্রেজ।”
“ক্রেজ কি না জানি না। তবে সবাই পড়ে তাই আমিও পড়ি। আসলে দেশের তরুন সমাজ এখন এটাই পড়ে।”
“মানে?”
“মানে টেলিকমিউনিকেশন। যে যাই পড়ুক এই বিদ্যাটা সবার জানা আছে। ইউনিভার্সিটিতে পড়া লাগে না এটা জানতে।”
মেয়েটা মনে হয় হাসছে। অন্তত লেখায় তাই বোঝা গেল। “আপনিতো বেশ মজার মানুষ। মজা করে কথা বলেন।”
“কথা আর কই বললাম? এভাবে লিখে লিখে কি আর কথা বলা যায়। আপনার হেড ফোন আছে?”
“বাহ‍। প্রথম দিনেই হেডফোনে চলে গেলেন। কাল মনে হয় ওয়েবক্যামও অন করতে বলবেন।”
“কাল কেন? থাকলে আজই নয় কেন?”
ওদিক থেকে হাসির ইমোটিকন আসছে। ফারজানা লিখলো, “নাহ। হেডফোন বা ক্যাম। কোনটাই নাই। আর থাকলেও দিতাম না।” তার পর একটা ভেংচিকেটে দিল চ্যাট বক্সটা।
আকাশ কি বলবে ভাবছিল, কিন্তু ওদিক থেকে ফারজানার লেখা ভেসে এলো, “আজ আমি উঠছি। মা ডাকছে। পরে আবার দেখা হবে। চাইলে এ্যাড করে রাখতে পারেন।” আকাশকে কিছু বলার সুযোগ না দিয়েই ফারজানা সাইন আউট করে ফেললো।

আরো কিছুক্ষন পর MSN-এ এ্যাড করতে করতে আকাশ ফারজানার আইডিটা দেখছিল - kanna86@hotmail.com । আকাশ ভেবে পেলো না এমন অদ্ভুত কেন মেয়েটার আইডি। তবে এতটুকু বুঝতে পারে কোথাও যেন একটা কান্না লুকিয়ে আছে ফারজানার জীবনে।

৩

পরদিন আকাশের ঘুম ভাঙলো শ্রাবনীর ফোনে। ঘুম জড়ানো কন্ঠে বলল, “কি খবর জান”।
শ্রাবনী তেলে-বেগুনে জ্বলে উঠলো। স্বরটাকে একটু বাঁকা করে বলল, “কি খবর জান? কাল সারা রাত কোথায় ছিলে?”
আকাশ যেন আকাশ থেকে পড়লো এমন ভাবে জিজ্ঞেস করলো, “কেন? বাসায়? আর কোথায় থাকবো?”
“আমি তোমাকে ফোন করার চেষ্টা করেছি বহুবার, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল।”
“ওহ। আমি বন্ধুদের সাথে ছিলাম। মনে হয় নেটওয়ার্ক ছিল না। আজকাল এত বিটিএস হয়েছে যে ইন্টার-ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সিগনাল নষ্ট করে দিচ্ছে।”
শ্রাবনী রীতিমত চিৎকার করে উঠলো। “আমাকে তুমি ইন্টারফিয়ারেন্স শেখাও? কমিউনিকেশনস মেজর শুধু তোমার একার না, আমারও। তাছাড়া আমি সজীবকেও ফোন দিয়েছিলাম। ওতো বলতে পারলো না তুমি কোথায়। কোন বন্ধুদের সাথে ছিলে?”
আকাশ বুঝে ফেললো এখন একটা চিৎকার দিতে হবে। তার পর একটু আবেগ, দুঃখ-দুঃখ ভাব এবং সব শেষে কাদোঁকাদোঁ গলা। এটা হচ্ছে ওর সর্বশেষ চিকিৎসা। মোক্ষম। কাজ না দিয়ে পারেই না।
শ্রাবনী আরো কি যেন বলতে গিয়েছিল। আকাশ চিৎকার করে বলল, “ইনাফ ইজ ইনাফ শ্রাবনী।” হঠাৎ ধমক খেয়ে শ্রাবনী চুপ হয়ে গেলো। আকাশ বুঝলো ওষুধে কাজ দিচ্ছে। দ্বিতীয় পর্ব এখনই প্রয়োগ করতে হবে না হলে প্রথম পর্বের রি-এ্যাকশন নষ্ট হয়ে যাবে। গলায় যতটা পারা যায় আবেগ এনে আকাশ বলল, “তোমার কি মনে হয় আমি যখন দূরে থাকি তখন খুব ভালো থাকি? তোমাকে আমার মনে পড়ে না? ছিলামতো বন্ধুদের সাথে কিন্তু মন পড়েছিল তোমার কাছে।” এর পর কিছু সময় দুজনই চুপ। আকাশ বুঝলো তৃতীয় অর্থাৎ দুঃখ ভরা পর্বের সময় এসেছে। গলায় চরম আদ্রতা এনে বলল, “কখনও কি আমার মোবাইলটা হাতে নিয়ে দেখেছো স্ক্রিনে কার ছবি সেট করা আছে? কখনও কি আমার রিংটোনটা শুনে বোঝার চেষ্টা করেছো কেন এই বিশেষ গান আমার রিংটোন? করোনি।ভালোবাসার অর্থ কিন্তু শুধুই পাশে থাকা না। আরো অনেক কিছু। আমার মোবাইলের স্ক্রিনে যখন আমি তোমার ছবিটা দেখি, আমি অনুভব করি তোমাকে আমার মাঝে। তোমার প্রিয় গান যখন আমার রিংটোন হয়ে বাজে, আমার মনে হয় আমি তোমার হয়ে গানটা শুনছি।”
শ্রাবনী পাথরের মত নিরব হয়ে আছে। কোন কথা বলছে না। আকাশ বুঝলো চুড়ান্ত ওষধ প্রয়োগের সময় চলে এসেছে। পারলে কেঁদে ফেলে এভাবে বলল, “কাল রাতে খুব শরীর খারাপ লাগছিল । পেটে গ্যাস হয়েছিল মনে হয়, তাই বুকে ব্যাথা করছিল। ভাবছিলাম যদি তুমি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে।”
“ফোন দিলে না কেন?” শ্রাবনীর গলাও ধরে এসেছে। “অন্তত আমি ফোনেতো থাকতে পারতাম তোমার সাথে।”
“ফোন দিতে চেয়েছিলাম কিন্তু রাত অনেক ছিল বলে দেইনি।” উত্তরটা আকাশের প্রস্তুতই ছিল। শুধু বলার বাকি ছিল।
“নাহ জান। এর পর শরীর খারাপ লাগলে বা আমাকে মনে পড়লে প্লিজ ফোন দিবে। আমি অনেক মিস করেছি কাল রাতে তোমাকে।” তার পর শ্রাবনী একটু খুশি খুশি ভাব নিয়ে বলল, “আজকের প্ল্যান মনে আছেতো?”
আকাশ দেখলো অবস্থা আবার খারাপ হচ্ছে। মনে পড়ছে না শ্রাবনীর সাথে কি প্ল্যান ছিল আজকে। তবুও বলল, “মনে না থাকার কি কোন কারন আছে? আমার সারা দিনের সব কাজ একদিকে থাকে আর তুমি আরেক দিকে থাকো।”
শ্রাবনীকে মোমের মত গলে যেতে শোনা গেল, “তুমি জানো আমি তোমাকে কেন এত ভালোবাসি? তোমার এই কেয়ারিং ভাবটার জন্য। উমমাজজ!” আকাশ তখনও ব্যস্ত প্ল্যানটা মনে করায়। কিছুতেই মনে পড়ছে না।
শ্রাবনীই আকাশকে বাঁচালো। বলল, “তুমি কিন্তু সন্ধা ছয়টার মধ্যে আমার এখানে চলে আসবে। আমাকে পিক করে তার পর বারিধারা ডি.ও.হেইচ.এস-এর পেছনের রাস্তা দিয়ে রিজেন্সিতে চলে যাব।”
আকাশ যেন প্রানে পানি পেল। আজকে রিজেন্সিতে ডিসকো আছে। দুবাই থেকে নাকি ডিজে এসেছে। বেমালুম ভুলে গিয়েছিল পার্টির কথা। এখন বেশ হালকা বোধ করছে। ফুরফুরে মেজাজে আকাশ বলল, “তুমি কোন চিন্তা করো না। আমি ছয়টার আগেই চলে আসবো। বারিধারা ডি.ও.এইচ.এস দিয়ে না গিয়ে গুলশান দুই দিয়ে যাব। মুভ-এন-পিক-এ একটা নুতন ফ্লেভার এসেছে। তুমি টেস্ট না করলে কি আর অন্যরা খেতে পারে!” শ্রাবনী হাসছে। আইসক্রিম ওর খুব প্রিয়। আকাশ মনে মনে ভাবলো, “মেয়ে তুমি নিজেই একটা আইসক্রিম। কিভাবে গলে গলে যাচ্ছ আমার কথায়। দুঃখ, এখনও টেস্ট করে দেখতে পারলাম না।”

সন্ধ্যায় আকাশ শ্রাবনীর একটা ছবি লাগালো মোবাইলের স্ক্রিনে। তার পর মৌসুমি ভৌমিকের ‘স্বপ্ন দেখবো বলে’ গানটা অনলাইন থেকে ডাউনলোড করে রিংটোন হিসেবে সেট করলো। সব প্রস্তুতি শেষে গেল মায়ের রুমে। মিসেস আশরাফ নামায পড়ে মাত্র উঠেছেন। মায়ের সাথে যোগাযোগের এটা হচ্ছে মোক্ষম সময়। বকা খাওয়ার সম্ভাবনা থাকে প্রায় শূন্যের কাছাকাছি।

“কিছু বলবা?” একটু গম্ভির ভাবে জানতে চাইলেন মিসেস আশরাফ।
আকাশ হেসে মাকে জড়িয়ে ধরে বলল, “আমার উপর রাগ?”
“রাগ করার কি কোন কারন আছে?” যেন কিছুই হয়নি এভাবে বললেন তিনি।
“সরি মা। কাল রাতে ফিরতে দেরী হয়ে গিয়েছে। এমনটা আর হবে না।”
“হুম। এখন কোথায় যাচ্ছ?”
“বন্ধুদের সাথে একটা পার্টিতে। ডিজে এসেছে দুবাই থেকে।”
মিসেস আশরাফ কিছু বললেন না। পরবর্তি কথাটা তিনি অনুমান করে নিলেন। একটু কাচুমাচু করে আকাশ বলল, “মা, এক হাজার টাকা লাগবে। টিকেটের যা দাম।”
মিসেস আশরাফ কিছু না বলে উঠে গিয়ে দুটো পাঁচশ টাকার নোট বের করে আকাশকে দিলেন। আকাশ আবার মাকে জড়িয়ে ধরে বলল, “আই লাভ ইউ মা।” তার পর আস্তে করে বলল, “আজ ফিরতে একটু দেরী হবে। আজকেও মাফ করে দিও প্লিজ।”
মিসেস আশরাফ এবারও কিছু বললেন না। মনে মনে ভাবলেন, “এ আর নুতন কি”।
আকাশ যখন বের হয়ে যাচ্ছিল তখন তিনি ডেকে বললেন, “অনিন্দিতাদের কোন খোঁজ জানো?”
আকাশ একটু অবাক হয়ে ঘুরে তাকালো। “হঠাৎ ওদের কথা কেন?”
“কে যেন বলছিল সেদিন, অনিন্দিতার বাবা মারা গিয়েছেন।”
আকাশ একটু গম্ভির ভাবে বলল, “ও!” তার পর বললো, “দুবছর আগেতো ওরা অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। তার পর আর কোন খবর জানি না।”
“এভাবে মানুষ বন্ধুকে ভুলে যায়?” মিসেস আশরাফ আদ্র গলায় বললেন।
“কিছু কিছু মানুষকে ভুলে যাওয়াই ভালো।” রুষ্ঠ গলায় কথাটা বলেই আকাশ বের হয়ে আসলো মায়ের সামনে থেকে।

৪

আকাশ বসে বসে দেখছিল চারপাশের মানুষগুলোকে। রিজেন্সির একটা বিশেষত্ব হলো এখানে যারা আসে কেউ কারো দিকে খুব একটা নজর দেয় না অথবা ভাব দেখায় দিচ্ছে না। যে যে যার যার মত নাচছে, কেউ কেউ বয়ফ্রেন্ডের কোলে বসে দুষ্টামী করছে, কেউবা আরো একটু বেশি! কিন্তু সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আকাশকে বসিয়ে রেখে শ্রাবনী গিয়েছে ওর এক বান্ধবীর সাথে কথা বলতে। সেই সামান্য সুযোগেরও সদ্বব্যবহারে ব্যস্ত আকাশ।

“একটা মেয়েও কি সিঙ্গেল নাই নাকি?” মনে মনে ভাবলো সে। “কি আজব দুনিয়া। দেশে এত ছেলে কোথা থেকে আসলো?” নিজেই নিজেকে প্রশ্ন করলো। তার পর ভাবলো সে নিজেইতো এখন আটটা মেয়ের সাথে চালিয়ে যাচ্ছে এই খেলা। আগে ডাবল-টাইমিং বলে একটা শব্দ ছিল। এখন এ শব্দ আকাশদের দেখে লজ্জা পায়। মোবাইলের যুগে আটটা প্রেম করা খুবই সম্ভব। এখন এক্সপোনেনশিয়াল-টাইমিং এর সময়। স্কয়ার-টাইমিং, কিউবিক-স্কয়ার-টাইমিং ইত্যাদির।

হঠাৎ আকাশের চোখ পড়লো ডান দিকের ছেলেটার দিকে। ছেলে না বলে ‘লোক’ বলাই ভালো। বয়স ত্রিশের উপরে হবে। দেখে মনে হয় ডিফেন্সের অফিসার। অন্তত চুলের ধরন তাই বলে। এই লোককে বিশেষ ভাবে দেখার পেছেনে একটা কারন আছে। একে আকাশ গতকাল মনিকাদের বাসায়ও দেখেছিল। এক ঝলক দেখা, অতঃপর দুজনের চোখাচোখী। কিন্তু তাতেই আকাশ বুঝে নিয়েছিল এই লোক অন্য ধাতুতে গড়া। আকাশকে একা বসে থাকতে দেখে লোকটা বারবার তাকাচ্ছে। হয়তো বোঝার চেষ্টা করেছে কে এসেছে আকাশের সাথে। আকাশ উঠে হলরুমের অন্য প্রান্তে চলে আসলো। লোকটার হাবভাব আকাশের সুবিধার লাগছে না। পরে মনিকাকে গিয়ে বলে দিলে আরেক ঝামেলা।

শ্রাবনীকে খোঁজার চেষ্টা করলো আকাশ। দেখলো পাশের করিডোরে দাড়িয়ে ওর বান্ধবীর সাথে গল্প করছে। আকাশকে বের হয়ে আসতে দেখে শ্রাবনী বলল, “কী, আর অপেক্ষা সয় না।” আকাশ হাসলো। কিছু বললো না। শ্রাবনী আকাশকে পরিচয় করিয়ে দিল রিয়া, অর্থাৎ ওর বান্ধবীর সাথে। কথা সবে শুরু হতে যাচ্ছিল, তখনই রিয়ার মোবাইলে মিস কল আসলো। বোঝা গেল বয়ফ্রেন্ড মিস কল দিচ্ছে। রিয়া ওদেরকে সরি বলে চলে গেল।

আকাশ শ্রাবনীকে জড়িয়ে ধরে বলল, “বান্ধবীকে পেয়ে আমাকে ভুলে গিয়েছ, তাই না?”
শ্রাবনী ওর শরীরের ভার আকাশের উপর ছেড়ে দিয়ে বলল, “তাই মনে হয়? আজ এমন মজা বোঝাবো তোমাকে, সারা জীবন মনে থাকবে।” শ্রাবনীর দুচোখে দুষ্টামী। তার পরপরই বলল, “আমি টাকিলা খাবো।”
আকাশ হাসতে শুরু করলো। বলল, “টাকিলা তোমাদের জন্য না। আমি বিয়ার নিয়ে আসছি।”
“নাহ। আমি টাকিলাই খাবো। আমাকে রিয়া বলেছে দশটা শট যদি মারতে পারি, তাহলে নাকি পৃথিবীটা অন্য রকম লাগে।” শ্রাবনী হাসছে। হাসিতে খানিকটা মাতাল ভাব চলে এসেছে।
“টাকিলার নামেও কি নেশা হয় নাকি?” মনে মনে ভাবলো আকাশ। তার পর বারের দিকে দেখিয়ে বলল, “ঐ যে ছোট ছোট গ্লাসগুলো দেখছো, ওটার এক শট মারলে তুমি তোমার পায়ে দাড়াতে পারবে না। তখন বাসায় কে নিয়ে যাবে?”
“আমি জানি না। আমি খাব, খাব, খাব।”
“আরে কি বিপদ।” আকাশ এবার একটু বিরক্ত হয়ে বলল, “ঠিক আছে, তবে এক শট।”
শ্রাবনী বাচ্চাদের মত হেসে বলল, “আচ্ছা, এক শট।”
“প্রমিস?”
“প্রমিস।”

বার টেন্ডারকে টাকিলা অর্ডার করে আকাশ যখন ঘুরেছে শ্রাবনীর দিকে, তখন দেখলো সেই লোকটা হলরুম থেকে বের হয়ে এদিকে আসছে। আকাশকে দেখেনি তখনও। পথে একটা লোকের সাথে কথা বলছে। সম্ভবত এখানেই আসবে।

এর মাঝে আকাশদের টাকিলা চলে আসলো। শ্রাবনী সেটা নিয়ে ঢং করেতে শুরু করলো। আকাশের সেদিকে লক্ষ্য নাই। লোকটা আবার এদিকে আসতে শুরু করেছে। এবার আকাশকে দেখেছে। কি করবে দ্রুত চিন্তা করলো আকাশ। তার পর বারটেন্ডারকে বললো আরো আটটা টাকিলা দিতে। শ্রাবনী অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ চোখেমুখে দুষ্টামী এনে বলল, “দেখি তোমার তেজ কত।” শ্রাবনীও হাসছে, বেশ মজা পেয়েছে সে। তবে ঘুনাক্ষরেও বোঝেনি হঠাৎ করে আকাশের এই পরিবর্তন কেন।

লোকটা যখন বারটেন্ডারকে ড্রিংস্ অর্ডার করছে আকাশ তখন শ্রাবনীর হাতে একটার পর একটা টাকিলার গ্লাস ধরিয়ে দিচ্ছে। দশ মিনিটের মধ্যে শ্রাবনী নিজের পায়ে দাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেললো। আকাশ আঁড় চোখে দেখলো লোকটা ওর দিকে তাকিয়ে আছে। আকাশ শ্রাবনীকে চেয়ারে বসিয়ে দিয়ে প্রয়োজনের তুলনায় একটু জোরেই বলতে লাগলো, “তোমার বয়ফ্রেন্ড অথবা আমার গার্লফ্রেন্ড যদি আমাদের এভাবে দেখে, কোন দিনও বিশ্বাস করবে না আমরা শুধুই কাজিন, তোমার জোরাজুরিতে পার্টিতে আসা। ভাববে আমাদের মাঝে চক্কর আছে।” বলাইবাহুল্য আকাশের একটা কথাও শ্রাবনীর কানে যাচ্ছে না তখন। শ্রাবনী হাসছে। উন্মাতাল হাসি।
লোকটার চেহারায় একটা হতাশা লক্ষ্য করলো আকাশ। যেন সে অন্য কিছু আশা করেছিল। ড্রিংস শেষ করে লোকটা যখন চলে যায় তখন আকাশ শ্রাবনীর মোবাইলটা বের করে প্লে-লিস্টটা দেখে। যা আশা করেছিল, ঠিক তাই। রিয়ার নাম্বারটা সেইভ করা হয়েছে। রিয়াকে একটা ফোন দিল আকাশ। রিয়া তখনও পাশেই ছিল। আকাশ দ্রুত রিয়াকে বারে আসতে বলল।

পাঁচ মিনিটের মধ্যেই রিয়া বারে আসলো। শ্রাবনীর অবস্থা দেখে রিয়া হা হয়ে গেল। বলল, “কি হয়েছে ওর?”
“কে নাকি ওকে বলেছে দশ শট টাকিলা মারলে পৃথিবী অন্য রকম লাগে। আমি অনেক মানা করলাম। শুনলো না। তোমার বান্ধবী। জিদতো তুমি জানই।”

আকাশ ঘুনাক্ষরেও এটা রিয়াকে বুঝতে দিল না যে সে জানে দশ শট টাকিলার কথাটা রিয়ার থেকেই শুনেছিল শ্রাবনী। রিয়াও কিছু বললো না। তবে ওষুধে কাজ হয়েছে বোঝা গেল। রিয়ার মধ্যে অনুশোচনা হচ্ছে এখন। সে পানির ছিটা দিয়ে শ্রাবনীকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আকাশ রিয়ার হাতে শ্রাবনীকে ছেড়ে দিয়ে করিডোরে বের হয়ে এলো। তার পর একটা সিগারেট ধরিয়ে এয়ারপোর্ট রোডের দিকে তাকিয়ে রইলো। গাড়ির লাল-সাদা আলোয় শহরটা রঙিন হয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন নয়টার বেশি বাজে। রিয়ার সাহায্যে শ্রাবনীকে বাসায় পৌছে দিয়ে আকাশের বাসায় যেতে যেতে হয়তো আরো দুই-আড়াই ঘন্টা।
“আজও অনেক রাত হয়ে যাবে ফিরতে ফিরতে।” ক্লান্ত এবং অবসন্ন আকাশ হতাশ ভাবে আধ খাওয়া সিগারেটটা ছুড়ে ফেলে মনে মনে ভাবলো।

৫

শ্রাবনীকে রিয়ার সাহায্যে বাসায় নামিয়ে দিয়ে আকাশ যখন বাসায় আসে রাত তখন অনেক। কিন্তু আকাশ জানে ওর মা এখনও জেগে আছে। কয়েকদিন ধরেই আকাশ মায়ের মাঝে এই পরির্বতনটা লক্ষ্য করছে। মা কিছু বলছে না বটে কিন্তু যেন কোথায় একটা ভিন্নতা। আকাশ ঠিক ধরতে পারছে না, তবে অনুভব করতে পারছে ঠিকই।

রাতে সজীব ফোন দিল। “কি রে? আজকে ক্লাসে আসলি না কেন?”
আকাশ একটু গম্ভীর ভাবে বলল, “ইচ্ছে করছিল না।”
“বাহ! সেটা ইচ্ছে করবে কেন? এদিকে যে ফার্স্ট মিডের খাতা দিয়েছে সেই খবর আছে?”
আগের মতই নির্লিপ্ত ভাবে আকাশ বলল, “কত পেয়েছি?”
“সাড়ে বারো।”
“ও!” যেন এটা কোন ব্যাপারই না, এভাবে আকাশ বলল। তার পর যুক্ত করলো, “পরীক্ষা কততে ছিল?”
সজীব হাসতে হাসতে বলল, “সেটাও মনে নাই? আসলে তুই যে পরীক্ষা দিয়েছিস এটা স্যারের ভাগ্য। যাইহোক পরীক্ষা ত্রিশে ছিল।”
“আমাদের পাসিং মার্কস কত?” বিজ্ঞের মত আকাশ জিজ্ঞেস করে।
“৬০%। এখন হিসেব করতে যাস না আবার যে তুই কত পেয়েছিস। তাহলে হিসেবেও ভুল করবি।”
খোঁচাটা মনে হয় না আকাশের গায়ে লাগলো। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করতে করতে বলল, “লেখাপড়া ছাড়া আর কিছু থাকলে বল। না হলে ফোন রাখ।”
সজীব আবারও হাসতে শুরু করলো। বলল, “ফারজানার কি খবর? কেমন বুঝলি মেয়েটাকে?”
“নট মাই টাইপ।”
সজীব খোঁচা দিয়ে বলল, “একি শুনছি। লাভগুরু আকাশ বলে ‘নট মাই টাইপ’? তুই নাকি যে কোন মেয়েকে পটাতে পারিস?”
“সেটা পারি। কিন্তু এই মেয়েকে পটিয়ে লাভটা কি হবে? থাকেতো ইংল্যান্ডে।”
সজীব আরেকটা মোক্ষম খোঁচা দিয়ে বলল, “তাও ঠিক। ফারজানাকেতো আর বেডে আনা যাবে না। আর যাকে বেডে আনা যাবে না তাকে পটিয়ে কি লাভ? ‘লাভ’ এর সব লাভতো বেডেই উসুল করতে হয়।”
খোঁচাটা আকাশের বেশ ভালই লাগলো। বলল, “আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। আমি রাখলাম।”
ওদিক থেকে সজীব তাড়াতাড়ি বলল, “শোন শোন। যাই করিস, লেখাপড়ার মত গৌন কাজটাকেও একটু মূল্য দিস। মেয়ে পটানো শেষে সময় হলে কাল একবার ক্লাসে আসিস।”
আকাশ হাসতে হাসেতে বলল, “সজীব একটা কথা বলতো, তোর পরিবারের কেউ কি শিক্ষক ছিল কখনও?”
সজীব থতমত খেয়ে যায়, “না। হঠাৎ এই প্রশ্ন কেন?”
“তাহলে তোর মধ্যে এই উপদেশ দেয়ার ‘জিন’টা আসলো কোথা থেকে? আমারতো এখন তোর জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে।”
সজীবকে কোন উত্তর দেয়ার সুযোগ না দিয়ে আকাশ ফোনটা কেটে দিল। কাটার ঠিক আগ মূহুর্তে সজীবের বলা শেষ কথাটা আংশিক শোনা গেল, “কুত্তা…....!”

আকাশের রুমে চাঁদের আলো এসে ছাদটাকে আলোকিত করে রেখেছে। আকাশ শুয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে ভাবছিল নিজের কথা। কোথায় যেন একটা তাল কেটে যাওয়া অনুভুতি। সবই আছে, তবু কি যেন একটা নেই। কোন মেয়েকে ভালো লাগলে তাকে পটানো আকাশের জন্য দু'দিনের কাজ। তবুও কেন এই অতৃপ্তি? সব পেয়েও বুকের মাঝে কিছু না পাওয়ার হাহাকার?

আকাশের মনে পড়ে অনিন্দিতার কথা। অনিন্দিতার হাসিটা খুব সুন্দর ছিল। প্রথম যেদিন ওদের দেখা, আকাশ মুগ্ধ হয়েছিল ওর হাসি দেখে। নিষ্পাপ মুখে কি অসম্ভব শুভ্রতা এনে দিত সেই হাসি। আজ সব কিছু কেমন দুঃস্বপ্ন। কেন এমন হলো? কেন এমন করলে অনিন্দিতা? নিজের মনেই আকাশ প্রশ্ন করে চলে। আকাশ অনুভব করে ওর পেশীগুলো শক্ত হয়ে আসছে। রক্তপ্রবাহে আবার ঘৃনা বইতে শুরু করেছে। এক জীবনে বুঝি এ ঘৃনার শেষ নেই, এত ঘৃনা।

আকাশ উঠে বসলো। সাইড টেবিলে রাখা গ্লাস থেকে পানি খেল। খুব অস্থির লাগছে আজ। ইয়াবার নেশাটা আবার মাথায় উঠছে মনে হয়। এমন নয় যে আকাশ বাজে ভাবে এ্যাডিকটেড। মাঝে মাঝে মজা করে নিত। কিন্তু তাতেই মনে হচ্ছে ধীরে ধীরে নেশাটা ওকে দখল করে নিচ্ছে। সরকার যে কি শুরু করলো। দেশ থেকে তারা ইয়াবা তাড়াবে। “এত কাজ থাকতে তারা ইয়াবার পেছনে পড়লো কেন?” মনে মনে ভাবলো আকাশ। যখন আকাশের খুব হতাশ লাগে, তখন এই একটা জিনিসই ওকে একটু শান্তি দেয়।

আকাশ শুনেছে কোন এক উপদেষ্টার মেয়ে নাকি ইয়াবা নিত। তাই সেই উপদেষ্টা দেশ থেকে ইয়াবা তাড়ানোর ব্যবস্থা নিয়েছেন। “নিজের মেয়েকে সামলাতে পারে না, এখন আমাদের উপর অত্যাচার শুরু করেছে।” মনে মনে ভাবলো আকাশ। ফেইসবুকে একটা গ্রুপ আছে, “তুই ইয়াবা খাবি খা, তাতে চিল্লায় কেন আমার মা।” আকশের ইচ্ছে করেছিল আরেকটা গ্রুপ খুলবে, “আমি ইয়াবা খাইয়া করি পাপ, তাতে চিল্লায় কেন তোর বাপ।”
আকাশ বুঝলো ওর অস্থিরতা বেড়ে যাচ্ছে। মাথা কাজ করছে না। পৃথিবীর সবাইকে এখন ওর গালি দিতে ইচ্ছে করছে। অস্থির ভাবে নিজের মাথার দুপাশের শিরায় চেপে ধরে রইলো কিছু সময়। তার পর একটু স্বাভাবিক হয়ে আসার পর ভাবলো কিছু একটা করা দরকার। ইয়াবা থেকে মনটা সরাতে হবে। এই ইয়াবাই একদিন আকাশকে শেষ করে ফেলবে, আকাশ বুঝতে পারে, কিন্তু কিছু করতে পারে না। নেশার ইচ্ছাটা যখন প্রবল ভাবে আসতে থাকে তখন সব কিছু অসহ্য মনে হয়। কিন্তু কিছু একটা করা দরকার। ফোন দিবে কাউকে? কথা বলতে ইচ্ছে করছে না এখন। মেসেঞ্জারেও কেউ নেই। কি করা যায়? ভাবতে লাগলো আকাশ। তার পর চিন্তা করে দেখলো আজ এখনও ফেইসবুকে ঢোকা হয়নি। দেখা দরকার বন্ধুরা কি করছে।

ফেইসবুকে ঢুকেই আকাশ দেখলো ‘হোম’-এ একটা নিউজ। Faria Khan went from being "in a relationship" to "single." আকাশ মনে মনে হাসলো। এরকম মেয়েদের পটানো সহজ হয়। সদ্য ‘ব্রেক আপ’ হয়েছে। হৃদয় এখনও ভাঙ্গা। ভাঙ্গা হৃদয়ের ফাক গলে ভেতরে ঢোকা সহজ। তবে এই মেয়েটা যে কে, আকাশ মনে করতে পারলো না। এখন ফেইসবুকে একেকজনের হাজার খানেক বন্ধু। যে যাকে যেখানে পাচ্ছে, এ্যাড করছে। নিজেরাও জানে না আসলে সে কাকে এ্যাড করছে। ফারিয়াকে আকাশ কবে এ্যাড করেছে নিজেরই মনে নেই। কথাও মনে হয় হয়নি আগে। তবুও একবার নিজের ভাগ্যটাকে পরীক্ষা করার জন্য আকাশ চেষ্টা করলো। ফেইসবুকের নুতন সংযোজন ‘ফেইসবুক চ্যাট’ মেয়ে পটানোর কাজটা আরো সহজ করে দিয়েছে। আকাশ দেখলো ওর ভাগ্য আজ ভালই মনে হচ্ছে। ফারিয়া নামক এই সদ্য হৃদয় ভাঙ্গা মেয়েটা এখনও অনলাইনে আছে। আকাশ দেরী না করে নক করলো,
“হাই।”
প্রথমে কোন উত্তর নেই। আকাশ যখন হতাশ হয়ে আশা ছেড়ে দিচ্ছিল, তখন ওদিক থেকে লেখা আসলো।“হাই। হুজ দিস!”
“আকাশ। সম্ভবত এটাই আমাদের প্রথম চ্যাট, তাই না?”
“তাই নাকি?”
“হুম।”
ওদিক থেকে কোন লেখা আসছে না। আকাশ নিশ্চিত এখন মেয়েটা কি করছে। সে আকাশের প্রোফাইল দেখছে। একটু পরেই সে অতি উৎসাহী হয়ে উত্তর দিবে। এই খেলায় আকাশের অন্যতম বড় অস্ত্র ওর চেহারা। এটা আকাশ খুব ভালো করে জানে।
একটু পরেই মেয়েটা আবার লিখলো।“ওহহহ! তুমি। হুম। আমরা অনেকদিন ধরে বন্ধু কিন্তু কোন দিন কথা হয়নি । কেমন চলছে?”
“এই, কেটে যায় বসন্তের দিন।”
“আরেব্বাবা, কবি নাকি? চেহারা দেখেতো মনে হয় না।”
“তাই? চেহারা দেখে কি মনে হয়?”
“বলা যাবে না, অন্য কোন দিন বলবো।”
মেয়ে রহস্য করা শুরু করেছে। পটবে তাড়াতাড়ি, বুঝে নেয় আকাশ।
এই কথা, সেই কথার মধ্য দিয়ে চ্যাট চলছিল। এর মাঝে ফারিয়ার ফেইসবুকের চ্যাটটা সমস্যা করছিল। লাইন স্লো মনে হয়। আকাশ বললো, যদি লুজার না ভাবো, তাহলে ফোন নাম্বার দিতে পারো।
“আরেব্বাবা, তুমিতো দেখি অনেক এ্যাডভান্স। প্রথম দিনেই ফোন নাম্বার চাচ্ছ। আর কয়জন থেকে এভাবে ফোন নাম্বার নিয়েছো?”
“ওহ, সরি।” যেন আকাশ যরপরনাই দূঃখিত! তার পর লিখলো, “আমি এভাবে ফোন নাম্বার চাই না। তবুও তোমার কাছে চাইলাম কারন চ্যাট করে ভালো লাগছিল। তোমার নেট স্লো হবার কারনে এখন সেটাতেও সমস্যা করছে। আই এ্যাম রিয়েলী সরি। এখানেই কথা বলো।”
“আরে ধুর। আমিতো মজা করলাম। নাম্বার দিচ্ছি। কল করো। 0161….”

৬

“ওহ নো। ওয়ারিদ।” মনে মনে ভাবে আকাশ। আকাশের দুটা মোবাইল। একটা নিয়মিত ব্যবহার করে। আরেকটা ফ্লিপিং সিম এর জন্য বরাদ্দ। যখন যাদের অফার থাকে, তাদের সিম ভরে কথা বলে। ডিজুসের অফার চলছে এখন। কিন্তু ফারিয়ার ওয়ারিদ। কি আর করা। ডিজুসের সিমটা খুলে ওয়ারিদের সিম খুঁজে বের করে ভরলো। ভাগ্য ভালো। ক্রেডিট আছে। তাছাড়া রাতে কলরেটও অনেক কম। তবে ফ্রি না। এটাই সমস্যা।

“হ্যালো”। ওদিক থেকে ফারিয়া ধরলো। “বাহ। মেয়েটার গলার স্বরতো দারুন।” মনে মনে ভাবলো আকাশ।
কথা চলতে লাগলো। ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষনের মধ্যে প্রসঙ্গ বয়ফ্রেন্ডে নিয়ে আসলো আকাশ। “এত চমৎকার একটা মেয়ে তুমি, নিশ্চয় সিঙ্গেল না।”
“এসব সিঙ্গেল-মিঙ্গেলের কথা আর বলো না। আই এ্যাম পিসড্ অফ!”
আকাশ মনে মনে হাসলো। এই উত্তরটা বহুবার বহু মেয়ের কাছ থেকে শুনেছে। প্রতিবার ব্রেকআপের পর তারা ‘পিসড্ অফ’ থাকে কিন্তু মাসখানেকের মধ্যে ‘ইন এ রিলেশন’ অবস্থায় চলে যেতে তাদের সময় লাগে না।
আকাশ গলায় একটা সমবেদনা নিয়ে এসে বলল, “বয় ফ্রেন্ডের সাথে ঝগড়া, তাই না?”
“না, না। এবার আর ঝগড়া না। এবার আমি সিরিয়াস। এই রিলেশন টেনে বেড়াতে পারবো না আর।”
“কেন, কি হয়েছে?”
“হি ইজ সাচ এ্য…। বাদ দাও।”
“তুমি মনে হয় বেচারার উপর খুব রেগে আছো।” আকাশ হাসতে হাসতে বললো। এটা হচ্ছে সদ্য ব্রেকআপ হওয়া মেয়েদের জন্য আকাশের প্রথম টনিক। এর পর মেয়েটা তার এক্স বয়ফ্রেন্ডের ব্যপারে একটার পর একটা অভিযোগ করে যাবে। আকাশ সব অভিযোগগুলোকে খন্ডন করে দেখিয়ে দেবে যে আসলে মেয়েটা ছেলেটার উপর অবিচার করছে। ছেলেটা হয়তো অতটা খারাপ না যতটা মেয়েটা ভাবছে। এক সময় মেয়েটা হয়তো বলবে, “এই তুমি ওর হয়ে ওকালতী করছো কেন? তুমি বন্ধু আমার নাকি ওর?” তখন আকাশ গম্ভির ভাবে বলবে সে আর দশটা সাধারন বন্ধুর মত স্বার্থপর হতে চায় না। সে চায় তার বন্ধু সুখি হোক এবং বন্ধুর সুখ মানেতো বন্ধুর বয়ফ্রেন্ড। এটা শোনার সাথে সাথে মেয়েটা গলতে শুরু করবে। গলায় হাজারো ন্যাকামো এনে বলবে, “ইউ আর সাচ এ্য সুইটি হানি।” কিন্তু তার পরপরই আবার বয়ফ্রেন্ডের বদনাম শুরু করবে। আকাশ আরো দুয়েকটা বদনাম খন্ডানোর ব্যর্থ চেষ্টা করবে। তারপর বলবে, “হয়তো আমিই ভুল। তবে অনুরোধ করবো যা করার ভেবে করতে।” এ অংশটা খুবই গুরুত্বপূর্ন। সঠিক জায়গায় এটা বলতে হবে। আগে পরে হয়ে গেলে ওষুধে ভালো কাজ নাও দিতে পারে। তবে ঠিকঠাক বলতে পারলে এই পদ্ধতিতে নব্বই শতাংশ মেয়ে প্রথম কথা বলায় কাত হবে। তার পর ধীরে ধীরে বয় ফ্রেন্ডকে সরিয়ে হৃদয়ে কি করে জায়গা করে নিতে হয়, সেটা আকাশ খুব ভলো করেই জানে।আকাশ এটা ভেবেই পায় না মেয়েরা একই ফাঁদে বারবার কেন পা দেয়!

আকাশ যখন বলল তুমি বেচারার উপর অনেক রেগে আছো, এটা শুনে ফারিয়া যেন আরো তেলেবেগুনে জ্বলে উঠলো। “তুমি জানো না রবিন, মানে আমার বয়ফ্রেন্ড কতটা মিন। সব শুনলে তুমিও আর এভাবে বলবে না।”
“কেন, কি করেছে? অফ কোর্স, যদি বলতে সমস্যা না থাকে।”
“আরে নাহ। সমস্যা কেন থাকবে। আমি গিয়েছি একটা বার্থ ডে পার্টিতে। এটা শুনে, হি ওয়াজ শাউটিং লাইক হেল। আমি কেন গেলাম! আরে, আমি কি তোর কাজের বুয়া নাকি যে কোথায় যাব তোর থেকে শুনে যাবো?”
“নিশ্চয় কোন ছেলের বার্থ ডে ছিল।” আগুনে ঘি দেয়ার জন্যই যেন আকাশ যুক্ত করলো।
“হ্যা। ছেলেরই ছিল, তবে সে ছেলের বয়স দুই বছর।”
“তাহলে হয়তো কোন কারন আছে। তাছাড়া রবিন নিশ্চয় তোমার খারাপটা চাইবে না।”
“খারাপ ভালো জানি না। তবে রবিন সবসময় আমার উপর কতৃত্ব করতে চায়। সে যেটা বলবে সেটাই হবে।”
“এমনও তো হতে পারে সে ভেবেছিল ওখানে গেলে তোমার কোন সমস্যা হতে পারে?”
“আরে সমস্যা কিসের? আমার ফ্রেন্ডের ছেলের বার্থ ডে।” তারপর ফারিয়া একটু থেমে বলল, “ঠিক ফ্রেন্ডের ছেলের না। ফ্রেন্ডের ফ্রেন্ডের ছেলের।”
“মানে?” আকাশের ততক্ষনে বোঝা হয়ে গিয়েছে এখানেও একটা প্যাঁচ আছে। এই প্রজন্মের কারো জীবনে মনে হয় সোজা ঘটনা ঘটে না।
ফারিয়া আমতা আমতা করে বলল, “আসলে আমার এক্স বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ডের ছেলের বার্থ ডে ছিল!”

এক্স-এ ভরপুর জটিল সম্পর্কের জালটা ব্যবহার করে আকাশ যখন ফারিয়ার উপর ওর পরবর্তি ওষুধ প্রয়োগ করতে যাবে, তখনই অন্য মোবাইলটা বেজে উঠলো। মনিকা ফোন করেছে। আকাশ দেখলো ফারিয়াকে এখনও পুরোপুরি মুঠোয় আনা হয়নি। কথায় বলে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্যা বেস্ট ইম্প্রেশন। সেই ফার্স্ট ইম্প্রেশনই এখনও ঠিক মত তৈরী হয়নি। এখন মনিকার ফোন ধরা মানে ফারিয়া হাত ছাড়া হয়ে যাওয়া। আবার ফোন না ধরা মানে মনিকা হাত ছাড়া হবার সম্ভাবনা। উভয় সঙ্কট বোধয় একেই বলে।

তবে ছেলেটা যখন আকাশ। সমাধান বের করা কষ্টসাধ্য হলো না। আকাশ ফারিয়াকে একটু অপেক্ষা করতে বলে প্রথমে মনিকার ফোনটা কেটে দিল। কিন্তু ভাব দেখালো সে ফোনটা উল্টা ধরলো। তার পর অন্য ফোনে যাতে ফারিয়া স্পষ্ট শুনতে পায় এভাবে বলল, “হ্যা মামা বলেন।… আমিতো ওদের জানিয়ে দিয়েছি।… ওরা পায়নি? সেকি? কেন?.... আচ্ছা আমি আবার জানিয়ে আপনাকে পাঁচ মিনিটের মধ্যে জানাচ্ছি।” বলাইবাহুল্য পুরোটাই ছিল আকাশের অভিনয় সংলাপ। অন্য ফোনে ফারিয়া শুনছে আকাশ জরুরী কোন বিষয়ে কথা বলছে মামার সাথে। তার পর মামার কাল্পনিক কলটা শেষ করে ফারিয়াকে বলল, “আমাকে পাঁচ মিনিট সময় দেয়া যাবে? মামার বাইং হাউজে একটা ফোন করেই আমি তোমাকে আবার কল দিচ্ছি।”
ফারিয়া রীতিমত গলে যেতে শুরু করলো। আহা, এত সমস্যার মধ্যেও ছেলেটা আমার সাথে কথা বলতে চাচ্ছে। তাই বিগলিত গলায় বলল, “আমার কোন সমস্যা নেই। তুমি ধীরে সুস্থে ফোন দাও। তার পর আমাকে করো। আমি জেগে আছি।”

আকাশ ফারিয়ার লাইনটা কেটে অন্য ফোন থেকে দ্রুত মনিকাকে কল দেয়। ফোন ধরেই মনিকা সন্দেহের সুরে বলে, “তুমি কোথায় ছিলে? ফোন কাটার পর কল দিতে এত দেরী হলো কেন?”
“আর বলো না। মামার বাইং হাউজে একটা সমস্যা হয়েছে। সেটার জন্য ল্যান্ডফোন থেকে আমি গত দুই ঘন্টা ধরে ফোন করছি বিভিন্ন জায়গায়। তোমার ফোন পেয়ে আমি মামাকে বললাম অন্তত পাঁচ মিনিটের জন্য ছাড়তে।”
মনিকার গলা নরম হয়ে আসলো। বলল, “ওহ। আমি ভেবেছিলাম অন্য কারো সাথে কথা বলছো।”
আকাশ যেন খুব কষ্ট পেয়েছে এভাবে বলল, “এটা তুমি কি করে ভাবলে? আমাকে তুমি বিশ্বাস করো না?”
মনিকা তাড়াতাড়ি বলল, “না, না। তা কেন করবো না? করি বলেইতো এত ভালোবাসি তোমাকে।”
আকাশ হাসলো। তার পর বললো, “মামার সমস্যাটা শেষ হতে কত সময় লাগবে বুঝতে পারছি না। তবে এক ঘন্টার মধ্যে শেষ না হলে, আমি উঠে চলে আসবো। আর আগে হলে, আগেই এসে তোমাকে কল দিব।”
“তুমি যাও। আমি অপেক্ষা করছি।” তারপর গলায় রহস্য আর দুষ্টুমী এনে বলল, “তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আজকে তোমার জন্য স্পেশাল ট্রিট আছে!”

আকাশ মনিকার ফোন রেখে দ্রুত ফারিয়াকে ফোন দিল। পরবর্তি এক ঘন্টা ফারিয়ার সাথে কথা বলে আবার ফিরে গেল মনিকার কাছে। এভাবে পালাবদলের মধ্য দিয়ে যখন আকাশের কথা বলা শেষ হলো, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। শুধু আকাশ বা মনিকা নয়, এই প্রজন্মের একটা বড় অংশ এভাবে সারারাত ফোনে কথা বলে ভোরের দিকে ঘুমোতে যায়। তাদের যদি জিজ্ঞেস করা হয় সর্বশেষ কবে তারা সূর্য উঠতে দেখেছে, তারা মনে করে বলতে পারবে না। ধীরে ধীরে এ প্রজন্ম সূর্যদয় বঞ্চিত প্রজন্মে পরিনত হচ্ছে।

Sunday, June 7, 2009

স্বপক্ষ-বিপক্ষ [শারদদা-২] (গল্প)

“এবারের নির্বাচনে আওয়ামে লীগ যদি না জেতে তো আমার নাম…” উত্তেজনায় নবীন তোলতাতে শুরু করলো। সম্ভবত যুতসই নাম খুঁজে পাচ্ছিল না।

সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা চলছে আমাদের আরামবাগের মেসের বসার ঘরে। আলোচনায় আজ নুতন মুখ নবীন। নবীন মানিকের বন্ধু, থাকে পাশেরই এক মেসে। আমাদের প্রতিদিনের বিকেলের আলোচনার গল্প শুনে সে মুগ্ধ। তাই আজ এসেছে যোগ দিতে।

শরীফের দোকানের ডালপুরি আমাদের মেসে এখন চরম হিট। রোজই আনা হচ্ছে। ইদ্রিস একটা আলাদা প্লেটে বেশ কিছু ডালপুরি নিয়ে শারদদার পাশে রেখেছে। রায়হানের থেকে এখন শারদদার বড় ভক্ত ইদ্রিস। সে নিজ উদ্যোগে একটা দৈনিক সংবাদপত্রও রাখার ব্যবস্থা করেছে। শারদদা পুরোনো পত্রিকা পড়বে, এটা সে মেনে নিতে পারছিল না। শারদদা পত্রিকার পাতায় ডুবে গিয়ে মাঝে মাঝে পুরিতে কামড় দিচ্ছিলেন আর এদিকে চলছে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে জমিয়ে আড্ডা।

নবীন আবারো বললো, “এবারের নির্বাচনে আওয়ামে লীগের না জেতার কোন কারনই নেই। জনগন এখন সবাইকে চেনে, সবই বোঝে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকেই এবার তারা ক্ষমতায় আনবে।”

“হুম…”
শব্দটা সম্মতি সূচক ছিল নাকি হাসি, ঠিক বোঝা গেলো না। তবে উৎপত্তিস্থল যে পত্রিকার আড়াল থেকে, সেটা বেশ বোঝা গেলো। শারদদার সাথে নবীনের পরিচয় হয়নি এখনও। তাই সে একটু অবাক হয়ে তাকালো। তারপর জিজ্ঞেস করলো,
“আপনি কি মনে করেন না জনগন স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আবার ক্ষমতায় দেখতে চায়?”

শারদদা পত্রিকাটা ভাঁজ করে আমাদের কাছে এসে বসলেন। সেটা কতটা কথা বলার জন্য আর কতটা খালি প্লেটটাকে পুরি দিয়ে পূর্ন করার জন্য ঠিক বোঝা গেলো না। নবীন তখনও জবাবের জন্য অপেক্ষা করছে। শারদদা আমাদের বড় প্লেট থেকে একটা পুরি তুলে নিয়ে বললেন, “শরীফের পুরির আসলে তুলনা হয় না, কি বলো তোমরা?”
ইদ্রিস বেশ বিগলিত হয়ে জবাব দিতে যাচ্ছিল কিন্তু তার আগেই রায়হান বলে ফেললো, “শারদদা, আমরা চুক্তি করেছি শরীফের সাথে। প্রতিদিন এমন পরিমানে পুরি আনলে আমাদের হাফ দামে দেয়া হবে।”
“আরে তাই নাকি?” শারদদা বেশ উচ্ছসিত হয়ে উঠলেন।

কথার মাঝখানে ফোড়ন কেটে পুরি বিষয়ক আলোচনায় ব্যাস্ত হয়ে পড়াটা নবীন ঠিক পছন্দ করছিল না। তাই আবার শারদদাকে বললো, “আপনার মতামততো বললেন না?”

শারদদা আরাম করে বসতে বসতে বললেন, “কোথায় ছিলাম আমরা? ওহ! স্বাধীনতার স্বপক্ষের শক্তি। ওটা আসলে কারা?”
নবীন একটু বিরক্ত হয়ে বললো, “আওয়ামে লীগ এবং তাদের মিত্রদলগুলো।”
“ও আচ্ছা।” যেন একটা নুতন তথ্য জানলেন, এভাবে শারদদা বলতে লাগলেন, “৯১-এর নির্বাচনে যদিও আওয়ামে লীগ ক্ষমতায় আসতে পারেনি তবে মোট ভোট তাদের বেশি ছিল। তবে সেটার পরিমান খুব বেশি হলে চল্লিশ শতাংশ, কিম্বা পয়তাল্লিশ কিম্বা বড়জোড় পঞ্চাশ শতাংশ। তাহলে কি এটা প্রমান হয়ে গেলো যে এদেশের অর্ধেক মানুষ স্বাধীনতার বিপক্ষের শক্তিকে সমর্থন করে?”

নবীনের মুখ হঠাৎ করে অন্ধকার হয়ে গেলো আর ইদ্রিসের হাসিটা হলো দেখার মত। কয়েকদিন আগেই এমন খোঁচা খেয়েছে সে। তাই আজ অন্যকে শারদীয় খোঁচায় জর্জারিত হতে দেখে সে বেশ পুলকিত বোধ করছে বোঝা গেলো।

শারদদা বলে চললেন, “আচ্ছা, বাদ দাও ৯১-এর ঘটনা। অনেক পুরোনো বিষয়। তার থেকে ২০০১-এর নির্বাচন নিয়েই কথা বলি। বি.এন.পি-তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছিল। তো সেই নির্বাচন কি প্রমান করেছিল এদেশের মানুষ সব রাজাকার হয়ে গিয়েছে?”
নবীনের চোখ চকচক করে উঠলো। বুঝলাম এবার জবাব দেয়ার মত পয়েন্ট পেয়েছে সে। বলল, “২০০১-এর নির্বাচনে চরম কারচুপি হয়েছে। আওয়ামে লীগ সেই নির্বাচনের ফলাফল প্রত্যাক্ষানও করেছিল।”

শারদদা হাসলেন। ইদ্রিস সাথে সাথে পুরির প্লেটটা রসদ হিসেবে বাড়িয়ে দিল। যেন “কি দরকার ছিল” এমন ভাবে দুটো পুরি তুলে নিয়ে শারদদা আবার বললেন, “ঠিক আছে ২০০১-ও বাদ দিলাম। ৯৬-এর নির্বাচনতো আওয়ামে লীগের ভাষায় স্মরনকালের নিরপেক্ষ ছিল। তা সেই নির্বাচনেও তো তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বি.এন.পি এবং জাতীয় পার্টি থেকে এম.পি নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছিল। তাহলে প্রশ্ন হলো স্মরনকালের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কি এটাই প্রমান হলো যে এদেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তির একক সংখ্যাগরিষ্ঠতা নেই বরং বিপক্ষের সেটা রয়েছে?”

নবীনের মুখ আবারও কালো হয়ে গেলো। উত্তর খোঁজার চেষ্টা করছে তখন সে। শারদদা বলে চলেছেন তখনও, “একটা কথা স্বীকার কর বা না কর, সত্য হলো এরশাদের নয় বছরের শাসনামল বাদ দিলে এদেশটা স্বাধীনতার সক্রিয় শক্তিরাই চালিয়েছেন সব সময়। বঙ্গবন্ধুর পর জিয়ার শাসন; এর পর নয় বছরের বিরতী দিয়ে আবার বি.এন.পি এবং আওয়ামে লীগ। একটা জাতিরজনকের দল, আরেকটা স্বাধীনতার ঘোষক এবং একজন বীর মুক্তিযোদ্ধার দল। এদেশের মানুষ কখনও স্বাধীনতার বিপক্ষের শক্তিকে সমর্থন দেয়নি এবং দেবেও না।”

নবীন আওয়ামে লীগের পক্ষে কিছু একটা বলতে যাচ্ছিল। শারদদা ওকে থামিয়ে দিয়ে বললো, “প্রতিটা দেশে কিছু দল থাকে যারা জাতীয় ইতিহাসের অংশ হয়ে যায়। বাংলাদেশে আওয়ামে লীগ হচ্ছে সেরকম একটা দল। শুধু তাই নয়, এদেশের মহান স্বাধীনতায় নেত্রীত্বদানকারী একমাত্র দল আওয়ামে লীগ। তাদের এতটা করুন অবস্থা হয়নি যে মোবাইল কোম্পানীর বিজ্ঞাপনের মত ছেলেভোলানো ‘ট্যাগ লাইন’ হিসেবে নির্বাচন জিততে ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি’ কথাটা ব্যবহার করতে হবে।”

তারপর যেন দেশের সব রাজনৈতিক ব্যাক্তিদের উদ্দেশ্য করে দুহাত জোড় করে শারদদা বললেন, “আমার সাধ্য থাকলে সবাইকে বলতাম, দয়া করে নির্বাচনে জেতার জন্য আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে পন্য বানিয়ে ফেলবেন না। অনুগ্রহ করে আমাদের স্বাধীনতাকামী জাতিকে দলে দলে বিভক্ত করে স্বাধীনতার প্রকৃত বিরোধীতাকারীদের সক্রিয় হবার সুযোগ করে দেবেন না। এদেশ গড়ার এখনও অনেক বাকি। একাত্তরের যুদ্ধপরাধীরা এখনও বীরদর্পে ঘুরে বেড়ায়, জাতিরজনকের হত্যাকারীরা বুকফুলিয়ে এখনও গর্ব করে; তারা একটি জাতির বুককে রক্তাক্ত করে দিয়েছে অথচ তাদের কোন বিচার হয়নি। মন্ত্রি-এমপি-হুইপ পুত্ররা দিনের আলোয় হত্যা করে যায়, কিন্তু তাদের খুঁজে পায় না পুলিশ। হাওয়া-মাটি-পানি নামের ভবনগুলো দেশটাকে দূর্নীতির সিরিঞ্জ দিয়ে চুষে খেয়ে চলেছে বছরের পর বছর। সেসবের সমাধান করুন, জনগন এমনিতেই ভোট দেবে।”

তারপর যেন নিজেকে আর আমাদের উদ্দেশ্য করে বললেন, “এ দেশ রক্তে পাওয়া। এ রক্তের ঋন এখনও অনেক বাকি। এ প্রজন্মকেই দেশ গড়ার বাকি কাজটা করতে হবে।”

শারদদা যখন থামলেন তখন রুমে পিনপতন নিরবতা। একটু পর নবীনই প্রথম উঠে দাড়ালো। শারদদাকে বুকে জড়িয়ে ধরে বললো, “দাদা, আপনি পাশে থাকলে বাকি কাজটাও আমরা শেষ করতে পারবো। সে বিশ্বাস আমার আছে।”

ইদ্রিস, রায়হান, মানিক, অপু এবং আমিও উঠে দাড়ালাম। সেদিন আমাদের মাঝে দাড়ানো ছয়ফুট উচ্চতার শারদদাকে যেন আরো অনেক অনেক উঁচু মনে হচ্ছিল।

১১ জুলাই ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

শারদদার আগমন [শারদদা - ১] (গল্প)

একটা সময় বাংলা সাহিত্যে তিন দাদার দাপট ছিল ব্যাপক। ফেলুদা, টেনিদা এবং ঘনাদা। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা যারা পড়েছেন তারা জানেন কি অসাধারন আকর্ষনে পাঠককে গল্পগুলো আটকে রাখে। ঘনাদার প্রতি ভালোবাসা থেকে শুরু করলাম এই সিরিজ, শারদদা। ছোটছোট গল্প দিব, তবে সবই হবে যুক্তিতর্ক এবং জীবনের গল্প। চেষ্টা করবো যাতে গাল-গল্প মনে না হয় সেদিকে লক্ষ্য রাখতে। - নিয়াজ।

অপু আমার দিকে তাকিয়ে হাসছে। আমি কিছুক্ষন রাগে গজগজ করলাম। পারলে চিৎকার করতাম, কিন্তু কেন যেন সে সহস আর হলো না। ততক্ষনে নিচতলা থেকে রায়হান ডাকাডাকি শুরু করেছে. “কি রে? তোরা কি যাবি না নাকি শারদদাকে গিয়ে বলবো এই বেলা আর আড্ডা হবে না?” আমি নিচু গলায় বললাম আসছি। তারপর অপু সহ নেমে এলাম।

পাঠক বিভ্রান্ত হবেন না। বিষয়বস্তু আসলে খুবই সরল, অন্তত শারদদার আগমনের আগ পর্যন্ত তাই ছিল। আমি দিপু, থাকি আরামবাগের গলির মাঝের এক নিরিবিলি মেসে। সাথে আছে আরো চারজন; অপু, রায়হান, ইদ্রিস এবং মানিক। অপু আর আমি পড়ি নটরডেমে, অন্যরাও আশেপাশের কলেজেই পড়ে। সবাই আমরা সমবয়সী এবং ঢাকার বাহির থেকে এসেছি। কলেজ জীবনের প্রথম তিন মাস দেখতে দেখতে কেটে গেলো। বেশ সুখেই ছিলাম বলতে হবে। কিন্তু কার যে আমরা কি বিগড়ে ছিলাম, খোদাই জানেন। মাস তিনেক পরেই হঠাৎ একদিন এই বিপদের আবির্ভাব।

আমাদের মেসের চিলেকোঠায় একটা রুমের মত জায়গা খালি ছিল। রায়হান বললো ওটা ভাড়া দিলে গড়ে সবার ভাড়া আরো কমে আসবে। তাছাড়া আমরা একটু বিলাসিতা করে একটা বসার ঘরের মত রেখেছিলাম। ক্যারাম-দাবা খেলতে খেলতে আড্ডা দেয়া যাবে, এই ছিল পরিকল্পনা। ফলে সবার ভাগে ভাড়াটাও খানিকটা বেড়ে গিয়েছিল। তাই গড়ভাড়াটা একটু কমিয়ে আনার জন্য বুদ্ধিটা খারাপ ছিলনা। আরামবাগের দেয়ালে দেয়ালে পোস্টারের মত করে বিজ্ঞাপন দেয়া হলো। কিছু দিনের মধ্যেই আনেকে দেখতে আসতে লাগলো। যথারীতি শারদদাও এলেন। তবে তার আসাটা একটু অন্যরকম ছিল। তিনি জিনিসপত্র নিয়ে হাজির, যেন দুবাই থেকে মাত্র ল্যান্ড করলেন। বসার ঘরে ওনাকে বসিয়ে আমরা নিজেরা আলোচনা করতে শুরু করলাম কি করা যায়। আমরা চাচ্ছিলাম সমবয়সী কাউকে ভাড়া দিতে কিন্তু এ যে রীতিমত পচিশ-ছাব্বিশ বছরের যুবক। বয়স আরো বেশি হলেও অবাক হবো না। আমি প্রথম থেকেই না বললাম। কিন্তু রায়হানের মায়া হলো। যুক্তি দেখিয়ে বললো ঘরে কোন মুরুব্বি থাকা দরকার। তাছাড়া লোকটাকে দেখেতো ভদ্রঘরেরই মনে হয়। কিছুক্ষনের মধ্যে অন্যরাও নরম হয়ে গেলো। কি আর করা, আমার একার ভোটে শারদদার আগমন ঠেকানো গেলো না।

সমস্যা আসলে শারদদার আগমনে ছিল না। বরং অবস্থানে। তিনি যে এসে মেসে ঢুকেছেন, গত পনেরদিনে আর বের হননি। অনুরোধে মানুষ ঢেকি গেলে, আমরা এখন দালান-কোঠা গিলতে শুরু করেছি। ওনার বাজার থেকে শুরু করে সবই এখন আমরা করছি। খুব নরম গলায় অনুরোধ করেন, “আজ যদি পারো একটু পালং শাক কিনে এনো। সাথে চিংড়ী। চিংড়ী দিয়ে পালং শাকের তরকারী খেতে খুব ইচ্ছে করছে।” সাথে সাথে রায়হান বলবে, “কেন নয়? আজ সবার জন্য এই তরকারীই হোক।” বলাইবাহুল্য টাকাটা আমাদের পকেট থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত শারদদা কি করেন সেটা আমরা অবিষ্কার করতে পারিনি। এমন কি রুমেও ঢোকার সুযোগ হয়নি। মানিক কয়েকবার রুমে উঁকি দেয়ার চেষ্টা করেছিল তবে সে প্রচেষ্টা চেষ্টাতেই সীমাবদ্ধ ছিল, কিছু দেখার সুযোগ হয়নি।

আজ সকাল থেকে একটু মেঘমেঘ। দুপুরে খেতে খেতে শারদদা বলল, “আজ বিকেলে ডালপুরী হলে কেমন হয়?” পরবর্তি কথা যথারীতি রায়হানই বলেছে, “সামনের শরীফের দোকানে দারুন ডালপুরী পাওয়া যায়।” আর যায় কোথায়। শারদদার এখন ডালপুরী খেতে ইচ্ছে করছে খুব। আনার দায়ীত্ব আমার আর অপুর ঘাড়ে পড়লো। পরিকল্পনা হলো বিকেলে আড্ডা বসবে বসার ঘরে।

অপু আমাকে ঘুম থেকে তুলে ডালপুরী কিনতে যাওয়ার কথা বলতেই মেজাজটা বিগড়ে গেলো। কিন্তু কেন যেন একটা অদ্ভুত অনুভুতি কাজ করে আমাদের সবার মাঝে। আমরা কেউই শারদদার মুখের উপর কথা বলতে পারিনা। যা বলছেন সবই বিনাবাক্য ব্যয়ে তামিল করে চলেছি আমরা।

ডালপুরী কিনে ফিরে এসে দেখি শারদদা পাঞ্জাবী পড়ে বেশ ফিটফাট বাবু সেজে বাসার ঘরে বসে পুরোনো পত্রিকাটা উল্টেপাল্টে দেখছেন। ডালপুরীর গন্ধেই কি না, অন্যরাও তখন এসে হাজির হয়েছে। ডালপুরীগুলো একটা বাটিতে ঢেলে যেই ঠোঙ্গাটা ফেলতে যাব, অমনি ইদ্রিস খপ করে আমার হাত ধরে বসলো।
“করিস কি রে তুই?”
“কেন? ফেলে দিচ্ছি। এখন কি ঠোঙ্গাও চাটবি নাকি?”
“দেখছিস না ঠোঙ্গায় আরবী লেখা। আরবী হচ্ছে আল্লাহর ভাষা। তুই এই লেখা মাটিতে ফেলতে যাচ্ছিস?”

এতক্ষনে লক্ষ্য করলাম ব্যপারটা। ঠোঙ্গার কাগজে আরবী হরফে কি যেন লেখা। ইদ্রিস আমাদের মধ্যে একটু হুজুর ধরনের, বেশ কয়েক বছর মাদ্রাসায় পড়ার পর এসএসসি থেকে বাংলায় পড়ছে। এ সব বিষয় ওর চোখেই সবার আগে পড়ে। আমার হাত থেকে ঠোঙ্গাটা নিতে নিতে ইদ্রিস গজগজ করতে লাগলো, “আল্লাহর ভাষার কদর বোঝে না এরা। এই যে বাংলা ইংরেজী, এসবের কত দাম। অথচ এগুলো হচ্ছে সব মানুষের তৈরী ভাষা। আল্লাহর দুনিয়ায় এগুলোর কোন দামই নেই। একমাত্র আরবীই হচ্ছে আল্লাহর ভাষা।”

“তাই নাকি?”
কথাটা কে বলল প্রথমে বুঝতে পারে নাই ইদ্রিস। তাকিয়ে দেখি পুরোনো পত্রিকায় মুখ ঢেকেই শারদদা বলছেন, “তাহলেতো তোমার ঈমান নষ্ট হয়ে গেলো।”
বিস্ফোরিত চোখে ইদ্রিস তাকিয়ে আছে। তার পর বলল, “কি বললেন? আরবী আল্লাহর ভাষা এটা বললে ঈমান নষ্ট হয়?”
শারদদা পত্রিকাটা ভাঁজ করে ডালপুরীর প্লেটের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, “নাহ। সেটার জন্য নয়। ঐযে বললে বাংলা-ইংরেজী মানুষের ভাষা, এটার জন্য।”
ইদ্রিস মনে হচ্ছে রেগে যাচ্ছে। রাগত গলায় বললো, “আরবী ছাড়া অন্য ভাষা মানুষের ভাষা, এটা বললে ঈমান নষ্ট হয় কে বললো আপনাকে?”
শারদদা ডালপুরীতে প্রথম কামড়টা দিয়ে হাসতে হাসতে বললেন, “কয়টা বিষয়ে বিশ্বাস স্থাপন করলে ঈমান পূর্ন হয়?”
“সাতটা।” গম্ভির ভাবে জবাব দিল ইদ্রিস।
“কী কী?”
“আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাকূলে বিশ্বাস, নবী-রসুলগনে বিশ্বাস, আসমানী কিতাবসমূহে বিশ্বাস...”
শারদদা ইদ্রিসকে থামিয়ে দিয়ে বলল, “এতটুকুতেই হবে। এবার বলো আসমানী কিতাব কয়টি ছিল?”
“একশ চারটি। এর মাঝে চারটি বড়।” ইদ্রিস তখনও গম্ভীর।
“বড় চারটি কী কী?”
“তাওরাত, জাবুর, ইঞ্জিল এবং কোরআন।”
“তাওরাত কোন ভাষায় নাজিল হয়েছিল জানো?”
ইদ্রিস চুপ করে আছে, কোন জবাব দিল না।
“হিব্রু ভাষায়।” শারদদা বলে চললেন। “ইঞ্জিলও নাজিল হয়েছিল প্রাচিন এক ইউরোপিয়ান ভাষায়। এখন প্রশ্ন হলো তোমার মতে যেহেতু এগুলো মানুষের ভাষা অতএব এ কিতাবগুলো আসমানী কিতাব এটা তুমি মেনে নিচ্ছ না, কারন মানুষের ভাষায়তো আল্লাহ কিতাব নাজিল করবেন না। তাই না?”
ইদ্রিসের মুখ খানিকটা হা হয়ে গিয়েছে। কোন কথা বললো না। শারদদা বলে চললেন, “অতএব ঈমানের একটা ভিত্তি তোমার নষ্ট হয়ে গেল।”

আমরা সবাই তখন অবাক হয়ে তাকিয়ে আছি। শারদদা এক সাথে দুটো ডালপুরী তুলে নিয়ে আবার বলতে শুরু করলেন, “কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহতালা বলেছেন তিনি সমস্ত পৃথিবীর জন্য যুগেযুগে নবী ও রসুলগনকে প্রেরন করেছেন। সঠিক সংখ্যা একমাত্র আল্লাহতালাই জানেন। তবে লক্ষনীয় বিষয় হচ্ছে তাঁদের শুধু আরবের জন্যই প্রেরন করা হয়নি। অতএব, তাদের মুখের ভাষাও ভিন্ন ভিন্ন হবে স্বাভাবিক। কিন্তু তোমার বক্তব্য অনুযায়ী তাহলে তাঁরা নবী কেমন করে হন কারন তারাতো মানুষের ভাষায় কথা বলতেন। এমনকি অন্য আসমানী কিতাব যেগুলো তাদের কাছে প্রেরিত হয়েছিল, কোরআনে কোথাও বলা নেই সেগুলোও আরবীতে ছিল। অতএব ঈমানের আরেকটি ভিত্তি, নবী ও রসুলগনের উপর বিশ্বাসও তোমার নষ্ট হয়ে যাচ্ছে।”

ইদ্রিসের চেহারা তখন দেখার মত হয়েছিল। কোন কথা বলতে পারছিল না। শুধু বিড়বিড় করে কি যেন উচ্চারন করছিল। শারদদাও থামার পাত্র নয়। বলে চলেছেন তখনও, “এবার আসি আল্লাহতালায় বিশ্বাসের বিষয়ে। এ বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ন। এখানে বলা হয়েছে আল্লাহ এক, তিনি সবকিছুর স্রষ্টা এবং সকল এবাদতের একমাত্র হক্বদার। কিন্তু তুমি একটু আগে আরবী বাদে অন্য সব ভাষাকে মানুষের ভাষা বানিয়ে দিলে। এখন তুমিই চিন্তা করে দেখো, তুমি কি আল্লাহর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করলে না? এর পরও তোমার ঈমান থাকে?”

ইদ্রিসের মুখ এবার পুরোই হা হয়ে গিয়েছে। সাথে আমাদেরও। এর ফাঁকে আমি প্লেট থেকে শেষ ডালপুরীটা তুলতে গিয়েছিলাম। শারদদা ছোঁ মেরে সেটা তুলে নিয়ে রুম থেকে বের হতেহতে বললেন, “দেখো ইদ্রিস, এই যে পৃথিবী, মানুষ এবং মানুষের মুখের ভাষা। এ সবই আল্লাহতালার মহিমা এবং কুদরত। এর সব কিছুই আল্লাহর সৃষ্টি। সেটা আরবী ভাষা হোক আর বাংলা বা অন্য কোন ভাষা। তুমি ভাষার প্রতি সম্মান দেখাচ্ছিলে, সেটা খুবই ভালো। তবে সেটা সব ভাষার প্রতিই থাকা উচিত। আর তোমাকে এতক্ষন যা বললাম সেটা শুনতে হালকা লাগতে পারে তবে কথাগুলো একদম ফেলে দিও না। পরে চিন্তা করে দেখো, হয়তো আর অর্থহীন মনে হবে না।”

শারদদা বের হয়ে যাবার পরও ইদ্রিস পাথরের মত বসে রইলো। সাথে আমরাও।

১০ জুলাই ২০০৮
ডাবিলন, আয়ারল্যান্ড।

পৌরুষত্ব (গল্প)

ইংল্যান্ডের ছোট্ট শহর কেন্টে তমাল এবং তানিয়ার গোছানো সংসার। তমাল কেন্ট বিশ্ববিদ্যালয়ে পি. এইচ. ডি করছে। তানিয়া স্থানীয় একটা ডে কেয়ার স্কুলে শিক্ষকতা করে। বেশ কেটে যাচ্ছিল ওদের দিনগুলো। দেখতে দেখতে বছর ঘুরে চলে এলো কোরবানীর ঈদ।

ঈদের এক সপ্তাহ আগে থেকে তমাল এবং তানিয়ার মাঝে ঝগড়া শুরু হয়। ঈদের দুদিন আগে সেটা চরম রুপ নিল। পুরোপুরি কথা বন্ধ, দুজন দু'রুমে ঘুমায়। যাইহোক, ঈদের আগের দিন রাতে তমাল বুঝলো কথা বন্ধ করা ঠিক হয়নি। কাল সকাল আটটায় ঈদের জামাত। তানিয়া ওকে ঘুম থেকে ডেকে না তুললে জামাত মিস হবার সম্ভাবনা রয়েছে। অতএব, একটু নমনীয় হবার চেষ্টা করা ভালো। কিন্তু তাই বলে পৌরুষত্ব বিসর্জন দিয়েতো আর আগে কথা বলা যায় না!

অনেক ভেবে এর একটা সমাধান বের করলো তমাল। একটা কাগজে সুন্দর করে লিখলো, "কালতো ঈদ! অতএব সন্ধির প্রস্তাব দিচ্ছি। সকালে ঈদের জামাত ধরতে হবে। আমাকে সাতটায় ঘুম থেকে তুলে দিও। ঈদ মোবারক।" তারপর কাগজটা তানিয়ার রুমে বিছানার পাশে রেখে আসলো।

পরদিন সকালে তমালের ঘুম ভাঙ্গার পর দেখে ঘড়িতে নয়টা বাজে। ধড়ফড় করে জেগে উঠে সে। "তানিয়া এমনটা করতে পারলো?" - মনেমনে যখন তমাল ভাবছে, তখন দেখলো পাশে একটা কাগজ পড়ে আছে। তাতে লেখা, "সন্ধির প্রস্তাব গ্রহন করলাম। এখন ভোর সাতটা বাজে। ঘুম থেকে ওঠো। তোমাকেও ঈদ মোবারক!" (গল্পটি মৌলিক নয়।)
৯ ডিসেম্বর ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

সূর্য (গল্প)

"আচ্ছা দাদু, আমাদের পতাকাটা এরকম সবুজ আর লাল কেন?"

আজ ডিসেম্বরের প্রথম দিন। বিজয়ের মাস। টিভির পর্দায়, পত্রিকার পাতায় সর্বত্র বাংলাদেশের পতাকা শোভা Justify Fullপাচ্ছে। পাঁচ বছরের অভ্র তার দাদু ভাইয়ের কোলে বসে পত্রিকায় ছাপা একটা পতাকার দিকে তাকিয়ে থেকে প্রশ্নটা করে।
অভ্রর দাদু নাতির প্রশ্ন শুনে হাসেন। তারপর বলেন, "এই যে সবুজ রং দেখছো, এটা আমাদের গ্রাম বাংলার রং। বাংলাদেশটা আসলে এরকম সবুজে ঘেরা। সেজন্য সবুজ আমাদের পতাকারও রং।"
"আর এই লাল?" কথার পিঠে প্রশ্ন করে অভ্র।
দাদু একটু গম্ভীর হয়ে বলেন, "এই লাল হলো সূর্য। আমাদের বিজয়ের সূর্য।"
"বা-রে! সূর্য কি আমাদের একার?"
"হ্যা দাদু ভাই। এ সূর্য শুধুই আমাদের। এ সূর্য আমাদের একার।"
"তাহলে কি এটা আমরা কিনে নিয়েছি? কত টাকা লেগেছে কিনতে?"

অবুঝ নাতির নিরর্থক প্রশ্নেও অভ্রর মুক্তিযোদ্ধা দাদুর রক্তে বান ডাকে। শক্ত হয়ে আসে শরীরের পেশীগুলো। তারপর নাতির চোখে চোখ রেখে বলেন, "এ সূর্যকে পেতে টাকার থেকেও অনেক দামী 'মূল্য' দিতে হয়েছে। তাকিয়ে দেখ এই সূর্যের দিকে! এরকমই লাল, ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্তের বিনিময়ে এ সূর্যকে আমরা পেয়েছি।" তারপর ক্ষনিক চুপ থেকে আবার বলেন, "দাদু ভাই, আজ হয়তো তুমি বুঝবে না। কিন্তু যেদিন বড় হবে, সেদিন মনে রেখো - এ সূর্যকে যেন কোন ভাবেই টাকার বিনিময়ে বিক্রী হতে দিও না।"

পাঁচ বছরের অভ্র হয়তো সেদিন দাদুর কথার প্রকৃত অর্থ বোঝেনি। কিন্তু এর পর সে যখনই পতাকার দিকে তাকিয়েছে, সবুজের মাঝে সূর্যটাকে ওর বড্ড বেশি লাল মনে হয়েছে।

১ ডিসেম্বর ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

আতঙ্ক (গল্প)

সিনেওয়ার্ল্ড লন্ডনের ইলফোর্ড শাখার সামনে বাসের অপেক্ষায় দাড়িয়ে ছিল আসিফ এবং তমাল। এবার যেন আক্টোবরের শেষ সপ্তাহেই শীতটা বেশ চেপে বসেছে লন্ডন শহরের বুকে। রাতও হয়ে এসেছে। জমে যাওয়া হাতগুলোকে ওভারকোটের পকেটে ঢুকিয়ে খানিকটা উষ্ণ করার চেষ্টা করছিল ওরা। হঠাৎ দূরে ২৫ নাম্বার বাসটা আসতে দেখে চনমনে হয়ে উঠলো মন। এই ঠান্ডায় নির্জন বাস স্ট্যান্ডে আর দাড়িয়ে থাকতে হবে না ভেবেই বেশ প্রফুল্য লাগছিল ওদের।

বাসটা আসার সাথে সাথে তাতে উঠে সামনের দিকে পাশাপাশি দুটো সিটে বসলো দুজন। বাস প্রায় ফাকা। তবে অল্প কিছু সময়ের মধ্যেই ভরতে শুরু করবে। বাসটা যতই হোয়াইট চ্যাপেলের দিকে যেতে থাকবে, ততই লোকসমাগম বাড়তে থাকবে। লন্ডনের যে কয়েকটা এলাকাকে বাংলাদেশী পাড়া বলা হয় হোয়াইট চ্যাপেল সেগুলোর ভেতরে অন্যতম। ফলে বাসের যাত্রীও হয় অধিকাংশ সময় বাংলাদেশী। মাঝে মাঝে পাকিস্তানী, ভারতীয় এবং ব্রিটিশও দেখা যায়। আজ ছুটির দিন, তাই খন্ডকালীন কাজ শেষে বাড়ি ফেরা বাংলাদেশী ছাত্রদের দেখার সম্ভাবনাই বেশি।

বাস চলছিল এবং একটু পরপর বিভিন্ন স্টপ থেকে যাত্রী নিচ্ছিল। কয়েকটা স্টপ পার হবার পর হঠাৎ লম্বা আলখাল্লা ধরনের পোশাক পরা একজন লোক এসে ওদের ঠিক সামনে বসলো। বাসের সামনের দিকের দুটো সারি মুখোমুখি করা। ফলে লোকটাকে খুব ভালো ভাবে দেখতে পাচ্ছিল আসিফ এবং তমাল। মুখে চাপ-দাড়ি। আলখাল্লার সাথে পায়জামা পরা যা ভাঁজ করে গোড়ালীর উপর তোলা। সহজেই বোঝা যাচ্ছিল হয়তো খানিক আগে নামায পড়ে বের হয়েছে। চোখে সুরমা দেয়া। একটা মাঝারী ধরনের ব্যাগ রয়েছে হাতে। বাসে উঠার পর থেকেই লোকটা চোখ বন্ধ করে ঝিমাচ্ছিল।

৭/৭-এর লন্ডন বোমা বিস্ফরনের পর থেকে এধরনের মানুষ দেখলে আসিফের অন্যরকম অনুভুত হয়। ব্যাপারটা অস্বস্তি এবং ভয়ের মাঝামাঝি কিছু একটা। পুরো বাস ব্রিটিশে ভরে থাকলেও আসিফের কোন সমস্যা হয়না, কিন্তু একজন দাড়িওয়ালা মানুষ দেখলেই এই অনুভুতিটা শুরু হয়। আসিফ লোকটার উপর থেকে চোখ সরিয়ে বাহিরে তাকানোর চেষ্টা করলো। কিন্তু কেন যেন ওর মন বারবার ফিরে যাচ্ছিল লোকটার কাছে। এক সময় জোর করে দৃষ্টিকে বাহিরে দিয়ে রাখলো সে।

হঠাৎ তমালের কনুইয়ের খোঁচা অনুভব করলো আসিফ ওর পেটে। তমাল কানের কাছে এসে নীচু স্বরে বললো,
"লোকটার হাতের ব্যাগটা দেখেছিস?"
আসিফ ভালো করে লক্ষ্য করেনি আগে। এবার তাকালো। কালো রঙের একটা সাধারন ব্যাগ। একটু পুরোনো বলেই মনে হলো। তবে তেমন কোন বিশেষত্ব নেই। তাই স্বপ্রশ্ন দৃষ্টিতে তাকালো তমালের দিকে। তমাল আবার নীচু স্বরে ফিসফিস করে বললো,
"লোকটা বাসে উঠার পর থেকে ব্যাগটা বুকের সাথে চেপে ধরে রেখেছে। একবারের জন্যও মাটিতে বা পাশের খালি সিটে রাখেনি।"
এবার আসিফ বুঝতে পারলো তমাল কি বোঝাতে চাচ্ছে। দ্রুত লোকটাকে আবার ভালো করে দেখে নিল। আসিফের মনে হলো লোকটার একটা হাত যেন ব্যাগের ভেতরে খানিকটা ঢোকানো। আসিফ কিছু বলার আগেই তমাল আবার বললো,
"ট্রিগার চাপ দিবে বলে কি হাত ঢোকানো?"

লন্ডনের প্রচন্ড ঠান্ডায়ও আসিফ ওর কপালে ঘাম অনুভব করলো। তমালের দিকে তাকিয়ে দেখলো সে রীতিমত দরদর করে ঘামছে। লোকটা তখনও চোখ বন্ধ করে আছে। একটা হাত ব্যাগের ভেতরে। অল্প হলেও বোঝা যাচ্ছে ঠোট নড়ছে। বিড়বিড় করে কি যেন বলছে। এক কথায় ভয়ঙ্কর লাগছে লোকটাকে।

মনেমনে আল্লাহর নাম নিতে শুরু করলো আসিফ। পরবর্তি স্টপ যেটাই হোক নেমে যাওয়া দরকার। কিন্তু তমালকে যে এ কথা বলবে সে শক্তিও যেন ওর নেই। পাথরের মত লোকটার সামনে ওরা দুজন বসে রইলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটার হাতের দিকে। প্রতিটা মুহূর্ত যেন একেকটা বছর বলে অনুভুত হচ্ছিল। ওদের ঠিক সামনে থেকে যদি বোমা বিস্ফরন ঘটায়, শরীর ছিড়ে টুকরো টুকরো হয়ে যাবে। সম্ভবত চিৎকার বা শেষ অর্তনাদেরও সময় থাকবে না। আসিফের মনে পড়লো ৭/৭ এর লন্ডন বোমা বিস্ফরনের সেই বাসের চিত্র। কি ভয়াবহ ছিল সে দৃশ্য!

হঠাৎ লোকটা চোখ খুলে তাকালো। তমাল সাথে সাথে আসিফের হাত প্রায় খামচে ধরলো। আসিফ অনুভব করছিল ওর হৃদপিন্ড যেন ফেটে বের হয়ে আসবে, এত জোরে রক্ত প্রবাহিত হচ্ছে। লোকটা ব্যাগটা ওভাবে বুকের সাথে ধরে উঠে দাড়ালো। তারপর বাস থামার জন্য বেল বাজালো। এক দৃষ্টিতে আসিফ এবং তমাল তাকিয়ে আছে কি হয় দেখার জন্য। কিন্তু তেমন কিছুই হলো না। পরবর্তি স্টপে বাসটা থামলে লোকটা নেমে গেলো।

বাস আবার চলতে শুরু করলো। কিন্তু আসিফ এবং তমাল নিজেদের মধ্যে একবারও এ নিয়ে আর কথা বললো না। আসলে ওদের স্নায়ু তখন প্রচন্ড ক্লান্ত। সিটে হেলান দিয়ে দুজনই অসার ভাবে পড়ে রইলো; যতক্ষন না বাসটা ওদের হোয়াইট চ্যাপেলে নামিয়ে দিল।

বাস থেকে নামার পর স্ট্যান্ডেই এক বড় ভাই, রায়হান ভাইয়ের সাথে দেখা হলো ওদের। তমালের শক্তি মনে হয় ফিরে এসেছে তখন। হড়হড় করে বাসের সব ঘটনা বলে ফেললো। রায়হান ভাই শুনে হাসতে শুরু করলেন। তমালও তখন হাসছে। কিন্তু আসিফ একদম গম্ভীর। রায়হান ভাই জিজ্ঞেস করলেন কি হয়েছে। আসিফ খানিকক্ষন চুপ করে থেকে জানতে চাইলো বুকের সাথে ব্যাগ চেপে ধরে রাখার ব্যাখ্যা কি হতে পারে? রায়হান ভাই বললেন, "এর ব্যাখ্যাতো খুব সহজ। সম্ভবত কোরআন শরীফ ছিল ব্যাগে।"

আসিফ ভেবে দেখলো তাই তো! ব্যাখ্যাটা বেশ যুক্তিসঙ্গত এবং প্রথম চিন্তায় এটাই মাথায় আসার কথা। একজন মুসলিম একটা ব্যাগকে পরম যত্নে বুকের সাথে চেপে ধরে রেখেছে। কি থাকতে পারে তাতে? স্বাভাবিক চিন্তায় পবিত্র কোরআন থাকার বিষয়টাই সবার আগে মনে আসার কথা। কিন্তু আজ পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে পবিত্র কোরআনের পরিবর্তে তাতে বোমা থাকার সম্ভাবনা প্রথম মনে আসছে।

এলোমেলো ভাবে দুয়েকটা গাড়ী চলে যাওয়ার শব্দ আসছিল। কনকনে ঠান্ডা বাতাস কানের কাছে যেন ছুরির মত কেটেকেটে যাচ্ছিল। লন্ডনের রাস্তায় শীতের সেই রাতে হাটতে হাটতে আসিফ ভাবছিল, বোমা বিস্ফরনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে যারা নিরীহ মানুষকে হত্যা করছে, যারা দাবী করে ইসলামের পক্ষে যুদ্ধ করছে, সেই নির্বোধ মানুষগুলো কি বোঝে না তারা আসলে ইসলামের বিপক্ষে ব্যবহৃত হচ্ছে। তারা আজ মুসলিমদেরই দলেদলে বিভক্ত করে দিচ্ছে। আজ একজন মুসলিম হওয়া স্বত্ত্বেও আরেকজন মুসলিম দেখলে আসিফ ভয় পায়। একজন দাড়িওয়ালা মানুষ দেখলে বা কেউ আরবীতে কথা বললে অবচেতন মন তাকে অজানা হামলাকারী বলে ভেবে নেয়। বরং একজন ব্রিটিশ বা ইউরোপিয়ানই যেন আসিফের কাছে অনেক বেশি বন্ধুভাবাপন্ন। এভাবে চলতে থাকলে এক সময় হয়তো মুসলিমরাই মুসলিমদের থেকে দূরে সরে যাবে। কারন বোমার ভয়াবহতা কোন জাতি, বর্ন বা ধর্ম চেনে না। চেনে কেবল রক্ত; আর সেটার রং এবং স্বাদ সব মানুষেরই এক।

২৭ নভেম্বর ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

অক্টেবর ২০০৮-এ ইলফোর্ড থেকে হোয়াইট চ্যাপেল যাবার পথের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখিত।

Saturday, June 6, 2009

বিবর্জিতা (গল্প)

“আই কান্ট টেক দিস স্ট্রেস এনিমোর।”
“জাস্ট চিল বেবী।” আনিকাকে স্বান্তনা দেয়ার চেষ্টা করে মার্ক। আনিকা তাতে আরো চিৎকার করে ওঠে,
“কিভাবে? আজকে বিশ তারিখ। অথচ পাবলিক ল’র টার্ম পেপারের কিছুই হয়নি এখনও। আঠাশ তারিখ সাবমিশন।”
“এখনও আট দিন হাতে আছে।” এবার আশান্বীত করার চেষ্টা করে মার্ক।
“হোয়াটেভার! আই নিড অ্যা বিয়ার।” আনিকা হনহন করে হেটে স্টুডেন্ট ইউনিয়ন শপের দিকে যেতে থাকে। কিন্তু মার্ক বাধা দিয়ে থামায়।
“শোনো, এখন বিয়ার নিয়ে না বসে চলো কোন ক্লাবে যাই। ফ্রাইডে নাইটটা আজকে অনেক মজা করে কাটাবো।”
আনিকা হাতের মোটামোটা দুটা বই মার্কের মুখের উপর তুলে ধরে বলে, “এগুলো নিয়ে নাইট আউট? আর ইউ আউট অফ ইওর মাইন্ড?”
“আচ্ছা ঠিক আছে। তোমার বাসায় চলো। একটু ফ্রেশ হয়ে তারপর ইস্ট লন্ডনের কোন এক পাবে যাবো।”

আনিকা আর কিছু বলেনা। সোজা টিউব স্টেশনের দিকে হাটা দেয়। মার্কও হেসে পাশে হাটতে থাকে। আনিকা মাঝে মাঝে আড় চোখে মার্ককে দেখে। ছয় ফুট তিন ইঞ্চি লম্বা এই ইংরেজ তরুনের প্রতি কিংস কলেজের কত দেশের কত মেয়ে যে পাগল ছিল তার হিসেব নেই। অথচ আজ সে অনিকার চোখের ইশারায় ওঠে বসে। তবে এই ছেলে এত সহজে হাতে আসেনি। একে পটাতে আনিকার অনেক কষ্ট করতে হয়েছে। কত মানুষের কত কটু কথা শুনতে হয়েছে, ভাবলেই আনিকার মেজাজ তিক্ত হয়ে যায়।

যদিও কে কি বললো সেসব কথায় আনিকার কিছুই যায় আসে না। মার্কের সাথে আনিকা কেবল এক সাথে থাকেনা, তাছাড়া ওদের মাঝে আর সবকিছুই হয়েছে। হয়তো এক সাথে থাকার ব্যাপারটাও ধীরেধীরে ঘটবে। আনিকার কাছে ‘সোশাল নর্মস’, ‘ভ্যালুজ’, ‘রিলিজিওন’ অথবা ‘কালচার’ কোন মূল্য রাখেনা। এসব ওর কাছে অসহ্য লাগে। মনে হয় মানুষ যেন পুরোনো ভাঙ্গা রেডিও বারবার বাজাচ্ছে। দেশে থাকতে ১৬ই ডিসেম্বর বা ২৬শে মার্চ আসলে মানুষের ‘এ্যাকটিভিটি’ ওর কাছে ভাড়ামো মনে হতো। ৪০ বছর হতে চললো কিন্তু স্বাধীনতা নিয়ে কপচানো বন্ধ হলো না এখনও। একটু টাইট টি-শার্ট পরে বের হলেই সবাই এমন ভাবে বুকের দিকে তাকায় যেন মেয়েদের বুক জীবনে দেখেনি। ছেলেদের সাথে রাত করে বাহিরে থাকলে মায়ের টেনশন শুরু, সিগারেট ধরালে যেন প্রতিবেশির ঘুম হারাম। মেয়ে উচ্ছন্নে যাচ্ছে বলে সবার চিৎকার। আরে বাবা ইউরোপ এ্যামেরিকার ছেলেমেয়েরাতো তাহলে জন্ম থেকেই উচ্ছন্নে গিয়েছে!

এসব নিয়ে আনিকা আগে কথা বলতো। এখন সেটাও বলেনা। বাঙালী কমিউনিটি থেকে সে বেশ দূরে থাকে এবং খুব গর্বের সাথে বলে এসব বাঙালী কালচারের তার দরকার নেই। এগুলো সে কুলি করে ফেলে দিয়েছে। এমন কি মার্ককেও সে ঠিক মত বলেনি কোন দেশী সে। শুধু বলেছে সাউথ এশিয়ান। আসলে ওর কালচার ওর কাছে এক যন্ত্রনা। একে যতটা ভুলে থাকা যায়, ততই ভালো। লন্ডর আসার সময় এয়ারপোর্টে ওদের ড্রাইভার ভাই হেসে বলেছিল, “আপা, আমার জন্য ফেরার সময় একটা বিলাতী কুত্তা আইনেন”। আনিকা হেসেছিল আর মনেমনে ভেবেছিল ‘বিলাত’ জগৎটাই যেন রঙ্গিন। তাইতো লন্ডনের উন্মুক্ত জীবনে এখন সে ইন্ডিপেন্ডেন্ট, মুক্ত, স্বাধীন। জীবনের প্রতিটা ক্ষনকে সে উপভোগ করছে। এটাই এখন তার সংস্কৃতি।

বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আনিকা এবং মার্ক বের হয়ে পড়ে পাবের উদ্দেশ্যে। বেশি দূর যেতে হয়নি ওদের। কাছেই ইস্ট লন্ডনের একটা বেশ নাম করা পাব পেয়ে যায়। আজকে শুক্রবার রাত। পাব গিজগিজ করছে মানুষে। কত মানুষের কত পাগলামী। একটা গ্রুপ বাজীতে তাশ খেলছে। যে হারবে তার একটা করে কাপড় খুলতে হবে। ছেলেগুলোর মাঝে একটা মেয়ে ইতিমধ্যে প্রায় সব কাপড় খুলে বসে আছে। পুরো টেবিল জুড়ে মানুষের ভিড় সেখানে। কিন্তু মেয়েটা আর বাজীতে হারছে না। সবাই খানিকটা হতাশ। পুরো নগ্ন অবস্থায় দেখতে না পাওয়ার দুঃখে কাতর!

আনিকারা বিয়ার নিয়ে এক পাশের সোফায় বসে টিভিকে ইংল্যান্ড এবং ফ্রান্সের সিক্স নেশনস রাগবী ম্যাচের প্রিভিউ দেখতে থাকে। সাথে চলতে থাকে অলস সময়। সন্ধ্যা ঘনিয়ে রাত গভীর হতে থাকে লন্ডন নগরীর বুকে। দেখতে দেখতে বিয়ার দিয়ে শুরু করে রাম এবং ভদকাতে গিয়ে থামে ওদের নৈশ পানাহার। আনিকা অনুভব করে নিজের পায়ে হাটার শক্তিও যেন সে হারিয়ে ফেলেছে। মার্কের অবস্থা খানিকটা ভালো। ছোট বেলা থেকে ড্রিং করে অভ্যস্থ হওয়াতে ওকে ধরে দেরীতে। তবে সেও যখেষ্টই মাতাল। দুজন হাসতে হাসেতে যখন পাব থেকে বের হয়ে আসে তখন প্রায় মধ্যরাত।

মার্ক বলে চলো একটা ব্ল্যাক ক্যাব নেই। আনিকা বাধা দেয়। দরকার নেই। আজকে হাটবো। অনেক হাটবো। সারা রাত হাটবো। আনিকার কথা শুনে মার্ক হাসে। আনিকাকে জড়িয়ে ধরে কোলে নিয়ে নেয়। তারপর টলতে টলতে হাটতে থাকে।

রাস্তায় এলোমেলো হাটা আর অহেতুক হাসির মাতাল ফোয়ারা ছোটাতে ছোটাতে ওরা যে কখন এক ভীড়ের সামনে এসে দাড়ায়, ওরাই টের পায় না। আনিকা প্রায় বন্ধ চোখে বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। মার্কও তখন অন্ধকারে। প্রচুর ব্রিটিশ এবং এশিয়ান এক সাথে ভিড় করে আছে। টিভি ক্যামেরাও দেখা যাচ্ছে বেশ কয়েকটা।

আনিকাকে রাস্তার পাশে দাড় করিয়ে মার্ক কাছের একটা ছেলের কাছে খোঁজ নিতে যায়,
“এখানে কি হচ্ছে?”
“মানুষ ফুল দিতে এসেছে।”
“কেন? কেউ মারা গিয়েছে নাকি?”
“আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২’র এই দিনে পাকিস্থানের ইস্ট বেঙ্গল প্রভিন্সে, যারা পরে স্বাধীন হয়ে বাংলাদেশ হয়, ভাষার জন্য প্রান দিয়েছিল বেশ কয়েকজন তরুন। তাদের স্মৃতিতে এখানে একটা সৌধ আছে। সেটায় সবাই নগ্ন পায়ে ফুল দিতে আসে প্রতি বছর।”
মার্ক অবাক হয়ে তাকিয়ে দেখে। সামনে একটা পার্ক। সেখানে অন্যরকম সুন্দর একটা সৌধ আছে। মানুষগুলো ফুল নিয়ে সারিসারি ভাবে এগিয়ে যাচ্ছে সেদিকে। অনেকেরই পায়ে জুতা নেই। প্রচন্ড ভিড় অথচ কত শান্তিপূর্ন ভাবে সবাই ফুল দিয়ে বের হয়ে আসছে।

আনিকার মাতাল ভাবটা তখন বেশ খানিকটা কমে এসেছে। চার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোথায় দাড়িয়ে আছে। হঠাৎ সামনে চোখ পড়তেই দেখতে পায় শহীদ মিনার। বুঝতে বাকি থাকেনা সে আলতাব আলি পার্কের সামনে দাড়ানো। এটাও বুঝতে পারে বিশ তারিখ গড়িয়ে একুশে পড়েছে। আজ একুশে ফেব্রুয়ারী। সাদা-কালো-বাদামী, নির্বিশেষে সবাই ফুল দিচ্ছে। একুশে ফেব্রুয়ারী আজ আর শুধু বাংলাদেশেই স্বীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

মার্ক ছুটে এসে উত্তেজিত ভাবে আনিকাকে ইতিহাস শোনাতে যাচ্ছিল। ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে আনিকা বলে,
“আমি জানি এসব।”
“তোমারতো তাহলে ইতিহাসে ভালো জ্ঞান।”
“এর জন্য জ্ঞানের দরকার হয় না। আমি ঐ দেশেরই মেয়ে।” অনিকা বিরক্তবোধ করতে শুরু করে। কিন্তু কেন সেটা সে নিজেও বুঝতে পারেনা।
“তুমি বাংলাদেশী?” মার্কের গলার উত্তেজনা বেড়ে যায় আরো কয়েকগুন।
অনিকা কিছু বলেনা। মার্ক বলেই চলে,
“তুমি জানো, আমার দাদা বলতেন তোমরা নাকি বীরের জাতি। ৭১’র স্বাধীনতা যুদ্ধে মাত্র নয় মাসের মধ্যে তোমরা পাকিস্থানের মত একটা সুস্বজ্জিত বাহিনীকে আত্মসমর্পনে বাধ্য করেছিলে। এত বড় রেজিমেন্ট এরকম অসহায় ভাবে অত্মসমর্পনের নজির ইতিহাসে খুব কম আছে। আজ তোমাদের তৈরী করা দৃষ্টান্তর সারা পৃথিবীর মানুষের জন্য মায়ের ভাষার প্রতি ভালোবাসা প্রদর্শনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। ইউ মাস্ট বি প্রাউড অফ ইউর নেশন এন্ড কালচার!”

আনিকা মার্কের মুখের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। কিছু বলেনা। কেমন অসহায় বোধ করতে থাকে ভেতরে। মার্ক আবার বলে, “চলো আমরাও ফুল দেব। আমি দুটো ফুলও সংগ্রহ করেছি।”
এবার অনিকা কেঁপে ওঠে। বলে, “নাহ। আমার শরীরটা ভালো লাগছে না। বরং তুমি একাই দিয়ে আসো।”
“আর ইউ শিওর?”
আনিকা ম্লাস হাসে। বলে, “কোন সমস্যা নেই। আমি ওই রাস্তার মুখে অপেক্ষা করছি তোমার জন্য।”

মার্ক ফুল দিতে চলে যায়। আনিকা ক্লান্ত পায়ে হেটে ব্রিকলেনের মুখে এসে দাড়ায়। তাকিয়ে দেখে সামনে লন্ডন শহীদ মিনারে জনতার ভীড় ক্রমেই বেড়ে চলেছে। চাইলে সেই ভীড়ের অংশ আনিকাও হতে পারতো। কিন্তু সে হয়নি। আসলে কেন যেন সেই সাহসই আনিকার হয়নি। বিবেকের ভেতর থেকে এক রুদ্ধতাবোধ ওকে গ্রাস করে নিচ্ছিল প্রতিক্ষনে। ভীড়ের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে আনিকা হারিয়ে যায় ওর চিন্তার জগতে। মনে পড়ে মার্কের বলা কথাগুলো। আজ মার্ককে ওর শুধুই একজন ইংরেজ বলে মনে হয়নি। মার্ক যেন সারা পৃথিবীর মানুষের প্রতিনিধি হয়ে আজ আনিকার সামনে এসে দাড়িয়েছিল। প্রশংসা করেছিল ওর জাতীয়তাবোধের, ভাষার, সংষ্কৃতির। কিন্তু এ প্রশংসা গ্রহন করার অধিকার কি আজ আনিকার আছে? আনিকার মনে পড়ে ওদের ড্রাইভার ভাইয়ের বলা সেই কথাটা – ‘আপা, একটা বিলাতী কুত্তা আইনেন’। একটা কুকুর সেটা ‘বিলাতী’ হোক আর ‘দেশী’, তারওতো একটা জাত থাকে, থাকে স্বকীয়তা। অথচ মানুষ হয়েও আজ আনিকা বা ওরই মত যারা নিজের সংষ্কৃতিকে অস্বীকার করে, পায়ে মাড়িয়ে চলে যায় অথবা বর্জন করে, তাদের যেন সেটাও নেই। সেদিন প্রথমবারের মত অনিকার নিজেকে কুকুরের থেকেও নীচ মনে হচ্ছিল।

২১ ফেব্রুয়ারী ২০০৯
ডাবলিন, আয়ারল্যান্ড।