“এ আমি কি দেখছি!” পরিহাসের সুরে সজীব বলল। “লাভগুরু আকাশ আজ দিনে দুপুরে ক্যাম্পাসে? লাল গালিচা বিছিয়ে দেব?”
আকাশ বিরক্ত হয়ে হাতের ইশারায় সজীবকে থামালো। ওর ঘুম থেকে উঠতে উঠতে আজ দুপুর হয়ে গিয়েছে। যদিও এটা নুতন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা হয়। সকালের ক্লাসটা মিস হয়েছে। তিনটার সময় আরেকটা ক্লাস আছে। তাই ভাবলো যাই, করে আসি।
আকাশদের বিশ্ববিদ্যালয়ের গলিতে একটা বটতলা আছে যেখানে বেশ কিছু ঘুন্টি চায়ের দোকান রয়েছে। মহাখালী এবং আসেপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এই জায়গাটা বেশ প্রিয়। মাঝেমাঝে এখানে জড়ো হয়ে আড্ডা দেয় তারা। একটা দোকানে বসতে বসতে সজীব বলল, “মামা, দুইটা চাফি পাঠাও”। চা এবং কফির সমন্বয়ে তৈরী এই চাফি। তার পর আকাশের দিকে ফিরে বলল, “সত্যি করে বলতো, কি মনে করে আজ তুই ক্লাসে আসলি? আমিতো ভেবে ছিলাম আজও আসবি না।”
“কেন আমি কি ক্লাস করি না?”
“করিস, তবে এই গৌন কাজটা তুই সাধারনত কোন মূখ্য কাজের সাথে করিস। তাই ভাবছি তোর মূখ্য কাজটা কি? মেয়ে বিষয়ক কিছু নাকি? এবারের ফ্রেশারদের মধ্যে বেশ কিছু ‘হটি’ আছে।”
“তোর কি ধারনা আমি সব সময় মেয়ে নিয়েই চিন্তা করি?” একটু বিরক্ত হয়ে আকাশ বলল।
“বাহ! তোর এত উন্নতি হয়েছেতো জানতাম না। এখন ছেলেদের নিয়েও চিন্তা করিস নাকি?” সজীব খোঁচাটা দিয়েই হাসতে লাগলো।
আকাশ বলল, “সমস্যাটা কি তোর? ইদানিং তুই বেশি স্মার্ট সাজার চেষ্টা করছিস। গত কিছুদিন ধরেই আমি এটা লক্ষ্য করছি। ঝেড়ে কাশতো এবার।”
সজীব আরো জোরে হেসে বলল, “না রে ভাই। তুই হলি লাভ-গুরু আকাশ। তোর থেকে বেশি স্মার্ট হবার সাধ্য আমার নাই।” তার পর প্রসঙ্গ পাল্টে বলল, “শুনেছিস, অনিন্দিতার বাবা মারা গিয়েছেন?”
“হুম। মার কাছ থেকে শুনলাম কাল।”
“বেচারীর জন্য খারাপ লাগছে।”
“খারাপ লাগার কি আছে? ভালই হয়েছে।”
“আর ইউ আউট অফ ইওর মাইন্ড? একটা মেয়েকে যতই ঘৃনা কর, তার বাবা মারা গিয়েছে, এটা নিয়ে এরকম একটা কথা কি করে বললি?”
আকাশ দেখলো কথাটা এভাবে বলা ঠিক হয়নি। তাই তাড়াতাড়ি বলল, “আচ্ছা বাদদে না প্লিজ। স্বীকার করছি এভাবে বলা ঠিক হয়নি। আসলে এক জীবনে আমি এত ঘৃনা আর কাউকে করতে পারি না।” তার পর একটু থেমে বলল, “তুই কোথা থেকে শুনলি?”
“আমাদের এ্যাপার্টমেন্টের তিনতালার নাফিসা অনিন্দিতার বান্ধবী। নাফিসার কাছ থেকে শুনলাম।”
“কোন নাফিসা? ঐ যে সেক্সি করে মেয়েটা?”
“সব মেয়েকেই তোর সেক্সি লাগে, তাই না? একটা মেয়ে যে কারো বোন হতে পারে, কিম্বা কারো ভালোবাসার মানুষ, এমনকি তোর নিজেরও, সেটা মাথায় আসে না কেন?” সজীব বিরক্তভাবে বললো।
আকাশ খোঁচা দিয়ে বলল, “ব্যাপার কি রে? এত গায়ে লাগছে কেন? নাফিসার সাথে তোর চক্কর চলছে নাকি? এরকম কিছু হলে আমাকে আগেই বলে রাখিস। বন্ধুদের গার্লফ্রেন্ডের দিকে হাত দেয়ার মত খারাপ সময় এখনও আকাশের আসেনি।” কথাটা বলেই আকাশ হাসতে লাগলো।
চাফির মাগদুটো দোকানের ছেলেটার হাতে দিতে দিতে সজীব বলল, “এতটুকু জেনে রাখিস, অন্তত বিয়ের আগে আমার বৌ-এর সাথে তোর কোনদিন পরিচয় করিয়ে দেব না।”
কথাটা আকাশ গায়ে মাখলো না এতটুকু। আসলে তখন সে ব্যস্ত অন্য বিষয়ে। গলির মুখে ফরিদকে দেখা যাচ্ছে। ফরিদ হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়াবা সাপ্লাই দেয়ার মূখ্য ব্যাক্তি। আগে ইয়াবা সম্রাট জুয়েলের নিকেতনের বাসা থেকেই সবাই ইয়াবা নিয়ে আসতে পারতো। এমন কি প্রথম দিকেতো জুয়েল পার্টি থ্রো করে ফ্রি ইয়াবা দিত। পরে টাকা নেয়া শুরু করে। একটা সময়ে ব্যাপারটা জানাজানি হতে শুরু করলে জুয়েল বিভিন্ন এ্যাজেন্টের মাধ্যমে ইয়াবা সাপ্লাই করা শুরু করে। বলাইবাহুল্য ফরিদ সে সব এ্যাজেন্টদের মধ্যে অন্যতম।
আকাশ উঠে গিয়ে ফরিদকে ডাক দিল। ফরিদ বিগলিত একটা হাসি দিয়ে বলল, “কি খবর আকাশ ভাই?”
“খবরতো সব তোমার কাছে। মাল কোথায়?”
“মালের কথা আর বইলেন না। র্যাবের কারনে মাল সাপ্লাইয়ে বহুত সমস্যা হইতাসে।”
“কেন র্যাব মালপানি নেয় না?”
“আসলে তাগো বুঝা মুশকিল। কার এত বুকের পাডা আছে তাগো লগে মালপানি নিয়া ক্যাচাল করতে যাইবো? কোন সময় ক্রসফায়ারে ফুট্টুস কইরা দিব।”
“ধুর, সব বাজে কথা। কাপড়ের রং খাকি থেকে কালো হলেই মানুষ পরিষ্কার হয় না।”
“চেষ্টা চলতাসে। জুয়েল ভাইতো এখনও লাপাত্তা। আমরাই দেখা পাই না। তয় ব্যবস্থা হইবো একটা না একটা।”
আকাশ দেখলো আসলেই অবস্থা বেশ খারাপ। সরকার ইয়াবার বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। যেন পলিথিলিন মুক্ত বাংলাদেশের মত এখন ইয়াবা মুক্ত বাংলাদেশ গড়বে। কিন্তু ওদের কি হবে? ইয়াবা যে ওদের অনেক কষ্টের বন্ধু। যখন প্রচন্ড হতাশ লাগে আকাশের, তখন ইয়াবাই যেন শেষ আশ্রয়। ইয়াবার আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা অন্য ড্রাগের মত ঘুম পাড়িয়ে দেয় না বরং এটা জাগিয়ে রাখে। আকাশ ওর পরিচিত কিছু ছেলেমেয়েকে দেখেছে, ইয়াবা খেয়ে দিনের পর দিন না ঘুমিয়ে জেগে আছে। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চেহারা ভেঙ্গে গিয়েছে। তবুও তারা নিচ্ছে তো নিচ্ছে। যদিও আকাশ এতটা এ্যাডিকটেড না, তবে যখন পুরানো কষ্টগুলো জেগে উঠে বুকের মাঝে তখন ইয়াবা ওকে অনেক শান্তি দেয়।
আকাশ ফরিদকে বলল, “আমি অত কথা বুঝি না। আমাকে মাল দিতে হবে, এবং এখনই।”
“কিছু মাল আছে। তয়, ডবল দাম দিতে হইবো। বোঝেনইতো অবস্থা।”
আকাশ বিরক্ত হয়ে বলল, “আমার সাথে ধান্দাবাজি কর, তাই না? অবস্থার ফায়দা তুলছো?”
ফরিদ যেন খুব লজ্জা পেয়েছে এমন ভাবে বলল, “কি যে কন আকাশ ভাই। তয় কিছু করনের নাই।”
আকাশ বুঝলো এভাবে কাজ হবে না। তাই স্বর নরম করে বলল, “দেখো ফরিদ, আমিতো মাঝে মধ্যে মজা করে খাই। আমার থেকে ডাবল দাম নিয়ে কয় টাকা আর লাভ করতে পারবা? তোমাদেরতো রেগুলার কাস্টোমার আছে। ওরা না কিনে থাকতে পারবে না। আসল ব্যবসাতো ওদের থেকেই করতে পারো।”
ফরিদ কি যেন ভাবলো। তার পর বলল, “আইচ্ছা ঠিক আছে। আগের দামেই দিচ্ছি আপনারে।” তার পর একটা কাগজের প্যাকেট বের করে আকাশের হাতে দিয়ে দিল। আকাশও একটা পাঁচশ টাকার নোট ফরিদের পকেটে গুঁজে দিল।
বিদায় নেয়ার আগ মুহুর্তে ফরিদ আকাশকে বলল, “আকাশ ভাই, আপনারে ভালো পাই, তাই একটা কথা কই। আমাদের যারা রেগুলার কাস্টোমার আছে, তারা কিন্তু শুরুতে আপনার মত মজা কইরা খাইতো। তার পর এক সময় এমন হইছে যে আর না খাইয়া থাকতে পারে না। যদিও এইডা আমার ব্যবসা, তবুও আপনারে কমু, যদি পারেন ছাইড়া দিয়েন। জিনিসটা একদমই ভালো না।”
আকাশ কিছু বললো না। কিছুক্ষন ফরিদের দিকে তাকিয়ে থেকে চুপচাপ হেটে চলে আসলো বন্ধুদের মাঝে। কিন্তু এখানেও সেই একই আলোচনা, ইয়াবা। এক ছেলে নেতাদের মত ইয়াবা বিষয়ে মিডিয়ার বিভ্রান্তিকর প্রচারনা নিয়ে কথা বলছিল। কিছুদিন আগে দেশের কিছু দৈনিক পত্রিকা ‘ইয়াবা সুন্দরী ইয়ানা’ নামে একটা রিপোর্ট করেছিল। এই মেয়ে আকাশদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। আসৎ সঙ্গে পড়ে সে কিছুদিন ইয়াবা নিয়েছিল বটে, তবে এক সময় সে তার ভুল বুঝতে পেরে সরে আসে এ পথ থেকে। এখন সে সমাজের একজন সম্মানিত ব্যাক্তির স্ত্রী। অথচ তাকে নিয়ে যেভাবে উল্টাপাল্টা কথা ছড়ানো হচ্ছে, এটা তার পারিবারিক এবং সামাজিক শান্তি নষ্টের জন্য যথেষ্ট। শুধু এই মেয়েই নয়, অন্য যাদের নিয়ে হুটহাট মন্তব্য করে বসছে মিডিয়া, কতটুকু গভীরের খবর তারা জানে সেটা রীতিমত সন্দেহজনক।
ইয়াবা বিষয়ক বক্তব্য আকাশের আর একদমই ভালো লাগছিল না। তাই উঠে ক্লাসের দিকে হাটা দিল।
আকাশ চলে যাবার পর সজীব এবং আরো কিছু ছেলে ফরিদকে ঘিরে ধরেছিল। তারপর কাটাকাটা শব্দে জানিয়ে দিয়েছিল যদি তাকে আর একবারও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আসেপাশে দেখা যায়, তাহলে তার বিশেষ অঙ্গের নিচে একটা ছোট অপারেশন করে দুটো রসুন ভরে দেয়া হবে। বলাইবাহুল্য, এর পর ফরিদকে স্বশরীরে অন্তত সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর কখনও দেখা যায় নাই।
৮
“কি খবর? কেমন আছেন?”
ফারজানা ম্যাসেঞ্জারে নক করেছে। আকাশের কথা বলতে ইচ্ছে করছিল না। অনিচ্ছা স্বত্বেও কথা বলল।
“এইতো ভালো। আপনি?”
“আমিও ভালো। এত রাতে কি করছেন? দেশেতো এখন তিনটার বেশি বাজে।”
“আমি নিশাচর প্রানী। রাতে জেগে থাকি, আর দিনে ঘুমাই।”
“আরে বাহ! ক্লাসটা কে করে দেয়? স্যার নিজেই?”
খোঁচাটা আকাশ সম্পূর্ন অগ্রাহ্য করলো। সুন্দরী মেয়েরা খোঁচা দিতেই পারে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। যদিও ফারজানা নামক এই অদেখা নারী সুন্দরী কি না সেটা এখনও জানা যায়নি। সজীবকেও কোন দিন জিজ্ঞেস করা হয়নি। আসলে কেন যেন এই মেয়েটার প্রতি তেমন কোন আকর্ষন বোধ করছে না আকাশ। হয়তো সজীবের বলা সেই কথাটাই সত্য, “ফারজানাকেতো আর বেডে নেয়া যাবে না।”, মনে মনে ভাবছিল আকাশ।
হঠাৎ ভাবনায় ছেদ পড়লো। ফারজানা আবার লিখেছে, “কি হলো চুপ করে আছেন কেন?”
আকাশ লিখলো, “ভাবছি আমরা কয়েকদিন হয়ে গেল কথা বলছি, কিন্তু এখনও তুমিতে আসতে পারলাম না।”
“কেন? তুমিতে আসাটা কি খুব জরুরী?”
“তা না হলে কেমন যেন পর পর মনে হয়। বন্ধুত্বটা ঠিক জমে না।”
“তাই নাকি? আর যাদের তুমি করে বলেন, তাদের সবাইকেই কি খুব আপন মনে হয়?”
“মেয়েটার সমস্যাটা কি? প্রত্যেকটা কথায় খোঁচা দিচ্ছে।” মনেমনে ভাবলো আকাশ। তার পর লিখলো, “‘তুমি’ হচ্ছে বন্ধুত্ব এবং ভালোবাসার প্রথম পদক্ষেপ।”
ফারজানা ভেংচিকেটে লিখলো, “আমাকে ভালোবাসতে কে বলেছে আপনাকে?”
আকাশও সাথে সাথে একহাত নিল, “আমার এত খারাপ দিন আসে নাই যে আপনাকে ভালোবাসতে হবে। আমি বন্ধু হবার প্রথম পদক্ষেপের কথা বলছিলাম।”
আকাশ এখন বেশ প্রফুল্যবোধ করছে। দুইদুইটা খোঁচা খাবার পর ইটের জবাবে একটা পাটকেল মারতে পেরেছে। তবে ফারজানাকেও বেশ চটপটে দেখা গেল। সাথে সাথেই লিখলো, “আপনার হৃদয়ে এত নারী আছে যে আপনি চাইলেও আমাকে ভালোবাসতে পারবেন না। জায়গা হবে না তো!”
“তাই নাকি? আমার খবর বেশ ভালই জানেন দেখছি? কে দিল এত তথ্য? সজীব?”
“কেন সজীব ছাড়া কি আর খবর জানার মানুষ নেই? মনে রাখবেন, পৃথিবীটা গোল। কখন যে কে কার পরিচিত বের হয়ে যায়, আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না।” এর পর রহস্য করে বললো, “হয়তো আপনার কোন এক গার্লফ্রেন্ড-এর বান্ধবী আমি।”
আকাশ একটু চিন্তায় পড়ে গেল। মেয়েটা কি মজা করছে, নাকি সিরিয়াস? এই মেয়েকে যতটা সোজা মনে হয়েছিল, আসলেতো সে ততটা সোজা নয়।
আকাশকে কিছু লিখতে না দেখে ফারজানা আবার লিখলো, “এই যে মি. নিশাচর। এত কি ভাবছেন? চিন্তা করেন না, আমি আপনার নীলা-লোলিতা-নিরুপমাদের বান্ধবী না।” তার পরপরই প্রসঙ্গ পাল্টে লিখলো, “আচ্ছা, এত মেয়ের সাথে যে প্রেম-প্রেম খেলা খেলেন, কি মজা পান আপনি? বোর লাগে না?”
আকাশ একটা হাসি দিয়ে লিখলো, “বোর কেন লাগবে? এই খেলা আমাকে এ্যানার্জি দেয়।”
“আরে ধুর। আমি সিরিয়াস। সত্যি করে বলেনতো, আপনার খারাপ লাগে না এমন করতে?”
হঠাৎ করে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। লিখলো, “খারাপ লাগার কি আছে? আমি যা করছি, তারাও তাই করছে। সবাই তাই করে।”
“কিন্তু আপনি যা করছেন, সেটা যে ঠিক না, সেটা কখনও মনে হয়নি?”
“কেন ঠিক হবে না? আমি যা করছি এটাই ঠিক।অল দ্যা গার্লস আর বিচেস।” হঠাৎ করে যেন আকাশের ভেতরে নিভে থাকা আগুনটা দপ করে জ্বলে উঠলো। মনে মনে বলল, “আমাকে ভালো-খারাপ শেখাতে এসেছে! সব মেয়েই আসলে একেকটা…।” আকাশের মাথায় ‘ম’ অদ্যাক্ষরের একটা গালি ঘুরছিল তখন।
আকাশের কথায় ফারজানা হয়তো একটু হতভম্ব হয়ে গিয়েছিল। তাই বেশ কিছু সময় চুপ করে রইলো। তার পর লিখলো, “একটা সত্য কথা বলবেন?”
“কি?”
“আপনার ভেতরে কি কোন তিব্র কষ্ট আছে?”
“সেটা জেনে আপনার কি দরকার?” কথাটা বলেই আকাশ বুঝলো বেশি রুঢ় হয়ে গেল ব্যবহারটা। কিন্তু মেয়েটাই বা কেন এ সব কথা তুলছে? আকাশের ভেতরের ঘৃনার সমুদ্রে যে সে ঝড় তুলে ফেলেছে এরই মধ্যে।
ফারজানা কিছু লিখছে না দেখে আকাশ আবার লিখলো, “আমি সরি। আসলে এ ব্যাপারগুলো আমাকে প্রতিমুহুর্তে যন্ত্রনা দেয়। এ সব বিষয় উঠলে আমার মাথা ঠিক থাকে না।”
ফারজানা মনে হয় ততক্ষনে আকাশকে একটু একটু করে বুঝতে পারছে। তাই লিখলো, “যন্ত্রনাগুলো ভেতরে রাখলে আপনি আরো কষ্ট পাবেন। আমার সাথে শেয়ার করুন। হালকা বোধ করবেন।”
“কি শেয়ার করবো? এখানে শেয়ার করার কিছু নাই।”
“অবস্যই আছে। বুকের ভেতরে আপনি যন্ত্রনার সমুদ্র নিয়ে বসে আছেন। আর বলছেন শেয়ার করার কিছু নাই?”
“আমি সত্যিই জানি না এসব কষ্ট কি করে শেয়ার করে।” হতাশ ভাবে আকাশ বলল।
“আমি আপনাকে সাহায্য করছি। আপনি শুরু করুন। যেখান থেকে ইচ্ছা, শুরু করুন।”
“আপনি প্রশ্ন করুন। আমি উত্তর দিচ্ছি।”
“আপনার ভালোবাসার মানুষের কথা বলুন। যাকে আপনি সত্যি সত্যি ভালোবেসে ছিলেন। আমি নিশ্চিৎ, এমন কেউ না কেউ আপনার জীবনে অবস্যই ছিল।”
আকাশ প্রথমে একটু চুপ করে ছিল। তার পর যেন নিজের অজান্তেই লিখে ফেললো নামটা। “অনিন্দিতা। আদর করে আমি ডাকতাম – অনি।” বুকের ভেতরের জমে থাকা কষ্টগুলো হঠাৎ যেন একটু হালকা হয়ে এলো। গত দুবছর যে নামটাকে আকাশ জোর করে ঘৃনা করার চেষ্টা করছে, আজ কেন সেই নামটাই ওর কষ্টগুলোকে হালকা করে দিচ্ছে? আকাশ সর্বশক্তি দিয়ে আবারও ঘৃনা করতে চাইলো, কিন্তু আর পারলো না। তার পর আবার লিখলো, “আমাদের পরিচয় স্কুল থেকে। বন্ধুরা বলতো আমাদের মত জুটি নাকি আর হয় না। অদ্ভুত এক আবেগে অনি জড়িয়ে রাখতো সব সময় আমাকে। আমাদের ভালোবাসা ছিল নিঃশ্বাসের মত। একজন আরেকজনকে একমুহুর্ত না ভাবলে যেন বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। যখন অনির কোলে মাথা রেখে শুয়ে থাকতাম, তখন মনে হতো এই পৃথিবীর সবকিছু যদি কেউ আমার থেকে নিয়েও নেয়, তুবও আমি সবচেয়ে সুখি মানুষ হয়ে থাকতে পারবো। এক জীবনে একটা মানুষ এত ভালোবাসা দিতে পারে, অনিকে না দেখলে কোন দিন বিশ্বাস করতে পারতাম না।”
আকাশ একটু থামলো। ফারজানা লিখলো, “তার পর?”
“তার পর? সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিভাবে যেন আমাদের ভালোবাসায় নজর লেগে গেল। কলেজে ওঠার পর অনি বদলে যেতে শুরু করলো। একটু একটু করে দূরত্ব বাড়তে লাগলো। জিজ্ঞেস করলে বলতো পড়ালেখার ব্যস্ততার জন্য এমন হচ্ছে। কিন্তু মাঝে মাঝে আমার কানে আসতো, অনি আমাকে না জানিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। যদিও মেয়ে বন্ধুই থাকতো বেশি, তবে তাদের মধ্যে দু’একজন ছেলে বন্ধুও ছিল। প্রথম প্রথম আমি স্বাভাবিক ভাবেই নিয়েছিলাম ব্যাপারগুলোকে। কিন্তু একটা সময় রায়হান নামে একটা ছেলের সাথে ওর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। জিজ্ঞেস করলে বলতো ভালো বন্ধু। কিন্তু এই তথাকথিত ভালো বন্ধুর সাথে অনেক জায়গায় অনিকে একা ঘুরতে দেখা যেতো। এক সময় আমার থেকে রায়হানের প্রতিই বেশি আগ্রহী হয়ে উঠলো অনি। আমাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করলো তখন। সময় কেটে যেতে লাগলো।…”
“তার পর…?” যেন সম্মোহিতের মত প্রশ্ন করলো ফারজানা।
“তার পর এক সময় সেই নির্মম সত্যগুলো বের হয়ে আসতে শুরু করলো। প্রকাশ হতে শুরু করলো রায়হানের সাথে অনির বিভিন্ন স্ক্যান্ডাল। রায়হানও যে অনিকে ভালোবেসে ছিল তা কিন্তু নয়। রায়হানও অনির সাথে প্রেম-প্রেম খেলাই খেলেছিল। রায়হান গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখেছিল অনির সাথে ওর বিভিন্ন অভিসারের চিত্র। এই নিয়ে অনেক ঝামেলা শুরু হলো। থানা-পুলিশ পর্যন্ত হয়েছিল। রায়হানের পরিবারের সাথে অনির পরিবার মিটিং করলো। শেষ পর্যন্ত সবগুলো ভিডিও টেপ বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে রায়হানের সাথে মীমাংসা করলো অনির পরিবার।”
আকাশ একটু থেমে আবার বলতে শুরু করলো, “কিন্তু ততদিনে হারিয়ে গিয়েছে আমার অনি। অনি তখন কেবলই অনিন্দিতা। এর পর অনি আর কলেজে যেতো না। এমন কি কারো সাথে কথাও বলতো না। আমি চেষ্টা করেছিলাম দেখা করার, কথা বলার। কিন্তু কোন ভাবেই আর অনি রাজী হয়নি আমার সাথে কথা বলতে। অল্প কিছুদিনের মধ্যে দেশের সব কিছু বিক্রি করে ওরা অস্ট্রেলিয়া চলে যায়।”
আকাশ থামলো। ফারজানাও চুপ। যেন দুজনেই কথা হারিয়ে ফেলেছে। বেশ কিছু সময় চুপ থাকার পর ফারজানা আবার জিজ্ঞেস করলো, “তার পর আপনি আর অনিন্দিতার খোঁজ নেয়ার চেষ্টা করেননি?”
“নাহ। আমি আর যোগাযোগের কোন চেষ্টা করিনি। যে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, তাকে আমি কেবল দূর থেকে ঘৃনাই করতে পেরেছি। এর পর আমি যখনই কোন মেয়েকে দেখেছি, আমি তার মাঝে অনিন্দিতাকে দেখেছি। আমি যখনই কোন মেয়ের শরীরকে দেখেছি, আমি রায়হানের হাতে অনিন্দিতার নগ্ন শরীরকে কল্পনা করেছি। যখনই আমি কোন মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি অনুভব করেছি, আমি যেন অনিন্দিতার উপর একটু হলেও প্রতিশোধ নিতে পেরেছি।”
আকাশ আর লিখতে পারছিল না। ওর হাত কাঁপতে শুরু করেছে। বুকের মাঝে উন্মাতাল ঝড় উঠেছে তখন। অনেক অস্থির লাগছিল। বারবার চোখ চলে যাচ্ছিল টেবিলে রাখা প্যাকেটটার দিকে। আজকে দুপুরেই ফরিদের কাছ থেকে কেনা ইয়াবার ট্যাবলেটগুলো তখন ওকে আকর্ষন করছে তিব্র ভাবে। ওর রক্ত প্রবাহে বইতে শুরু করেছে একটা হাহাকার। নেশার হাহাকার।
ফারজানা আবার লিখলো, “কি হলো? কোথায় গেলেন?...হ্যালো… আছেন?” কিন্তু আকাশের দিক থেকে সে রাতে আর কোন জবাব পেলো না সে। অস্থির আকাশ তখন নেশার হাতে জিম্মী। প্রতিটা ইয়াবার ট্যাবলেট যেন আকাশের মাঝ থেকে একটু একটু করে মুছে দিচ্ছিল অনিন্দিতাকে। ধীরেধীরে এক আলো-আধারীর জগতে চলে গেল আকাশ। যেন এটাই একমাত্র জগৎ যেটা আকাশকে একমুঠো শান্তি দিতে পারে, একান্ত আরাধ্য শান্তি।
৯
আওয়াজটা প্রথমে খুব সামান্য ছিল। কিন্তু সময়ের সাথে ধীরেধীরে বাড়তে লাগলো। আকাশ আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করছিল। ধুপধুপ করে শব্দ হচ্ছে। সাথে যেন কারা চিৎকার করছে। অনেকটা আফ্রিকার জঙ্গলের মানুষখেকো উপজাতীদের মত। আকাশ সমস্ত ইন্দ্রীয় এক করে বোঝার চেষ্টা করছে এখনও। কিন্তু পারছে না। শব্দ হয়েই চলেছে।
হঠাৎ ধড়ফড় করে আকাশ উঠে বসলো। ততক্ষনে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে ওর কাছে। লাল হয়ে থাকা চোখ দুটো খোলার সাথে সাথেই মনে হলো সমস্ত শরীর ব্যাথায় জড়িয়ে আসছে। সারা রাত ঘুমায়নি, কিন্তু আকাশ জেগেও ছিল না। ইয়াবার এই এক অশ্চর্য ক্ষমতা। না ঘুম, না জাগা – একটা অন্যরকম জগৎ। আকাশের দরজায় এতক্ষন ধরে ওর মায়ের ধাক্কা দেয়ার শব্দই আকাশ নেশার জগতে অন্যরকম ভাবে শুনছিল।
কোনক্রমে উঠে দরজাটা খুলে দিল। তখনও দাড়াতে পারছিল না। আকাশের মা নিজের ছেলেকে দেখেও যেন চিনতে পারছিলেন না। কর্ডলেস রিসিভারটা ছেলের হাতে দিয়েই চলে আসলেন রুম থেকে। ধীরেধীরে নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে ছেলেটা। তিনি মা হয়েও কিছু করতে পারছেন না। এখন তার একটাই মাত্র ভরসা। মনেমনে বিধাতার কাছে প্রর্থনা করলেন, এই শেষ ভরসাটাও যেন শেষ হয়ে না যায়।
ফোনটা ধরে আকাশ শুয়েশুয়েই কথা বলল, “হ্যালো…”
“তোর কি হয়েছে? মোবাইল কোথায়?” উদ্বিগ্ন ভাবে সজীব জানতে চাইলো।“আমি কম করে হলেও বিশবার ফোন দিয়েছি।”
আকাশের মনে পড়লো, কাল রাতে মোবাইল সাইলেন্ট করে রেখেছিল। সেটটা হাতে নিয়ে দেখলো সত্যিই সজীব একুশটা কল দিয়েছে। বলল, “কি হয়েছে সেটা বল, ইতিহাস শোনা লাগবে না তোর।”
“তোর ইতিহাস বলতেও হবে না। দুদিন পর তুই নিজেই ইতিহাস হতে যাচ্ছিস।”
আকাশ হাসলো। সজীব ইদানিং কথা শিখেছে। গুছিয়ে কথা বলছে। প্রেমেট্রেমে পড়েছে নাকি?
সজীব তখনও বলে চলেছে, “হাস, বেশি করে হাস। পরে হাসারও আর সময় পাবিনা। সকাল থেকে তিনবার র্যাবের লোকেরা আকাশ নামে একজনকে খোঁজ করে গিয়েছে। যে বর্ননা দিয়েছে, তাতে কোন সন্দেহ নাই এটা তুই।”
“হুমম।” যেন কিছুই হয়নি এমন ভাবে বললো আকাশ।
ওপাশ থেকে সজীব চিৎকার করে উঠলো, “তুই সব কিছুতে এতটা নির্লিপ্ত থাকিস কি করে? তোর কোন ধারনা আছে র্যাব সম্পর্কে? আজকে যাদের র্যাব খোঁজ করে, কাল তাদের হয় হার্ট এ্যাটাক হয়, না হলে দুইতিনটা AK 47সহ ক্রসফায়ারের পর ডেড বডি উদ্ধার হয়।”
সজীবের কথা শুনে আকাশ হাসতে হাসতে বলল, “আমি এমন কিছু করিনি যে আমার পরিনতি তোর বর্ননার সাথে মিলবে। ওরা হয়তো অন্য কাউকে খুঁজছিল।”
“তাই যেন হয়।” কিন্তু সজীবের গলায় খটকাটা রয়েই গেল। “তবুও তুই একবার ক্যাম্পাসে আস। ব্যাপারটা মীমাংসা করে যা।”
“ক্যাম্পাসে আসাতো দূরে থাক, আমার পক্ষে এখন বিছানা থেকে ওঠাও সম্ভব না।” আকাশ হাসছে এখনও।
হতাশ ভাবে সজীব বলল, “নেশা করতে পারিস, কিন্তু হ্যাংওভার কি করে কাটায় সেটা জানিস না? তুই আসলেই একটা…।”
“আমি কি?”
“বাদদে। উঠে এক গ্লাস পানিতে দুইটা এ্যাসপিরিন ছেড়ে খেয়ে ফেল। দশ মিনিটে হ্যাংওভার গায়েব হয়ে যাবে।”
পরিহাসের সুরে আকাশ বলল, “তাই নাকি? তুইতো নেশা করিস না। তুই জানলি কি করে?”
বিরক্ত সজীব অন্যপ্রান্ত থেকে শেষ কথাটা বলেই ফোন রেখে দিল, “ত্রিশ মিনিটের মধ্যে ক্যাম্পাসে আস। আর এটাও জেনে রাখিস মৃত্যু নিয়ে গল্প লিখতে হলে লেখককে একবার মরে আসতে হয় না।”
মোবাইলটা হাতে নিয়ে আকাশ মনে মনে ভাবছিল। সজীব কবে থেকে এত গুছিয়ে কথা বলা শিখলো? নির্ঘাৎ প্রেমে পড়েছে। সম্ভবত ওদের তিনতালার ঐ মেয়েটার। কি জানি নাম ছিল? কিছুতেই নামটা আকাশের মনে আসছে না। হঠাৎ মনে পড়লো মেয়েটা অনিন্দিতার বান্ধবী। তারপরই মেজাজটা আবার খারাপ হতে শুরু করলো। অনিন্দিতার কথা মনে হলেই এমনটা হয়। কিন্তু তারপরও কেন বারবার আকাশ অনিন্দিতার কথা মনে করে? এ প্রশ্নের উত্তর সম্ভবত পৃথিবীর কোন আকাশের জানা নেই।
হ্যাংওভার কাটানোর জন্য সজীবের দেয়া বুদ্ধিটা মন্দ ছিলনা। দশ মিনিটের মধ্যে আকাশ বেশ ফ্রেশ অনুভব করলো। আকাশ মনেমনে ভাবলো যারা নেশা করে, তারা এই পদ্ধতি গ্রহন করে না কেন? সাথে সাথেই বুঝলো, আকাশকে এখনও নেশাটা পুরো গ্রাস করে নিতে পারেনি, তাই ওর উপর এ্যাসপিরিন কাজ করেছে। কিন্তু যারা পুরোপুরি আসক্ত, তাদের হ্যাংওভার কেবল ওভারে হ্যাং করলেই, অর্থাৎ মৃত্যুতেই সম্ভব। সবই আকাশ বুঝে তবুও বের হয়ে আসতে পারে না। এ যেন জেনে শুনে মৃত্যুকে গ্রহন করা।
একটা হট শাওয়ার নিয়ে আকাশ যখন বাসা থেকে বের হলো তখন সজীবের বেধে দেয়া ত্রিশ মিনিটের সীমাটা ঘন্টা পেরিয়ে গিয়েছে। ক্যাম্পাসে এসে আকাশ একটু অবাক হলো। সবাই কেমন করে যেন ওর দিকে তাকাচ্ছে। হঠাৎ করে নিজেকে কোরবানির ছাগল মনে হতে লাগলো। সবার চোখে যেন একটা সহানুভুতি। যেন একটু পরেই বেচারাকে জবাই করা হবে।
সজীব বটতলায় বসে ছিল। আকাশ গিয়ে পাশে বসলো।
“কি হয়েছে রে?”
“কোন র্যাব অফিসারের মেয়ের সাথে টাঙ্কিবাজী করেছিস এর মধ্যে?” সজীব সিরিয়াস ভাবে জিজ্ঞেস করলো।
“আরে কী আজব! টাংকি মারার সময় মেয়ের বাপের পরিচয় জেনে মারি নাকি?”
“এর পর থেকে দয়া করে সেটাই করিস। সম্ভবত র্যাবের মেয়ের সাথে কিছু করেছিস। তাই তোকে খুঁজছে।”
আকাশ চিন্তা করতে শুরু করলো। তার সুদির্ঘ্য প্রেয়সী লিস্টে কেউ র্যাব কন্যা আছে কিনা। কিন্তু তেমনটাতো মনে পড়ছে না। তাছাড়া সেটা থাকলেতো মেয়েরা গলা ফাটিয়ে আগেই জানাতো।
আকাশকে বেশি চিন্তা করতে হলো না। তার আগেই আবার একটা র্যাবের গাড়ি দেখা গেল। সম্ভবত কোন সোর্স রেখে গিয়েছিল। আকাশের ক্যাম্পাস আগমনের খবর অফিস পর্যন্ত পৌছাতে সময় লাগেনি।
র্যাবের একটা বিশেষত্ব হচ্ছে তাদের প্রতিটা কথাই যেন আদেশ। গাড়ি থেকে একজন নেমে এসে আকাশকে যখন বলল আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে, তখন আকাশের মনে হলো এখানে কিছু বলা নিতান্তই শব্দের অপচয়। যেতে হবে বলা হয়েছে, অতএব ওকে যেতেই হবে। বিনা বাক্য ব্যয়ে আকাশ গাড়িতে উঠলো। ক্যাম্পাসের সবাই ওর দিকে এমন ভাবে তাকিয়ে রইলো যেন এই ছেলেটাকে কসাইরা জবাই করতে নিয়ে যাচ্ছে। সাবার চোখের ভাষা পড়েই যেন প্রথমবারের মত আকাশের একটু ভয় ভয় লাগতে শুরু করলো।
১০
আকাশকে ধরে আনা হয়েছে উত্তরার র্যাব হেডকোয়ার্টারে। একটা বেশ বড় কিন্তু বদ্ধ রুমে আকাশ বসেছিল। এটা কি ওদের ইন্টারোগেশন সেল? মনেমনে ভাবলো। রুমের ঠিক মাঝে একটা বড় টেবিল রাখা। সংলগ্ন একটা চেয়ারেই আকাশ বসা। ওর উল্টা দিকে আরো কয়েকটা চেয়ার। একটা পানির গ্লাস এবং বোতলও আছে। এটা পানি খাওয়ার জন্য, নাকি বেহুস হয়ে যাওয়ার পর মুখে পানির ছিটা দেয়ার জন্য, ঠিক বোঝা গেল না।
আকাশ ভেবে বের করার চেষ্টা করছিল ওকে কেন ধরে আনা হয়েছে এবং সেটা কার অভিযোগের পরিপ্রেক্ষিতে। কিছুতেই ব্যাপারগুলো গুছিয়ে আনতে পারছিল না। ওরা ওকে কি করবে? জিজ্ঞাসাবাদ করবে? নাকি মারবে? এমন কোন আপরাধ আকাশ করেছে বলে মনে হলো না যার জন্য এভাবে ধরে আনা লাগতে পারে। তার পরও কেন ধরে আনলো? চিন্তা করতে করতে এক সময় আকাশ দেখলো অফিসের চারদেয়াল যেন ওকে চেপে ধরছে। এভাবে একা একটা বন্ধ রুমে বসিয়ে রাখাটাও কি একটা মানসিক যন্ত্রনা দেয়া নয়? হয়তো ইচ্ছা করেই এটা করা হচ্ছে। ব্যাপারটা অনেকটা ইদুর-বেড়াল খেলার মত। খেলা শুরুর আগেই ইদুরকে দূর্বল করে ফেলার একটা কৌশল। কিম্বা এ খেলার এটাও একটা অংশ।
আকাশের অসহ্য লাগছিল চিন্তা করতে। ইচ্ছা করছিল একটা চিৎকার দিয়ে লোক জড়ো করে ফেলতে। কিন্তু তাতেও কোন কাজ হবে না। এই অফিসটা কি এয়ারটাইট? সেটা না হলেও সমস্যা নেই। এই অফিসের কোন শব্দ বাহিরে গেলেও কেউ শুনবে না। মানুষের কানই হয়তো এদের ব্যাপারে এয়ারটাইট।
খট করে একটা শব্দ হলো। আকাশ তাকালো। সাথে সাথেই বুঝতে পারলো ওকে ধরে আনার মূল কারন। হোটেল রিজেন্সির সেই লোক। কালো ইউনিফর্মে আজ যেন তাকে ভয়ঙ্কর লাগছে। নাকি আকাশের স্নায়ু অতিরিক্ত ভয়ের কারনে মস্তিষ্ককে সাধারন বিষয়গুলোও ভয়ঙ্কর করে দেখাচ্ছে?
“তোমার নাম আকাশ?” টেবিলের উপর বসতে বসতে মনিকার পরিচিত সেই র্যাব অফিসার আকাশকে জিজ্ঞেস করলো। আকাশ ক্ষিন স্বরে হ্যা জানালো।
“আমি আসিফ। মনিকার কাজিন।” তারপর আকাশের সাথে হ্যান্ডশেক করে বললো, “চা নাকি কফি?”
কি বলবে আকাশ ভেবে পেলো না। ওকে চুপ করে থাকতে দেখে আসিফ পাশের আরেকজনকে তিনটা কফি পাঠাতে বললো। আসিফ ছাড়াও রুমে তখনও আরেকজন ছিল। সেও বেশ হাসিহাসি মুখ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।
র্যাবের ব্যবহারে আকাশ রীতিমত মুগ্ধ। মানুষ কেন এদের নিয়ে এত খারাপ কথা বলে? কি চমৎকার ব্যবহার। আসিফ এমন ভাবে আকাশকে কফির কথা জিজ্ঞেস করলো যেন আকাশ যদি বায়না ধরে সে র্যাডিসনের টমি মিঞার রান্না খেতে চায়, তাহলে হয়তো এখনই একটা র্যাবের গাড়ি র্যাডসনের দিকে ছুটবে।
আকাশের চিন্তায় ছেদ পড়লো আসিফের প্রশ্নে। “তোমার এবং মনিকার মাঝে সম্পর্কটা কেমন?”
আকাশ বুঝলো সময় এসেছে সাবধান হবার। “আমরা ভালো বন্ধু।”
“শুধুই ভালো বন্ধু?”
“হ্যা তাই।” আমতা আমতা করে আকাশ বললো।
“কত দিনের পরিচয়?”
“মাস তিনেক।”
“তিন মাসে ভালো বন্ধু হয়ে গেলে? তোমাদের জেনারেশন দেখি অনেক ফাস্ট।” আসিফ হাসছে। আকাশ বুঝতে পারছে না এই কথাবার্তা ঠিক কোন দিকে মোঢ় নিতে পারে। টেবিলের দিকে তাকিয়ে আকাশ চিন্তা করছিল, লোকটা ওর ব্যপারে কতটা জানে? মিথ্যা বলতে হলে অন্যদিকের মানুষের জানার গভীরতা সম্পর্কে ধারনা থাকতে হয়। তা না হলে মিথ্যা বলে ধরা খাবার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু সমস্যা হলো এই লোকটাকে আকাশ ঠিক পড়তে পারছে না। আকাশের চিন্তা জগতে পনের মিনিট আগেও এই লোকটা ছিলনা। আকাশকে এই অফিসে ধরে আনার পেছনে অনেক ধরনের সম্ভাবনার কথা আকাশ ভেবেছে, কিন্তু এই লোককে কল্পনাতেও আনেনি।
“মনিকার পরিবার চায় আমার এবং মনিকার বিয়ে হোক।” আসিফ বললো। “কিন্তু সমস্যা হচ্ছে মনিকা এই মুহূর্তে বিয়ে করতে চায় না। এই না চাওয়ার পেছনে অন্য কারো উপস্থিতি আছে কিনা, ব্যাপারটা একটু ঘেটে দেখছি।”
আসিফ হাসছে। এখন আর হাসিটা আগের মত সুন্দর লাগছে না। আকাশ কিছু বললো না। আসিফ আবার বললো, “তুমি জানো মনিকার কোথাও এ্যাফেয়ার আছে কিনা?”
“না।” নিচের দিকে তাকিয়ে আকাশ সংক্ষিপ্ত উত্তর দিল।
“হুমম। সমস্যা হলো, আমার সোর্সরা তোমার ব্যাপারে কোন ভালো তথ্য দিতে পারেনি। একাধিক মেয়ের সাথে তোমাকে ঘুরতে দেখা যায়। ড্রাগের এ্যাজেন্টের সাথেও দেখা গিয়েছে একদিন। বুঝতেই পারো, হবু বউ এর সাথে এমন ছেলের বন্ধুত্ব থাকলে শান্তির ঘুম আসেনা রাতে।”
আকাশ এবার সরাসরি আসিফের দিকে তাকালো। এই লোককে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল সে দেখা যাচ্ছে তার থেকেও বেশি। রিজেন্সিতে আকাশকে দেখার পর থেকে মনে হয় এই লোক ওর পেছনে লোক লাগিয়ে রেখেছিল। এমন কি ফরিদের সাথে কথা বলার বিষয়গুলোও এড়িয়ে যায়নি।
আসিফ আবারো বললো, “তোমার ব্যাপারে আমি আরো একটু খোঁজ নিতে চাই। এই ধরো কার কার সাথে তুমি কথা বলো, কি বলো, এই সব আর কি।”
এবারও আকাশ কিছু বললো না।
“তোমার ফোন থেকে আমাকে একটা মিস কল দাও।”
আকাশ বুঝলো এবার সে তার সমস্ত থলের খবর বের করবে। সমূহ বিপদের সম্ভাবনা দেখতে পেয়ে শেষ বারের মত একটা চালাকি করতে চাইলো। নাম্বারটা মুখে বলতে গেল। আসিফ আবার বললো, “মিস কল দাও”।
“মিস কল দেয়া আর মুখে বলাতো একই; পার্থক্য কোথায়?”
কথাটা আকাশ শেষ করতে পারেনি, তার আগেই চড়টা ওর বাম গালে এসে পড়লো। মুহূর্তে মাথাটা ঘুরে গেল। চোখে যেন অনেক কিছু উড়তে দেখলো? একেই কি সর্ষেফুল বলে?
আকাশের দিকে তাকিয়ে আসিফ কাটাকাটা স্বরে বলল, “এখানে প্রশ্ন কেবল তারাই করে যাদের গায়ে কালো পোষাক থাকে। আজ এবং আজকের পর আবার তুই যখন এখানে আসবি, এই কথাটা মনে রাখবি।”
আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে। পাঁচ মিনিট আগের আসিফ আর নেই। এখন আর শুধু ভয়ঙ্করই লাগছে না, রীতিমত হিংস্র লাগছে। নিজের অজান্তেই আকাশের হাতটা চলে গেল পকেটে। ফোনটা বের করে আসিফের দিকে তাকালো। আসিফ নিজেই মিস কলটা দিয়ে নাম্বারটা সেইভ করে রাখলো। তার পর বললো, “এই কালো পোশাকের মানুষগুলোকে এত বোকা ভাবার কোন কারন নেই। মুখে বললে যে নাম্বারটা তুই ভুল দিতি, এটা তোর চোখই বলে দিচ্ছিল।”
তারপর আসিফ উঠে আকাশের সামনে কফির কাপটা রাখলো। বললো, “আমাদের অফিসের কফিটা বেশ। ডোন্ট মিস ইট। আর হ্যা, পাশে রিফ্রেশরুম আছে। চিরুনী-টিরুনিও আছে। চুল আচড়ে, শার্টটা ঠিক করে তার পর যেও।”
আকাশ যখন র্যাব হেডকোয়ার্টার থেকে বের হয়ে আসছিল সবাই তখন ওর দিকে তাকাচ্ছিল। সবাই কি জানে আকাশকে কি করা হয়েছে একটু আগে? সম্ভবত জানে। এটা হয়তো ওদের জন্য প্রতিদিনের নাটক। আকাশ হঠাৎ অনুভব করলো ওর চোখের কোনে পানি জমতে শুরু করেছে। দ্রুত র্যাব কম্পাউন্ড থেকে বের হয়ে আকাশ উত্তরার বড় রাস্তার দিকে হাটতে শুরু করলো। ওর তখন প্রচন্ড ভাবে অনিন্দিতাকে মনে পড়ছিল। ইচ্ছে করছিল অনিন্দিতার কোলে আগের মত মাথা রেখে শুয়ে থাকতে। এই একটা জায়গা আকাশের মনে হতো পৃথিবীর সবচেয়ে শান্তিময়, যেখানে কেউ কোনদিন ওকে কষ্ট দিতে পারবে না।
অন্ধকার নিরব রাস্তায় আপমান আর সীমাহীন যন্ত্রনায় আকাশ তখন কাঁদছিল।
১১
আসিফের হাতে অপদস্থ হবার দুদিন পরের ঘটনা। আকাশ ওদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাড়িয়ে এক হাতে সিগারেট নিয়ে অন্য হাতে ধরা সদ্য কেনা সিমকার্ডটা দেখছিল। ছোট একটা চিপ, অথচ কত সহজে উন্মুক্ত করে দিচ্ছে যোগাযোগের সুবিশাল সম্ভাবনা। কিছু বাটনে চাপ দাও, ওপাশে কোন তরুনীর কন্ঠস্বর শোনা যাবে, কিছু কৃত্রিম আবেগ নিয়ে এসো গলায়, কাটাতে থাকো সময় – শুরু হয়ে যাবে নুতন একেকটা সম্পর্ক। কিছু দিন পর যদি আর ভালো না লাগে, বদলে ফেলো সিমকার্ড - বদলে যাবে সম্পর্কও। যেন প্রযুক্তি আজ ভালোবাসাকে হৃদয় থেকে সরিয়ে সিমকার্ডে বন্দি করে দিয়েছে।
সিমকার্ডটা মোবাইলে সেট করতে করতে আকাশ সারা দিনের পরিকল্পনা একবার ভেবে নেয়। কাজ অনেক তবে গুছিয়ে করতে পারলে সব একদিনেই করা সম্ভব।
গত দুদিন আকাশ ঘর থেকে বের হয়নি এক মুহূর্তের জন্যও। তিব্র অপমান আর গ্লানিতে নিজেকে রাস্তার কুকুর মনে হচ্ছিল। এত বড় অপমান আকাশকে কোন দিন কেউ করতে পারেনি। অথচ কেবল চেয়ে চেয়ে দেখতে হয়েছে। প্রতিবাদ করার সামান্য সুযোগও পায়নি। নাকি সাহস হয়নি? নিজেই নিজেকে প্রশ্নটা করেছে বারবার। যখনই করেছে তখনই ওর রক্তে ঝড় উঠেছে। ইয়াবার থেকেও ভয়াবহ এক নেশা, প্রতিশোধের নেশায় সে পাগল হয়ে যাচ্ছিল।
নাম্বার বদল করে আসিফের হাত থেকে আদৌ মুক্তি পাওয়া যাবে কিনা সেটা আকাশ এখনও নিশ্চিত নয়। তবে আপাতত এর থেকে ভালো এবং সহজ সমাধান সে খুঁজে পাচ্ছিল না। পরবর্তি কিছুদিন সব ধরনের যোগাযোগ নুতন নাম্বার থেকেই করবে বলে ঠিক করলো।
অন্য মোবাইল সেট থেকে হায়দারের নম্বার খুঁজে বের করে নুতন নাম্বার দিয়ে কল করলো আকাশ। হায়দার হলো গুলশান এলাকার আদুভাই। গত চার বছর ধরে সে এ-লেভেল শেষ করার চেষ্টা করছে। তবে চেষ্টা এখনও চেষ্টার পর্যায়েই আছে, সফলাতার মুখ সেটা আজও দেখেনি। যদিও সেটা নিয়ে হায়দারের কোন আফসোস নাই। সে চরম আনন্দে প্রায় গ্রাজুয়েশন শেষ করে ফেলা বন্ধুদের সাথে গাঁজার আসরে যাচ্ছে, টয়োটা গাড়ির থোবড়া বদলে স্পোর্টস কার বানিয়ে র্যালি করছে আর বনানীর ধোয়াচ্ছন্ন রেস্তোরায় প্রতি সপ্তাহে নুতন নুতন বান্ধবীদের সাথে গো আউট করছে। যদিও হায়দার পাত্তা পাবার মত ছেলে নয়, তবুও বন্ধুরা ওকে পাত্তা দেয় বিশেষ কারনে। হায়দারদের আশুলিয়ার কাছে একটা ফার্ম হাউজ আছে যেটা বন্ধুদের মূল আকর্ষন। হায়দারও কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। শর্ত একটাই - নিজ দায়িত্বে মালামাল এবং বান্ধবী নিয়ে যাও। কিছু ক্ষতিগ্রস্ত হলে, সেটা মালামাল হোক অথবা বান্ধবী, হায়দারের কোন দায়দায়িত্ব নেই। হায়দার বেশ কয়েকবার আকাশকে ফার্ম হাউজের কথা বলেছিল। ‘কোন একদিন যাব’ বলে আকাশ এড়িয়ে গিয়েছে সব সময়।
“হ্যালো কে?” হায়দার ফোন ধরলো অন্যপ্রান্ত থেকে।
“কি খবর? আকাশ বলছি।”
“আরে আকাশ ভাই।” হায়দারের গলায় আবেগ যেন উথলে পড়লো। “নুতন নাম্বার নিলেন নাকি?”
আকাশ একটু হেসে বলল, “তুমিতো জানই, একই মেয়ে আর একই নাম্বার আমার সাথে বেশিদিন স্যুট করে না।”
হায়দার হাসতে হাসতে বলল, “আবার জিগস্! বস মানুষদের একই জিনিসে বেশি দিন মানায়ও না। তা বস, এই অধমকে হঠাৎ মনে পড়লো কেন? কোন বিশেষ কারন নাকি?” শেষের কথাটা একটু রহস্য করে বললো হায়দার।
আকাশ একটু চুপ করে থেকে তারপর বলল, “তোমার ফার্ম হাউজটা পাওয়া যাবে এ সপ্তাহে?”
“কঠিন অবস্থা মনে হচ্ছে? নাম্বারের সাথে কি আইটেমও বদলে ফেলেছেন নাকি?”
আকাশ একটু হাসলো, কিছু বললো না।
হায়দার আবার বলল, “আপনি কোন চিন্তা করবেন না। ফার্ম হাউজ খালিই পড়ে আছে। নিজের মনে করেই চলে যান। আমি রশীদ অর্থাৎ কেয়ারটেকারকে বলে দেব। আপনি যেকোন সময় যেতে পারবেন।”
“আমি আজই একবার একটু ঘুরে আসতে চাই।”
“কোন ব্যাপার না বস। রশীদ একটু বাহিরে আছে। বিকেলের দিকে গেলেই আপনি পেয়ে যাবেন। এর মধ্যে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি।”
হায়দারকে ধন্যবাদ দিয়ে ফোন রাখতে রাখতে আকাশ চিন্তা করলো একবার ফারিয়ার সাথে দেখা করে আসবে কিনা? গত দুদিন ইন্টারনেটে ফারজানার সাথে বার কয়েক চ্যাট করা ছাড়া বাকি সময় একমাত্র ফারিয়ার সাথেই কথা বলেছে সে। যদিও কথা বলতে ইচ্ছে করছিল না তবুও মেয়েটা ওকে প্রায় জোর করিয়েই কথা বলাচ্ছিল। কথার এক পর্যায়ে ফারিয়া দেখা করতে চাইলো। আকাশ মুখে বলেছিল “হবে, কোন এক সময় হবে।” আর মনে মনে ভেবেছিল, পায়রা তুমি নিজ থেকেই ধরা দিতে চাইলে আমার আর কি করার আছে!
দ্রুত ফারিয়াকে কল করলো আকাশ।
“হুস দিস?” ফারিয়া নুতন নাম্বারটা চিনতে পারেনি।
“ইটস্ মি, আকাশ।”
“ওহ…। হাই হানি। হঠাৎ নাম্বার বদল?”
“সে কাহিনী পরে শুনো। এখন খুব গুরুত্বপূর্ন ব্যাপার ঘটেছে, সেটা নিয়ে কথা বলতে ফোন দিলাম।”
ফারিয়া একটু চমকে উঠলো। “কি হয়েছে? এনিথিং সিরিয়াস?”
“সিরিয়াস মানে, মহা সিরিয়াস। তোমার সাথে ধাবায় বসে আমার খুব দহি ফুচকা খেতে ইচ্ছা করছে।”
“ইউ ইডিয়েট।” ফারিয়া হাসছে। “আমার দম প্রায় বন্ধ করে ফেলেছিলে।” তার পর হাসিটা একটু কমে আসলে বলল, “কখন আসতে চাচ্ছ?”
“এখন সম্ভব হলে এখনই।” আকাশ অনুভব করছিল আজকের ব্যাটিংটা আফ্রিদির মত হচ্ছে। চোখ বন্ধ করে ব্যাট চালালেও ছয় হয়ে যাচ্ছে। আকাশ নিশ্চিৎ, ফারিয়া ক্লাস থাকলে ক্লাস মিস দিয়ে হলেও সে দেখা করবে। আজকে দিনটাই যেন আকাশের।
“আচ্ছা ঠিক আছে। আমাকে ইউনিভার্সিটি থেকে পিক করো। তার পর এক সাথে ধাবায় যাবো।”
“আমি পনের মিনিটের মধ্যে তোমার ক্যাম্পাসে থাকবো।”
আকাশ যখন ফোন রাখতে যাচ্ছিল ফারিয়া তখন আবার বললো, “ইউ নো, আই সিম্পলি লাভ ইট।”
আকাশ একটু অবাক হয়ে বললো, “কী?”
“ইডিয়েট! দহি ফুচকা।”
আকাশ হেসে ফেললো। মুখে কিছু বললো না। মনেমনে বললো সেটা জানি বলেইতো তোমার উপর প্রয়োগ করলাম। শুধু আফসোস, আগামী আধঘন্টা এই অখাদ্যটা চাবাতে হবে।
আকাশ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিল পেছন থেকে সজীব ডাক দিয়েছিল। আকাশ হাতের ইশারায় বুঝিয়ে দিয়েছিল বন্ধুদের দেয়ার মত সময় এখন ওর কাছে নেই। সেদিন র্যাব অফিসের সেই অপমানের পর আকাশের রক্তে এখন অনেকগুলো নেশা এক সাথে কাজ করতে শুরু করেছে। সেগুলোর মধ্যে একটা হলো যেখানে যত মেয়ে পাবে, সবাইকে আকাশ ‘ট্রাই’ করবে।
***
ফারিয়ার সাথে ধাবায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আকাশ গিয়েছিল বসুন্ধরা সিটিতে। সেখানে কিছু কাজ শেষে যখন আশুলিয়ায় হায়দারদের ফার্ম হাউজে গিয়ে পৌছালো তখন প্রায় বিকেল। ফার্ম হাউজের কেয়ারটেকার রশীদ বেশ চটপটে লোক। হায়দার আগেই ফোন করে দিয়েছিল তাই আকাশকে আর খুব বেশি কিছু বলতে হয়নি। দেখেই চিনতে পেরেছিল।
রশীদের চোখের দিকে তাকিয়েই আকাশ বুঝতে পেরেছিল এই লোক চরম লোভী। তবে লোভী লোক আকাশের বেশ পছন্দ। আকাশ জানে এরা খুব কাজের হয়। যতক্ষন টাকার উপর থাকে কুকুরের থেকেও বিশ্বস্ত এরা।
রশীদ আকাশকে ফার্ম হাউজটা ঘুরিয়ে দেখালো। বেশ চমৎকার। রুমগুলো বড় এবং আরামদায়ক। যেমনটা আকাশ আশা করেছিল তার থেকেও ভালো।
পুরো ফার্ম হাউজটা ঘুরে বারান্দায় এসে দাড়ালো আকাশ। তার পর একটা পাঁচশ টাকার নোট বের করে রশীদকে দিতে দিতে বললো, “যেভাবে বলবো, সব সেভাবে যদি করো এরকম আরো চারটা নোট পাবা। স্লো মেয়ে, স্লো কার এবং স্লো এসিসট্যান্ট আমি পছন্দ করিনা। আশা করি আগামী এক সপ্তাহ এ কথাগুলো মনে থাকবে।”
রশীদ হাসলো। ওর চোখগুলো এখন আরো বেশি চকচক করছে। আকাশের সে চোখ দেখতে ইচ্ছে করছিল না। তাই অন্য দিকে তাকিয়ে থেকে বলল, “আমার গাড়িতে একটা বড় কালো ব্যাগ আছে, ওটা নিয়ে আসো।”
বাতাসে বৃষ্টির গন্ধ। আকাশ বুঝতে পারে একটু পরই বৃষ্টি নামবে। এলোমেলো বাতাসে সামনের গাছগুলো নুয়ে পড়ছিল, আবার ঠিকই মাথা তুলে দাড়াচ্ছিল। আকাশ এক মনে তাকিয়ে ছিল দিগন্তের দিকে। সেদিন কি আকাশ দিগন্তের শেষ প্রান্তে তার নিয়তীকে পড়ছে পারছিল? সম্ভবত পারেনি। নিয়তীর এই এক আজব খেলা। সবার চোখের সামনেই থাকে কিন্তু কেউ পড়তে পারে না।
১২
যতই দিন কেটে যেতে থাকে আকাশ নিজের মাঝের পরিবর্তনগুলো লক্ষ্য করতে থাকে আরো বেশি করে। তবে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে সেটা ঠিক বুঝতে পারে না। যেমন রাত তখন অনেক তবুও আকাশ জেগে ছিল। কোন সুনির্দিষ্ট কারান ছাড়াই এভাবে আকাশ এখন জেগে থাকে। ফোনে কথাও বেশ কম বলে। ওর স্নায়ু যেন কিসের জন্য অপেক্ষা করছে। ঠিক বুঝতে পারে না কিসের জন্য; তবে এটা ঠিকই বোঝে, কিছু একটার জন্য অপেক্ষা করছে; কিছু একটা।
হঠাৎ ফোনটা স্বশব্দে বেজে উঠে। ফোনের শব্দে আকাশের নিস্তেজ হয়ে আসা স্নায়ুও যেন আবার প্রখর হয়। ক্ষিপ্র হাতে ফোনটা মুঠোয় নেয়। কিন্তু আবারও ঝিমিয়ে পড়ে। সজীব ফোন দিয়েছে। অলস হাতে ফোনটা ধরে আকাশ হ্যালো বলে।
সজীব বেশ খোশমেজাজে আছে। হাসতে হাসতে বলে,
“লাভগুরু, খবর কি?”
“মনে হয় না খবর নেয়ার জন্য ফোন দিয়েছিস। দ্রুত ঝেড়ে কাশ। আসল কারনটা কি?”
সজীব আরো জোরে হাসছে। বলল, “তোর জন্য যন্ত্রনার সংবাদ আছে। বিবিএ-এর মাকসুদ আছে না?”
“হ্যা। তো কি হয়েছে।”
“শালা আজকে পালিয়ে বিয়ে করে ফেলেছে।”
“তো?”
“আমাকে গত এক ঘন্টায় পাঁচবার ফোন দিয়েছে। যার মেয়ে ভাগিয়ে এনে বিয়ে করেছে, সে গত আমলের নাম করা মন্ত্রী। মেয়ের মা ফোন দিয়ে জানিয়েছে সাবেক মন্ত্রী মহাশয় নাকি লোডেড পিস্তল নিয়ে বের হয়েছেন। কি করতে কি করে বসে ঠিক নাই। আমাকে ফোন দিয়ে বিরক্ত করছিল। তাই আমি তোর নুতন মোবাইল নাম্বার দিয়ে পরামর্শ দিয়েছি তোকে যেন ফোন দেয়। তুইতো লাভগুরু। ভালো পরামর্শ দিতে পারবি।”
সজীব হাসছে। মনে হচ্ছে কাজটা করে সে বেশ মজা পেয়েছে। আকাশ বিরক্ত হয়ে বলল, “যা বলার তা বলা হয়েছে না?”
“হ্যা।”
“তাহলে এবার ফোন রাখ।”
সজীব কিছু বলতে যাচ্ছিল। তার আগেই আকাশ ফোনটা রেখে দিল।
আবার অপেক্ষার পালা। নিরব রাতে আকাশের কিসের এত অপেক্ষা? আকাশ বুঝতে পারে না, কিন্তু অপেক্ষা করতেই থাকে।
বাহিরে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে। আকাশ জানালা দিয়ে বাহিরে তাকালা। প্রবল বাতাসের সাথে বৃষ্টির ধারা যেন পাল্লা দিয়ে খেলা করছে। একেকবার স্তরে স্তরে বৃষ্টির ধারাকে ঝাপটার মত করে আছড়ে ফেলছিল বাতাস। অনেক দিন ঢাকায় এমন বৃষ্টি হয়নি; অন্তত গত কয়েক বছর আকাশ এমন বৃষ্টি দেখেনি।
বৃষ্টির কথা মনে পড়লে আকাশের মনে পড়ে যায় অনিন্দিতার কথা। বৃষ্টি খুব প্রিয় ছিল অনির। বৃষ্টির দিনে ওরা দুজন ভিজতো খুব। অনি উপরের দিকে তাকিয়ে থেকে চোখ খুলে রাখার চেষ্টা করতো। বৃষ্টির ধারা চোখে-মুখে পড়লে অদ্ভুত ভাবে চোখটা আধো খোলা আধো বন্ধ হয়ে আসতো। কি অসম্ভব সুন্দর ছিল অনির সে তাকানো। অনি এখন কোথায়? অস্ট্রেলিয়ার কোন এক শহরে লুকিয়ে থাকা অনিন্দিতা কি আকাশের সেই অনি? নাকি সুনীলের বরুনার মত অনির বুকে আজ কেবল মাংশের গন্ধ? আজ অনি কেবলই অনিন্দিতা। বিরামহীন ভাবে আকাশ ভেবে চলে অনির কথা, ওর ফেলে আসা সেসব দিনের কথা।
হঠাৎ MSN ম্যাসেঞ্জারে চোখ পড়ে আকাশের। ফারজানা নক করেছে। প্রায় ঘন্টাখানেক আগে আকাশ নক করেছিল। তখন ফারজানা কোন রিপ্লাই দেয়নি। এতক্ষন পর তার খবর হয়েছে! আকাশের একটু রাগ লাগলো। কিছু লিখলো না। ফারজানা আবার লিখলো, “কি ব্যাপার? আছেনতো বুঝতে পারছি। মুড মারছেন কেন?”
আকাশ দেখলো আর ভাব নিয়ে লাভ নেই। তার থেকে বরং কথা বলাই ভালো।
“আমি মুড মারলাম কখন? মুডতো দেখাচ্ছেন আপনি। প্রায় এক ঘন্টা আগে নক করেছি। রিপ্লাই দিচ্ছেন এখন।”
“ওরেব্বাবা। আপনি দেখি রাগ করে ফেলছেন। আমি বিগ ব্রাদার দেখছিলাম। তাই লক্ষ্য করিনি।”
আকাশের মেজাজটা আরেকটু খারাপ হলো। লিখলো, “এ দেশের মেয়েরা যেখানেই যাক, ডেইলীসোপের নেশা ছাড়তে পারবে না।”
“এই যে মিস্টার। ডেইলীসোপ শুধু আমরা দেখিনা। ব্রিটিশরা কি রকম পাগলের মত দেখে, এসে না দেখলে বুঝবেন না।” তারপরই ফারজানা একটু খোঁচা দিয়ে লিখলো, “আমি দেরী করে রিপ্লাই দেয়াতে আপনার এত লাগছে কেন? আপনারতো ম্যাসেঞ্জার নারীময়! আমাকে দেয়ার মত সময় হাতে আসলো কি করে আপনার?”
“খোঁচা দিচ্ছেন?”
“বাহ! লাগছে নাকি?”
“ইদানিং কেন যেন লাগে।”
“লক্ষন ভালো। মানুষ হচ্ছেন।”
“কেন? আগে কি অমানুষ ছিলাম?”
“উল্টাটা। অতিমানব ছিলেন। সুপারম্যান! না হলে এতগুলো মেয়ের সাথে প্রেম করতে পারে কেউ?”
“আবার খোঁচা? আসলে খোঁচা ছাড়া আপনি কথাই বলতে পারেন না।”
“হয়তো তাই হবে।”
আকাশ দ্রুত প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, “আচ্ছা, একটা কথা বলুনতো। আপনার ইমেইল এ্যাড্রেসটা এমন কেন?”
“কেমন?”
“এই যে, kanna86 ।”
“ওহ। কারন খুব সরল। শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবনটা কান্নাময়। কান্না আমার জীবনের প্রতিশব্দ।”
“আপনিতো মনে হচ্ছে কঠিন ছ্যাকা খাওয়া পাবলিক।”
“মানুষ কি শুধু প্রেমে ব্যার্থ হলেই কাঁদে। কান্নার কি আর কোন কারন থাকতে পারে না?”
“পারে। তবে আমাদের জেনারেশন ছ্যাকা খেলেই কাঁদে শুধু।”
“তাহলে হয়তো আমি আমাদের জেনারেশনের নামে কলঙ্ক।”
“তাইতো দেখছি। আমাদের জেনারেশনের ছেলেমেয়ে নির্বিশেষে সবাই কিছুদিন পরপর কাঁদে। আবার দু্ইদিন পর অন্যকারো সাথে গো-আউট করতে বাঁধে না।”
“খুব গর্ব হচ্ছে কথাটা বলতে, তাই না?”
আকাশ মনেমনে ম্লান হাসলো। কিছু লিখতে যচ্ছিল, তখনই ফোনটা বেজে উঠলো। অজানা নাম্বার। হঠাৎ যেন স্নায়ু আবারও শক্ত হয়ে উঠলো। ফারজানাকে অপেক্ষা করতে বলে ফোনটা ধরলো আকাশ।
“হ্যালো আকাশ, আমি মাকসুদ।”
চরম বিরক্তিতে শুন্যে একটা লাথি চালালো আকাশ। তারপর হেসে বললো, “কি খবর দোস্ত?”
“দোস্ত! আমিতো আজকে বিয়ে করে ফেলেছি।”
“হ্যা। সজীবের কাছে শুনলাম সব।”
“আমার শশুরতো লোডেড পিস্তল নিয়ে বের হয়েছে বাসা থেকে। খুব চিন্তা লাগছে। কি করবো এখন?”
আকাশ বিরক্তভাবে বলল, “লোডেড পিস্তলইতো নিয়ে বের হয়েছে। কামান নিয়েতো আর বের হয়নি। ভালো করে দরজা-জানালা আটকে ঘুম দে। এত চিন্তার কি আছে?”
“আর ইউ সিওর? আমার খুব চিন্তা হচ্ছে।”
“এত চিন্তার কি আছে? শোন মাকসুদ। নিয়তী সবার জন্য কিছু কিছু কাজ ঠিক করে দেয়। তোর শশুরের জন্য নিয়তী আজকে ঢাকা শহরে লোডেড পিস্তল নিয়ে ঘোরা ঠিক করে রেখেছে। অতএব তিনি ঘুরছেন। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই।”
তারপর গলার স্বরে একটু রহস্য এনে আকাশ আবার বলে, “তবে নিয়তী তোর জন্যও আজকে কিছু একটা ঠিক করে রেখেছে। তুই হয়তো বেশি চিন্তিত তাই ভুলে গিয়েছিস। একটু ঠান্ডা মাথায় ভাব। মনে পড়বে।”
“আকাশ, আমার সত্যি খুব নার্ভাস লাগছে। যদি পিস্তল হাতে চলে আসে আমার শশুর।”
আকাশের দাত কিড়মিড় করে উঠলো। “গাধারে আমি কি বোঝাই আর গাধা বোঝেটা কি!” মনেমনে ভাবলো আকাশ। তারপর একটু কঠিন গলায় বললো, “এত নার্ভাস লাগলে বিয়ে করতে গিয়েছিলি কেন?” কিন্তু কথাটা বলেই আকাশ বুঝলো বেচারার উপর রাগ করে লাভ নেই। বরং সুন্দর করে বোঝানো দরকার। তাই গলা নামিয়ে বললো, “দেখ দোস্ত! বিয়ে যখন করেই ফেলেছিস, শশুর মেনে নেবে কোনা না কোন সময়। ফেলেতো আর দিতে পারবে না। তুই বরং বৌকে সময় দে। আর শোন, বিয়ের প্রথমরাতে এভাবে বন্ধুদের ফোন দিতে হয় না, তাও আবার ছেলেদের। বৌ তোকে অন্য কিছু ভাববে। বুঝিসইতো, আজ কালকার মেয়ে। ছেলে ছেলে কথা বললেও সন্দেহ করে!”
মাকসুদের ফোনটা কোনক্রমে রেখে আকাশ আবার ম্যাসেঞ্জারে ছুটে আসে। কিন্তু ততক্ষনে ফারজানা চলে গিয়েছে। হঠাৎ ওর খুব মন খারাপ হয়ে যায়। আকাশ বুঝতে পারে, সে আসলে ফারজানাকে মিস করতে শুরু করেছে। প্রতিদিন যে গভীর রাত পর্যন্ত ম্যাসেঞ্জারে বসে থাকে, সেটা আসলে ফারজানার জন্য অপেক্ষা। একটা অন্যরকম টান অনুভব করতে শুরু করেছে আকাশ।
সাথে সাথে সে নিজেকে শাসন করার চেষ্টা করে। এসব অদেখা নারীর প্রতি দুর্বল হলে চলবে না। কিন্তু নিজের অজান্তেই আকাশের মন বারবার চলে যেতে থাকে ফারজানার কাছে। প্রকৃতির কি অদ্ভুত খেলা! নারীমাত্রই যে আকাশের কাছে সময় কাটানোর খেলনা, সে আকাশই আজ দেশ থেকে বহু দূরে, ইংল্যান্ডের কোন এক শহরে বাস করা এক অদেখা নারীর জন্য বিনিদ্র রাত কাটাচ্ছে।

