Saturday, June 6, 2009

বিবর্জিতা (গল্প)

“আই কান্ট টেক দিস স্ট্রেস এনিমোর।”
“জাস্ট চিল বেবী।” আনিকাকে স্বান্তনা দেয়ার চেষ্টা করে মার্ক। আনিকা তাতে আরো চিৎকার করে ওঠে,
“কিভাবে? আজকে বিশ তারিখ। অথচ পাবলিক ল’র টার্ম পেপারের কিছুই হয়নি এখনও। আঠাশ তারিখ সাবমিশন।”
“এখনও আট দিন হাতে আছে।” এবার আশান্বীত করার চেষ্টা করে মার্ক।
“হোয়াটেভার! আই নিড অ্যা বিয়ার।” আনিকা হনহন করে হেটে স্টুডেন্ট ইউনিয়ন শপের দিকে যেতে থাকে। কিন্তু মার্ক বাধা দিয়ে থামায়।
“শোনো, এখন বিয়ার নিয়ে না বসে চলো কোন ক্লাবে যাই। ফ্রাইডে নাইটটা আজকে অনেক মজা করে কাটাবো।”
আনিকা হাতের মোটামোটা দুটা বই মার্কের মুখের উপর তুলে ধরে বলে, “এগুলো নিয়ে নাইট আউট? আর ইউ আউট অফ ইওর মাইন্ড?”
“আচ্ছা ঠিক আছে। তোমার বাসায় চলো। একটু ফ্রেশ হয়ে তারপর ইস্ট লন্ডনের কোন এক পাবে যাবো।”

আনিকা আর কিছু বলেনা। সোজা টিউব স্টেশনের দিকে হাটা দেয়। মার্কও হেসে পাশে হাটতে থাকে। আনিকা মাঝে মাঝে আড় চোখে মার্ককে দেখে। ছয় ফুট তিন ইঞ্চি লম্বা এই ইংরেজ তরুনের প্রতি কিংস কলেজের কত দেশের কত মেয়ে যে পাগল ছিল তার হিসেব নেই। অথচ আজ সে অনিকার চোখের ইশারায় ওঠে বসে। তবে এই ছেলে এত সহজে হাতে আসেনি। একে পটাতে আনিকার অনেক কষ্ট করতে হয়েছে। কত মানুষের কত কটু কথা শুনতে হয়েছে, ভাবলেই আনিকার মেজাজ তিক্ত হয়ে যায়।

যদিও কে কি বললো সেসব কথায় আনিকার কিছুই যায় আসে না। মার্কের সাথে আনিকা কেবল এক সাথে থাকেনা, তাছাড়া ওদের মাঝে আর সবকিছুই হয়েছে। হয়তো এক সাথে থাকার ব্যাপারটাও ধীরেধীরে ঘটবে। আনিকার কাছে ‘সোশাল নর্মস’, ‘ভ্যালুজ’, ‘রিলিজিওন’ অথবা ‘কালচার’ কোন মূল্য রাখেনা। এসব ওর কাছে অসহ্য লাগে। মনে হয় মানুষ যেন পুরোনো ভাঙ্গা রেডিও বারবার বাজাচ্ছে। দেশে থাকতে ১৬ই ডিসেম্বর বা ২৬শে মার্চ আসলে মানুষের ‘এ্যাকটিভিটি’ ওর কাছে ভাড়ামো মনে হতো। ৪০ বছর হতে চললো কিন্তু স্বাধীনতা নিয়ে কপচানো বন্ধ হলো না এখনও। একটু টাইট টি-শার্ট পরে বের হলেই সবাই এমন ভাবে বুকের দিকে তাকায় যেন মেয়েদের বুক জীবনে দেখেনি। ছেলেদের সাথে রাত করে বাহিরে থাকলে মায়ের টেনশন শুরু, সিগারেট ধরালে যেন প্রতিবেশির ঘুম হারাম। মেয়ে উচ্ছন্নে যাচ্ছে বলে সবার চিৎকার। আরে বাবা ইউরোপ এ্যামেরিকার ছেলেমেয়েরাতো তাহলে জন্ম থেকেই উচ্ছন্নে গিয়েছে!

এসব নিয়ে আনিকা আগে কথা বলতো। এখন সেটাও বলেনা। বাঙালী কমিউনিটি থেকে সে বেশ দূরে থাকে এবং খুব গর্বের সাথে বলে এসব বাঙালী কালচারের তার দরকার নেই। এগুলো সে কুলি করে ফেলে দিয়েছে। এমন কি মার্ককেও সে ঠিক মত বলেনি কোন দেশী সে। শুধু বলেছে সাউথ এশিয়ান। আসলে ওর কালচার ওর কাছে এক যন্ত্রনা। একে যতটা ভুলে থাকা যায়, ততই ভালো। লন্ডর আসার সময় এয়ারপোর্টে ওদের ড্রাইভার ভাই হেসে বলেছিল, “আপা, আমার জন্য ফেরার সময় একটা বিলাতী কুত্তা আইনেন”। আনিকা হেসেছিল আর মনেমনে ভেবেছিল ‘বিলাত’ জগৎটাই যেন রঙ্গিন। তাইতো লন্ডনের উন্মুক্ত জীবনে এখন সে ইন্ডিপেন্ডেন্ট, মুক্ত, স্বাধীন। জীবনের প্রতিটা ক্ষনকে সে উপভোগ করছে। এটাই এখন তার সংস্কৃতি।

বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আনিকা এবং মার্ক বের হয়ে পড়ে পাবের উদ্দেশ্যে। বেশি দূর যেতে হয়নি ওদের। কাছেই ইস্ট লন্ডনের একটা বেশ নাম করা পাব পেয়ে যায়। আজকে শুক্রবার রাত। পাব গিজগিজ করছে মানুষে। কত মানুষের কত পাগলামী। একটা গ্রুপ বাজীতে তাশ খেলছে। যে হারবে তার একটা করে কাপড় খুলতে হবে। ছেলেগুলোর মাঝে একটা মেয়ে ইতিমধ্যে প্রায় সব কাপড় খুলে বসে আছে। পুরো টেবিল জুড়ে মানুষের ভিড় সেখানে। কিন্তু মেয়েটা আর বাজীতে হারছে না। সবাই খানিকটা হতাশ। পুরো নগ্ন অবস্থায় দেখতে না পাওয়ার দুঃখে কাতর!

আনিকারা বিয়ার নিয়ে এক পাশের সোফায় বসে টিভিকে ইংল্যান্ড এবং ফ্রান্সের সিক্স নেশনস রাগবী ম্যাচের প্রিভিউ দেখতে থাকে। সাথে চলতে থাকে অলস সময়। সন্ধ্যা ঘনিয়ে রাত গভীর হতে থাকে লন্ডন নগরীর বুকে। দেখতে দেখতে বিয়ার দিয়ে শুরু করে রাম এবং ভদকাতে গিয়ে থামে ওদের নৈশ পানাহার। আনিকা অনুভব করে নিজের পায়ে হাটার শক্তিও যেন সে হারিয়ে ফেলেছে। মার্কের অবস্থা খানিকটা ভালো। ছোট বেলা থেকে ড্রিং করে অভ্যস্থ হওয়াতে ওকে ধরে দেরীতে। তবে সেও যখেষ্টই মাতাল। দুজন হাসতে হাসেতে যখন পাব থেকে বের হয়ে আসে তখন প্রায় মধ্যরাত।

মার্ক বলে চলো একটা ব্ল্যাক ক্যাব নেই। আনিকা বাধা দেয়। দরকার নেই। আজকে হাটবো। অনেক হাটবো। সারা রাত হাটবো। আনিকার কথা শুনে মার্ক হাসে। আনিকাকে জড়িয়ে ধরে কোলে নিয়ে নেয়। তারপর টলতে টলতে হাটতে থাকে।

রাস্তায় এলোমেলো হাটা আর অহেতুক হাসির মাতাল ফোয়ারা ছোটাতে ছোটাতে ওরা যে কখন এক ভীড়ের সামনে এসে দাড়ায়, ওরাই টের পায় না। আনিকা প্রায় বন্ধ চোখে বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। মার্কও তখন অন্ধকারে। প্রচুর ব্রিটিশ এবং এশিয়ান এক সাথে ভিড় করে আছে। টিভি ক্যামেরাও দেখা যাচ্ছে বেশ কয়েকটা।

আনিকাকে রাস্তার পাশে দাড় করিয়ে মার্ক কাছের একটা ছেলের কাছে খোঁজ নিতে যায়,
“এখানে কি হচ্ছে?”
“মানুষ ফুল দিতে এসেছে।”
“কেন? কেউ মারা গিয়েছে নাকি?”
“আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২’র এই দিনে পাকিস্থানের ইস্ট বেঙ্গল প্রভিন্সে, যারা পরে স্বাধীন হয়ে বাংলাদেশ হয়, ভাষার জন্য প্রান দিয়েছিল বেশ কয়েকজন তরুন। তাদের স্মৃতিতে এখানে একটা সৌধ আছে। সেটায় সবাই নগ্ন পায়ে ফুল দিতে আসে প্রতি বছর।”
মার্ক অবাক হয়ে তাকিয়ে দেখে। সামনে একটা পার্ক। সেখানে অন্যরকম সুন্দর একটা সৌধ আছে। মানুষগুলো ফুল নিয়ে সারিসারি ভাবে এগিয়ে যাচ্ছে সেদিকে। অনেকেরই পায়ে জুতা নেই। প্রচন্ড ভিড় অথচ কত শান্তিপূর্ন ভাবে সবাই ফুল দিয়ে বের হয়ে আসছে।

আনিকার মাতাল ভাবটা তখন বেশ খানিকটা কমে এসেছে। চার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোথায় দাড়িয়ে আছে। হঠাৎ সামনে চোখ পড়তেই দেখতে পায় শহীদ মিনার। বুঝতে বাকি থাকেনা সে আলতাব আলি পার্কের সামনে দাড়ানো। এটাও বুঝতে পারে বিশ তারিখ গড়িয়ে একুশে পড়েছে। আজ একুশে ফেব্রুয়ারী। সাদা-কালো-বাদামী, নির্বিশেষে সবাই ফুল দিচ্ছে। একুশে ফেব্রুয়ারী আজ আর শুধু বাংলাদেশেই স্বীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

মার্ক ছুটে এসে উত্তেজিত ভাবে আনিকাকে ইতিহাস শোনাতে যাচ্ছিল। ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে আনিকা বলে,
“আমি জানি এসব।”
“তোমারতো তাহলে ইতিহাসে ভালো জ্ঞান।”
“এর জন্য জ্ঞানের দরকার হয় না। আমি ঐ দেশেরই মেয়ে।” অনিকা বিরক্তবোধ করতে শুরু করে। কিন্তু কেন সেটা সে নিজেও বুঝতে পারেনা।
“তুমি বাংলাদেশী?” মার্কের গলার উত্তেজনা বেড়ে যায় আরো কয়েকগুন।
অনিকা কিছু বলেনা। মার্ক বলেই চলে,
“তুমি জানো, আমার দাদা বলতেন তোমরা নাকি বীরের জাতি। ৭১’র স্বাধীনতা যুদ্ধে মাত্র নয় মাসের মধ্যে তোমরা পাকিস্থানের মত একটা সুস্বজ্জিত বাহিনীকে আত্মসমর্পনে বাধ্য করেছিলে। এত বড় রেজিমেন্ট এরকম অসহায় ভাবে অত্মসমর্পনের নজির ইতিহাসে খুব কম আছে। আজ তোমাদের তৈরী করা দৃষ্টান্তর সারা পৃথিবীর মানুষের জন্য মায়ের ভাষার প্রতি ভালোবাসা প্রদর্শনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। ইউ মাস্ট বি প্রাউড অফ ইউর নেশন এন্ড কালচার!”

আনিকা মার্কের মুখের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। কিছু বলেনা। কেমন অসহায় বোধ করতে থাকে ভেতরে। মার্ক আবার বলে, “চলো আমরাও ফুল দেব। আমি দুটো ফুলও সংগ্রহ করেছি।”
এবার অনিকা কেঁপে ওঠে। বলে, “নাহ। আমার শরীরটা ভালো লাগছে না। বরং তুমি একাই দিয়ে আসো।”
“আর ইউ শিওর?”
আনিকা ম্লাস হাসে। বলে, “কোন সমস্যা নেই। আমি ওই রাস্তার মুখে অপেক্ষা করছি তোমার জন্য।”

মার্ক ফুল দিতে চলে যায়। আনিকা ক্লান্ত পায়ে হেটে ব্রিকলেনের মুখে এসে দাড়ায়। তাকিয়ে দেখে সামনে লন্ডন শহীদ মিনারে জনতার ভীড় ক্রমেই বেড়ে চলেছে। চাইলে সেই ভীড়ের অংশ আনিকাও হতে পারতো। কিন্তু সে হয়নি। আসলে কেন যেন সেই সাহসই আনিকার হয়নি। বিবেকের ভেতর থেকে এক রুদ্ধতাবোধ ওকে গ্রাস করে নিচ্ছিল প্রতিক্ষনে। ভীড়ের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে আনিকা হারিয়ে যায় ওর চিন্তার জগতে। মনে পড়ে মার্কের বলা কথাগুলো। আজ মার্ককে ওর শুধুই একজন ইংরেজ বলে মনে হয়নি। মার্ক যেন সারা পৃথিবীর মানুষের প্রতিনিধি হয়ে আজ আনিকার সামনে এসে দাড়িয়েছিল। প্রশংসা করেছিল ওর জাতীয়তাবোধের, ভাষার, সংষ্কৃতির। কিন্তু এ প্রশংসা গ্রহন করার অধিকার কি আজ আনিকার আছে? আনিকার মনে পড়ে ওদের ড্রাইভার ভাইয়ের বলা সেই কথাটা – ‘আপা, একটা বিলাতী কুত্তা আইনেন’। একটা কুকুর সেটা ‘বিলাতী’ হোক আর ‘দেশী’, তারওতো একটা জাত থাকে, থাকে স্বকীয়তা। অথচ মানুষ হয়েও আজ আনিকা বা ওরই মত যারা নিজের সংষ্কৃতিকে অস্বীকার করে, পায়ে মাড়িয়ে চলে যায় অথবা বর্জন করে, তাদের যেন সেটাও নেই। সেদিন প্রথমবারের মত অনিকার নিজেকে কুকুরের থেকেও নীচ মনে হচ্ছিল।

২১ ফেব্রুয়ারী ২০০৯
ডাবলিন, আয়ারল্যান্ড।

গতি (গল্প)

রীমা বাচ্চাদের মত চিৎকার করে বললো, শাহেদ, ওরাতো অনেক এগিয়ে যাচ্ছে? আরো স্পিড বাড়াও।

শাহেদ স্পিড মিটারে চোখ বুলিয়ে নিল। গাড়ির গতি ঘন্টায় একশ বিশ কিলোমিটার ছুঁইছুঁই করছে। সামনেই আকাশের গাড়ি যেটা প্রতি সেকেন্ডেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। শাহেদ বুঝতে পারলো আকাশের স্পিড একশ বিশের উপরে নিঃসন্দেহে।

এক্সিলেটরে রাখা ডান পায়ের উপর থেকে চাপটা কমিয়ে আনলো শাহেদ। মূহুর্তে স্পিড কমে একশ এর কাছাকাছি চলে আসলো। রীমা আবার চিৎকার করে উঠলো, কি হলো? স্পিড কমাচ্ছো কেন? আমরাতো হেরে যাবো?

শাহেদ কিছু বললো না, শুধু হাসলো।

আজ রীমাকে অদ্ভুত সুন্দর লাগছে। পনি-টেইল করে চুল বাঁধা। ফর্সা মুখে কেবল চোখদুটোকে সজিয়েছে। সে চোখে চোখ পড়লে অদ্ভুত একটা অনুভুতি হয় শাহেদের। যেন অথৈ সমুদ্রে প্রতি মূহুর্তে হারিয়ে যায় সে। মাঝে মাঝে শাহেদ ভাবে, রীমাকে ছাড়া এক মূহুর্ত অন্য কিছু কি সে কল্পনা করতে পারে? নিজের মাঝেই উত্তর খুঁজে পায়, কল্পনা করার কথাও যেন সে কল্পনা করতে পারে না।

আজ রীমার জন্মদিন অথচ কোন পার্টি নেই, হৈচৈ নেই। রীমার বাবা সরকারী কর্মকর্তা। অফিসের কাজে দেশের বাহিরে আছেন। রীমার মাও সাথে। এমন সময় রীমাই চায়নি কোন গেটটুগেদার হোক। মা-বাবা ফিরে আসলে তার পর করা যাবে, বন্ধুদের বলেছিল। কিন্তু আজকের এই শুক্রবারে দুপুর গড়ানোর পর দেখলো সত্যিই জঘন্য একঘেয়ে লাগছে সময়টা। যেন করার কিছুই নেই ওর। শাহেদকে ফোন করার চেষ্টা করেছিল কিন্তু পায়নি। ফোন বন্ধ। একটু অবাক হয়েছিল বটে, তবে এটাও ঠিক মাঝে মাঝে শাহেদ শুক্রবার কি সব বিতর্কের কাজে আতলামী করতে নটরডেম ভিকারুন্নেসায় যায়। হয়তো ওরকম কোথাও আছে, ভেবেছিল রীমা।

রীমা ঘুনাক্ষরেও এটা ভাবেনি যে ওর এই একঘেয়ে জন্মদিনটাকে বৈচিত্রময় করে তোলার একটা মাস্টার প্ল্যান তৈরী করছিল তখন শাহেদ ওর বন্ধু আকাশকে নিয়ে। আকাশ শাহেদের খুবই ঘনিষ্ট বন্ধু। বলা যেতে পারে শাহেদের ভালো বন্ধু কেবল আকাশই। মাস্টার প্ল্যানের মূল বুদ্ধিটা আকাশেরই। ওরা ঠিক করলো শাহেদ রীমাকে এবং আকাশ ওর বান্ধবী নীলাকে নিয়ে গুলশান দুই নাম্বারে এক হবে। তার পর ওরা যাবে আশুলিয়ার পথ ধরে অজানার দিকে। কোন সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। টুকটাক স্ন্যাকস্ আর বনানীর সুমিজ হটকেক থেকে একটা ‘ব্ল্যাক ফরেস্ট’ কিনে নিয়েছিল শাহেদ। পথে কোথাও থেমে আড্ডা দেয়া যাবে, এই প্রধানত পরিকল্পনা।

উত্তরা পার হয়ে যখন আশুলিয়ার রাস্তায় পড়লো ওরা, তখন থেকেই আকাশ গাড়ির স্পিড বাড়াতে শুরু করেছে। শাহেদও কিছুক্ষন পাল্লা দিয়ে চালিয়েছে তবে একশ বিশ ছুয়ে ফেলার পর ধীরেধীরে স্পিডটা কমিয়ে দিল।

খানিক পরেই রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় আকাশ গাড়ী থামালো। শাহেদও পেছনে এসে থামলো। তারপর জিনিসপত্র বের করে মেয়েরা ঘাষের উপর চাদর বিছিয়ে খাবারগুলো এনে রাখলো। গোল হয়ে বসতে বসতে আকাশ শাহেদকে জিজ্ঞেস করলো গাড়িতে কোন সমস্যা হয়েছিল কি না। শাহেদ প্রথমে বোঝেনি। তার পর যখন বুঝলো স্পিড কমানোর ব্যাপারটা, তখন হেসে বলল খাওয়া শুরু কর, খেতে খেতে বলছি।

পিজার টুকরায় ছোট একটা কামড় দিয়ে শাহেদ সবাইকে বলল, একটা গল্প শোনো। সবাই বেশ আগ্রহ নিয়ে শাহেদের দিকে তাকালো। শাহেদ বলতে লাগলো, তখন আমি নটরডেমে পড়ি। কলেজের ছাত্র, নুতন পাখনা গজিয়েছে। জীবনকে ইচ্ছে মত উপভোগ করছি। উপভোগের একটা প্রধান ধরন ছিল জোরে গাড়ি চালানো। কতভাবে ব্রেক করা যায় সেটা নিয়ে চলতো রীতিমত গবেষনা। স্কিড করার শব্দে আমাদের এ্যাপার্টমেন্টের সবাই বুঝতো শাহেদ এসেছে! এয়ারপোর্ট রোড, উত্তরা পেরিয়ে আশুলিয়ার রাস্তা; সবই চষে বেড়াতাম। গাড়ির গতি যেন আমার রক্তে এক অদ্ভুত নেশার সৃষ্টি করতো। আমি যখন গাড়ির এক্সিলেটরে চাপ দিতে থাকতাম, আমার মনে হতো আমি যেন এক্সিলেটরে না, একটু একটু করে কোন মাদক আমার ধমনীতে ঢুকিয়ে দিচ্ছি।

এভাবে চলছিল দিন। এক সময় আমার মনে হলো ঢাকার ব্যাস্ত রাস্তায় কত গতি তোলা সম্ভব সেটা পরীক্ষা করা দরকার। গুলশান হয়ে নিকেতনের পাশ দিয়ে বের হয়ে তেজগাঁ দিয়ে সরাসরি সোনার গাঁ পর্যন্ত চেষ্টা করলাম কিছু দিন। তেমন সুবিধা করতে পারলাম না। রিক্সা বা গাড়ি সামনে এসেই যায়। তবুও হাল ছাড়িনি। মনেমনে ভাবতাম একদিন ঢাকা শহরের বুকে একশ চল্লিশে গাড়ী চালাবোই।

এক ঈদের দিনে আমার সেই মনের ইচ্ছা পূরন করার অবস্থা আসলো। ঢাকা তখন যেনো ভাঙ্গা হাট। জনমানব নেই। চারদিক ফাকা। বিজয় স্মরনী থেকে সংসদ ভবনের রাস্তা ধরে মিরপুরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো একটা চেষ্টা করলে মন্দ হয় না। জিয়া উদ্যানের এক প্রান্ত থেকে স্পিড তুলতে শুরু করলাম, একটু একটু করে স্পিড বাড়ছে, একশ ছাড়িয়ে গিয়েছে বেশ আগেই। একশ বিশও ছাড়িয়ে গিয়েছে। একশ ত্রিশ ছাড়ানোর পর একটা অদ্ভুত অনুভুতি হচ্ছিল, বলে বোঝানো সম্ভব নয়। ঢাকার বুকে আমি একশ ত্রিশে গাড়ি চালাচ্ছি, ভাবতেই অন্যরকম লাগছিল।

একশ চল্লিশ তখনও ছুঁতে পারিনি, এর মধ্যে একটা ছোট বাচ্চা হঠাৎ রাস্তার আড়াআড়ি বরাবর দৌড় দিল। প্রথমে একটু অবাক হলাম। এই বাচ্চাকেতো আমি দৌড় দেয়ার আগে এক মূহুর্তের জন্যও দেখিনি। আসলো কোথা থেকে বাচ্চাটা? গাড়ির যে গতি, ব্রেক করার মতও অবস্থা নেই। কি করবো ভেবে পেলাম না। ততক্ষনে রাস্তাও শেষ হয়ে এসেছে। সামনে সিগনালের লাল বাতি দেখা যাচ্ছে। দ্রুত স্বীদ্ধান্ত নিতে হবে। মনেমনে ভাবলাম যা আছে কপালে, ব্রেক করার দরকার নাই। কিভাবে বাচ্চাটা আমার গাড়ির ধাক্কা এড়িয়েছিল সেটা আজও ভাবলে অবাক হই। সিগনালের লাল বাতিকে উপেক্ষা করে আমি যখন মিরপুর রোডে উঠলাম তখন আমার মনে প্রথম যে অনুভতিটা হয়েছিল সেটা কোন অনুশোচনা নয়; একটা মানুষকে আমি প্রায় হত্যা করে ফেলেছিলাম, সে ভাবনাও আমাকে ঘিরে ধরেনি। আমি শুধু ভেবেছিলাম, ইশ! একশ চল্লিশটা ছোঁয়া হলো না।

গল্পের এ পর্যায়ে শাহেদ লক্ষ্য করলো সবাই ওর দিকে মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে আছে। রীমার হাত থেকে বোতলটা নিয়ে গ্লাসে কোক ঢেলে এক ঢোক গলায় চালান করে শাহেদ আবার বলতে শুরু করলো, এর পর কেটে যায় বেশ কিছু দিন। নটরডেমের কুইজ পরীক্ষার চাপ শুরু হয়েছে পুরোদমে। নিঃশ্বাস ফেলারও সময় পাচ্ছি না। ফলে স্পিড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা সমায়িক ভাবে বন্ধ থাকলো।

দেখতে দেখতে কোরবানীর ঈদ চলে আসলো। সবাই মিলে ঠিক করলাম গ্রামেরবাড়ী ঈদ করতে যাবো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন রক্তে আগের সেই উন্মাদনা ফিরিয়ে আনলো। গাড়ি চালাচ্ছে ড্রাইভার ভাই। প্রচন্ড বিরক্ত লাগছিল, এত আস্তে কেউ গাড়ি চালায়! সাই সাই করে বাসগুলোকে পাশকাটিয়ে এগিয়ে যাবে; তা না, কচ্ছপের মত গাড়ি চলছে।

হঠাৎ দেখলাম একটা জায়গায় লোকের জটলা। একটু আগেই একটা কার এক্সিডেন্ট করেছে। এক ঝলক কারটাকে দেখেছিলাম, ওটা যে কার সেটা বোঝার কোন উপায় ছিল না। দুমড়েমুচড়ে একটা গোলাকার কিছু হয়ে গিয়েছে। কাউকে যে বের করে আনবে, সে উপায়ও নাই। হতভাগা কোন যাত্রী যদি বেঁচেও থাকে, এভাবেই তাকে একটু একটু করে মৃত্তুকে মেনে নিতে হবে।

আমরা ঠিকঠাক মত গ্রামে পৌছালাম, ঈদ করলাম। ঈদের কয়েকদিন পর পত্রিকা প্রকাশিত হলো। সেখানে রাস্তায় দেখে আসা এক্সিডেন্টের ছবিসহ সংবাদ আসলো। বন্ধুদের এক দল ঈদ করতে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা। পাঁচজন আরোহির সবাই মারা যায়। গাড়ির টিন কেটে লাশ বের করতে হয়েছিল। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে খুব জোরে গাড়ি চালাচ্ছিল তারা। যে বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়, সেই বাসের আসলে দোষ ছিল না। অন্য একটা বাসকে পাশকাটাতে গিয়ে বাসের সামনে চলে আসে গাড়িটা, ফলে বাস ড্রইভারের কিছুই করার ছিলনা।

পরদিন আমরা ফিরে আসছিলাম ঢাকায়। এক্সিডেন্টের জায়গাটার পাশ দিয়ে আসার সময় দেখতে পেলাম চারপাশ নিরব। দূরে পড়ে আছে দুমড়ে থাকা গাড়িটা। একটা অদ্ভুত অনুভুতি হলো ভেতরে। ওরা আমাদেরই মত ঈদ করতে যাচ্ছিল। হয়তো আজ আমাদের মত ওরাও ফিরে যেতো নিজ নিজ বাসায়। কিন্তু কয়েক সেকেন্ডের একটা ভুল সব কিছু এলোমেলো করে দিল। সাথেসাথেই ভাবলাম, আসলেই কি একে ভুল বলা যায়? প্রতিক্ষনেইতো এ কাজ আমি করে চলেছি। আমার মত আরো অনেক ছেলে করে চলেছে। গতির ঝড় তুলছি গাড়ির চাকা এবং আমাদের রক্তে। একবারও কি আমরা ভেবে দেখছি যেকোন মুহুর্তে এর পরিনাম কত ভয়ঙ্কর হতে পারে?

আমার রক্তে মিশে থাকা সে গতির ঝড় সেদিন হঠাৎ করেই থেমে গেল। আমি অনুভব করলাম এ পৃথিবীতে জোরে গাড়ি চালানোর থেকেও আরো অনেক গুরুত্বপূর্ন কাজ আমাদের করার আছে।

তারপর শাহেদ একটু থেমে রীমার চোখের দিকে তাকিয়ে বলল, এ দুচোখে যে ভালোবাসা আছে, এক জীবন তাকিয়ে থেকেও আমি তার সবটুকু নিতে পারবো না। আমি চাইনা সেই একটা জীবনও অনেক ছোট হয়ে যাক।

শাহেদ যখন থামলো তখন সন্ধা নেমে এসেছে। অস্তগামী সূর্যের শেষ রেখাটুকুও মিলিয়ে যাবে অল্প পরেই। দ্রুত কেক কেটে, রীমাকে উইশ করে ওরা সবকিছু গুছিয়ে নিয়ে যখন গাড়িতে উঠলো তখন চার দিকে অদ্ভুত নিরবতা। সেই নিরব আশুলিয়ার রাস্তা ধরে সেদিন দু্টো গাড়ি শহরের দিকে ফিরে আসছিল। রাস্তা ফাকাই ছিল, তবু কারো গতিই আশির উপরে ছিল না। ওরা জানতো এই পৃথিবীতে দ্রুত গাড়ি চালানোর থেকেও অনেক গুরুত্বপূর্ন কাজ রয়েছে; দেশের জন্য, পরিবারের জন্য, বন্ধুদের জন্য, পাশে বসা ভালোবাসার মানুষের জন্য।

৭ জুলাই ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

সহযাত্রী (গল্প)

বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই শাহেদ বুঝতে পারলো সে একটা ভুল করে ফেলেছে। আগেই লক্ষ্য করেছিল আকাশ মেঘলা। তবে বৃষ্টি যে শুরু হতে পারে এখনই, সেটা ভাবেনি। প্রথম ফোটাটা হাতের পাতায় এসে পড়ার পর চিন্তা করলো ফিরে গিয়ে কি ছাতাটা নিয়ে আসবে? আবার ভাবলো, বাসস্ট্যান্ডতো এক মিনিটের পথ। দ্রুত পা চালালেই পৌছে যাওয়া যাবে।

শাহেদ যখন দৌড়ে বাসস্ট্যান্ডের কাছে আসলো, ওর চোখের সামনে দিয়ে ১৩০ রুটের নীল-হলুদ বাসটা হুস করে বের হয়ে গেল। প্রথমে একটু বোকার মত বাসের পেছনে তাকিয়ে ছিল। তার পর দ্রুত ভাবতে শুরু করলো কি করা যায়। আজ রবিবার। ঘনঘন বাস আসবে না। পরবর্তি বাস হয়তো অরো আধ ঘন্টা পর আসবে। এদিকে দিনের আলোও কমে আসতে শুরু করেছে। ফোটাফোটা বৃষ্টি ধীরে ধীরে ঝাপটায় পরিনত হচ্ছে। এভাবে কোথাও বেড়াতে যাওয়ার মানে হয় না। তবুও কেমন যেন একটা জেদ চেপে গিয়েছে ওর। শাহেদ জানে বাসটা ঘুরে ঘুরে ক্যাস্টিলা ক্যাসেল এলাকার বিভিন্ন রাস্তা থেকে মানুষ নিয়ে তার পর ক্লনটার্ফের মূল রাস্তায় আসবে। ক্ষনিক চিন্তা করলো সে। এক দৌড়ে ভেরনন এভিনিউর রাস্তা ধরে যদি যাওয়া যায়, তাহলে হয়তো ক্ননটার্ফ রোডের সংযোগস্থলে বাসটাকে ধরা যেতেও পারে।

বৃষ্টির ঝাপটা তখন চশমার কাঁচের উপর এসে লাগছে শাহেদের। তবুও সে দৌড়াচ্ছে। পাহাড়ী ঢালের রাস্তা। খানিকটা হাঁপিয়েও গিয়েছে। তবুও দৌড়াচ্ছে। দিনের আলো বেশ কমে এসেছে। দূরে মূল রাস্তার আলো দেখা যাচ্ছে। মনে মনে শাহেদ খুশি হলো। প্রায় চলে এসেছে। আর মিনিট খানেক হয়তো লাগবে। কিন্তু ভাগ্য সেদিন বেচারার সাথে খেলা করে মজা পাচ্ছিল। বাসস্ট্যন্ডের ঠিক সামনে যখন সে পৌছালো, বাসটা আবার হুস করে চলে গেল চোখের সামনে দিয়ে। হতাশ শাহেদ আরো একবার বাসের পেছনে তাকিয়ে রইলো।

এমন নয় যে এই স্ট্যান্ডে মানুষের ভীড় থাকে না। তবে আজকের এই রবিবারের ঝড়ো সন্ধায় কোন জনমানবের চিহ্নও দেখা গেলা না স্ট্যান্ডের আসেপাশে। আয়ারল্যান্ডের শীতের রাত রীতিমত ঝুপ করে নামে। তার উপর বৃষ্টি হচ্ছে। শাহেদ ওভারকোটটা শরীরে চেপে ধরে বাসস্ট্যান্ডের সরু বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো পরবর্তি বাসের জন্য। ক্লনটার্ফের বড় রাস্তা দিয়ে দু'একটা গাড়ি হুস করে চলে যাচ্ছে। স্ট্যান্ডের উল্টো দিকে কয়েকটা বন্ধ দোকানের সামনে তখনও লাল-নীল আলো জ্বলছে। ওয়াইনের দোকানটার একটা খোলা সাটার যেন জানিয়ে দিচ্ছিল, "উই আর স্টিল ওপেন"। মাঝে মাঝে গাড়ি এসে থামছে, দ্রুত কেউ বের হচ্ছে, ওয়াইন নিচ্ছে, আবার চলে যাচ্ছে। নগরের ব্যাস্ততায় যেন কবরের নিরবতা নেমে এসেছে।

বসে থাকতে থাকতে শাহেদের কেমন যেন একটু তন্দ্রার মত চলে এসেছিল। হঠাৎ টেনে টেনে হাটার একটা শব্দে চোখ খুলে তাকালো। এক বৃদ্ধ, বয়স সত্তরের কোঠা পার হয়েছে নিঃসন্দেহে, বৃষ্টি ভেঙ্গে হেটে আসছে। স্ট্যান্ডে ঢুকে প্রথমে বৃষ্টির চৌদ্দপুরুষকে উদ্ধার করলো, তার পর রেইনকোটের পানি ঝেড়ে শাহেদের পাশে বসলো। শাহেদ আড় চোখে একবার বৃদ্ধকে পরখ করে নিল। আইরিশ বৃদ্ধদের স্বভাব হলো এরা দুই মিনিট পাশে বসলেই কথা বলতে শুরু করে। শাহেদের মেজাজ চরম খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না একদমই। মনে মনে ঈশ্বরের কাছে প্রর্থনা করলো এই উটকো ঝামেলা যেন এখন কথা বলা না শুরু করে।

দূর্ভাগ্য শাহেদের, প্রার্থনা গৃহীত হলো না। বৃদ্ধ নিজে নিজেই কথা শুরু করলো,
- কি বাজে আবহাওয়া।
শাহেদের পক্ষ থেকে কোন জবাব না পেয়ে আবারও বলল,
- তাই না?
এবার সরাসরি শাহেদকে প্রশ্ন করা হয়েছে। জবাব না দেয়াটা দেখতে খারাপ দেখায়। তাই বলল,
- হুম।
বৃদ্ধ ছাড়ার পাত্র নয়। বলে চলল,
- আগে শীতে স্নো পড়তো। আর এখন? বৃষ্টি হয়। সব বদলে যাচ্ছে।

বৃদ্ধের গলায় আবেগ আর ফেলে আসা দিনের স্মৃতিরোমান্থন। কি বলবে ভেবে পেল না শাহেদ। তাই তাকিয়ে রইলো। বৃদ্ধ হেসে বলল,
- কোন দেশী তুমি?
- বাংলাদেশী।

দেশের নাম চিনতে পরলো কি না বোঝা গেল না। তাতে শাহেদের কিছু যায় আসে না। অস্থির বোধ করছে সে। বাসটা আসলেই উঠে বসবে। এমনিতেই অনেক দেরী হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ত্রিশ মিনিট পার হয়েছে দশ মিনিট হয়ে গেল। কি ব্যাপার? বাসের আবার কি সমস্যা হলো?
বৃদ্ধ আবার বলল,
- এরকম বৃষ্টির রাতে কি বেড়াতে যাচ্ছ? নাকি নিতান্তই প্রয়োজন? আমার মত।
বলেই বৃদ্ধ হাসতে লাগলো। অনিচ্ছাস্বত্ত্বেও শাহেদ বলল,
- ক্লনটার্ফের ড্রাকুলা মিউজিয়াম এবং ড্রাকুলা এক্সপেরিয়েন্স দেখতে যাচ্ছি।
বৃদ্ধ খিক খিক করে হেসে উঠলো। বলল,
- ড্রাকুলা এক্সপেরিয়েন্স? ওখানে আবার কেউ যায় নাকি? যত্তসব বাজে জায়গা।
শাহেদ তখনও চুপ। বৃদ্ধ বলে চলল,
- তুমি এসবে বিশ্বাস করো?
- নাহ।
- তাহলে যাচ্ছ কেন?
- ড্রাকুলা একটা কিংবদন্তী। তাই দেখতে যাচ্ছি।
- যাকে তুমি বিশ্বাসই কর না, তাকে দেখে কি লাভ। এক্সপেরিয়েন্স করে কি মজা পাবে?
- লাভের কিছু নাই। তবুও দেখা। ভূত বলে কিছু নেই, এটা সবাই জানে। তবুও মানুষ ভুতের বই পড়ে, সিনেমা দেখে। কারন ভালো লাগে।
বৃদ্ধ আবার খিক খিক করে হেসে উঠলো। বলল,
- ড্রাকুলা আর ভূতকে তুমি এক করে দেখছো?
- আলাদা ভাবে দেখারতো কোন কারন নেই। দুটোই কাল্পনিক।

বৃদ্ধ কিছু বলতে যাচ্ছিল, তখনই বাসের হেড লাইটের আলোয় আলোকিত হয়ে উঠলো পুরো এলাকা। শাহেদ উঠে দাড়িয়ে হাতের ইশারায় বাসটাকে থামালো।

বাসের টিকেট ভ্যালিডেটরে যখন মাসিক টিকেট ঢোকাচ্ছিল শাহেদ, দেখলো বৃদ্ধ বাসে উঠে একটা আই.ডি কার্ড বের করে ড্রায়ভারের দিকে দেখালো। ড্রায়ভার ঠিক মত দেখলো কি না সেটাও সন্দেহ। যদিও এমনটাই হয়। সত্তরের উপরে যাদের বয়স, তাদের জন্য বাস-ট্রেনে টিকেট লাগে না। আই.ডি কার্ড দেখালেই হয়ে যায়। বাস ড্রায়ভাররা সেটা দেখতেও যেন সংকোচবোধ করে। এই ফ্রি সার্ভিস আসলে একটা সম্মান। নিজের জীবনের সুবর্ন দিনগুলোতে দেশের জন্য কতকিছু করেছে তারা। তাদের জন্য এই স্বল্প সেবাটুকু দিতে পেরে সরকার আনন্দিত। বাসের ড্রায়ভারদের যখন আই.ডি দেখানো হয়, তারা বিনয়ে নত হয়ে যায়, যেন "কি দরকার ছিল, আপনি স্বানন্দে আসন গ্রহন করুন।"

লোয়ার সেলুনে কেউ নেই। শাহেদ ভেবেছিল বৃদ্ধ হয়তো বসবে। কিন্তু দেখা গেল এই বৃদ্ধের হাড়ে এখনও বেশ খানিকটা তেজ অবশিষ্ট রয়েছে। আপার সেলুনে গিয়ে বসেছে। শাহেদের কেমন যেন মজা লাগছিল। তাই সেও উপরে উঠে বৃদ্ধের পাশে বসলো।

প্রথম কয়েক মিনিট কেউ কথা বললো না। তারপর বৃদ্ধ বলল,
- তাহলে তুমি ভূতে বিশ্বাস কর না?
শাহেদ হেসে ফেলল। বলল,
- নাহ।
- কেন?
- এ 'কেন'-র কোন উত্তর নেই। যা নেই তাতে বিশ্বাস করবো কেন?
- ভূত শব্দটা খুব হালকা শোনায়। বদলে দিচ্ছি, স্পিরিট, অর্থাৎ আত্মা? এবার বিশ্বাস করো?
শাহেদকে একটু এলোমেলো দেখালো। তবে সাথে সাথেই গুছিয়ে উঠে বলল,
- অস্তিত্বে বিশ্বাস করি, উপস্থিতিতে না।
- অর্থাৎ তুমি বিশ্বাস করো তারা আছে, আবার নেই?
- ঠিক সেরকম না। তারা হয়তো আছে। কিন্তু আমাদের মত নয়। অন্তত দেখা দেয়া বা যোগাযোগের কোন প্রশ্নই আসে না। সেটা অন্য কোন জগৎ, যেখানে বিজ্ঞান এখনও যেতে পারেনি।
- যেখানে বিজ্ঞান যেতে পেরেছে কেবল সেটাই সত্য? নিউটনের সময়তো আপেক্ষিকতত্ত্ব আবিষ্কার হয়নি। তাহলে কি আপেক্ষিকতত্ত্ব তখন মিথ্যে ছিল? কিম্বা অকার্যকর ছিল?

শাহেদ বেশ মজা পেতে শুরু করেছে তখন। বৃদ্ধ যুক্তি দিয়ে অযৌক্তিক বিষয়গুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শাহেদ হেসে বলল,
- যদি তারা থেকে থাকে, তাহলে কেন সামনে আসে না?
- সামনে আসলে কি তুমি তাদের চিনতে পারবে? তারাতো তোমার আমারই মত মানুষ।
- তবুও, তাদের নিশ্চয় অতিপ্রাকৃত কোন ক্ষমতা থাকবে যা দ্বারা তারা নিজেদের স্বাতন্ত্র প্রকাশ করতে পারে।
- হয়তো আছে। কিন্তু কোন কারন ছাড়া সে ক্ষমতা দেখানোর প্রয়োজন কেন হবে? এতো তোমার ড্রাকুলা এক্সপেরিয়েন্স না যে পাঁচ ইউরো দিলে আর ড্রাকুলা নাচ দেখিয়ে দিল।
শাহেদ না হেসে পারলো না। বলল,
- কারনতো সৃষ্টি হয়েছে। এই যে, আমি দেখতে চাই। পাঁচ ইউরো কেন, আরও বেশি দিতে রাজী আছি।
এবার বৃদ্ধ খিক খিক করে হেসে ফেললো। বলল,
- আমি ওদের দলভুক্ত হলে, তোমাকে ফ্রিতে অদৃশ্য হয়ে দেখাতাম। অন্তত তোমার বিশ্বাসের ভীতটা মজবুত করতে হলেও দেখাতাম।

শাহেদের কেমন যেন মায়া হলো। বলল,
- আপনাকে ওদের দলভুক্ত হতে হবে না। যুক্তি দিয়েই আপনি ভীত দৃড় করে ফেলতে পারবেন। আপনি সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলেন। সবার এ ক্ষমতা থাকে না। তবে আমি দুঃখিত, আপনার এই বিষয়ে আমি একমত হতে পারছি না। ভূত বলে আসলে কিছু নেই, এবং আত্মা বলে যদি কিছু থেকেও থাকে, সেটা অন্তত আমাদের জগতে নেই।

বৃদ্ধ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় অদূরে ড্রাকুলা মিউজিয়ামের লাল-নীল আলোর গেটটা দেখা গেল। কথা বলতে বেশ ভালোই লাগছিল। কিন্তু স্টপেজ এসে পড়েছে, নামতে হবে। তাই অনিচ্ছা স্বত্ত্বেও শাহেদ উঠে দাড়ালো। বৃদ্ধ মুচকি হেসে বলল, "তোমার আত্মা দর্শন শুভহোক।" শাহেদ সংশোধন করে দিল, "আত্মা নয়। ড্রাকুলা, ড্রাকুলা এক্সপেরিয়েন্স।"

বৃদ্ধ তখনও হাসছিল।

বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে নিচে নেমে এসে বাসের দরজার কাছে দাড়ালো শাহেদ। সিগনালে দাড়িয়ে আছে বাসটা, সবুজ হলেই স্ট্যান্ডের সামনে গিয়ে দাড়াবে। হঠাৎ ড্রায়ভারের সামনে রাখা ছোট স্ক্রিনে যেটায় আপার সেলুনের ক্লোজ সার্কিট ক্যামেরার চিত্র দেখা যাচ্ছে, ওখানে শাহেদের চোখ পড়লো। পুরো সেলুন খালি। প্রথমে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। বৃদ্ধ কি তবে নিচে নেমে এসেছে? পেছনে ঘুরে তাকিয়ে দেখলো লোয়ার সেলুন খালি। এক দৌড়ে উপরে উঠে আসলো সে। কোন জনমানবের চিহ্ন নেই সেখানেও। আবার দৌড়ে নিচে নেমে আসলো। লোয়ার সেলুন আগের মতই ফাকা।

শাহেদকে এভাবে উপর-নিচ করতে দেখে ড্রায়ভার কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। শাহেদ হাঁপাতে হাঁপাতে বলল, "আপার সেলুনের বৃদ্ধ কোথায় গেল?" ড্রায়ভার অবাক হয়ে বলল, "কোন বৃদ্ধ? বাসেতো তুমি একাই ছিলে।" শাহেদ চরম বিস্ময় নিয়ে বলল, "আমার সাথে যে বৃদ্ধ উঠেছিল ভেরনন এভিনিউ থেকে।” এবার ড্রায়ভার বিরক্ত হয়ে বলল, “তুমি একাই উঠেছিলে। তোমার সাথে কেউ উঠে নাই।" শাহেদের মনে পড়লো আই.ডি. কার্ড দেখানোর কথা। ড্রায়ভারকে বলার পর সে যেন আকাশ থেকে পড়লো। “কখন আই.ডি. কার্ড দেখালো? আজতো আই.ডি. পার্মিটে কোন বৃদ্ধই আমার বাসে উঠেনি।”

আবারও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল শাহেদ কিন্তু ড্রায়ভার ওকে থামিয়ে দিয়ে বলল, “তুমি মনে হয় একটু বেশি টেনে ফেলেছো। সাবধানে যেও।” তার পরই হুস করে বাসের দরজাটা খুলে দিল।

শাহেদ যখন বাস থেকে নামলো, কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল তখনও। সামনে লাল-কালো রঙে বড় বড় করে লেখা The Bram Stoker Dracula Experience আর কানে বেজে চলেছে তখনও বৃদ্ধের বলা শেষ কথাটা - "তোমার আত্মা দর্শন শুভহোক।"


১৭ জুন ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

ঐন্দ্রিলা (গল্প)

এক

“এবার গুনে বলো আমার হাতে কয়টা আঙ্গুল?” বাম হাতে তন্ময়ের চোখ চেপে ধরে ডান হাতটা ওর হাতে রাখতে রাখতে ঐন্দ্রিলা বলল।
তন্ময় হাসতে হাসতে বলল, “এরকম ছেলেমানুষীর কি কোন মানে হয়?”
“তোমাকে গুনতে বলেছি, তুমি গুনে বলো।” ঐন্দ্রিলা কপট রাগ দেখিয়ে বলে।
“আচ্ছা বাবা, মহারানীর যা হুকুম তাই হবে।”

তন্ময় গুনতে শুরু করলো, “এক, দুই, তিন, চার, পাঁচ, ...ছয়।” তন্ময় অবাক হলো না বরং মনে মনে ঐন্দ্রিলার চালাকীটা ধরার চেষ্টা করল। কারসাজিটা কোথায় করা হয়েছে? সম্ভবত কোন আঙ্গুল গুনে ফেলার পর বাঁকা করে অন্যপাশে রেখেছে। তবুও ঐন্দ্রিলার হাতের ফাঁক দিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো তন্ময়। সাথে সাথে ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করে ঐন্দ্রিলা হাতটা টেনে নিল। তার পর শাড়ির আঁচলটা নিয়ে খেলা করতে করতে বললো, “এবার বিশ্বাস হলো যে আমরা সব সময় যা দেখি তাই কেবল সত্য, আর যা দেখিনা তা মিথ্যা – এমনটা নয়?”
“তুমি একটা কারসাজি দেখিয়েছ। একটা ম্যাজিক, হাত সাফাইয়ের ম্যাজিক। এ দিয়ে কি সত্য মিথ্যার প্রভেদ করা যায়?”
“তুমি এখনও বিশ্বাস করনি?”
“করাটা কি জরুরী?”
“আমার কথা বিশ্বাস করবাইবা কেন?”
ঐন্দ্রিলা কিশোরী মেয়েদের মত মন খারাপ করে খাটের অন্য প্রান্তে গিয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকলো।

বিষয়টা আসলে হাতের আঙ্গুল গোনার মত তুচ্ছ বিষয়ে সীমাবদ্ধ নয়। বরং এটা ছিল একটা রুপক উদাহরন। ঐন্দ্রিলার মতে পৃথিবীতে অশরীরীরা ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা তাদের দেখতে পাই না। তারা যদি চায় একমাত্র তখনই আমরা তাদের দেখি। তাদের না দেখতে পাওয়ার অর্থ এই নয় যে তারা নেই। প্রথম প্রথম তন্ময় হেসে উড়িয়ে দিত এসব কথা, কিন্তু ধীরেধীরে দেখলো ঐন্দ্রিলা বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখে। এমন কি নিজের চারপাশে সবসময় একটা রহস্যের জগৎ তৈরী করে রাখতে পছন্দ করে সে। যা নেই তাকে নিজের মনের মাঝে একটু একটু করে ‘আছে’ বলে বিশ্বাস দেয়ার চেষ্টা করছে সে দিনের পর দিন।

ঐন্দ্রিলার মন খারাপ করিয়ে দিতে ইচ্ছে করছিল না তন্ময়ের। তাই পেছনে এসে দাড়িয়ে বলল, “আচ্ছা বাবা, বিশ্বাস করলাম। এবার অন্তত একটু হাসো।”
ঐন্দ্রিলা তবুও অভিমানী গলায় বললো, “তোমাকে আসল প্রমান না দেখালে তুমি বিশ্বাস করবা না কোনও দিন, আমি জানি।”
তন্ময় হেসে বললো, “আসল প্রমানতো তুমিই আছো। ভূতের থেকে তুমি কোন অংশে কম রহস্যময়ী নয়।”
ঐন্দ্রিলা সাথে সাথে সংশোধন করে দেয়, “ভূত নয়, আমি পেত্নি!”
দুজনেই এবার একসাথে হেসে ফেললো।

ওদের পরিচয়ের গভীরতা দেখে যে কেউ ঘাবড়ে যাবে। হয়তো ভাববে অনেক দিনের পরিচয়। আসলে কিন্তু তা নয়। সপ্তাখানেকের বেশি হয়নি ওরা পরিচিত হয়েছে একে অপরের সাথে। অথচ এই কয়দিনে ঐন্দ্রিলা তন্ময়ের জীবনের অনেক গভীরে চলে এসেছে; এত গভীরে যেখান থেকে ফিরে যাওয়া হয়তো অসম্ভব।

তন্ময় একজন চিত্রশিল্পী। ছবি আঁকা আগে ওর নেশা ছিল, এখন পেশাও। চারুকলা থেকে পাশ করে বের হবার পর প্রথম প্রথম একটু হতাশ ছিল সে। কোন উপার্জন নেই। পেট চালাতে হলে কিছু করতে হবে, শিল্প দিয়ে অন্তত পেট ভরে না। কিছু দিন কেটে যাওয়ার পর এক ভদ্রমহিলার সাথে ওর পরিচয় হয় যিনি প্রধানত ইংল্যান্ডে থাকেন। তবে আসা যাওয়ার মধ্যেই চলে তার জীবন। তন্ময়কে তিনি চাকরী দিয়েছেন, ছবি আঁকার চাকরী। তন্ময়ের কাজ হলো মাসে সুর্নিদিষ্ট সংখ্যক পেইন্টিং তৈরী করে দিতে হয়, যেগুলো ভদ্রমহিলা লন্ডনে নিয়ে বিক্রি করেন। তন্ময় বুঝতে পারে এই পেইন্টিংগুলো অনেক বেশি দামে লন্ডনে মানুষ কিনছে, কিন্তু তবুও যে টাকা সে এখানে পাচ্ছে তাতে তার ভালই চলে যায়।

এভাবেই কাটছিল ওর জীবন। কিন্তু শাশ্বত সত্য হচ্ছে শিল্পকে কখনও নাগারিক জীবনের বলয়ে আটকে ফেলা যায় না। আঁকার কাজটা যখন তন্ময় চাকরী হিসেবে নিল তখন থেকেই ওর আঁকার অনুপ্রেরনা কমে যায়। এক সময় দেখা গেলো হয় সে বিষয়বস্তু খুঁজে পাচ্ছে না অথবা আঁকার পর নিজেরই আর পছন্দ হচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কিছুদিনের মধ্যে ওর চাকরী যাবে সেটা সহজেই অনুমান করতে পারছিল তন্ময়। ফলে চাকরী এবং পেট দুটোকেই বাঁচাতে বিকল্প পথ খোঁজা শুরু করলো সে।

তন্ময়রই চারুকলার এক বন্ধু ওকে পরামর্শ দিল দূরে কোথাও নির্জনে গিয়ে কিছুদিন একা থেকে আঁকার চেষ্টা করে দেখতে। পরামর্শটা তন্ময়ের বেশ মনে ধরলো। এমন একটা পরিবেশ যেখানে জনমানব প্রায় নেই বললেই চলে। তন্ময় একা একা ছবি আঁকবে, শুধুই ছবি। এভাবে এক মাস থাকতে পারলে অনেকগুলো পেইন্টিং আঁকা হয়ে যাবে, মনে মনে ভেবেছিল তন্ময়।

যেমন ভাবা তেমন কাজ; এক দুঃস্পর্কের আত্মিয়র সাহায্য নিয়ে রাজশাহীর এক অজপাড়া গাঁয়ে এসে উঠলো সে। হোটেলের মত আপ্যায়ন এখানে তন্ময় আশা করেনি তবে এতটা খারাপ অবস্থা হবে সেটাও ভাবেনি। ইলেক্ট্রিসিটি নামে মাত্র রয়েছে। দিন-রাত প্রায় পুরোটাই লোডসেডিং-এর নামে ইলেক্ট্রিসিটি আসা যওয়া করতে থাকে। থাকার জন্য যে বাড়িটায় উঠেছে সেটায় আর কেউ থাকে না। একটা বৃদ্ধ কেয়ারটেকার রয়েছে যে পাশের কোন একটা বাড়িতে থাকে। এক-দুদিনে হয়তো একবার এসে তন্ময়ের খোঁজ নিয়ে যায়। স্টোভ আছে, রান্না নিজেকেই করে নিতে হয়। মোটের উপর ইংরেজী ‘সেল্ফ-সার্ভিস’-এর বেশ ভালই চর্চা করে চলেছে তন্ময় এখানে গত কিছুদিন।

তবে সময়টা যে খুব খারাপ যাচ্ছে ওর তা কিন্তু নয়। এখানে এসে ওঠার পর দিনই ঐন্দ্রিলার সাথে দেখা। বৃদ্ধ কেয়ারটেকার বাথরুমে পানি দিয়ে গিয়েছিল। সে পানি দিয়ে মুখ ধুয়ে যেই বের হয়েছে অমনি যেন ভূত দেখার মত চমকে উঠেছিল তন্ময়। বারান্দায় শাড়ি পড়া এক তরুনী মেয়ে দাড়িয়ে আছে। কোনদিকে ভ্রুক্ষেপ নেই। এক মনে বারান্দায় দাড়িয়ে উঠানের অনেক বছরের পুরোনো অসত্থ গাছটার দিকে তাকিয়ে ছিল। তম্ময় যখন ঐন্দ্রিলার কাছে গিয়ে দাড়ায় তখনও ওর নজর গাছের দিকে। হঠাৎ তন্ময়কে দেখে ভূত দেখার মত চমকে উঠেছিল ঐন্দ্রিলা। বেচারীর অপ্রস্তুত অবস্থা দেখে সেদিন তম্ময় হেসে ফেলেছিল। সাথে সাথে ঐন্দ্রিলা ছুটে বের হয়ে যাচ্ছিল। তন্ময়ই ডেকে থামায় ওকে। তার পর নিজের পরিচয় দিয়ে পরিবেশটা হালকা করে। ঐন্দ্রিলাও জানায় সে পাশের চৌধুরী বাড়ির মেয়ে। এই পোড়া বাড়িটা ওর খুব প্রিয়। তাই মাঝে মাঝে ঘুরতে আসে। তবে সে জানতো না যে এখানে তন্ময় এসে উঠেছে কিছুদিন থাকার জন্য।

এরপর তন্ময়ের আঁকা পেইন্টিংস দেখতে দেখতে, বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে দুজনে একে অপরের অনেক কাছে চলে আসে। গত সাতদিন ওরা অনেকটা সময় এক সাথে কাটিয়েছে। তন্ময় কাজ না থাকলে খুব একটা বাহিরে যায় না। ঐন্দ্রিলাই চলে আসে সুযোগ পেলে। যদিও সময় মাত্র সাতদিন, কিন্তু এ সাতদিনে ওরা সম্পর্কের এমন একটা পর্যায়ে চলে এসেছে যেখান থেকে আর মাত্র একটা পদক্ষেপ এগিয়ে গেলেই হয়তো সম্পর্ক আর শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ থাকবে না। তন্ময় চেয়েছিল ঐন্দ্রিলার পরিবারের সাথে দেখা করতে কিন্তু ঐন্দ্রিলা বারবার বাধা দিয়েছে। বলেছে এখনও সময় আসেনি। তাছাড়া ঐন্দ্রিলা নিজেকেও সব সময় একটা রহস্যের মধ্যে রাখে। একদিন হাসতে হাসতে বলেছিল, “আমি হচ্ছি তোমার ছায়ার মত। যতই আগ্রহ দেখিয়ে কাছে আসতে চাইবে আমি ততই দূরে চলে যাব। আর যদি আমাকে আমার মত থাকতে দাও তাহলে সব সময় তোমার সাথে থাকবো।”

ঐন্দ্রিলার আরেকটা রহস্যময়ী দিক হচ্ছে অশরীরী দর্শন। সে নাকি এমন কিছু মানুষকে দেখতে পায় যারা অনেক বছর আগেই মারা গিয়েছে। তন্ময় ঐন্দ্রিলাকে বোঝাতে চেয়েছে এটা ওর মনের ভুল। নিঃসঙ্গতা থেকে নিজেনিজেই এসব কল্পনা করে নেয় সে। কিন্তু ঐন্দ্রিলা এ যুক্তি মানতে রাজী নয়। ওর মতে সে প্রায়ই একটা বৃদ্ধলোককে দেখে যে অনেক বছর আগে মারা গিয়েছে। সেই লোক অশত্থ গাছের গোড়ায় এসে ঐন্দ্রিলার দিকে তকিয়ে থাকে। লোকটার চোখে কেমন জানি একটা ভয় থাকে সবসময়। এ সব গল্প শুনলে তন্ময় হেসে বাঁচে না। হাসতে হাসতে সেদিন বলেছিল, “তুমি কি ভূতের চেয়েও ভয়ঙ্কর যে ভূতও তোমাকে ভয় পায়?”

ঐন্দ্রিলা বিরক্ত হয় যখন দেখে তন্ময় ওর কথা বিশ্বাস করছে না। তখন আপ্রান চেষ্টা করে নানা ভাবে ওকে বোঝাতে। আজও এরকমই একটা তর্ক থেকে এই আঙ্গুল বিষয়ক হেয়ালীর সূত্রপাত। ঐন্দ্রিলা আজ বিকেল এক বৃদ্ধ মহিলাকে দেখেছে যাকে সে অনেক মাস পরপর দেখতে পায়। তন্ময় খোঁচা দিয়ে জিজ্ঞেস করেছিল সেই মহিলাও কি ভয় পাচ্ছিল। ভেবেছিল ঐন্দ্রিলা রাগ করবে। কিন্তু ঐন্দ্রিলা রাগ করেনি, হয়তো খোঁচাটা গায়ে মাখেনি, অথবা সে তখন অন্য কোন জগতে ছিল। গম্ভীর ভাবে জানিয়েছিল এই মহিলা ওকে দেখলে ভয় পায় না, বরং যেন কিছু বলতে চায়। কিন্তু কখনই তার বলা হয়ে উঠেনা। ঐন্দ্রিলাও চায় তাঁর সাথে কথা বলতে, একটা তিব্র আকর্ষন বোধ করে সে, কিন্তু মহিলা কখনও কাছে আসে না।

তন্ময়ের চিৎকার করে বলতে ইচ্ছে করেছিল, “বুল-শিট।” অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিল। তারপর ঐন্দ্রিলাকে বোঝাতে শুরু করে বাস্তবতা, বিজ্ঞান এবং এসব ভ্রান্ত বিষয়গুলো দেখার সম্ভাব্য কারন।

গল্প করতে করতে কখন সময় গড়িয়ে গিয়েছে ওরা লক্ষ্য করেনি। সন্ধা তখন প্রায় রাতের কাছে ধরা দিচ্ছে। ঐন্দ্রিলার যেতে হবে, না হলে বাড়িতে সবাই চিন্তা করবে। তন্ময়ও আর আটকে রাখেনি। নিচের দরজা পর্যন্ত নামিয়ে দিয়ে ফিরে আসলো। ঐন্দ্রিলা চায় না গ্রামের মানুষ দেখুক তন্ময় ওর সাথে সন্ধারাতে হাটছে।

সেদিন রাতেই তন্ময় ঠিক করলো আগামীকাল সকালে চৌধুরীবাড়ীর দিকটা ঘুরে আসবে।

দুই

পরদিন তন্ময় একটু বেলা করে বের হলো। ভেবেছিল গ্রামটা ঘুরে দেখবে সাথে চৌধুরীবাড়ীর দিকটাও। পথে এক ছেলেকে চৌধুরীবাড়ী কোন দিকে জিজ্ঞেস করতেই ছেলেটার চেহারা বদলে গেলো। আঙ্গুল দিয়ে সামনে ইশারা করেই সে দৌড় দিল। তন্ময় ঠিক বুঝতে পারলো না এমনটা কেন করলো। হয়তো অচেনা মানুষ দেখে ঘাবড়ে গিয়েছে, মনেমনে ভাবলো।

আরও খানিকটা পথ এগিয়ে আসার পরও তন্ময় এমন কোন লোকালয় দেখতে পেলো না যেটা ঐন্দ্রিলার বর্ননার সাথে মিলে যায়। ফলে আর বুঝতে অসুবিধা হলো না সে পথ হারিয়েছে। তন্ময় তবুও হেটে চলল। হাটতে হাটতে এক সময় জঙ্গলে ঘেরা একটা এলায়কায় চলে আসলো সে। সামনে গাছে ঢাকা একটা বড় বাড়ী দেখা যাচ্ছিল তবে সেটায় কেউ থাকে বলে মনে হলো না। তন্ময় আরো কাছে যাওয়ার পর নিশ্চিত হলো আসলেই এখানে কেউ থাকে না। বাড়ীটার উঠানে দাড়িয়ে চারপাশটা দেখতে লাগলো তন্ময়। এলাকাটা অসম্ভব নিরব যেন কোন জনমানব নেই এ বাড়ীর আসেপাশে। ধুলার আস্তর দেখেও বোঝা যায় এদিকটায় মানুষ খুব একটা আসে না। বাড়ীটা পাকা, আংশিক চাল আর আংশিক কঙ্ক্রিটের ছাদ।

হঠাৎ করে বাড়ীর ভেতর থেকে কিছু একটা বের হয়ে দ্রুত তন্ময়ের দিকে এসে আবার পাশকাটিয়ে চলে গেল। প্রথমে একটু ভয় পেয়েছিল সে, তারপর ঠান্ডা মাথায় বিষয়টা ভেবে নিজেই হেসে ফেললো। ওটা আসলে একটা বাদুড় ছিল। দিনের আলোয় হয়তো ভুল করে বের হয়ে পড়েছে, তাই মাথাখারাপ হয়ে এলোমেলো চক্কর দিয়ে আবার বাড়ীর ভেতরে গিয়ে ঢুকেছে। তন্ময় বুঝতে পারে এটা আসলেই একটা পরিত্যক্ত বাড়ী তা না হলে বাদুড় আস্তানাগাড়তো না এখানে।

তন্ময় বের হতে যাচ্ছিল তখন পোড়াবাড়ীর বৃদ্ধ কেয়ারটেকার দৌড়াতেদৌড়াতে এসে উঠানে পৌছালো।
“বাবু, আপনি এখানে কি করছেন? আমার ছোট ছেলের কাছে শুনলাম আপনি এদিকে এসেছেন। তাই দৌড়ে এলাম।”
“ঘুরে দেখছি গ্রামটা। কেন? কোন সমস্যা আছে নাকি?”
“ঘোরার জন্য শেষবেলায় আপনি এই অভিশপ্ত বাড়ীটাই পেলেন?”
তন্ময় তাচ্ছিল্যের স্বরে বললো, “তাই নাকি? দেখেতো দিব্যি অবস্থা সম্পন্ন মানুষের বাড়ীই মনে হচ্ছে, অন্তত এক সময় তাই ছিল সম্ভবত।”
“হ্যা, তা ছিল ঠিক। কিন্তু গত পচিশ বছরে এ বাড়ীর অনেক কিছুই বদলে গেছে। মালিক মারা গিয়েছে, পরিবার ধংশ হয়েছে, এখন এই পরিত্যক্ত দালানগুলোই শেষ চিহ্ন।”
গল্পের গন্ধ পেয়ে তন্ময় বললো, “কি হয়েছিল খুলে বলেনতো?”
বৃদ্ধ অনুরোধ করে বললো, “বাবু এ উঠান ছেড়ে বের হন। তার পর বলছি।”
তন্ময়ের জেদ চেপে গিয়েছে তখন। বলল, “এ বাড়ীর গল্প এবাড়ীর উঠানেই শুনবো।”

বুড়ো কেয়ারটেকার অনিচ্ছা স্বত্ত্বেও উঠানে দাড়িয়েই বলতে শুরু করলো, “এ বাড়ীটা এই গ্রামের খুব নাম করা খান পরিবারের। এক কালে তাদের অনেক প্রতিপত্তি ছিল। কিন্তু সত্তরের দশকের শেষের দিকে এক নিষ্ঠুর আচরনের জন্য তাদের পুরো পরিবারের উপর অভিশাপ নেমে আসে। ধংশ হয়ে যায় যে যেখানে ছিল সবাই।”
“কি হয়েছিল?” মন্ত্রমুগ্ধের মত জানতে চাইলো তন্ময়।
“হত্যা। নিশ্পাপ শিশু হত্যার দায় সবাইকে নিতে হয়েছিল।” বৃদ্ধ বলে চললো, “সে বছর বৃষ্টি হচ্ছিল না। মাঠে ফসল নেই, ঘরে এক মুঠো চাল নেই। গ্রামের সবাই নিদারুন কষ্টে দিন কাটাচ্ছিল আর খোদার কাছে এক পষলা বৃষ্টির জন্য কেঁদে বুক ভাসাচ্ছিল। তখন রুস্তম খান অর্থাৎ এই বাড়ীর কর্তার ছোট বৌ সন্তানসম্ভবা ছিলেন। এমন সময় এক সাধুবাবা এসে রুস্তম খানকে জানায় তার অনাগত সন্তান অভিশপ্ত। এ জন্য তার এলাকায় আজ এমন অবস্থা। রুস্তম খান এসব বিষয় খুব মানতো। তাই এ সন্তান সে নিতে চায়নি। কিন্তু তখন অনেক দেরী হয়ে গিয়েছে। ছয়মাসের সন্তান তখন তার স্ত্রীর পেটে। মনেমনে তখনই হয়তো রুস্তম খান ঠিক করেছিল এ সন্তানকে পৃথিবীর মুখতো দেখাবে ঠিকই তবে সেদিনই হবে জীবনের শেষ দিন।”

বৃদ্ধ কেয়ারটেকার থেমে একটু দম নিল। তারপর চারপাশে চোখবুলিয়ে বলতে শুরু করলো আবার, “এরকমই এক নিরব দিনে রুস্তম খানের একটা ফুটফুটে মেয়ে হলো। ধাত্রিদের কাছে শুনেছিলাম সে মেয়ে দেখতে ছিল ভিষন সুন্দর আর পবিত্র। কিন্তু সাধুর বলা সেই কথা রুস্তম খানের মনে এতটাই ভয় এবং ঘৃনা সৃষ্টি করেছিল যে শিশুকন্যার পবিত্র চেহারাটাও তাকে থামাতে পারেনি এতবড় পাপ থেকে। সেদিনই বিকেল বেলা এবাড়ির কোন এক অজানা জায়গায় জীবন্ত কবর দেয়া হয় সেই নিশ্পাপ একদিনের শিশুকে। এর পরই শুরু হয় সেই অভিশাপ। ধীরেধীরে মারা যায় পরিবারের সবাই। রুস্তম খানকে দিয়ে শুরু, এরপর তার ছেলেরা এবং দুই বৌ। ছোট বৌ মারা গিয়েছিল সবার শেষে। মেয়েকে হারিয়ে পাগলের মত হয়ে গিয়েছিল। বারবার বলতো আমার মেয়েকে এনে দাও, আমি শুধু একটা কথা বলবো, একটা কথা। বেঁচে থাকা আর মরে যাওয়া তার জন্য সমানই ছিল।”

বৃদ্ধ থামলে তন্ময় অবাক হয়ে বাড়ীটাকে দেখছিল। এ বাড়ীরই কোন এক জায়গায় বছর পচিশ আগে এক বিকেলে একটা একদিনের ফুটফুটে শিশুকে জীবন্ত কবর দিয়ে হত্যা করা হয়েছিল। ভাবতেই কেমন যেন লাগে।

আর দাড়িয়ে থাকার মানে হয় না, বরং একটু কেমন যেন অন্যরকম লাগছিল। তাই তন্ময় বের হয়ে এলো উঠান থেকে। বের হতে হতে বৃদ্ধ কেয়ারটেকারকে জিজ্ঞেস করলো চৌধুরীবাড়ীটা কোথায়, একবার সে যেতে চায়। বৃদ্ধ অবাক হয়ে বলল, “আরে বাবু, এটাইতো চৌধুরীবাড়ী। খানদের কোন এক পূর্বপুরুষ খান বাহাদুর চৌধুরী উপাধী পেয়েছিল। সেই থেকে এ বাড়ীর নাম চৌধুরীবাড়ী।”

মুহুর্তে তন্ময় দাড়িয়ে গেল। জীবনে এতবড় বিস্ময় সম্ভবত ওর সামনে আর কোনদিন উপস্থিত হয়নি। হতবাক হয়ে বাড়ীটাকে আবার দেখতে লাগলো। আর ভাবছিল ঐন্দ্রিলার কথা। তবে কি…? প্রশ্নটা নিজের মনেই আটকে গেলো।

তারপর বৃদ্ধ কেয়ারটেকারকে জিজ্ঞেস করলো, “যে শিশুকন্যাকে হত্যা করা হয়েছিল তার কি কোন নাম ছিল?”
“নাহ বাবু। একদিনের বাচ্চার কি আর নাম থাকে? যেদিন জন্ম সেদিনইতো সব শেষ।”
“ওহ..!” হতাশ ভাবে তন্ময় বললো।

হাটতে হাটতে ওরা আরো কিছুদূর চলে আসার পর তন্ময় আবার জিজ্ঞেস করলো, “এত সুন্দর একটা শিশু, কি এমন দেখলো রুস্তম খান যে মনে হলো সে অভিশপ্ত?”
“কি আর বলবো বাবু”, বৃদ্ধ বলল, “ঐ সময়তো আর আজকের মত এত উন্নত ছিলনা সব কিছু। মানুষ সাধারন জিনিসগুলোকেও অশুভ মনে করতো। বাচ্চাটার ডান হাতে ছয়টা আঙ্গুল ছিল। রুস্তম খান মনে করেছিল এটাই অশুভ এবং অভিশাপের চিহ্ন।”

বৃদ্ধ কেয়ারটেকার আরো কী কী যেন বলছিল। কিন্তু কিছুই আর তন্ময়রে কানে ঢুকছিল না। তন্ময় তখন একটা ঘোরের মধ্যে ছিল। ওর মনে পড়ছিল ঐন্দ্রিলার কথা, ওদের প্রথম দেখার কথা, সেই বৃদ্ধলোকটার কথা যে ঐন্দ্রিলাকে দেখে ভয় পেতো, সেই বৃদ্ধ মহিলার কথা যে ঐন্দ্রিলাকে কি যেন বলতে চাইতো কিন্তু কোন দিনও বলা হয়ে উঠতো না, ঐন্দ্রিলার ডান হাতের ষষ্ঠ আঙ্গুলটার কথা যা তন্ময় কোন দিনও দেখেনি কিন্তু স্পর্শ করেছে।

তন্ময়ের আরো মনে পড়ছিল ঐন্দ্রিলার বলা একটা কথা - “আমি হচ্ছি তোমার ছায়ার মত। যতই আগ্রহ দেখিয়ে কাছে আসতে চাইবে আমি ততই দূরে চলে যাব। আর যদি আমাকে আমার মত থাকতে দাও তাহলে সব সময় তোমার সাথে থাকবো।”

তিন

২০২৫ সনের ফেব্রুয়ারী মাসে লন্ডনের এক নাম করা আর্ট গ্যালারীতে মানুষের উপচে পড়া ভীড় দেখা গেলো। বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী তন্ময় হাসানের একক প্রদর্শনী চলছে। অধিকাংশ মানুষের আকর্ষনের কেন্দ্র বিন্দু ছিল একটা প্রমান সাইজের পোট্রেট - “ঐন্দ্রিলা”। শাড়ীতে এক অপরুপা নারী দাড়িয়ে আছে। আলো-আঁধারী আর রহস্য দিয়ে ঘেরা সেই পোট্রেটকে অনেকেই মোনালিসার সাথে তুলনা করছিল। মোনালিসার যেমন ভ্রু ছিল না বলে অনেকে ধারনা করে সেটা একটা খুঁত, ঐন্দ্রিলারও একটা খুঁত ছিল। ডান হাতে ছয়টা আঙ্গুল ছিল। মানুষ ভাবতো শিল্পী হয়তো ভুল করে একটা আঙ্গুল বেশি এঁকেছেন।

কে এই ঐন্দ্রিলা? তাকে কোথায় খুঁজে পেলেন তন্ময় হাসান? এই নিয়ে চলছিল বিস্তর আলোচনা। স্কাই নিউজের রিপোর্টার যখন এ প্রশ্ন তন্ময় হাসানকে করে তখন তিনি হেসে বলেছিলেন, “আমার ছায়ার মাঝে।”

১১ জুলাই ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

রুপান্তর (গল্প)

শাহেদ খুব দ্রুত হাটার চেষ্টা করছিল। কিন্তু সরু ফুটপাতের উপর দিয়ে ঠিকমত হাটাও যেন কষ্টকর। অথচ ওর এখন ইচ্ছে করছে রীতিমত দৌড়াতে। একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল - দুইটা বাইশ। সূর্য ঢলে পড়েছে কিন্তু রোদের তেজ তখনও কমেনি। ভ্যপসা গরম চারদিকে। জ্যামের কারনে গাড়িটা পেছনে রেখে বেশ খানিকটা পথ সে হেটে এসেছে। জায়গায় জায়গায় ফুটপাত কাটা। এই শহরে হাটাও যেন দুঃসাধ্য হয়ে পড়ছে ধীরেধীরে।

মনে মনে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের গালাগালি করতে করতে ভিকারুন্নেসার মূল কলেজ গেটের প্রান্তে এসে যখন পৌছালো শাহেদ তখন দেখলো সব মেয়েরা বের হয়ে যাচ্ছে। এই আরেক যন্ত্রনা। ইউনিফর্মে সব মেয়েকেই ওর এক লাগে। এদের মধ্য থেকে বিশেষ একজনকে খুঁজে বের করা রীতিমত পীড়ার পর্যায়ে অনুভুত হয়।

ভীড় এড়িয়ে শাহেদ যখন সামনে এগিয়ে যাবে, তখন এক মধ্য বয়সী ভদ্রলোক গাড়ি থেকে নামলেন। ভদ্রলোকের নামার গতি দেখেই শাহেদ প্রমাদগুনলো। প্রথমে চেষ্টা করলো এড়িয়ে সামনে চলে যেতে। কিন্তু পারলো না। ভদ্রলোক একটা লাঠিতে ভর দিয়ে খুব আস্তে হেটে যাচ্ছেন। শরীর মনে হয় খুবই দুর্বল। শাহেদ পেছনে হাটছে। দুবার তাকে এড়িয়ে সামনে ওঠার চেষ্টা করলো কিন্তু উল্টা দিকের মানুষের জন্য পারলো না। তৃতীয়বার চরম বিরক্তি নিয়ে ভদ্রলোককে খানিকটা ধাক্কা দিল। কিন্তু দূর্ভাগ্য শাহেদের, এবারও সামনে যেতে পারলো না। কি আজব! এই সব লোক রাস্তায় বের হয় কেন? মনে মনে ভাবলো। ওর চোখ তখনও গেটের দিকে, বৃষ্টি মনে হয় এখনও বের হয়নি। আজ যেভাবেই হোক বৃষ্টির সাথে ওর কথা বলতেই হবে। অথচ এই জলজ্যান্ত জড় পদার্থটা ওর সমস্ত সমস্যার কারন হয়ে দাড়িয়েছে। আরো বারকয়েক ব্যার্থ চেষ্টার পর লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে আধো মনে আর আধো মুখে 'ব্লাডি ডাফার' বলে এগিয়ে গেল সে। মনেমনে তখনও ভাবছে এই সব লোককে বাড়ি থেকে বের হতে দেয় কেন মানুষ!

আট বছর পরের ঘটনা। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের উপকূলীয় এলাকা ক্লনটার্ফের একটা বাস স্ট্যান্ডে দাড়িয়ে শাহেদ অপেক্ষা করছে বাসের জন্য। হঠাৎ দেখলো একজন লোক আরেকজন লোককে হাত ধরে বাস স্ট্যান্ডে নিয়ে আসলো। যাকে নিয়ে আসা হয়েছে তিনি বেশ দূর্বল। ঠিকমত দাড়াতে পারছেন না। কিন্তু এই ব্যস্ত ইউরোপে সময়ের যে প্রচুর দাম। যিনি নিয়ে এসেছেন তারও অফিসে যেতে হবে। তাই তার আত্মিয়কে রেখেই চলে গেলেন। শাহেদ আড় চোখে তাকাচ্ছিল। ভদ্রলোকের শরীর খুবই দূর্বল। হাতের চামড়া কুঁচকে গিয়েছে। প্যান্টটা বেল্ট দিয়েও যেন আটকে রাখা যাচ্ছে না কোমরে। একা চলতে পারবে কিনা সন্দেহ।

এক সময় বাস এসে দাড়ালো। ভদ্রলোক ওঠার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। রুগ্ন শরীরের যেন একটা পদক্ষেপ রাখারও শক্তি নেই। শাহেদ এগিয়ে গিয়ে বলল, মে আই হেল্প ইউ স্যার? দেখা গেলো ভদ্রলোকের তেজ অনেক। সাথে সাথে বললেন, না না। আমিই পারবো। কিন্তু মুখের কথা শরীরের কথা আর হলো না। তাই দ্বিতীয়বার জিজ্ঞেস না করেই শাহেদ জড়িয়ে ধরলো তাঁকে। তার পর আস্তে আস্তে বাসে তুলে সিটে বসিয়ে দিল। ভদ্রলোক তখনও হাপাচ্ছিলেন।

ডাবল ডেকারের দোতালায় উঠে যখন শাহেদ বসেছে তখন ওর চোখে ভেসে উঠলো বাবার ছবি। শাহেদের বাবার দূরারোগ্য কিডনী রোগ হয়েছিল। শরীর ভেঙ্গে গিয়েছিল একদম। অথচ হাতের কুচকানো চামড়া আর বেল্ট দিয়ে কোনক্রমে বেধে রাখা প্যান্টটার উপস্থিতি অস্বীকার করে বাবা রাগী গলায় বলতো, "আরে তোমরা আমাকে ধরো কেন? দেখো আমি একাই হাটতে পারবো।" যদিও পারতো না, এক সময় শাহেদ গিয়ে বাবাকে জড়িয়ে ধরতো।

শাহেদ আজও ভাবে, হয়তো সে জড়িয়ে ধরায় দূর্বলতা ছিল কোথাও। তাইতো বাবা ওদের ছেড়ে চলে গিয়েছে এমন এক দেশে যেখানে কেবল যাওয়াই যায়, ফিরে আসা যায় না।

সেদিন ক্লনটার্ফের সমুদ্রের পাশ দিয়ে যখন ১৩০ রুটের বাসটি এগিয়ে যাচ্ছিল, চারপাশের মানুষ তখন অবাক হয়ে শাহেদকে দেখছিল। দেখছিল একজন রুপান্তরিত মানুষকে, যে তখন ডুকরে ডুকরে কাঁদছিল।

২ জুলাই, ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড

শেষ বিকেলের ভালোবাসা (গল্প)

রুপা দাড়িয়ে ছিল বারান্দায়। এক মনে আকাশটাকে দেখছিল। সূর্যের তেজ কমে এসেছে অনেকটা। হয়তো খানিক পরেই অস্ত যাবে। শীতটা এবার বেশ লম্বা সময় থাকছে। ফেব্রুয়ারী ছুঁয়েছে, কিন্তু তিব্রতা কমেনি। শালটা শরীরে জড়িয়ে ধরে রুপা শীতের বিকেলে মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে।

আজ ১৪ ফেব্রুয়ারী - ভ্যালেন্টাইনস ডে। পৃথিবী জুড়ে ভালোবাসার মানুষরা নিজেদের মাঝে দিনটি উপভোগ করছে। একাকী বাসায় নিঃসঙ্গ রুপা ভাবতে থাকে, তারুন্যের সময়টা পার হয়ে গেলে এদিনগুলো সম্ভবত আনন্দের থেকে নিঃসঙ্গতাই বেশি বয়ে আনে। পরমূহুর্তে মাথা নেড়ে নিজেই নিজের ধারনাকে বাতিল করে দেয়। সেদিনও কি সে নিঃসঙ্গ ছিলনা? অথচ সময়টাতো ওর তারুন্যই ছিল এবং দিনটি ছিল ১৪ ফ্রেব্রুয়ারী। রুপার স্মৃতির পাতায় আঠারো বছর আগের দৃশ্যগুলো টুকরো টুকরো হয়ে ফুটে উঠে। সময়টা অনেক পুরোনো হলেও, ওর কাছে মনে হয় যেন সেদিনের ঘটনা।

এমনই একটা বিকেল ছিল সেদিন। শ্যাওড়া পাড়ার তিন রুমের ফ্ল্যাট বাড়িটার বারান্দায় দাড়িয়ে বান্ধবীদের বিদায় দিচ্ছিল রুপা। সেসময় রুপা কাজ করতো একটা মোবাইল ফোন কোম্পানীর কাস্টমার কেয়ারে। ওর সাথে ফ্ল্যাটে আরো থকতো নীলিমা, রিমি এবং ফারজানা। সবারই বয়ফ্রেন্ড ছিল, কেবল রুপা বাদে।

অফিস থেকে সবাই সেদিন একটু আগে আগেই ফিরেছিল। ভেলেনটাইন্স ডে-তে সবারই কোথাও না কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা ছিল। ব্যাতিক্রম কেবল রুপা। হাস্যজ্জল বান্ধবীদের ভালোবাসার মানুষের সাথে বের হয়ে যেতে দেখে একটু যে মন খারাপ হয়নি, তা নয়। কিন্তু তবুও এটাকে ওর নিয়তী হিসেবেই মেনে নিয়েছিল রুপা।

সম্পূর্ন একা ফ্ল্যাটে দম বন্ধ হয়ে আসছিল। তাই বারান্দায় দাড়িয়ে এলোমেলো ভাবতে শুরু করেছিল অনাগত দিনগুলোর কথা। নীলিমাকে খানিক আগে ওর বয়ফ্রেন্ড নিয়ে গেলো। কি নিশ্চিন্ত জীবন! পরের বছরই নীলিমাদের বিয়ের কথা ছিল। রুপার খানিকটা হিংসা হতো। কত গোছানো ওদের জীবন। আর রুপার? ওর বয়স তখন সাতাশ। অথচ মনের মানুষের দেখা সে তখনও পায়নি। মূহুর্তে রুপা ভাবে, ভুল। আসলে পেয়েছিল, একাধিকবার। কিন্তু জীবন কেন যেন বারবার সব এলোমেলো করে দিচ্ছিল।

বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু ছিল রিফাত। তুখড় ফুটবল খেলতো। রিফাতের খেলা দেখতে দেখতেই পরিচয় এবং একসময় সেটা ভালোবাসাতেও রুপ নিয়েছিল। কিন্তু তারপর? সব কেমন বদলে গেলো। রিফাত বিয়ে করতে চেয়েছিল কিন্তু সেদিন রুপাই ফিরিয়ে দিয়েছিল। এরপর রুপা বারবার ভেবেছে, সেদিন কি সে ভুল করেছিল? হয়তো ভুল করেছিল, হয়তো না। রিফাতকে সে সত্যিই ভালোবেসে ছিল। কিন্তু তবুও কিছু কারন থাকে যা উপেক্ষা করা যায় না।
এরপর চাকরীজীবনে পরিচয় হলো রেদওয়ানের সাথে। রুপা তখন অনেক পরিনত। সব বোঝে। রেদওয়ানের রুপার প্রতি আকর্ষনের মূল কারনটা কোথায় সেটা কিছুদিনের মধ্যে ধরে ফেলেছিল রুপা। তারপর একটু একটু করে সরে আসা। এরপরও রেদওয়ান মাঝে মাঝে ইঙ্গিতপূর্ন টেক্সট মেসেজ পাঠাতো। রুপা শুধু হাসতো। রেদওয়ান কেবল ওর শরীরটাই দেখেছিল।

আশরাফের সাথে পরিচয় আরো কিছুদিন পর। রুপা তখন এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল। ভালোবাসার থেকেও, একজন সঙ্গির অভাবটা ওকে বেশি পোড়াচ্ছিল। সব বান্ধবীরা হাসবেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে। অথচ রুপা একা। কোথাও বেড়াতে গেলেও অসহ্য লাগতো। সবাই জুটি বেঁধে বসে গল্প করছে, অথচ রুপা একা একা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। নিজেকে খুব অসহায় মনে হতো তখন।

রুপার অসহায়ত্বকে পুরোপুরি মুছে দিয়েছিল আশরাফ। সেও রুপার কলিগ ছিল। অফিসের এক পিকনিকে পরিচয়। তারপর ধীরেধীরে সম্পর্কের দ্রবনটা ঘন হয়ে আসে। রুপা নিশ্চিন্তে আশরাফের ভালোবাসায় নিজেকে মিশিয়ে দেয়। কিন্তু সেখানেও সুখ রুপার সঙ্গি হয়নি। আশরাফের বাবা ছিল বিশাল বিত্তশালী এবং বদমেজাজী। সাধারন ঘরের খেটে খাওয়া মেয়েকে বৌ করতে তার তথাকথিত সামাজিক মর্জদায় বেধেছিল। রুপাও বুঝেছিল ঐ সংসারে সে সুখি হতে পারবে না। তাই আশরাফকে সেই মুক্ত করে দেয়।

এরপর রুপা ভালোবাসা নামের এই মরিচিকার পেছনে আর ছুটেনি; আসলে ছোটার ইচ্ছেই হয়নি। শ্যাওড়াপাড়ার সেই ছোট্ট ফ্ল্যাটটায় অন্যদের ভালোবাসা দেখেই ওর নিঃসঙ্গ জীবন বেশ কেটে যাচ্ছিল। একাকিত্ব বিলাসও যে মানুষের উপভোগের কারন হতে পারে, সেটাই রুপা বারবার নিজের মাঝে আবিষ্কার করছিল। কিন্তু সেই বিশেষ দিনটা আবারও সবকিছু অন্য রকম করে দিয়েছিল।

সেদিন হঠাৎ কলিংবেলের শব্দে বারান্দায় দাড়িয়ে থাকা রুপার মোহ ভঙ্গ হয়েছিল। দ্রুত গিয়ে দরজা খুলে দেখেছিল তমাল ভাই দাড়ানো। ওদের পাশের বাড়িতেই তমাল ভাই থাকে। বেশ অমায়িক লোক। বয়সে রুপার থেকে বছর খানেকের বড় ছিল। দেখা হলেই খুব লজ্জা পেতো। নীলিমাকে তমাল ভাই একদিন বলেছিল তিনি নাকি রুপাকে পছন্দ করেন। কিন্তু রুপাকে কখনও সরাসরি বলেননি।

“কিছু বলবেন তমাল ভাই?” তমাল ভাই কেমন যেন আমতা আমতা করছিল। রুপার খুব মায়া হচ্ছিল। বললো, “বাহিরে দাড়িয়ে কেন? ভেতরে আসুন।”

তমাল ভাই ভেতরে ঢুকে পরিবেশের সাথে একটু মানিয়ে নিয়ে বলেছিল তিনি নাকি রুপার খোঁজ খবর নিতে এসেছেন। নীলিমা জানিয়ে গিয়েছিল রুপা বাসায় একা। তাই কোন দরকার আছে কি না জানতে এসেছেন। রুপা মনেমনে হাসে। তারপর জানায়, আপাতত নেই তবে মোবাইল নাম্বারটা দিলে ভালো হয়। পরে দরকার হলে ফোন দিবে। তমাল ভাইয়ের নাম্বার রুপার কাছে আগে থেকেই ছিল। নীলিমাই দিয়ে দিয়েছিল বেশ কয়েকদিন আগে। তবুও রুপা আবার নাম্বারটা নিয়ে সেইভ করার ভঙ্গি করে।

তমাল ভাই চলে যাওয়ার পর রুপা ভাবে, ওনাকে বসিয়ে কিছুক্ষন গল্প করলেই হতো। অন্তত সময় কাটতো। পরপরই আবার ভাবে। নাহ! এতটা ‘ডেসপারেট’ সে না। নিজেই নিজের চিন্তার সূত্র ধরে লজ্জা পাচ্ছিল রুপা।

মিনিট খানেকও যায় নাই, আবার কলিংবেল। রুপা দরজা খুলে দেখে কেউ নেই। কি ব্যাপার? কে আবার এখন দুষ্টামী করছে? একটু রাগ হয়েই সিড়ির দিকটায় এগিয়ে যায় রুপা। হঠাৎ দেখে একটা ছোট্ট মেয়ে খিলখিল করে হাসছে। বয়স খুব বেশি হলে চার বা পাঁচ হবে।

“দুষ্টামী করা হচ্ছে তাই না?” গলায় আদুরে একটা রাগ এনে রুপা বলেছিল। মেয়েটা তখনও খিলখিল করে হাসছে।
“তুমি কোন বাসার মেয়ে?” রুপা আবার জিজ্ঞেস করে। এবার মেয়েটা কথা বলে। কী অদ্ভুত সুন্দর নিষ্পাপ সেই কন্ঠস্বর। আজও রুপার কানে বাজে সেই স্বর।
“আমি এখানে থাকি না। উপরের তালায় বেড়াতে এসেছি।”
“ও! তাহলে তুমি একাএকা ঘুরছো কেন? তোমার আম্মু বকা দেবে না?”
মেয়েটা হঠাৎ কেমন যেন বদলে গেলো। তারপর বলল, “নাহ। আম্মু বকা দেয় না।”

রুপার কাছে একটু অদ্ভুত লাগলো। কিছু বলার আগেই উপর তালার ভদ্রলোক দ্রুত নেমে আসেন। রুপার সাথে ভদ্রলোকের সিড়িতে দেখা হতো মাঝেমাঝে তবে নাম জানতো না। ভদ্রলোক মেয়েটাকে দেখতে পেয়ে যেন ভারমুক্ত হলেন।
“নিশা তুমি এখানে? আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তোমার আব্বু টেনশন করছে। উপরে চলো।”
রুপার দিকে তাকিয়ে ভদ্রলোক একটু হাসলেন; তারপর মেয়েটাকে নিয়ে উপরে চলে যাচ্ছিলেন। রুপাও নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়িয়েছিল। হঠাৎ একটা কন্ঠস্বর ওকে থমকে দেয়।

“নিশা মামনি। তুমি এখানে! আমি তোমাকে বাসায়, ছাদে কত জায়গায় খুঁজছিলাম। এভাবে একা একা বের হয়ে যেতে আমি মানা করেছি না মামনি।”
রুপা বুঝতে পারে মেয়েটার বাবা তার ভলোবাসা দিয়ে মেয়েকে শাসন করছে। তবে কন্ঠস্বরটা কেন ওর এত পরিচিত লাগছে?

রুপা কাঁপাকাঁপা পায়ে সিড়ির মোড়ে এসে আবার দাড়ায়। যা ভেবেছিল তাই। স্ববিস্ময়ে রুপার দিকে রিফাত তাকিয়ে আছে। কেউ কোন কথা বলছে না। আসলে কি বলবে সেটাই বুঝতে পারছে না। নিরবতা রিফাতই ভেঙ্গেছিল।
“কেমন আছো?” দুই শব্দের এই বাক্যটা দেখতে যত সাধারন দেখায়, আসলে তা নয়। সম্ভবত পৃথিবীর সব পুরোনো সম্পর্কের নুতন করে সূচনা এ বাক্য দিয়েই হয়।
“এইতো ভালো! নিশা তোমার এবং শর্মীর মেয়ে?”
“হ্যা।”
“ভারি মিষ্টি হয়েছে। শর্মী কোথায়?”
রিফাত কিছুক্ষন চুপ থেকে বলে, “শর্মী আর নেই।”
মূহুর্তে কেঁপে উপঠে রুপা। “কিভাবে?”
“নিশার জন্মের সময়…” রিফাত শেষ করতে পারে না।
সেদিন রিফাত বেশি সময় থাকেনি। কিছুক্ষন পর ওর বাস ছিল। গাজিপুরে একটা ব্যাঙ্কের অফিসার ছিল তখন সে। নিশাকে নিয়ে ফিরে যাবে, তাই বাস ধরতে হতো।

রিফাতকে সেদিন অনেক গম্ভির লেগেছিল। এতদিন পর দেখা হওয়ায় যে উচ্ছাসটা হবার কথা, সেটা ঠিক ছিল না ওর মাঝে। বাস ধরাটা কি এড়িয়ে যাওয়ার বাহানা ছিল নাকি সত্যি কারন সেটা সেই মূহুর্তে রুপা বোঝেনি। তবে রুপার সেই মূহুর্তে খুব কষ্ট হচ্ছিল। এতদিন পর দেখা। অথচ সিড়িতে বলা সেই কথাগুলো ছাড়া আর তেমন কিছু বলেনি রিফাত। সে কি প্রতিশোধ নিল, নাকি এটা তার অভিমান ছিল? নাকি রিফাতের জীবনে রুপা এখন কেবলই একজন অচেনা নারী? যতই সন্ধ্যা ঘনিয়ে রাত নামছিল, রিফাতের জন্য রুপার ভেতরে একটা অন্যরকম হাহাকার তৈরী হচ্ছিল।

তবে নিয়তী সেই রাতে রুপার জীবনের ঝড়কে ওখানেই থামাতে চায়নি। তাই রাত গভীর হবার আগেই রুপার কাছে ফোন কলটা এসেছিল। এ্যাপোলাস হসপিটালের ইমার্জেন্সি থেকে রুপাকে ফোন করে জানানো হয় ওর পরিচিত কারো এক্সিডেন্ট হয়েছে। বিশ্বরোডে একটা সি.এন.জিকে ঘাতক ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে। সি.এন.জি ড্রাইভারের তেমন কিছু না হলেও যে দুজন যাত্রী ছিল, তাদের অবস্থা ভালো না। এখনই রুপাকে হসপিটালে আসতে হবে। রুপা প্রথমে ভেবেছিল হয়তো কতৃপক্ষ ভুল করছে। কিন্তু ওরা যখন বললো, যে ভদ্রলোক আহত হয়েছেন তার মানি ব্যাগে একটা কাগজে স্পষ্ট করে রুপার নাম এবং ফোন নাম্বার লেখা, তখন রুপা এই রাতের বেলায়ও ছুটে না গিয়ে পারেনি।

তার পরের ঘটনা রীতিমত দুঃস্বপ্নের মত। অচেতন রিফাত আর নিশাকে তখনও আই. সি. ইউ-তে নেয়া হয়নি। হৃদয়হীন এই শহরে টাকা ছাড়া যে জীবনের কোন মূল্যই নেই। পাগলের মত কিছু সময় ছোটাছোটি করেও রুপা কারো মন গলাতে পারেনি। তারপর দ্রুত কাছের একটা এটিএম বুথ থেকে ওর একাউন্টে জমা রাখা প্রায় সব টাকা তুলে এনে রিফাতদের আই. সি. ইউ-তে ভর্তি করে। ডাক্তার জানিয়েছিল সেই মূহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে বাঁচার সম্ভাবনা দুজনেরই খুব কম।

সেদিন এপোলাস হসপিটালের করিডোরে বসে রুপার দুচোখ বারবার জলে ভরে আসছিল। নিয়তী কি রিফাতকে নিয়ে রুপার সাথে পরিহাস করে? কেন বারবার ওকে কাছে এনেও দূরে নিয়ে যায়? সেদিনের সেই দুর্ঘটনায় রিফাতের মোবাইল ফোন, ব্যাগ, টাকা সব কিছু স্থানীয় মানুষ দ্রুত নিয়ে গেলেও মানি ব্যাগটা ঠিকই ফেলে দিয়ে গিয়েছিল। আর সেই মানি ব্যাগেই ছিল রুপার নাম্বার। রুপা তখন বুঝতে পেরেছিল রিফাত আসলে এড়িয়ে যাওয়ার ভান করেছিল। উপরতালার সেই ভদ্রলোকের সাহায্যে সে রুপার নাম্বার ঠিকই সংগ্রহ করে নিয়েছিল। সেজন্যই ওর নাম্বার লিখে রেখেছিল কাগজে। রুপার অভিমানী আবেগ যেন নিজের অজান্তেই আবার প্রশ্ন করেছিল, "যদি কাছেই আসবে, তাহলে চলে কেন যাচ্ছিলে? যখন আমি তোমাকে উপেক্ষা করেছিলাম, সেদিন কেন আমাকে আকড়ে ধরতে পারোনি? কেন বোঝনা একটা মেয়ে যখন ভালোবাসে তার অনেক প্রতিবন্ধকতা থাকে। তার পাশে এসে দাড়াতে হয়, তাকে শক্তি দিতে হয়। উপেক্ষা যে কেবল ঘৃনা থেকেই আসে না, ভালোবাসাও কখনও কখনও উপেক্ষা করায়।"

এরপর রুপা উঠে আই. সি. ইউ-তে গিয়ে ওদের পাশে বসে। অদ্ভুত নিরব। প্রতি মূহুর্তে মনে হয় মৃত্যু যেন এলোমেলো ঘুরছে এখানে। নিশার দিকে তাকায় রুপা। মেয়েটার চোখগুলো অসম্ভব সুন্দর। এ চোখ রিফাতের না, শর্মীর চোখ পেয়েছে মেয়েটা; মনেমনে ভাবে রুপা। শর্মী ছিল রুপার সবচেয়ে ভালো বান্ধবী। ওদের মধ্যে অদ্ভুত মিল ছিল। দোকানে কিছু কিনতে গেলে দেখা যেত একই ধরনের কাপড় দুজনের পছন্দ হয়েছে। রেস্টুরেন্টে গিয়ে কিছু অর্ডার দেয়ার সময় প্রায় একই সাথে দুজন একই জিনিসের নাম বলতো। শেষ পর্যন্ত ভালোও বেসেছিল ওরা একই মানুষকে। শর্মীর ভালোবাসা দেখে একসময় রুপা পিছিয়ে এসেছিল; চেয়েছিল রিফাত শর্মীর সাথে সুখি হোক। কিন্তু রুপা ভুল ছিল। সুখের চাবি যে নিয়তী আজও মানুষের হাতে দেয়নি।

নিশার হাতে হাত রাখে রুপা। অচেতন মেয়েটা হাত দিয়ে ওর হাত আলতো ভাবে জড়িয়ে ধরে পরম মমতায়। হয়তো ভাবছিল ওর মা ওকে আদর করছে। মূহুর্তে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে রুপার। মনে হয় এতো আসলে ওরই পরিবার। বারবার ভালোবাসা হারিয়ে বৃথাই রুপা এলোমেলো এখানে ওখানে ভালোবাসা খুঁজেছে। অথচ ওর অজান্তেই ভালোবাসা আজ আবার ওকে খুঁজে নিয়েছে।

“মা! মা!”, মেয়ের ডাকে রুপা চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। ভেলেন্টাইন্স ডে-র পার্টি থেকে ফিরেছে ওর মেয়ে। সাথে মেয়ের বন্ধু শাহেদ। সালাম দিয়ে ছেলেটা মাথা নিচু করে দাড়িয়ে থাকে। রুপার বেশ পছন্দ হয় ছেলেটাকে। কাল রাতে মেয়ের কাছ থেকে শাহেদের কথা শুনেছে রুপা। আজ তাই পরিচয় করিয়ে দিতে নিয়ে এসেছে। রুপা ওদের বসতে বলে কিচেনের দিকে এগিয়ে যায়। তারপর ডাক দিয়ে বলে, “মামনি, একটু শুনে যাওতো।”

রুপার মেয়ে একটু ভয়ে ভয়ে কিচেনে আসে। তারপর মায়ের দিকে তাকিয়ে থাকে। মেয়ের চোখের দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে রুপা হেসে বলে, “শাহেদকে আমার পছন্দ হয়েছে।”
“আই লাভ ইউ মা!” এক লাফে মাকে জড়িয়ে ধরে সে। রুপা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মনেমনে ভাবে নিশা অনেক বড় হয়ে গিয়েছে।

রিফাত মারা গিয়েছিল পরবর্তি একঘন্টার মধ্যেই। কিন্তু রিফাতের রেখে যাওয়া শেষ চিহ্নকে রুপা বাঁচাতে পেরেছিল। আঠারো বছর আগের সেই রাতে পৃথিবীর মানুষ যখন ভালোবাসা দিবসের আনন্দে মত্ত, রুপা নামের এক অতি সাধারন নারী একাকী লড়ছিল ধনতান্ত্রীক সমাজের বিরুদ্ধে, মানবতার মুখোশে ঢাকা অর্থলোলুপ চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে, সর্বপরি অতি ক্ষুদ্র হয়েও বিশালতার বিরুদ্ধে। রুপা সেদিন বুঝেছিল ভালোবাসা কেবল নীল খামের চিঠিই নয়; ভালোবাসা বাস্তবতার বিরুদ্ধে প্রিয়জনের জন্য যুদ্ধ করাও। আর সেজন্যই সারা জীবন নিজে বিয়ে না করে নিশার জন্য জীবনকে উৎসর্গ করেছে সে। নিশাই আজ রুপার জীবনের শেষ বিকেলের ভালোবাসা।

১৪ ফেব্রুয়ারী ২০০৯
ডাবলিন, আয়ারল্যান্ড।

Wednesday, April 23, 2008