Saturday, July 11, 2009

নিরন্তর (উপন্যাস)

বর্তমান প্রজন্ম তথা আমার নিজের প্রজন্মকে আমি বলি সূর্যদয় বঞ্চিত প্রজন্ম। এ প্রজন্ম এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছে যা আমরা সবাই জানি, কিন্তু সে সব নিয়ে কথা বলিনা। এমনকি নিজেদের মাঝেও না। এ উপন্যাসের শুরু পড়ে অনেকেই হতাশ হবেন। মনে হবে এতো আমার সংষ্কৃতির গল্প নয়। অথচ এ গল্প আমাদেরই সমাজের, প্রতিদিন প্রতিমুহুর্তে ঘটে চলা নিতান্তই সাধারন কিছু সত্য।

এক অদেখা মোহের পেছনে নিরন্তর ছুটে চলা বর্তমান প্রজন্মের গল্প নিয়ে লেখা এ উপন্যাস - নিরন্তর। ইচ্ছে আছে আগামী বই মেলায় প্রকাশ করার। সবগুলো পর্ব পড়ে সংক্ষেপে একটা গঠনমূলক মন্তব্য দিলে সেটা মূল গ্রন্থের সাথে তা সংযুক্ত করা হবে। মন্তব্য করতে আপনাকে এখানে লগইন করতে হবে না। আপনার নাম এবং পেশা বা শিক্ষা প্রতিষ্ঠান মন্তব্যের সাথে উল্লেখ্য করলে ভালো হয়।

পর্ব সমূহ যদি উপন্যাসটা পড়ে ভালো লাগে এবং আমার অন্যান্য লেখার আপডেট জানতে ইচ্ছুক হন, তাহলে আমার ফেসবুক পেইজেও জয়েন করতে পারেন। জয়েন করতে ক্লিক করুন ।

শুভেচ্ছান্তে,

- লেখক।

নিরন্তর: ১৩তম - ১৮তম (শেষ) পর্ব (উপন্যাস)

১৩

আকাশ যখন হাই তুলতে তুলতে কফি ওয়ার্ল্ডে ঢুকছিল ওর বন্ধুরা তখন তুমুল আড্ডায় ব্যস্ত। মেজাজটা বেশ খিটখিটে হয়েছিল আকাশের। এরকম অসময়ে এখানে ডাকার কারনটা ঠিক বুঝতে পারছিল না। তার উপর আজকে মনিকাকে নিয়ে লং ড্রাইভে যাবার কথা। সব কিছু জট পাকিয়ে যাচ্ছিল ওর। সজীবের পাশে বসতে বসতে জিজ্ঞেস করলো, “কি রে? এই সাত সকালে এখানে ডাকার উদ্দেশ্যটা কি?”
সজীব প্রথমে একটু সরু ভাবে আকাশের দিকে তাকালো। তারপর বলল, “এখন বাজে দুপুর দুইটা; অতএব এটা সাত সকাল নয় যদি না তুই এই মাত্র আটলান্টিকের কোন দ্বীপে ঘুম থেকে উঠে সরাসরি এখানে আসিস। তবুও সময়টা ‘অসময়’ এবং সেটার কারনও তুই। কাল রাতে তুই নিজেই বলেছিলি আজকে তোর বিকেলে কাজ আছে। তাই বিকেল বা সন্ধ্যার দিকে তুই আসতে পারবি না।”
“হ্যা বলেছি। তাই বলে আজই এসবের আয়োজন করতে হবে? তাছাড়া পার্টির উপলক্ষ্য কি?”
সজীব ম্লান ভাবে হেসে বললো, “অন্য দিনও করা যেত, তবে সমস্যা হলো বছরে আমার জন্মদিন একটাই।”
সাথে সাথে আকাশের মনে পড়লো আজকে সজীবের জন্মদিন। ধ্যাত। নিজের উপরই রাগ লাগলো। সজীব কোন দিন আকাশের জন্মদিন ভোলে না অথচ আকাশ কিনা শুধু ভুলেই যায়নি, আবার জিজ্ঞেস করছে এসব কেন! তাড়াতাড়ি আকাশ কিছু বলতে যাচ্ছিল, সজীব বাঁধা দিয়ে বললো, “না, না। তোকে কিছু বলতে হবে না। তুই যে এসেছিস তাতেই আমি খুশি। তোরতো চেহারা দেখারও আমাদের এখন সুযোগ হয় না।”

আকাশ আর কিছু বলতে পারলো না। চুপ করে রইলো। মনেমনে ভাবলো, বন্ধুদের থেকে আসলেই সে অনেক দূরে সরে যাচ্ছে। কিন্তু এমনটাতো আকাশ ছিল না। কেন এমন হচ্ছে? গত রাতে ইয়াবার নেশায় ঢুবে থাকার সময় সজীব ফোন দিয়েছিল। কি কথা হয়েছে সেটা ভালো করে মনেও নেই। আকাশের সেই নুতন সমস্যা ‘অপেক্ষা’ আকাশকে ভোগাচ্ছে। কিছু একটার জন্য অপেক্ষা, কিন্তু কিসের জন্য, সেটা আকাশ বুঝতে পারছেনা। কেবলই অস্থির লাগে। জীবনটা যেন অসহ্য হয়ে উঠছে দিনদিন।

আকাশকে চুপ করে থাকতে দেখে সজীবের মায়া হলো। পরিবেশ হালকা করার জন্য বলল, “আরে ধুর। মানুষ ভুলে যেতেই পারে। তাই বলে এভাবে মুড অফ করে বসে থাকবি নাকি?”
আকাশ হাসার চেষ্টা করলো। তবে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল মনে অনুশোচনাটা রয়েই গিয়েছে।
সজীব আবার বললো, “ফারজানার সাথে কথা হয়?”
এবার আকাশ উৎসাহের সাথে বলে, “শুধু হয়ই না, রীতিমত উপদেশের অত্যাচারে ভেসে যাচ্ছি।”
ফারজানার কথা উঠায় হঠাৎ আকাশ প্রফুল্য হয়ে উঠে। ব্যাপারটা সজীবের চোখ এড়িয়ে যায় না। তবে এ বিষয়ে কোন মন্তব্য না করে আবার প্রশ্ন করে, “তাই নাকি? কিসের এত উপদেশ?”
“আমার লাইফস্টাইল, একাধিক মেয়েদের সাথে সম্পর্ক রাখা – এসব ফারজানা পছন্দ করে না। বলে তাহলে অনিন্দিতার সাথে পার্থক্য কোথায় রইলো? আমিওতো সেই একই কাজ করছি।”
“তুই ফারজানাকে অনিন্দিতার কথা বলে ফেলেছিস? আমারতো ধারনা ছিল তোর পেট বেশ ভারি!” সজীব খোঁচা দেয়।
“আরে ধ্যাৎ।” আকাশ বিরক্ত হয়। “এমনি এমনি বলি নাই। এই মেয়ে রীতিমত মাথা ধরিয়ে ফেলে যখন উপদেশ দেয়া শুরু করে। একদিন থামাতে গিয়ে বলে ফেলেছিলাম। কোন কুক্ষনে যে কাজটা করেছিলাম। এখন এটাও একটা উপদেশের হাতিয়ার হয়েছে।”
সজীব এবার হাসতে শুরু করলো। বললো, “আসলে ফারজানাকে বলা দরকার এসব উপদেশে তোর কাজ হবে না। বাংলায় প্রবাদ আছে, কাটা দিয়ে কাটা তোলা, বিষে বিষ ক্ষয়, মাছের তেলে মাছ ভাজা ইত্যাদি। বিজ্ঞজনেরা এমনি এমনি বলেননি। তোর সমস্যার সমাধান তোর চারপাশের মেয়েদের দিয়েই করাতে হবে। সবাই যেদিন একযোগে জুতা পেটা করবে, সেদিন বুঝবি কত গমে কত আটা।”

সজীবের শেষের দিকের কথাগুলো হয়তো আকাশের কানে পুরোপুরি ঢোকেওনি, তার আগেই ফোনটা বেজে উঠলো। সজীব লক্ষ্য করলো আকাশ প্রায় নিঃশব্দে কথা বলছে। বর্তমান প্রজন্মের এই আরেক বিশেষত্ব। ফোনে কথা বললে শব্দ হয়না। বেচারা গ্রাহামবেল! কত কষ্ট করে টেলিফোন বানিয়েছিল। এরকম কম্পাঙ্ক সৃষ্টি করা ছাড়া কথা বলা যায় জানলে হয়তো সে অন্য কিছু অবিষ্কারের চেষ্টা করতো।

ফোনে কথা শেষ করে আকাশ জানালো ওকে বিশ মিনিটের মধ্যে বের হতে হবে। সজীব বুঝেছিল বাঁধা দিয়ে লাভ নেই। তাই দ্রুত কেক কেটে আকাশকে ছেড়ে দিল।

***

গুলশানে ইটালিয়ান এম্বেসী খুঁজে বের করতে আকাশের প্রান অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। মনিকা ইটালিয়ান এম্বেসীর পাশে ওর বান্ধবীর বাসায় আকাশের জন্য অপেক্ষা করছে। আগেই আকাশ মনিকাকে বলে রেখেছিল, আজ ওকে নিয়ে ঘুরতে বের হবে। কোথায় যাবে, কিভাবে যাবে – কিছুই বলেনি। শুধু সময়টা বলে ছিল।

প্রায় পনের মিনিট এদিক সেদিক ঘুরে শেষ পর্যন্ত পাওয়া গেলো ইটালিয়ান এম্বেসী এবং তার পাশের বাড়ি। আকাশ মনিকাকে ফোনে জানিয়ে গাড়িটা রাস্তার পাশে পার্ক করে অপেক্ষা করতে লাগলো। ফোটাফোটা বৃষ্টি তখন প্রায় পড়তে শুরু করেছে। বিরক্ত হয়ে আকাশ যখন আবার মনিকাকে কল দিতে যাবে, তখনই মনিকা বের হয়ে এলো। হঠাৎ আকাশের মনে হলো পৃথিবীটা যেন পুরো কেঁপে উঠেছে। সম্মোহিতের মত তাকিয়ে রইলো সে মনিকার দিকে। হলুদ রঙ্গের শিফন শাড়ীতে অসহ্য সুন্দর লাগছে মেয়েটাকে। চোখের কালো কারুকাজ যেন সেই সৌন্দর্যকে দিয়েছে ঐশ্বরীক রুপ। “একেই কি বলে অপ্সরী?” নিজের অজান্তেই ভাবলো আকাশ।

মনিকা আকাশের সামনে এসে হেসে বললো, “কি দেখছো?”
আকাশ মন্ত্রমুগ্ধের মত বললো, “তোমাকে।”
মনিকা তখনও হাসছে। সেই হাসি, সেই চোখ – আকাশের কাছে সব কিছু যেন অপার্থিব মনে হচ্ছিল। মনিকা আবার বললো, “আমরা যাবো নাকি এখানে দাড়িয়ে বৃষ্টিতে ভিজবো?”
বৃষ্টির ফোটায় যেন আকাশের তন্দ্রা কাটে। দ্রুত গাড়ীতে উঠে ওরা বারিধারার দিকে যেতে থাকে। মনিকা জিজ্ঞেস করে, “আমরা কোথায় যাচ্ছি।” আকাশ সরাসরি উত্তর দেয়না। রহস্যময় হাসি দিয়ে বলে, “একটা কোথাও।”
মনিকাও মজা পায়। বলে, “জাহান্নাম ছাড়া আর যে কোন জায়গায় যেতে রাজী আছি।”
আকাশ কথার পিঠে কথা জুড়ে দেয়, “তুমি ওখানে গেলে ওটাও জান্নাত হয়ে যাবে।”
মনিকা ঝট করে আকাশের দিকে তাকায়। তারপর বাঁকা ভাবে বলে, “আজকে এত ফ্লার্ট করার কারন কি?”
আকাশ কেবলই হাসে, কিছু বলেনা।

আশুলিয়ায় হায়দারদের ফার্ম হাউজে পৌছে আকাশ জোরে হর্ন বাজায়। ভেতর থেকে রশীদ দৌড়ে বের হয়ে এসে বিগলিত হাসি দিয়ে মনিকার দরজা খুলে দেয়। আকাশ মনেমনে ভাবে, “টাকায় কি না হয়!”
ফার্ম হাউজের বারান্দায় হাটতে হাটতে মনিকা আকাশকে জিজ্ঞেস করে এটা কাদের ফার্ম হাউজ। আকাশ হেসে বলে ধরে নাও আপাতত আমার। মনিকা এবারও একটা বাঁকা দৃষ্টি দেয়, কিন্তু আর কোন প্রশ্ন করে না।
আকাশ মনিকাকে একটা বেশ বড় হলরুমে নিয়ে যায়। সেখানে ওকে বসিয়ে রেখে দ্রুত বের হয়ে যায়। খানিক পরে আবার প্রায় দৌড়ে এসে রুমে ঢুকে। আকাশের ছেলেমানুষী দেখে মনিকা হাসতে থাকে। খানিকটা অবাকও যে হচ্ছিল না, তা নয়। তবুও কিছু বলছিল না। মনিকা বেশ বুঝতে পারছিল আকাশ ওকে একটা সারপ্রাইজ দিতে চায়। সেটা কি হতে পারে অনুমান করার বার কয়েক ব্যার্থ চেষ্টাও সে করলো, তবে পারলো না।

মনিকাকে বেশি সময় অপেক্ষা করতে হলো না। একটু পরই একটা বড় ট্রেতে করে রশীদ একটা চমৎকার বোতল, দুটো গ্লাস আর আইস কিউবের কেস দিয়ে গেলো। মনিকা বাচ্চাদের মত চিৎকার করে উঠলো, “ওয়াও! ওয়াইন।”
আকাশ হেসে বললো, “এটা ওয়াইন না হানি। এটা স্পিরিট। দিস ইজ হুইসকি।”
মনিকা বোতলটা হাতে নিয়ে বললো, “ঐ একই কথা।”
“আকাশ আর পাতালের মত তফাৎ দুটোতে।” আকাশ বলতে থাকে, “হুইস্কিকে ওয়াইন বললে হুইস্কির রীতিমত অপমান হয়। এ্যালকোহলের তিনটা ব্রড ক্যাটাগরি রয়েছে - বিয়ার, ওয়াইন এবং স্পিরিট। বিয়ারে সর্বোচ্চ ৬% এ্যালকোহল থাকে, ওয়াইনে থাকে ১০ থেকে ১৪% এর মত। আর স্পিরিটে থাকে ৪০% এর উপরে।”
মনিকা অবাক হয়ে বোতলটার দিকে তাকালো, “এটাতো তাহলে অনেক স্ট্রং।”
“হুইস্কি বলে কথা। স্ট্রংতো হতেই হবে।” আকাশ হাসতে হাসতে বলতে থাকে, “ব্র্যান্ডটা দেখো - জেমেসন। এই বোতলের ভেতরে যে পানীয় আছে সেটা হুইস্কির জন্মস্থান আয়ারল্যান্ডে তৈরী।”
মনিকা কথার মাঝে যোগ করে, “কিন্তু আমিতো শুনেছিলাম হুইস্কি স্কটল্যান্ড থেকে এসেছে।”
“খুব একটা ভুল শোননি। স্কটল্যান্ডকেও হুইস্কির জন্মস্থান হিসেবে ধরা হয়। আয়ারল্যান্ডের প্রায় ষাট বছর পর হুইস্কি স্কটল্যান্ডে উৎপাদন শুরু হয়, যাকে স্কচও বলা হয়। আন্তর্জাতিক ভাবে আইন করা আছে, স্কটল্যান্ডের সীমানায় উৎপাদিত হুইস্কিকেই কেবল স্কচ বলা যাবে। আরো মজার ব্যাপার আইরিশ হুইস্কির বানান Whiskey কিন্তু স্কটিশ হুইস্কির বানান Whisky। বানান দেখেই যে কেউ বুঝতে পারবে এটা কোন দেশী। দুই দেশের হুইস্কির টেস্টও দুই রকম।”
আকাশের গল্প মনিকা মুগ্ধ হয়ে শুনছিল। গল্পের ফাকে ফাকে আকাশ বোতল খুলে মনিকাকে এক পেগ হুইস্কি ধরিয়ে দেয়। তারপর বলতে থাকে, “গেইলিক শব্দ “ইশকা বাহা” থেকে এই হুইস্কি শব্দটা এসেছে। ইশকা বাহা-এর অর্থ হচ্ছে “ওয়াটার অব লাইফ”। আইরিশ সন্ন্যাসীরা প্রথম এই তরল উৎপাদন এবং পান করতে শুরু করে। তাদের কাছে এটা ছিল বেঁচে থাকার পানীয়।”

গল্প শুনতে শুনতে মনিকা গ্লাস থেকে খানিকটা হুইস্কি মুখে দেয়। সাধে সাথে ঝাঁজের কারনে চেহারা বিকৃত করে ফেলে। ওর অবস্থা দেখে আকাশ হেসে বলে, “ওয়াটার অব লাইফ দেখি তোমার সহ্য হচ্ছে না।”
খোঁচাটা মনিকার বেশ লাগলো। দ্রুত এক ঢোকে হাতের গ্লাসটা খালি করে আবার আকাশের সামনে বাড়িয়ে দিল। আকাশও তখন মজা পাচ্ছে। মনিকাকে আরেক পেগ দিয়ে নিজের জন্যও এক পেগ বানালো। তারপর চালিয়ে যেতে লাগলো জীবনের তরল দিয়ে জীবনকে রাঙিয়ে তোলা।

নেশাটা মনিকাকে তখন বেশ ধরেছে। আকাশ উঠে এসে ওর সামনে দাড়ায়। মনিকা তন্দ্রালু দৃষ্টি নিয়ে আকাশের দিকে তাকিয়ে হাসে। আকাশ মূহুর্তে মনিকাকে কোলে নিয়ে ফেলে। মনিকার হাসি আরো বেড়ে যায়। আকাশ অবাক হয়ে মনিকার চোখের দিকে তাকায়। শুভ্র মুখে চোখের কালো মাস্কারা আর নেশালু দৃষ্টি মিলেমিশে এনে দিয়েছে এক অন্য জগতের হাতছানি। মানিকার শরীর থেকে অদ্ভুত সুন্দর একটা পার্ফিউমের গন্ধ এসে আকাশকে যেন আরো পাগল করে দিচ্ছিল। ধীরেধীরে আকাশ মনিকাকে সামনের সোফায় শুইয়ে দেয়। তারপর যতই সময় যেতে থাকে ওর হাতগুলো ক্রমেই দুষ্ট হয়ে উঠতে থাকে। সেদিন আশুলিয়ার সেই নির্জন ফার্ম হাউজের বদ্ধ কামরা থেকে খুব ক্ষীন শোনা যাচ্ছিল মনিকা বলছে, “আকাশ আমার খুব লজ্জা লাগছে।” তবে তা কয়েক মূহুর্তের জন্য। তারপর শোনা যাচ্ছিল কেবলই এক অন্য জগতের ভাষা। যে ভাষার কোন অর্থ নেই, কিন্তু প্রকাশ রযেছে; কোন ব্যাকরন নেই কিন্তু রয়েছে অপরিসীম ব্যাপ্তি।

১৪

আকাশের বাবা আশরাফ সাহেবের সাথে সাথে আকাশের দেখা হয় না প্রায় দুই সপ্তাহ। আকাশ ঘুম থেকে উঠে বেলা করে। ততক্ষনে আশরাফ সাহেব অফিসে চলে যান। আবার ওর বাড়ি ফিরতে বেজে যায় রাত এগারোটা-বারোটা। তখন আর বাবার সাথে দেখা করার সাহস থাকে না। ফলে দিনের পর দিন বাবা-ছেলের মাঝে কোন কথা হয় না। আজ ছুটির দিন। আকাশ বাসায় আছে জানতে পেরে আশরাফ সাহেব আকাশকে ডেকে পাঠান তাঁর লিভিং রুমে।

“বাবা, তুমি ডেকেছিলে?”
আশরাফ সাহেব লিভিং রুমে বসে কিছু একটা লিখছিলেন। লেখা থেকে চোখ না তুলেই তিনি আকাশকে বসতে বললেন। সামনে রাখা চেয়ারে বসে আকাশ চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইলো। এই একটা মানুষ যাকে সে খানিকটা সমীহ করে চলে। এমন নয় যে আশরাফ সাহেব খুব রাগী। কিন্তু তার ব্যাক্তিত্ব এতটা প্রখর যে তার কথার উপর কথা বলা বা যুক্তি দেখানো খুব কঠিন।

“গতকাল ব্র্যাক ব্যাঙ্কের গুলশান শাখা থেকে ম্যানেজার আমাকে ফোন দিয়েছিল।” কাজ করতে করতে আশরাফ সাহেব বললেন। “তুমি আমার থেকে কয়েক দিন আগে যে বিশ হাজার টাকার চেকটা নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলে সেটার সত্যতা যাচাইয়ের জন্য ম্যানেজার ফোন দিয়েছিল। আমি বলেছি টাকাটা তুলতে আমিই তোমাকে পাঠিয়েছিলাম।”
আকাশ কোন কথা বললো না। তবে স্পষ্ট অনুভব করছিল ওর পালস রেট বেশ খানিকটা বেড়ে গিয়েছে। কপালে একটু একটু ঘামও জমছে।
আশরাফ সাহেব হাতের কাজটা শেষ করে উঠে দাড়ালেন। তারপর দেয়ালে টাঙানো একটা বড় অয়েল পেইন্টিং-এর সামনে দাড়িয়ে বললেন, “এই পেইন্টিংটা আমি কত দিয়ে কিনেছিলাম জানো?”
আকাশ এবারও কিছু বললো না।
“বিশ হাজার টাকা। তাও আজকের যুগের না। ১৯৮৩ সনে, তোমার জন্মের আগে।”
খানিকটা থেমে আশরাফ সাহেব আবার বললেন, “তখন আমাদের অবস্থা এতটা স্বচ্ছল ছিল না। তবুও জমানো টাকা ভেঙ্গে এই পেইন্টিংটা আমি কিনেছিলাম কারন তোমার মার এটা পছন্দ হয়েছিল। এত টাকা দিয়ে পেইন্টিং কেনাকে সবাই নির্বুদ্ধিতা বলেছিল। কিন্তু আমি আজও বিশ্বাস করি আমার সেদিনের স্বীদ্ধান্ত সঠিক ছিল। আজ আমার অনেক টাকা আছে। চাইলে এর থেকে অনেক ভালো পেইন্টিং কিনতে পারবো। কিন্তু সেদিনের সেই অনুভুতি আজ আর পাবো না। তোমার মায়ের চোখের সেই বিস্ময়ও হয়তো আজ আর দেখা যাবে না।”
আশরাফ সাহেবের কথা আকাশকে আরো নার্ভাস করে দিচ্ছিল। ঠিক বুঝতে পারছিল না প্রসঙ্গটা কোন দিক থেকে চেপে ধরছে। তবে কোন দিকে যাচ্ছে সেটা ঠিকই বুঝতে পারছিল।
“পৃথিবীতে সব কিছু করার একটা সময় থাকে। সেই সময়ের পর কাজগুলো অর্থ হারিয়ে ফেলে। আবার সময়ের আগে করতে গেলেও সেটা অর্থবহ হয় না।”

তারপর আকাশের চোখের দিকে তাকিয়ে কাটাকাটা স্বরে বললেন, “আমি জানি না আমার ছেলে হয়েও তুমি আমার চিন্তা-চেতনা কতটুকু পেয়েছো। তবে আমার মনে হচ্ছে তুমি এমন কিছু করছো যেটা অর্থবহ নয়। পৃথিবী জানে তুমি আমার দেয়া চেক দিয়ে বিশ হাজার টাকা তুলেছো। কিন্তু আমরা দুজন জানি তোমাকে আমি কোন চেক দেইনি। তুমি আমার সিগনেচার নকল করে টাকাটা তুলেছো। তবুও আমার আপত্তি থাকতো না যদি না ম্যানেজার তোমাকে সন্দেহ করতো।”

আকাশ চুপ করে নিচে তাকিয়ে রইলো। আশরাফ সাহেব প্রায় চিৎকার করে বলতে লাগলেন, “আমার ছেলে মাত্র বিশ হাজার টাকা তুলতে ব্যাঙ্কে গিয়েছে। তবুও ম্যানেজারের সন্দেহ হচ্ছে। তুমি কি বুঝতে পারছো তোমার চেহারায় একটা চোরে ছাপ পড়ে গিয়েছে। অপরাধবোধ না থাকলে এটা হওয়ার কথা না। এখন আমাকে বলো টাকাটা দিয়ে তুমি কি করেছো?”
আকাশ নিচের ঠোট কামড়ে ধরে চুপ করে রইলো।
“তুমি বলবে না তাহলে? এই টাকা দিয়ে তুমি কি করেছো সেটা বের করতে আমার খুব বেশি হলে একদিন সময় লাগবে। কিন্তু আমি চাই না বিষয়টা আর অন্য কেউ জানুক। তুমি না বললে হয়তো সেটা আর সম্ভব হবে না।”
আকাশ আমতা আমতা করে বললো, “আমি বলবো। তবে আজ নয়। আমি একটু সময় চাই। তবে আমি সব বলবো। সব কিছু।”
“তোমাকে আমি তিনদিন সময় দিলাম। শুধু টাকা নয়। এরপর তুমি আমার সাথে তোমার পুরো লাইফস্টাইল নিয়ে কথা বলবা।”

আশরাফ সাহেবের লিভিংরুম থেকে যখন আকাশ বের হয়ে আসে তখন ওর পুরো শরীর ঘামে চপচপ করছে। খোলা বাতাসে খানিকক্ষন দাড়িয়ে রইলো। ঢাকা শহরে এখন বাতাসও ঠিক মত পাওয়া যায় না। পুরো পরিবেশ যেন নিস্তব্ধ হয়ে আছে। আকাশ মনে মনে ভাবে, সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক এখনও বুঝতে পারছে না আসলে কি করতে যাচ্ছে সে। কিন্তু এতদূর এসে পিছিয়ে যাবার কথাও ভাবা যায় না।

এলোমেলো চিন্তার সূত্রগুলো মেলাতে যখন সে ব্যস্ত তখন ফোনটা বেজে উঠলো। ডিসপ্লেতে শ্রাবনীর নাম দেখে বিরক্তিটা চুড়ান্ত পর্যায়ে পৌছালো। তবুও দাতে দাত চেপে কলটা ধরলো।
“হাই হানি।”
“আকাশ, তুমি আমাকে কিছু কথা সরাসরি বলবা?”
“কেন? কি হলো আবার?”
“তোমার সাথে কি অন্য কোন মেয়ের সম্পর্ক আছে?”
“কি বলছো এসব?” যতটা আবেগ গলায় আসা দরকার ছিল ততটা আসলো না। আকাশ বুঝতে পারছে আজকে অভিনয়টা ভালো হচ্ছে না। সবকিছুর জন্য মুড লাগে। মেয়েদের সাথে অভিনয় করতে এটা রীতিমত অপরিহার্য।
“প্লিজ ভান করবা না। আমি শুনেছি তোমার সাথে অন্য একাধিক মেয়ের সম্পর্ক আছে।”
“স্যয়ার অন ইউ....”
আকাশকে কথা শেষ করতে দিলনা, তার আগেই শ্রাবনী ঝাঁঝালো গলায় বললো, “আমার কসম কাটছো কেন? তোমার মায়ের কসম কাটো সাহস থাকলে।”
মেজাজটা বিগড়ে গেলো এবার আকাশের। “যাহ শালী, তোরে আমি.....”, মনেমনে কিছু কুরুচীপূর্ন কথা যেন নিজেই নিজেকে শোনালো আকাশ। তারপর আত্মরক্ষার চেষ্টা না করে সরাসরি জিজ্ঞেস করলো, “কে বলেছে তোমাকে এসব?”
“তুমি তাহলে স্বীকার করছো?”
“আমি স্বীকারও করছি না আবার অস্বীকারও করছি না। আমি প্রশ্ন করছি। উত্তর দাও।”
শ্রাবনী কিছুক্ষন চুপ করে রইলো। তারপর বললো, “আমাকে র‌্যাব অফিস থেকে ফোন দিয়েছিল। ওরা বলেছে।”
“ওরা ফোনে তোমাকে র‌্যাবের আইডি দেখিয়েছিল, তাই না?”
শ্রাবনীকে একটু এলোমেলো লাগলো। “নাহ। কিন্তু বলেছে ওরা র‌্যাবের লোক।”
“আমি যদি ফোন করে বলি আমি এ্যাম আই সিক্সের এ্যাজেন্ট জেমস বন্ডের ছোট ভাই, আকাশ বন্ড; সাথে সাথে তুমি সেটা বিশ্বাস করবা?”
শ্রাবনী চিৎকার করে বললো, “আমি এত কিছু জানি না। কিন্তু ওরা আমাকে কেন ফোন দিলো?”
“সেটা তোমার র‌্যাব মামাদেরই জিজ্ঞেস করো। আমাকে আর এ নিয়ে বিরক্ত করো না। আর শোন, ভালোবাসতে হলে বিশ্বাস রাখতে হয়। সেটা রাখতে না পরলে ভালোবাসতে এসো না।”
শ্রাবনী এবার তাছ্ছিল্যের হাসি হেসে বললো, “তোমরা ছেলেরা আসলে বিশ্বাসের যোগ্য না। তোমরা কুকুরের জাত। মেয়ে দেখলেই পেছনে ছোকছোক করতে শুরু করো। তোমাদের বিশ্বাস করা যায় না।”
আকাশ এবার জোরে হেসে ফেললো, “শ্রাবনী, মেয়েদের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো? তোমরা লজিক ছাড়া কথা বলো। একটা গালি দিলা, সেটাও লজিক বিহীন। কুকুর বললা, মানতে রাজি আছি। কিন্তু সাথে যোগ করলা এ জন্য নাকি বিশ্বাস করা যায় না। আরে পরষ্পর বিরোধী গালি দাও কেন? এটা জানো না যে কুকুর হলো প্রানীকূলের সবচেয়ে বিশ্বস্ত প্রানী?”
আকাশ আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শ্রাবনী “হোয়াটএ্যভার...” বলে ফোনটা কেটে দিল। আকাশও মনেমনে বার কয়েক “হোয়াটএ্যভার...” বললো। মেয়েরা পারেই এই একটা কথা বলতে।

ফোনটা শেষ করে আকাশ যেই নিজের রুমের দিকে পা বাড়ালো, তখনই হঠাৎ বিষয়টা অনুভব করলো। ওর সেই অপেক্ষার অস্থিরতাটা আর নেই। শ্রাবনীর ফোন যেন সব কিছুর সমাধান করে দিয়েছে। আসলে আকাশের অস্থিরতাটা ছিল আসিফের পরবর্তি পদক্ষেপ নিয়ে। আসিফ ঠিক কোন দিক দিয়ে আক্রমন করবে সেটাই বুঝতে পারছিল না। ফলে নিজের ভেতরে আকাশ ছটফট করছিল। তবে এখন সব পরিষ্কার। মনেমনে হাসলো আকাশ। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভয়ঙ্কর এক যুদ্ধ।

হঠাৎ ওর মনে হলো ওর কিছু না বলা কথা রয়েছে অনিন্দিতার কাছে। কথাগুলো না বলে যুদ্ধ শুরু করতে সে চায় না। কিন্তু কিভাবে? অনিকে পাওয়া কি এখন কোন ভাবে সম্ভব? তারপর হঠাৎ কি মনে হলো, দ্রুত ফোন দিল সজীবকে,
“কি করিস?”
“ঝিমাই। আর কি করবো বল?”
“কেন? তোর নাফিসা কই?”
“নাফিসা আমার হলো কবে?”
“ঢং বন্ধ কর। অনেক নাটক হয়েছে। আজকে কজমোতে নিয়ে আয়। পরিচয় করিয়ে দে। ভয় নাই। বোনের দৃষ্টিতে তাকাবো।” তারপর আকাশ হাসলো। কিন্তু ওর হাসিটা অনেক ম্লান শোনালো। সজীবও খেয়াল করে বিষয়টা।
“আকাশ তুই ঠিক আছিসতো?”
“হঠাৎ এ প্রশ্ন কেন? আমি কবে বেঠিক ছিলাম?”
“কেন জানি আজকে তোকে অন্যরকম লাগছে।”
আকাশ আর অভিনয় করে না। সরাসরি বলে, “মনটা ভালো নাইরে দোস্ত। ঠিক বিকেল পাঁচটায় আমি কজমো লাউঞ্জে থাকবো। নাফিসাকে নিয়ে আসিস।” তারপর যেন একটা দির্ঘ্যশ্বাস গোপন করেই বললো আকাশ, “তুইতো ওকে অনেক ভালোবাসিস, তাই না? জীবনে ভালোবাসার নামে অনেক নাটক দেখে ফেলেছি। আজ একটু সত্য ভালোবাসা দেখতে ইচ্ছে করছে।”
আকাশ সজীবকে আর কিছু বলার সুযোগ দিল না। ফোনটা কেটে বন্ধ করে রাখলো। আজ আর মোবাইলে কথা বলতে ইচ্ছে করছে না।

আকাশ লাইন কেটে দেয়ার পরও অন্যপ্রান্তে সজীব অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে বসে রইলো বেশ কিছুক্ষন। তারপর ধীরেধীরে কল করতে শুরু করলো নাফিসাকে।

১৫

বিকেলে কজমো লাউঞ্জে বসে আকাশ মোবাইলে স্নেইক গেইম খেলছিল। খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য করলো গেইমটা যতটা না মোবাইলে তার থেকে অনেক বেশি মাথায়। একটা সাপ - যে ক্রমাগতই বড় হচ্ছে, তাকে কাবু করতে মোবাইলের কী-গুলোর উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠার আগেই মাথায় গুছিয়ে ফেলতে হচ্ছে খেলাটা। সমস্ত চিন্তাচেতনা যেন এক হয়ে একটা বিন্দুতে গিয়ে মিশে যেতে চাচ্ছে। আচ্ছা জীবনটাও কি এমন নয়? এখানে যে যুদ্ধগুলো প্রতিনিয়ত আমরা করছি সেগুলোও কি এভাবেই এক হয়ে মিশে যাচ্ছে না একটা নির্দিষ্ট বিন্দুতে? নাকি স্নেইক গেইমের সাপের মতই পেচিয়ে পেচিয়ে যুদ্ধগুলো আমাদেরই উল্টা ঘিরে ফেলছে চারপাশ থেকে? মনেমনে ভাবে আকাশ। কিছু কিছু যুদ্ধ আছে সেগুলো সত্যিই আমাদের সাপের মত ঘিরে ফেলে। একবার খেলা শুরু করলে গেইম ওভার না হওয়া পর্যন্ত খেলে যেতেই হয়। আকাশ বুঝতে পারে সেরকম একটা যুদ্ধের মাঝে সে ঢুকে পড়েছে। এখন গেইম ওভার পর্যন্ত অপেক্ষা ওকে করতেই হবে।

সজীব নাফিসাকে নিয়ে কজমোতে আসে আরো মিনিট দশেক পরে। আকাশকে একটা টেবিলে একা বসে মোবাইলে গেইম খেলতে দেখে সজীব একটু অবাক না হয়ে পারে না। প্রথমত আকাশ সজীবের আগে পৌছাবে এটা সে আশা করেনি। আকাশ বলেছিল পাঁচটায় আসতে। এখন বাজে পৌনে পাঁচটা। আকাশ পনেরো মিনিট আগে এসে বসে আছে; তাও কারো সাথে মোবাইলে কথা না বলে গেইম খেলছে। রীতিমত অকল্পনীয়।

“হাই।” নাফিসাকে দেখে আকাশ এগিয়ে যায়।
নাফিসা প্রথমে একটু লজ্জা পায়। তারপর হেসে বললো, “কেমন আছেন?”
মেয়েটা দেখতে বাচ্চাদের মত। হাসিটাও অপূর্ব। আকাশ মনে মনে হাসে আর ভাবে “বোনের দৃষ্টি”, যেন নিজেই নিজেকে মনে করিয়ে দেয়।
“এইতো ভালো। তবে অনেক রাগ হয়ে আছি।”
“কেন?” নাফিসা একটু অবাক হয়ে জানতে চায়।
“এই মদনটা প্রেম করছে সেই কবে থেকে আর তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে আজ।”
সজীব কিছু বললো না। নাফিসা আবার হেসে বললো, “আসলে আমি বেশ কয়েকবার দেখা করতে চেয়েছি। কিন্তু আপনি ব্যাস্ত থাকেনতো তাই সুযোগ হচ্ছিল না।”
আকাশ সরাসরি নাফিসার দিকে তাকিয়ে বললো, “এই উত্তরটা সজীব শিখিয়ে দিয়েছে, তাই না?”
নাফিসা কিছু না বলে সজীবের দিকে তাকিয়ে হাসতে থাকে।
আবার ওরা ফিরে যায় টেবিলে। কিছু স্ন্যাক্স অর্ডার করে আড্ডা দিতে শুরু করে। এ কথা-সে কথায় ওদের গল্প যতই এগিয়ে যেতে থাকে ততই আকাশ নিজের ভেতরে একটা অন্যরকম অস্থিরতা অনুভব করতে থাকে। যে কথা বলার জন্য নাফিসার সাথে দেখা করা, সে কথাতে আকাশ কিছুতেই যেতে পারছিল না। এক সময় রীতিমত জোর করেই প্রসঙ্গ নিয়ে যায় অনিন্দিতার বিষয়ে। সাথে সাথে নাফিসা একটু আড়ষ্ঠ হয়ে যায়। বিষয়টা আকাশেরও চোখ এড়িয়ে যায় না। কিন্তু কিছু বলে না। আকাশ জানতে চায় অনিন্দিতা কেমন আছে। আকাশের অনিন্দিতা বিষয়ক আগ্রহে সজীবতো বটেই নাফিসাও একটু অবাক হয়। নাফিসা জানায় ওরা ভালোই আছে। অনিন্দিতার বাবার ক্যানসার ধরা পড়েছিল। শেষ স্টেজ ছিল। তাই এক বছরেরও কম সময়ে মারা গেলেন।
“আমার কথা কিছু জিজ্ঞেস করে অনিন্দিতা?” আকাশের গলায় যেন এক অন্যরকম ব্যাকুলতা।
ওর প্রশ্নে নাফিসা চুপ করে থাকে। আকাশ সবই বুঝতে পারে। তারপর বলে, “জানি। জিজ্ঞেস করে না। আসলে করবেও না। আমার প্রতি ওর রয়েছে তিব্র ঘৃনা।”
সজীব সাথে সাথে বললো, “তোরওতো অনিন্দিতার প্রতি কম ঘৃনা নেই।”
“ঘৃনা?” বিষন্ন ভাবে আকাশ জিজ্ঞেস করে। “অনেক চেষ্টা করেছি কিন্তু ওটা আমি আজও করতে পারিনি। নিজেকে বুঝিয়েছি, আমি অনেক অনেক ঘৃনা করি অনিকে। কিন্তু আমার ভেতরের যে আকাশ রয়েছে সে কিছুতেই পারে না ঘৃনা করতে। আমার বাহিরের আকাশের উপর আমার নিয়ন্ত্রন রয়েছে। কিন্তু ভেতরের আকাশ যে স্বাধীন। আমি তাকে দিয়ে যে ঘৃনা করাতে পারিনা। সে কেবলই ভালোবেসে যায় আর আমি ঘৃনার অভিনয় করতে থাকি।”

তারপর নাফিসার দিকে তাকিয়ে যেন আকুতির স্বরে আকাশ বলতে থাকে, “জানি না কোন দিন অনির সাথে আবার দেখা হবে কি না। তোমার সাথে কথা হলে অনিকে বলো আমি আজও ওকে ততটাই ভালোবাসি যতটা প্রথম দেখার পর বেসেছিলাম। জীবনে যখন যেখানে যাই, ভালোবাসার মানুষ কেবল একজনই থাকবে, অনি।”
সজীব এবং নাফিসা দুজনই চরম বিস্ময়ে তাকিয়ে দেখছিল আকাশের চোখে অশ্রু চিকচিক করছে। তবে তা ক্ষনিকের জন্য। দ্রুত আকাশ নিজেকে নিয়ন্ত্রন করে ফেলে। তারপর কথা পাল্টে সজীবকে বলে, “তুই একবার একটা ওয়েব সাইটের কথা বলেছিলি যেখান থেকে টাইমার সেট করে বার্থডে উইশ ইমেইল করা যায়। ওটার এ্যাড্রেস কি?”
সজীব একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, “হঠাৎ ওটার কথা উঠলো কেন? আর ওটা দিয়ে করবিটাই বা কি?”
“এত গার্লফ্রেন্ড যে মনে থাকে না কার বার্থ ডে কবে! তাই টাইমার সেট করে উইশ করবো।” হাসতে হাসতে জবাব দেয় আকাশ।
“আমি বাসায় গিয়ে এ্যাড্রেসটা MSN-এ অফলাইন দিয়ে রাখবো।”
“গুডি বয়!” তারপর নাফিসার দিকে তাকিয়ে আকাশ বললো, “এবার তাহলে আমি উঠলাম। একটা কনফেশন করার ছিল। তোমার কাছে করে গেলাম। যদি কোন দিন পারো অনিকে বলো। না বললেও সমস্যা নেই। আই ডিজার্ভ দ্যাট। আর তাছাড়া মরে টরে গেলে জীবনে একটা আফসোস থাকতো, সজীবের গার্লফ্রেন্ডকে দেখা হলো না। তাই তোমাদের সাথে মিট করলাম। এখন মরতে গেলেও আর আফসোসটা থাকবে না।”

নাফিসা কিছু বললো না। শুধু অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছিল। প্রতি মুহূর্তে মানুষটা বদলে যাচ্ছে। কখনও ভালোবাসার মানুষ তো কখনও প্লেবয়। কখনও সিরিয়াস তো কখনও জীবনকে চরম অবহেলা ভরে দেখা এক পথভ্রষ্ট পথিক।
সজীব আকাশের হাত ধরে বললো, “দোস্ত, তোর কি হয়েছে রে? তুই আবার বদলে যাচ্ছিস।”
“পজেটিভ নাকি নেগেটিভ সেন্সে?”
“প্রথম বারের মত মনে হচ্ছে পজেটিভ সেন্সে।”
আকাশ জোরে হেসে উঠে, “তুই আর মানুষ হবি না। এখন যে আকাশকে দেখছিস, তোর দেখা আকাশের সবগুলো ভার্সনের মধ্যে এটা সবচেয়ে খারাপ এবং ভয়ঙ্কর। বুঝলি?”
সজীব দুই পাশে মাথা নাড়ে।
“বুঝবি, বুঝবি - সময় হলেই বুঝবি।” সজীবের গালে আলতো করে থাপ্পড় দেয় আকাশ। তারপর উঠে বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে।

কয়েকদিন পর এরকমই এক বিকেলে আকাশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে র‌্যাব আকাশকে আবার ধরে নিয়ে যায়। এবার ভদ্রভাবে নয়। রীতিমত টেনে হিচড়ে। তবে তাতে আকাশের দিক থেকে কোন বিশেষ প্রতিক্রিয়া ছিল না। বরং সবাই অবাক হয়ে দেখছিল আকাশ যেন হাসছিল।

১৬

“কি খবর আকাশ? কেমন আছো?”
প্রশ্নটা করে আসিফ আকাশের সামনে চেয়ার টেনে বসলো। র‌্যাব হেডকোয়ার্টারের সেই রুম। সেই একই পরিবেশ। চারদিকে টানটান নিরবতা। আজ শুধু আকাশ আর অসিফ। মুখোমুখি।
আকাশ একটু হাসলো। “এইতো ভালো। আপনি কেমন আছেন?” স্বরটা এমন যেন র‌্যাব হেডকোয়ার্টারে টেনে হিঁচড়ে ধরে আনা হয় কুশলাদি বিনিময়ের জন্য।

আসিফ ভালো করে একবার আকাশকে পর্যবেক্ষন করলো। ওর নির্লিপ্ততার কারনটা বোঝার চেষ্টা করছে সে। আসিফ তার পূর্ব অভিজ্ঞতায় দেখেছে প্রথমবার কাউকে এখানে ধরে আনলে সে খুব ভীত হয়ে পড়ে। কিন্তু পরেরবার একই লোক বেশ স্বাভাবিক হয়ে যায়। এর পেছনে একটা কারন এই হতে পারে যে প্রথমবার তার ধারনা থাকে না সে কোথায় এসেছে। অনেকটা কাউকে চোখ বেঁধে খানিক্ষন হাটিয়ে নেয়ার পর চোখ খুলে দিলে যেমন এলোমেলো অনুভব করে ঠিক তেমনটা। কিন্তু পরবর্তিতে পরিবেশ চেনা হয়ে গেলে তুলনামূলক ভাবে স্বাভাবিক ব্যবহার করতে শুরু করে সবাই। তবে এই স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক করার ওষুধও আসিফের জানা আছে। আসলে খেলাটা যতটা না বাহ্যিক তার থেকে অনেক বেশি শিকার এবং শিকারীর মনের ভেতরে হয়ে থাকে। শিকারকে পরবর্তি আঘাত করতে হবে এমন দিক থেকে যেটা সে ঘুনাক্ষরেও কল্পনা করেনি। তাহলেই সে আবার আগের মত ঘায়েল পশু হয়ে নেতিয়ে পড়বে। এটা অব্যার্থ পন্হা। অতীতে বহুবার আসিফ শিকারের উপর প্রয়োগ করেছে।

“আকাশ, তোমাকে দেখেতো আমি রীতিমত কেঁচো ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি তুমি পাকা খেলোয়াড় প্রমানিত হয়েছো।” রহস্যের স্বরে আসিফ বলে।
“তাই নাকি? জানতাম না তো!” হাসতে হাসতে আকাশ জবাব দেয়।
আসিফের ইচ্ছে করছে এক চড়ে ছেলেটার গালের দুই পাটি দাত এদিক-ওদিক করে দিতে। কিন্তু সেটা সে এই মুহূর্তে করতে চাচ্ছে না। খেলাটা আজ তার কাছে যতটা শারীরিক, তার থেকে অনেক বেশি মনস্তাত্বিক।
“তোমার কি মনে হয়, তোমাকে আমি কেন ধরে এনেছি আজ?”
আকাশ একবার সিলিং-এর দিকে তাকায়; তারপর তাচ্ছিল্য ভরে বলে, “হয়তো কফি খাওয়াতে!”
আসিফ হাসে। নিজেকে রিলাক্স করার হাসি। অন্যদিন হলে এতক্ষনে কয়েকটা চড় আকাশের গালে পড়তো। কিন্তু আজ দিনটা ভিন্ন।
আসিফ আবার বললো, “খাবা নাকি কফি? আনতে বলবো?”
“নাহ থাক। কষ্ট করার কি দরকার ?” তখনও আকাশ হাসছে।
আসিফ চেয়ার থেকে উঠে আসে। “তুমি না খেলেও তোমার অতিথিরা হয়তো পছন্দ করবে। তাদের জন্যও কি বলবো না?”
মুহূর্তের জন্য আকাশকে এলোমেলো দেখায়, তবে সে কিছু বলে না। আসিফের চোখে তখন হাসি। খেলাটা জমে গিয়েছে। ফুটবল আর ইন্টারোগেশন – এই দুটায় সবচেয়ে উপভোগ্য দিক হলো কাউন্টার এ্যাটাক। কোনঠাসা অবস্থা থেকে বের হয়ে এসে ধুম করে গোল করে ফেলার মজাই আলাদা। আসিফ অনুভব করছিল ওর জন্য গোল করাটা এখন সময়ের ব্যাপার।
“কি আকাশ? কিছু বলো?” আসিফ রুমের ভেতর পায়চারী করতে শুরু করেছে তখন।

আকাশ দ্রুত নিজেকে গোছাতে চেষ্টা করলো। গেস্ট বলতে কি বোঝাচ্ছে আসিফ? মনিকাকেও আনা হয়েছে এখানে? সে কি মনিকাকে দেখাতে চায় চাইলেই সে আকাশকে মারধর করতে পারে? যদি তাই হয়, তাহলে সেটা কি আসিফের জন্য ভালো হবে? নাহ। আসিফ সেটা করবে না। সে আজ আকাশের গায়ে একটুও হাত তুলবে না। বিশেষ কারনে প্রথম থেকেই আকাশ চাচ্ছিল হাত তুলুক। কিন্তু মনিকাকে যদি আসিফ এনেই থাকে, তাহলে সে আজ এমন ভালো ব্যবহার করবে যেন তার থেকে ভালো অফিসার র‌্যাবে আর নেই। আকাশ মনেমনে ভাবলো ওকে স্বাভাবিক থাকতে হবে। না হলে একটু একটু করে গুছিয়ে আনা জালটা ঠিকমত আসিফের উপর ফেলা যাবে না। এইতো সেই মুহূর্ত যার জন্য আকাশ অপেক্ষা করেছে দিনের পর দিন।

কিছুটা রহস্যের স্বরে এবার আকাশ বললো, “আমি আর কি বলবো? পাতানো খেলার মত সবতো আপনিই ঠিক করে রেখেছেন। গেস্টদের যখন ডেকেছেন, পাশের রুম থেকে খেলা দেখাচ্ছেন কেন? লাইভ খেলা লাইভই দেখুক।”
আসিফ এগিয়ে এসে আকাশের কাঁধে হাত রেখে কাটাকাটা স্বরে বললো, “ছেলে, তোমার নার্ভ খুব শক্ত। দেখি কতক্ষন সেটা শক্ত থাকে।” তারপর কোন এক অফিসারকে “সবাই”কে নিয়ে আসতে বললো। আকাশ বোঝে ওর অনুমানই ঠিক। এই রুমে মাইক্রোফোন লাগানো আছে। গোপন ক্যামেরাও থাকতে পারে।

আকাশ ভাবতে থাকে, আসিফ নিশ্চয় এখন মনিকাকে সব বলবে। হাজারটা মেয়ের সাথে আকাশের সম্পর্ক। কয়েকজনকে ফোনও দিতে পারে। বিচিত্র না। আসিফের আজকে যে “পেয়ার কি লিয়ে ইয়ে শালা কুছভি কারেগা” বডি ল্যাঙ্গুয়েজ, তাতে সে সবই করতে পারে। আকাশের থেকে একটা স্বীকারোক্তিও হয়তো আদায় করার চেষ্টা করবে। ভাবতে ভাবতে আকাশের সবকিছু কেমন যেন হালকা লাগতে শুরু করে। মনিকার সাথে সম্পর্কটা আজ শেষ যাবে। হয়তো আর দেখাও হবে না। সে তখন মিসেস আসিফ হয়ে যাবে। কি অদ্ভুত! একটা মেয়ের জীবনের পরিবর্তনগুলো কত দ্রুত ঘটে যায়। মেয়েটাকে মিস করবে সে নিঃসন্দেহে। মনিকা আসলে খুব সহজ সরল একটা মেয়ে ছিল। হয়তো সে আকাশকে সত্যিই ভালোবেসেছিল। ভাবতে ভাবতেই হঠাৎ আকাশের মাথায় চিন্তাটা আসে। মনিকা যদি সত্যি তাকে ভালোবেসে থাকে তাহলে সে কেন সেটা অনুভব করছে না? ভালোবাসা অনুভব করার বোধও কি সে হারিয়ে ফেলেছে? আজ যা করতে যাচ্ছে সে, সেটা কি তাহলে ভুল হচ্ছে?

আকাশের চিন্তায় ছেদ পড়ে দারজা খোলার আওয়াজে। আসিফের চালটা যে এদিক দিয়ে আসবে সেটা আকাশ ঘুনাক্ষরেও কল্পনা করেনি। মনিকা নয় আকাশের সামনে দাড়িয়ে আছে শ্রাবনী, রিমি এবং ফারিয়া।
আকাশ নিজেকে নিয়ন্ত্রন করতে পারলো না। চিৎকার করে বললো, “দ্যাটস টু মাচ! ওদের এ সবের মধ্যে আনার মানে কি?”
আসিফ রাগ করে না। বরং হাসতে থাকে। “প্রেম করতে পারো এক সঙ্গে সবার সাথে আর দেখা করার সময় “টু মাচ” হয়ে যায়?”
“আপনি কি চান আমাকে বলবেন?” আবারও ঝাঁজালো গলায় আকাশ বললো।
“গতদিন তোমার গালে চড় দেয়ার পর কি বলেছিলাম মনে আছে?” এবার আসিফের গলার স্বর খানিকটা বদলে যায়।
“ঐ সব অন্যদের বলেন। কালো পোশাক মাই ফুট।”
বেচারা আসিফ। আর সম্ভব হলো না নিজেকে নিয়ন্ত্রন করা। চড়টা এত জোরে পড়লো আকাশের গালে যে ঠোটের নিচ কেটে রক্ত বের হয়ে এলো।

আকাশের অবস্থা দেখে রিমি এবং শ্রাবনী আতঙ্কে চিৎকার করে উঠে। যারা কোন দিন কেউ কাউকে দেখেনি তারা একজন আরেকজনের হাত ধরে কাঁপতে থাকে। তবে ওদের তুলনায় ফারিয়া বেশ স্বাভাবিক রইলো। মুখে একটা তাচ্ছিল্যের হাসি নিয়ে ফারিয়া আকাশের সামনে এসে দাড়ায়। তারপর বললো, “পুওর আকাশ!” একটা টিস্যু পেপার দিয়ে আকাশের ঠোটের কাটা অংশের খানিকটা রক্ত মুছে দিতে দিতে ফারিয়া বলতে থাকে, “তোমার মত ছেলেদের চিনতে আমার বেশি সময় লাগে না। দুদিন তোমার সাথে ঘুরেছি বলে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করেছিলে।”
তারপর টিস্যুটা পাশে রাখা বিনে ফেলতে ফেলতে বললো, “তোমাদের মত ছেলেদের আমি ঠিক এভাবে ডাম্প করি। যেদিন আসিফ ভাই ফোন দিয়েছিলেন, সেদিন থেকে আমি এই মুহূর্তটার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলাম। এটা একটা লাইফ টাইম শো। জীবনে একবারই দেখার সৌভাগ্য হয়।”
তারপর আসিফের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললো, “আসিফ ভাই, এই পুরো শো এর একটা ডিভিডি বানানো যায় না? দারুন হিট হবে কিন্তু।”
আসিফও হাসতে শুরু করে, “নাম কি হবে? “হিরো কেনো র‌্যাব অফিসে”?”

রুমের ভেতরে তখন এক দিকে হাসির বন্যা বইছে, অন্যদিকে আকাশ অপমান আর ক্রোধে ছটফট করছে। ভেতরে যন্ত্রনা হচ্ছে। প্রচন্ড যন্ত্রনা। কিন্তু কিছুই করতে পারছে না আকাশ। নিচের ঠোট কামড়ে ধরে সে নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করে। মনেমনে নিজেকে শান্ত হতে বলে। কিন্তু বললেইতো আর হয় না। কিছুতেই নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রন আনতে পারছিল না আকাশ।

হঠাৎ কামড়ে ধরা ঠোটে নিজের রক্তের নোনতা স্বাদ পায় আকাশ। মুহূর্তে যেন শরীরে বেশ খানিকটা শক্তি চলে আসে। আসিফের দিকে তাকিয়ে আবারও ঝাজালো গলায় বললো, “নাটক শেষ হয়েছে?”
“কি মনে হয় তোমার?”
আকাশ হাসে, “খুব নায়ক নায়ক মনে হচ্ছে নিজেকে, তাই না?”
“অন্য কিছু মনে হবার কি কোন কারন আছে?” ফারিয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে আসিফ।
আকাশ আনমনে সিলিংটার দিকে তাকিয়ে থেকে বললো, “হিজড়ারা কি করে জানেন? সবসময় নিজের দল নিয়ে চলে। একা কখনও চলতে দেখা যায় না। সে সাহস ওদের কখনও হয় না।”
আসিফের জন্য এবার একটু বেশিই হয়ে গেলো। চিৎকার করে সে বলতে থাকে, “বাস্টার্ড। তুই জানিস না তোকে আমি কি করতে পারি।”
কথার মাঝেই আকাশ বললো, “খুব বেশি হলে ক্রসফায়ারে নিয়ে মেরে ফেলতে পারবেন। এর বেশি কি কিছু করতে পারবেন? আপনার তথাকথিত দলটা থেকে বের হয়ে এসে মোকাবেলা করার সাহস কি আছে?”
আসিফ ঝড়ের গতিতে গিয়ে একটা লাথি চালালো। আকাশ চেয়ার থেকে ছিটকে রুমের এক প্রান্তে গিয়ে পড়লো। নিজেকে একটু গুছিয়ে নেয়ার চেষ্টা করলো আকাশ কিন্তু তার আগেই আবার অসিফের একটা লাথি এসে পড়লো ওর গায়ে। আকাশ যতই সরে যেতে থাকে আসিফ ততই পা চালাতে থাকে। আসিফ তখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। ক্রমাগত লাথি চালিয়ে যাচ্ছে আকাশের শরীরে। রুমের বাহির থেকে দুজন অফিসার এসে আসিফকে থামানোর চেষ্টা করলো। কিন্তু সব বৃথা। যেন আজ আসিফের শরীরে অসুরের শক্তি ভর করেছে।
হঠাৎ রুমের ভেতর কি যেন বেজে উঠলো। সবাই লক্ষ্য করলো আকাশের কাছ থেকে শব্দটা আসছে। অনেকটা মোবাইল ফোনের হ্যান্ডস ফ্রি অন করা থাকলে যেমন শব্দ হয় তেমন। আসিফও থেমে গিয়েছে তখন। সবাই অবাক হয়ে আকাশকে দেখতে লাগলো। ওর ঠোটের আরো কয়েকটা জায়গায় কেটেছে। চোখের কোনে রক্ত জমে কালো হতে শুরু করেছে। অথচ সব কিছুকে অগ্রাহ্য করে সে রক্ত মাখা মুখে হাসতে শুরু করেছে। অদ্ভুত বিভৎস সেই হাসি।

আকাশ উঠে বসলো। একটা ভিডিও চলছে ওর মোবাইলে। মোবাইলের স্ক্রিনটা সে বাড়িয়ে দেয় অন্যদের দিকে। সবাই বিস্ময়ে তাকিয়ে দেখে আকাশের মোবাইলে চলা ভিডিওটা থেকে একটা মেয়ের কন্ঠস্বর ভেসে আসছে, “আকাশ আমার খুব লজ্জা লাগছে.....।”

“বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এ্যাডাল্ট সাইট কোনটা জানেন?” উঠে দাড়িয়ে ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে আকাশ সবাইকে উন্মুক্ত ভাবে জিজ্ঞেস করলো। কেউ কোন কথা বললো না। সবাই যেন একটা শকের ভেতর দিয়ে যাচ্ছে তখনও। আকাশ হাসতে হাসতে বললো, “না জানলে জানার দরকার নেই। শুধু এতটুকু জানুন ভক্তরা সাইটটাকে সংক্ষেপে JJ নামে ডেকে থাকে। সেই সাইটের প্রায় ৮৩ হাজার সদস্য ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ওখানে এই ভিডিওটা শেয়ার দিলে পৃথিবীর প্রতিটা মহাদেশে ছড়িয়ে পড়তে এক দিনের বেশি সময় কি লাগা উচিত?” আকাশ হাসতে শুরু করে। বিকৃত কুৎসিত হাসি। আকাশ নিজেও বুঝতে পারে এখন সে যা যা করছে সবই পশুর থেকেও নিকৃষ্ট কাজ; অথচ ওর অদ্ভুত ভালো লাগছিল।

হাসতে হাসতেই আকাশ আবার বললো, “বিশিস্ট র‌্যাব অফিসার আসিফ সাহেবের হবু বউ আকাশ নামক এক লম্পটের সাথে একাকী ঘরে কি সব করছে! ছিঃ! সারা পৃথিবী দেখুক সেটা কি তিনি চান?”
রুমে কেউ কোন কথা বললো না; শুধু আসিফ রোবটের মত এগিয়ে এসে আকাশের কলার ধরে বললো, “তুই কি ভেবেছিস সেই সুযোগ তুই পাবি?”
এক ঝটকায় কলারটা ছাড়িয়ে নেয় আকাশ, “একটু কি আন্ডারস্টিমেট করা হয়ে গেলো না? তথ্য প্রযুক্তির এই যুগে আমাকে গিয়ে শেয়ার দিতে হবে এটা ভাবার কি কোন কারন আছে?” তারপর চতুর ভাবে হেসে বললো, “শুধু বন্দুক চালাতে জানলেই পৃথিবী শাসন করা যায় না। মাঝে মাঝে সুক্ষ বুদ্ধিও মাথায় রাখতে হয়। একটা সাইট আছে যারা টাইমার সেট করে ইমেইল সেন্ড করে। মূলত জন্মদিনের উইশ করার জন্য সাইটটা বানানো। কিন্তু সেটার যে অন্য ব্যবহারও করা সম্ভব সেটা আকাশ এবার পৃথিবীকে দেখাবে। আমি মেগা শেয়ারে ভিডিওটা আপলোড করে লিঙ্ক এবং পাসওয়ার্ড সেই সাইট থেকে একটা মেইলে বাংলাদেশ, ভারত এবং পাকিস্থানের বিভিন্ন এ্যাডাল্ট সাইটের মডারেটরদের বরাবর সেট করে রেখেছি। সময় দেয়া আছে রাত বারোটা। প্রতিদিন আমি বাসায় গিয়ে টাইমারটা একদিন বাড়িয়ে দেই। আজ যদি আমাকে এখান থেকে যেতে না দেয়া হয় তাহলে রাত বারোটার পর সারা পৃথিবী আসিফ সাহেবের হবু বউকে “আকাশ ফিচারিং মনিকা” অনলাইন শো-তে দেখতে পাবে।”

আসিফ আর কোন কথা বলতে পারলো না। চোয়াল দুটো যেন ঝুলে পড়েছে। আসিফের সেই ঝুলে যাওয়া মুখটা দেখতে দেখতে আকাশের ইচ্ছে করছিল একটা চড় বসিয়ে দিতে। কিন্তু সে সেটা করলো না। মারতে হবে মনে, শরীরে না। ইতিমধ্যে শিক্ষাটা আকাশও নিয়ে ফেলেছে। শুধু এগিয়ে গিয়ে আসিফের কলারটা ধরে যেন ধুলো ঝেড়ে দিচ্ছে এভাবে বললো, “হাতে ক্ষমতা আছে, সেটাকে ভালোভাবে ব্যবহার করো। মানুষ মাথায় তুলে রাখবে। আর অপব্যবহার করলে মানুষ আপাতত ভয় পাবে, কিন্তু যখন সুযোগ পাবে তখন সেটার ঝাল সুদে আসলে মিটিয়ে নেবে। তোমার মত গুটিকয়েক র‌্যাব অফিসারের কারনে পুরো বাহিনীটার উপর মানুষের অভক্তি চলে এসেছে। যে সব অফিসার জীবনের ঝুঁকি নিয়ে সত্যি সত্যি ভালো কাজ করছে তাদের সেই অবদানও আজ মানুষের কাছে সাজানো নাটক মনে হয়। এর জন্য দায়ী তোমার মত আসিফরা যারা কালো পোষাকের ক্ষমতাটাই শুধু দেখেছে মর্যাদা নয়।”

আকাশ যখন থামলো রুমে তখন পিনপতন নিরবতা। একটা মানুষও কথা বলছে না। মেয়েরা বিস্ময় আর ঘৃনা মেশানো দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তাতে যদিও আকাশের কিছু যায় আসে না। আকাশ আগেই নিজেকে পশু বানিয়ে ফেলেছে। এখন এসব ঘৃনা-ভালোবাসা-প্রেম-আবেগ আকাশের কাছে কোন মূল্য রাখে না। সে তার প্রতিশোধ নিতে পেরেছে, এটাই তার কাছে মূখ্য। তবে ফারিয়াকে একটু কথা না শুনিয়ে পারলো না। কাছে গিয়ে ফারিয়ার গালটা হাত দিয়ে চেপে ধরে বললো, “অনেক লাফাচ্ছিলি তুই। ডিভিডি বানাবি, তাই না? আমাকেও একটা কপি দিস। আমিও দেখবো।” তারপর আসিফের দিকে তাকিয়ে ফারিয়াকে বলতে লাগলো, “আঁসিফ ভাই! আঁসিফ ভাই! আরে আসিফ তোর কোন বাপের জনমের ভাই লাগেরে? আমার সাথে যখন ধাবায় বসে ফুর্তি করছিলি তখন তোর আসিফ ভাইয়ের কথা মনে ছিল না? শালী ...” গালিটা নিজেই হজম করে নিল আকাশ। আজ আর মুখ খারাপ করতে ইচ্ছে করছে না। তাকিয়ে দেখলো ফারিয়া আতঙ্কিত দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। কোন খুনিও যদি এখন ফারিয়ার সামনে দাড়ানো থাকতো, তবুও হয়তো এতটা ভয় পেতো না যতটা এই মুহূর্তে আকাশকে পাচ্ছে। আকাশ হাসলো। উপভোগের হাসি। তারপর রুম থেকে বেরিয়ে যেতে যেতে অন্য মেয়েদের দিকে তাকিয়ে বললো, “গার্লস, এই অফিসের কফি কিন্তু দারুন। ডোন্ট মিস ইট!”

নিয়তির একটা বিশেষ দিক হলো সে মানুষকে নিয়ন্ত্রন দেয়, কিন্তু একটা সীমা পর্যন্ত। তারপর নিয়ন্ত্রনের গুরুভারটা সে নিজেই তুলে নেয়। আসিফের মুখের উপর যেভাবে আকাশ ছড়ি ঘোরালো সেটা হয়তো নিয়তীরই ঠিক করে দেয়া একটা খেলা ছিল। কিন্তু সেই খেলায় আকাশকে সম্পূর্ন জয়ী হতে দেয়নি নিয়তী। আকাশ যখন ইন্টারোগেশন সেল থেকে বের হয়ে আসে তখন ভূত দেখার মত চমকে উঠেছিল। রুমের ঠিক বাহিরেই মনিকা দাড়িয়ে ছিল। আসিফ যে মনিকাকেও নিয়ে এসেছে এবং অন্যরুমে বসিয়ে রেখেছে সেটা আকাশ তখন আর ভাবেনি। মনিকা হয়তো আকাশের সব কথাই শুনেছে এবং দেখেছে। অন্তত ওর চোখ দেখে তাই মনে হচ্ছিল। মেয়েটা কিছু বলছিল না কেবল আকাশের দিকে চেয়ে ছিল। সেই চোখে কান্না, আকুতি নাকি প্রশ্ন ছিল আকাশ বুঝতে পারেনি। তবে এতটুকু বুঝেছিল সেখানে অনেক অনেক ভালোবাসা ছিল যা ক্রমেই ঘৃনায় পরিনত হচ্ছিল। মনিকার চোখের নির্বাক দৃষ্টি আকাশকে পুড়িয়ে দিচ্ছিল প্রতিক্ষনে। তাই ওর সামনে দাড়িয়ে থাকার সাধ্য আর আকাশের ছিল না।

মনিকার সামনে থেকে দৌড়ে চলে আসার সময় আকাশ লক্ষ্য করেছিল মেয়েটা আজও সে দিনের সেই হলুদ শাড়িটা পরেছে।

১৭

র‌্যাব হেডকোয়ার্টার থেকে বের হয়ে আকাশ সোজা হাটতে শুরু করলো। ট্যাক্সি নেয়া দরকার। র‌্যাব ধরে আনার আগে ওর ক্যাম্পাসে গাড়ীটা পার্ক করে রেখেছিল। এখন আবার মহাখালী গিয়ে গাড়ী নিয়ে তারপর বাসায় ফিরতে হবে। ভাবতেই বিরক্ত লাগছিল আকাশের। সাথে অস্থিরতাটাও বেড়ে যাচ্ছিল। মনিকার চোখগুলো বারবার ওর কল্পনায় ফিরে ফিরে আসছিল। আজ মনিকার চোখগুলো যেন বলছিল ওরা কিছু বলতে চায়। কিন্তু কি? রাগের কথা? যন্ত্রনার কথা? এত নিচে নেমে যাবার পরও আকাশকে কি মনিকার আর কিছু বলার থাকতে পারে?

সেদিন এই হলুদ শাড়িতে মনিকাকে আকাশের অপ্স্বরী লেগেছিল। আজ কি মনিকা সেই শাড়ি পরে এসে নিজের অজান্তেই প্রতিশোধ নিয়ে গেলো? আকাশ চোখ বন্ধ করে ফেলে। কিন্তু ওর চোখে কেবলই হলুদ শাড়ী পরা মনিকাকে দেখতে পায়। চোখ খুললেও তাই। আকাশ ক্রমেই অস্থির হতে শুরু করে। অনুভব করে ওর রক্ত কিছু চাচ্ছে। ইয়াবার নেশাটা আবার মাথায় চেপে বসেছে। দ্রুত ফরিদকে ফোন দেয়। রিং হয় কিন্তু কেউ ধরে না। আবার রিং দেয়। কিন্তু আবারও একই অবস্থা। আকাশের শরীর ছটফট করতে থাকে। ইয়াবার শেষ ট্যাবলেটটাও কাল রাতে খেয়ে ফেলেছে। এখন কি হবে?

হঠাৎ ফোনটা বেজে উঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সজীব। অনিচ্ছাসত্বেও কলটা ধরে আকাশ,
“হ্যা বল।”
“তুই কোথায়?”
“র‌্যাব হেডকোয়ার্টারের বাহিরে।”
“কেন? কি হয়েছিল? তোকে কি করেছে ওরা?”
“সজীব, আমি তোকে পরে বলি সব? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না দোস্ত।” অস্থির ভাবে আকাশ জবাব দেয়।
“আকাশ তুই ঠিক আছিসতো?” সজীব এবার প্রায় চিৎকার করে বলে।
“চিন্তা করিস না। আমি ঠিক আছি। শালাদের সাধ্য ছিল না আমাকে কিছু করার।” তারপর মাতালের মত হাসতে হসতে আকাশ লাইন কেটে দেয়। সজীব আবার কল দেয়ার চেষ্টা করে কিন্তু আকাশ আবারও কেটে দেয়। তারপর নিজেই নিজের উপর হাসে। সবাই ওকে নিয়ে কত চিন্তা করে। কিন্তু ওর নিজেরতো জীবনের প্রতি সমান্য চিন্তা নেই। এমনটা কেন হলো? পৃথিবীর কোন কিছুতে কেন সে আজ আর সিরিয়াসনেস খুঁজে পায় না?
আবার এলোমেলো হাটতে হাটতে ফরিদকে রিং দিতে শুরু করে আকাশ। বেশ কয়েকবার রিং হয়ে হয়ে কেটে যাওয়ার পর হঠাৎ কে যেন ফোনটা ধরে। কিন্তু কথা বলে না। আকাশ জোরে জোরে বারকয়েক হ্যালো বলার পর ফরিদের গলা শুনতে পায়।
“আকাশ ভাই?”
“হ্যা। নাম্বার দেখে চেনো না?” অসহিষ্ণু গলায় আকাশ বলে।
“না। আপনের অন্য নাম্বার ছিল আমার কাছে।”
“তাই বলে ফোন ধরবা না?” এবার আকাশ বিরাক্ত হয়।
“ফোন ধরতে ডর লাগে। অবস্থা ভাল না। র‌্যাবের যন্ত্রনায় মাথা খারাপ আমাদের। জুয়েল ভাইয়েরও কোন পাত্তা নাই। আমরা চলি কেমনে বলেন?”
“কেন? র‌্যাবকে মাল-পানি দিয়ে হাত করতে পারো নাই?”
“এই অফিসারগুলা কোন ভাবেই টাকা পয়সা নেয় না। আমরা অনেক ভাবে বলছি। ক্যাশ না নিলে জমি। জমি না নিলে শেয়ার। কিছুতেই কাজ হয় নাই। এইগুলা আমাদের ব্যবসা শেষ কইরাই ছাড়বো। এখন জানটা নিয়া পালাতে পারলে বাচি।”
আকাশ জোরে রাস্তায় একটা লাথি চলায়। তারপর ফরিদকে বলে, “আমি কোন কথা শুনতে চাই না। আমাকে আজকে এখনই ইয়াবার ব্যবস্থা করে দিতে হবে। যত টাকা লাগে দিব। কিন্তু আমার ইয়াবা লাগবেই।”
“কঠিন ফ্যাড়কায় ফেললেন। কেমননে আসি?”
“আমি বলেছি আমার লাগবে। ব্যাস। আমার লাগবে। কেমনে আসবা সেটা তোমার বিষয়।” কঠিন গলায় এবার আকাশ বলে।
ফরিদ কিছুক্ষন চুপ করে থাকে। তারপর বলে, “কোথায় আসবো মাল নিয়া?”
“আমার ক্যাম্পাসে।”
“সেইডা হইবো না। আপনের বন্ধুরা কইছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আসেপাশে কোথাও আমারে দেখা গেলে খাশী কইরা দিবো।”
আকাশ চিৎকার করে বললো, “তোমার যেখানে খুশি তুমি আসো, কিন্তু - ফর গড সেইক - আমাকে ইয়াবা দিয়ে যাও।”
“আপনে গুলশানের ল্যান্ডমার্কের সামনে থাইকেন। আমি মিস কল দিমু।”
“আচ্ছা ঠিক আছে” বলে আকাশ যখন ফোন রাখতে যাচ্ছিল তখন ফরিদ আবার বললো, “আকাশ ভাই, একদিন আপনে দামাদামী কইরা কইছিলেন যারা না খাইয়া থাকতে পারে না, তারা যেকোন দামে কিনবো। আইজ আপনিই সেটা করলেন।”
আকাশ কিছু বলতে পারলো না। কাঁপাকাঁপা হাতে লাইনটা কেটে দিল।

একটা টেক্সি নেয়া জরুরী হয়ে পড়েছিল। একদমই হাটতে পারছিল না আকাশ। হাত বাড়িয়ে একটা ব্ল্যাকক্যাব থামালো। ঝুরঝুরে শরীরের ক্যাবের দরজা খোলার সময় মনে হচ্ছিল যেন পুরো দরজাই খুলে হাতে চলে আসবে। অথচ ড্রাইভারের গলার তেজ দিব্যি বেশ আছে। ভেতর থেকে আগেই জানান দিল “দশ টাকা বেশি দিতে হবে”। আগে একটা রীতি ছিল। ক্যাব বা সিএনজি ড্রাইভাররা প্রথমে শুনতো কোথায় যেতে চায় যাত্রী। খুব কাছে হলে বলতো, “এত কাছে! দশ টাকা বেশি দিতে হবে”। আর যদি দূরে হতো তাহলে বলতো, “এত দূরে! দশ টাকা বেশি দিতে হবে”। সমীকরন দুটা কিন্তু মূল একটাই। মাঝে মাঝে আকাশের বলতে ইচ্ছে করতো যেখানে গেলে দশ টাকা বেশি দিতে হবে না আমাকে সেখানে নামিয়ে দিও! তবে আজকের ড্রাইভারকে ওভার স্মার্ট মনে হলো। এত ঝামেলার ধার সে ধরে নাই। উঠার আগেই জানিয়ে দিয়েছে দশ টাকা বেশি। আকাশও কিছু বললো না। যেকোন ভাবে এখন মহাখালী গিয়ে গাড়িটা নিতে পারলেই সে বাঁচে।

টেক্সির জানালা দিয়ে বাতাস এসে আকাশের মুখে লাগছিল। শীতটা বেশ পড়েছে এবার। শরীর যেন একটু একটু কাঁপছিল। তবুও কাঁচ উঠালো না আকাশ। মনেমনে ভাবতে লাগলো গত কিছু দিনের কথা। আসিফ যখন প্রথমবার আকাশকে ধরে এনে মেরেছিল তখন থেকেই প্রতিশোধের নেশাটা আকাশের ধমনীতে বইতে শুরু করে। কিন্তু কিছুতেই উপায় খুঁজে পাচ্ছিল না। হঠাৎ মনিকার কথা মনে পড়ে। তুরুপের তাস যে আকাশেরই হাতে সেটা সে বেমালুম ভুলে গিয়েছিল। আসিফের এত কিছু করার কারনইতো মনিকা। আর সেই মনিকাকে নিয়ে আকাশ যা খুশি করার ক্ষমতা রাখে। এরপরই সে ফোন করে হায়দারের গেস্ট হাউজটার ব্যবস্থা করে। বাবার চেক জাল করে ব্যাঙ্ক থেকে টাকা তোলে। তারপর বসুন্ধরা সিটিতে গিয়ে আরেক পরিচিত বড় ভাইয়ের দোকান থেকে ক্যামেরা এবং অন্যন্য যন্ত্রপাতি ভাড়া করে। রশীদকে যে কালো ব্যাগটা আকাশ গাড়ী থেকে নামাতে বলেছিল সেটাতেই ছিল এসব রেকর্ডিং ডিভাইস। পরে রশীদের সাহায্যে হলরুমে গোপন ক্যামেরা সেট করে মনিকার সাথে অভিসারের ভিডিও রেকর্ড করে। তারপর শুরু হয় অপেক্ষার পালা। ভিডিওটা মেগাশেয়ারে আপলোড করে সজীবের থেকে নেয়া সেই ওয়েব সাইটের ইমেইল ব্যবহার করে টাইমার বসিয়ে দেয়। ইমেইলতো না যেন এ্যাটম ব্যোম। আকাশের কিছুটা সংশয় ছিল। হয়তো আসিফ এরপরও এত সহজে ওকে ছাড়বে না। কিন্তু বাস্তবে দেখা গেলো মুখে তার যতই বড় বড় কথা থাকুক কলিজাটা আসলে মুরগির সাইজের।
মহাখালী পর্যন্ত টেক্সিক্যাবে গিয়ে ক্যাম্পাস থেকে আকাশ নিজের গাড়ীটা নেয়। তারপর দ্রুত গুলশান গিয়ে ল্যান্ডমার্ক শপিং সেন্টারের সামনে এসে দাড়ায়। একটু দূরেই ফরিদকে দেখা যায়। একটা চাদরে শরীর এবং মুখ দুটোই ঢেকে রেখেছে। শীত এবং আত্মগোপন – দুই কাজই হচ্ছে তাতে। আকাশ ইশারায় ফরিদকে গাড়িতে উঠতে বলে। রাস্তায় দাড়িয়ে ইয়াবা কিনতে চাচ্ছিল না সে। ফরিদ গাড়িতে উঠলে প্রায় ছো মেরে প্যাকেটটা হাতে নেয় আকাশ। একটা অদ্ভুত শান্তি লাগছিল ওর। এই সেই পরম শান্তির সন্ধান যেটার জন্য এতক্ষন সে অস্থির হয়েছিল। আর ভয় নেই। এখন ওর হাতেই সেই শান্তির চাবি। তারপর ফরিদের দিকে ফিরে বলে, “কত দিবো?”
“সব সময় যা দ্যান, তাই দ্যান। এখনতো আপনে আমাগো রেগুলার কাস্টোমার। না কিনা তো আর থাকতে পারবেন না। ব্যবসা এমনিও হবে, ওমনিও হবে।”
আকাশ কোন কথা বলে না। টাকাটা ফরিদের পকেটে গুঁজে দেয়। ফরিদ ওকে একটু বারিধারা ডি.ও.হেইচ.এস এর রাস্তায় নামিয়ে দিতে বলে। আকাশ এবারও কোন কথা না বলে ড্রাইভ করতে থাকে।
রাতের নির্জন রাস্তায় শাইশাই করে বাতাস কেটে আকাশের গাড়ী এগিয়ে চলে। হঠাৎ ফরিদ জিজ্ঞেস করে, “আইচ্ছা আকাশ ভাই, ইয়াবা খাইতে কেমন?”
“কেন? তুমি কোন দিন খাও নাই?”
“আমি খালি বেচি। খাই না। খাওনের কাজতো আফনাগো।”
“এক দিন খেয়ে দেখো। তাহলেই বুঝবা খেতে কেমন।”
“খাওনের চিন্তা করছি অনেক বার। কিন্তু সাহস যুগাইতে পারি নাই। জানেন আকাশ ভাই, যারা কিনতে আসে তারা সবই ভালো ঘরের ছেলেমেয়ে। প্রথম যখন আসে তখন কত সুন্দর থাকে দেখতে। তারপর চেহারা ভাংতে শুরু করে। কেমন যেন লাগে দেখতে তখন। যে মেয়েগুলা ইয়াবা কিনে, প্রথমে ছেলেদের সাথে আসে। কত হাসাহাসি করে। তারপর খাইতে খাইতে একটা সময় তারা এমন হয় যে দেখলেও ভয় লাগে। পুরা ছেলেদের মত গলার স্বর। চোখ গর্তে ঢুইকা যায়। ছেলেগুলাও আর থাকে না তখন। এই সব দেখলে কি আর খাওনের ইচ্ছা থাকে?”

আকাশ দেখলো ফরিদকে গাড়ী থেকে নামানো জরুরী হয়ে পড়েছে। তাই দ্রুত গাড়ীটা সাইডে পার্ক করে বললো, “ফরিদ, তুমি এখান থেকে রিক্সা নিলে পাঁচ মিনিটের পথ। আমার রাত হচ্ছেতো। তুমি বরং এখান থেকে রিক্সা নিয়েই যাও।”
ফরিদ তাড়াতাড়ি বললো, “আমার কোন সমস্যা নাই। আমি হাইটাই চইলা যামু।” তারপর আবার আকাশের দিকে তাকিয়ে বলে, “আরো লাগলে কল দিয়েন। দেখি, আপনের জন্য ব্যবস্থা কইরা রাখমুনে।”
আকাশ কিছু বলে না। যন্ত্রের মত ড্রাইভ করে বাসায় চলে আসে।

বাসায় ঢুকে দেখে টেবিলে খাবার নিয়ে মা তখনও বসে আছে। এখন আর খাবারের রুচি নেই ওর। তাছাড়া চেহারার এই দশাও মাকে দেখানো ঠিক হবে না তাই কোন কথা না বলে চুপচাপ নিজের ঘরে ঢুকে যায়। পেছন থেকে মা কি যেন জিজ্ঞেস করছিল। শুনেও না শোনার ভান করে দরজা বন্ধ করে দেয় আকাশ।

রুমে ঢোকার সাথে সাথে একটা অন্যরকম অস্থিরতা ঘিরে ধরতে শুরু করে ওকে। ইয়াবার নেশাটা শাপের মত কিলবিল করে ধমনীতে বইতে শুরু করে। যেন এক যোগে ওর পুরো শরীর বলছে - ইয়াবা, ইয়াবা, ইয়াবা।

পকেট থেকে দ্রুত ট্যাবলেটগুলো বের করে একটা হাতে নিয়ে সাইড টেবিলের দিকে নজর দিতেই আকাশের মেজাজ খারাপ হয়ে যায়। এখানে সব সময় পানি এবং গ্লাস থাকে। আজ নেই। এখন বের হয়ে আবার মায়ের সামনে পড়তে ইচ্ছা করছে না। কিন্তু ইয়াবা না নিয়েও থাকা সম্ভব না। বাথরুমের ট্যাপ থেকে পানি আনার জন্য যেই আকাশ উঠে দাড়ায় অমনি ফোনটা বেজে উঠে। সম্ভবত সজীব করেছে। বিরাক্ত হয়ে যেই ধরতে যাবে তখন দেখে স্ক্রিনে “আননোন নাম্বার” শো করছে। আকাশ একটু অবাক হয়। বাহির থেকে কেউ কল করছে। কে করতে পারে এই অবেলায়?
“হ্যালো?”
“হ্যালো আকাশ বলছেন?” একটা মেয়ের গলা শোনা যায়।
“জ্বী বলছি।”
“কেমন আছেন? আমি ফারজানা। ইংল্যান্ড থেকে বলছি।”
আকাশের প্রথমে একটু ধাক্কার মত লাগে। তবে সাথে সাথেই নিজেকে সামলে নিয়ে একটা কৃত্রিম হাসি দিয়ে বলে, “কেমন আছেন?”
“আমি কেমন আছি শোনার দরকার নেই। আগে বলেন আপনি কেমন আছেন? সজীব বললো কি সব পাগলামী করছেন। হচ্ছেটা কি এসব?”
আকাশ হেসে ফেললো। মেয়েটা ফোন করেই ধমক দিচ্ছে। জীবনে আজ প্রথম কথা। তাও ধমক দিয়ে শুরু।
আকাশের হাসি শুনে ওদিক থেকে ফারজানা বললো, “বেশতো হাসছেন। শুনলাম র‌্যাব ধরেছিল। ওরা ধরলে যে মানুষ হাসে আজ প্রথম জানলাম।”
“সব জিনিস সবার হজম হয় না। এটা জানেনতো? র‌্যাব আমাকে হজম করতে পারেনি।”
“তাই নাকি? তবে এত আত্মবিশ্বাস ভালো না। যেদিন হজম করবে সেদিন পুরোটাই করে ফেলবে।”
কথাটা আকাশের গায়ে লাগলো। তাই বললো, “আপনার কোন ধারনা নাই আমি কি করতে পারি। ইউ হ্যাভ নো আইডিয়া।”
ফারজানা একটু তাচ্ছিল্যের সাথে বললো, “আমাদের প্রজন্মের সবারই একই ধারনা। আমরা মনে করি অন্যরা জানে না আমরা কি করতে পারি। আত্মবিশ্বাসটা ভালো কিন্তু এটাকে আমরা যেভাবে ব্যবহার করি সেটা খারাপ। আমাদের সব অপকর্মের সূচনাই হয় এই আত্মবিশ্বাস থেকে। আপনার বলা সেই - “ইউ হ্যাভ নো আইডিয়া” থেকে।”
“আপনি আমাকে উপদেশ দিতে ফোন করেছেন?” এবার আকাশ বিরক্ত হয়।
“না। শুধু এতটুকু বলতে ফোন দিয়েছি যে আপনি যেভাবে জীবনকে চালাচ্ছেন সেটা সঠিক পথ নয়।”
আকাশ হো হো করে হেসে ফেলে। বললো, “তাহলে আপনি আমাকে সঠিক পথ দেখাতে ফোন করেছেন। আমার পথপ্রদর্শক। বাহ, বাহ। তো সেই সঠিক পথটা কোনটা? র‌্যাব অফিসারের হবুবউ এর সাথে প্রেম করায় ধরে মাইর দেয়াটা?
“আপনার মাথায় ঐ একটা বিষয়ই ঘুরছে। আমি মানছি আপনার সাথে তারা যা করেছে সেটা ঠিক হয়নি। তবে এটাও ভুলে যাবেন না যে সেটা ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র।”
“আপনার কাছে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কিন্তু সেটা আমার জন্য অনেক বড় কিছু।” আকাশের নিঃশ্বাস দ্রুত হয়ে আসে। “সবার সামনে এভাবে অপমানিত না হলে কেউ বুঝতে পারবে না আসলে কেমন লাগে।”
“আপনি বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। আর তাছাড়া ওরা কিন্তু আপনার লাইফস্টাইলের কারনেই আপনাকে ধরেছে। সজীবকে কিন্তু ধরেনি। ধরেছে আপনাকে। কেন? নিজেকে কখনও প্রশ্নটা করেছেন?”
এবার আকাশ রেগে যায়, “আমার লাইফ। আমি যেভাবে খুশি কাটাবো। তাতে কার কি বলার আছে? তাতে ওরা কেন নাক গলাবে? যত্তসব...” উত্তেজনায় হাপাতে হাপাতে একটা বাজে গালি দেয় আকাশ। ইয়াবার নেশাটাও তখন পুরোপুরি মাথায় উঠেছে। ফারজানা কিছু বলতে যাচ্ছিল। তার আগেই ওকে থামিয়ে দিয়ে আকাশ বলতে থাকে, “আমি কি করেছি ওদের সাথে শুনবেন? আপনি বলছিলেন না হজম করার কথা? ওরা না। আমি ওদের হজম করে এসেছি।”

তারপর একে একে বলতে শুরু করে কি করে সে আসিফের উপর প্রতিশোধ নিয়েছে। মনিকার কথা। গোপন ক্যামেরায় রেকর্ড করা ভিডিওর কথা। আজকের র‌্যাব হেডকোয়ার্টারে ঘটে যাওয়া ঘটনাগুলো। আকাশ যতই বলছিল ততই যেন এক অদ্ভুত শান্তি পাচ্ছিল মনে। ওর ভেতরে প্রতিশোধের যে আগুনটা জ্বলছিল সেটা যেন একটু একটু করে কমে আসছিল। মনে হচ্ছিল সে দেখাতে পেরেছে সে কি করতে পারে। সেই “ইউ হ্যাভ নো আইডিয়া” ধারনাটা সে প্রমান করতে পেরেছে। এটাই ওর সবচেয়ে বড় সার্থকতা।

একদিকে যখন আকাশ গর্ব ভরে তার অন্ধ প্রতিশোধের গল্প শোনাচ্ছিল, অন্যপ্রান্তে তখন ফারজানা স্তব্ধ হয়ে যাচ্ছিল। বিশ্বাস করতে পারছিল না কার সাথে সে কথা বলছে। আকাশ সব কিছু বলে থামলে ফারজানা শীতল গলায় বলে, “আপনার নিজেকে এখন অনেক বড় হিরো মনে হচ্ছে, তাই না?।”
“হ্যা হচ্ছে। কারন আমি সেরকমই কাজ করে এসেছি।” আকাশের গলার ঝাঁজটা তখনও ছিল।
ফারজানা হাসে। তাচ্ছিল্যের হাসি। “এত বড় হিরো আপনি অথচ একটা বারও এটা মাথায় আসলো না যে আপনি আজ যা করলেন আপনার অনিন্দিতার সাথেও ঠিক একই কাজ করা হয়েছিল।”
এবার আকাশ থমকে যায়। এই প্রথম ওর মাথায় বিষয়টা আসে। কিন্তু অনির ঘটনা আর এই ঘটনাতো এক নয়। আকাশ দ্রুত বলে, “অনির সাথে যেটা করা হয়েছিল সেটা অপরাধ। রায়হান ওর সরলতার সুযোগ নিয়েছিল। কিন্তু আমি যেটা করেছি সেটার একটা পারপাস আছে।”
ফারজানা এবার চিৎকার করে উঠে, “পারপাস? একটা মেয়েকে ড্রাঙ্ক বানিয়ে ভিডিও রেকর্ড করে পৃথিবীর সামনে অপমান করাটাকে আপনি আপনার তথাকথিত প্রতিশোধের কথা দিয়ে জাস্টিফাই করছেন? আপনি কি বলতে চান আপনি মনিকার সরলতার সুযোগ নেন নাই? এটাকে যদি আপনি পারপাস এর দোহাই দিয়ে সঠিক বলেন তাহলেতো রায়হানও বলতে পারতো ওর কোন পারপাস ছিল। আনিন্দিতার অপমান কেন আপনি মেনে নিতে পারেননি? কেন সেই কথা ভেবে প্রতিনিয়ত আপনার রক্তে ঝড় উঠেছে? রায়হানের সেই পারপাসটা কি আপনার নজরে পড়লো না?”
আকাশ আর কিছু বলতে পারে না। চুপ করে থাকে।
ফারজানা আবার বলে, “কি চুপ কেন? কিছু বলার নেই? আজ সবচেয়ে বড় সত্য কি জানেন? অনিন্দিতা এবং মনিকা দুই সময়ে অবস্থান করলেও আসলে তারা এক।”
এবার আকাশ আত্মপক্ষ সমর্থন করে বলে, “রায়হান ইচ্ছে করে অনিন্দিতার ভিডিও রেকর্ড করেছিল। ওর উদ্দেশ্য ছিল সেটা ইন্টারনেটে ছাড়া। শুধু পুলিশের কারনে সেটা হয়ে উঠে নাই। কিন্তু আমি এটা ইন্টারনেটে ছাড়ার জন্য করিনি। আমি শুধু আসিফকে দেখাতে চেয়েছি আমার সাথে কিছু করলে সেটার ফল কেমন হতে পারে। তাছাড়া আপনি অনিন্দিতাকে চেনেন না। তাই আপনার কোন ধারনা নেই আসলে ঘটনা দুটো কত ভিন্ন।”
এবার ফারজানা জোরে হেসে ফেললো। বললো, “ঠিক বলেছেন। আমার কোন ধারনা নেই তাই আমি এভাবে বলছি। আমিতো অনিন্দিতা না। অনিন্দিতা হলে হয়তো বুঝতাম। তাই না?”

ফারজানা হাসছে। হেসেই চলেছে। হঠাৎ আকাশ অনুভব করে ওর পুরো পৃথিবী যেন কেঁপে উঠেছে। চারপাশ আন্দোলিত হচ্ছে। ফারজানার হাসি আকাশের প্রতিটা স্নায়ুকে কিছু বলে যাচ্ছে। আকাশ কাঁপাকাঁপা গলায় কোনক্রমে বলে, “অনি...?”
“যাক হাসিটা অন্তত মনে আছে। গলার স্বর চিনতে পারবা না আমি মোটামোটি নিশ্চিত ছিলাম। দেশে ফোন করলে এখন কেউই আমার স্বর চিনতে পারে না।”
আকাশ তখন পুরোই এলোমেলো, “আমিতো কিছুই বুঝতে পারছি না। তাহলে কে এই ফারজানা? তবে কি তুমি আমার সাথে আবারও খেললে?”
এবার ফারজানার আড়ালে লুকায়ীত অনিন্দিতা একটু হতাশ গলায় বলে, “আকাশ, তুমি সারা জীবনই আমাকে ভুল বুঝলে। এটা আমি শপথ করে বলতে পারি তোমার সাথে আমি কখনও খেলিনি। অতীতেও না, আজও না। তোমার জীবনে ফিরে আসার কোন অধিকার আমার নেই, সেটা আমি জানি। কিন্তু যখন তোমার বেহিসেবী জীবনের কথা শুনলাম তখন নিজেকে আটকে রাখতে পারিনি।
আব্বুর ডেথের পর অস্ট্রেলিয়া থেকে আমরা সবাই ইংল্যান্ডের ম্যানচেস্টারে চলে আসি। এখানে আমার বড় মামা থাকেন। তিনিই আমাদের স্পনসর করে নিয়ে আসেন। দেশে বান্ধবী বলতে নাফিসার সাথেই শুধু যোগাযোগ ছিল। পরে ওর সাথে যখন সজীবের সম্পর্ক হয় তখন তোমার কথা নিয়মিত শুনতে শুরু করি। একদিন সজীবই আমাকে অনুরোধ করে তোমাকে বোঝাতে। তখন আন্টির সাথেও আমার কথা হয়। আন্টিও জানান কিছুতেই তোমাকে তিনি নিয়ন্ত্রনে রাখতে পারছেন না। রাত করে বাড়ি ফেরো। ড্রাগ নিচ্ছো। ক্লাসও করো না ঠিক মত। কিন্তু কি করে আমি তোমাকে বোঝাবো? অনিন্দিতার প্রতি যে তোমার অসীম ঘৃনা। অনি হয়ে কি করে আমি তোমার সামনে যাই? তাই ফারজানা হয়ে তোমার জীবনে আসতে চেয়েছিলম। তোমার সাথে আমার সব স্মৃতিই আজ আমায় কাঁদায়। তাই kanna86 আইডি নিয়ে তোমার সাথে কথা বলা শুরু করি। তবে এটা ঠিক যে তোমাকে পাবার জন্য আমি তোমার জীবনে আসিনি। তোমার গোছানো জীবনটাকে যে এলোমেলো করে দিয়েছিলাম, সেটাকে ঠিক করতে চেয়েছিলাম। আজ এই ফোনটাও আমি করতাম না। নাফিসার কাছে তুমি যা বলেছো সেটাই হয়তো আজ আমাকে এই ফোন দিতে সাহস দিয়েছে।”

আকাশ কোন কথা বলে না। একদম চুপ হয়ে থাকে। অনিন্দিতা আবার বলে, “আকাশ, আজ তোমার সাথে কথা বলতে পেরে যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। কিন্তু এটাও ঠিক আজ তুমি আমাকে অনেক ছোট করে দিয়েছো। আজ তুমি আর রায়হান আমার চোখে সমান হয়ে গেলে।”
আকাশ যেন কিছু বলতে চাচ্ছিল। কিন্তু ওকে থামিয়ে দিয়ে অনিন্দিতা বলতে থাকে, “দোষটা যে আসলে কার সেটাই আজ বুঝে উঠতে পারি না। হয়তো সময়ের। শুধু তুমি না। আমাদের পুরো প্রজন্মই যেন এক অদেখা মোহের পেছনে নিরন্তর ছুটে চলেছে। তোমার মত এমন হাজার হাজার আকাশ জীবনের অর্থ না বুঝে জীবনকে অপব্যবহার করছে। ভালোবাসার নামে আমরা আজ ভালোবাসারই অপমান করছি। এক অদ্ভুত নেশায় আজ আমরা বুদ হয়ে আছি। ছেলেরা মেয়েদের, মেয়েরা ছেলেদের বোকা বানাতে চাচ্ছি। আজ এর সাথে তো কাল ওর সাথে সম্পর্কে যাচ্ছি। রাতের পর রাত টেলিফোনে গল্প করে সময় পার করে দিচ্ছি। তবুও যেন আমরা কোন কিছুতেই তৃপ্ত নয়। আমাদের অতৃপ্তি আজ আমাদের ক্রমাগত অপরাধের দিকে নিয়ে যাচ্ছে। জুয়েলের মত ড্রাগ ডিলারদের ফাঁদে আমরা নিজেদের সপে দিচ্ছি। এমপি, মন্ত্রী, হুইপ পুত্রদের গং-এ যোগ দিয়ে ক্ষমতার জোর দেখাতে গিয়ে নিরপরাধ মানুষ খুন করে ফেলছি। আমরা মনে করছি আমরা জীবনকে উপভোগ করছি অথচ দিন শেষে আমরা নিজেদের যতটুকু ছিল সেটাও হারিয়ে ফেলছি। আর কখনও কখনও তৈরী করছি একেকজন অনিন্দিতা অথবা মনিকাকে।”

আকাশ এবার আর কোন কথাই বলতে পারে না। আকাশের নিরবতায় অনিন্দিতা হাসে। বলে, “তোমার অস্থির লাগছে, তাই না? এখন ইয়াবা নিতে ইচ্ছে করছে। এই এক আজব জিনিস আমাদের ধরিয়ে দেয়া হয়েছে। যখন সত্যগুলো সামনে চলে আসে; আমরা অস্থির হয়ে পড়ি; তখন ড্রাগগুলো আমাদের ডাকতে থাকে। নেশার জগতে ডুব দিয়ে আমরা সমস্ত বাস্তবতাকে ভুলে যেতে চাই। কিন্তু আসলে কি তা সম্ভব?”

তারপর অনুনয়ের সুরে অনিন্দিতা আবার বলে, “আকাশ, আমাদের প্রজন্মের এই নিরন্তর ছুটে চলা কি আমাদের ধ্বংসের মাঝেই শেষ হবে? তুমি কি পারবে না এটাকে ভুল প্রমান করতে? যে মনিকা তোমাকে ভালোবেসেছিল তার সমস্ত ভালোবাসা কি আজ কেবলই প্রতারনা পাবে প্রতিদানে?”
আকাশ যন্ত্রের মত বলে, “আমাকে কি করতে বলো তুমি?”
ধরা গলায় অনিন্দিতা বলে, “আমি যা যা বলবো তুমি করতে পারবা?”
“হ্যা পারবো। তুমি বললে আমি আজ সব পারবো।”
“তাহলে মনিকার সমস্ত ভিডিও তুমি নষ্ট করে ফেলবা। মোবাইল থেকে মুছে ফেলবা সমস্ত মেয়েদের নাম্বার যাদের সাথে তুমি দিনের পর দিন ভালোবাসার অভিনয় করেছো। তোমার কাছে যত ড্রাগ আছে সব ফেলে দিবা। আকাশ আমি দেখতে চাই তুমি প্রমান করেছো তুমি ফিরে আসতে পারো। আমি দেখতে চাই তুমি প্রমান করেছো তোমার বলা সেই কথাটা - “ইউ হ্যাভ নো আইডিয়া”।”
“আর তুমি? তুমি থাকবে না আমার পাশে?”
“তোমার অনি সব সময় তোমার পাশেই থাকবে। যদি কোন দিন ইচ্ছে হয় হাত বাড়িয়ে দেখো, আমার হাতের স্পর্শ পাবে।”

সে রাতে আকাশ এবং অনিন্দিতার বলার মত কথা ছিল অনেক অথচ ওরা যেন কিছুই বলতে পারছিল না। ফোনের এক প্রান্তে অসহায় ভাবে অনিন্দিতা কাঁদছিল আর অন্যপ্রান্তে আকাশ পাথরের মত নির্বাক বসে ছিল।

১৮

আনিন্দিতার ফোন রেখে আকাশ প্রথমে মনিকার সমস্ত ভিডিও হার্ডড্রাইভ এবং মেগাশেয়ার থেকে ডিলিট করে। মোবাইল ফোনের ফোনবুক থেকেও একে একে মুছে দেয় রিমি, শ্রাবনী, ফারিয়া সহ অন্য সব মেয়েদের নাম্বার যাদের সাথে দিনের পর দিন সে অভিনয় করে এসেছে। তারপর ইয়াবার সব ট্যাবলেট খুলে মুঠো ভরে হাতে নেয়। নেশার তিব্র আহবানে ওর শরীর তখন কাঁপছিল। অথচ একটা ট্যাবলেটও না খেয়ে সবগুলো কমডে ফেলে ফ্ল্যাশ করে দেয় আকাশ।

ভোর হতে শুরু করেছে তখন। জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো এসে আকাশের মুখে পড়ছিল। আকাশ অবাক হয়ে তাকিয়ে দেখছিল সূর্যটাকে। কতদিন সে সূর্যদয় দেখে না। সেদিন যেন আকাশ সূর্যদয় বঞ্চিত প্রজন্মের প্রতিভূ হয়ে সূর্যকে ধরিত্রীর বুকে আমন্ত্রন জানাচ্ছিল।



লেখা শুরু - ১৯ জুন ২০০৮
লেখা শেষ - ৬ জুলাই ২০০৯
ডাবলিন, আয়ারল্যান্ড





নিরন্তর এখানেই শেষ। যদি পাঠকের ভালো লেগে থাকে তহলে আগামী বছর লেখার ইচ্ছে আছে নিরন্তেরের পরবর্তি পর্ব অতঃপর ।

যদি উপন্যাসটা পড়ে ভালো লাগে এবং আমার অন্যান্য লেখার আপডেট জানতে ইচ্ছুক হন, তাহলে আমার ফেসবুক পেইজেও জয়েন করতে পারেন। জয়েন করতে ক্লিক করুন ।

নিরন্তর: ৭ম - ১২তম পর্ব (উপন্যাস)

৭

“এ আমি কি দেখছি!” পরিহাসের সুরে সজীব বলল। “লাভগুরু আকাশ আজ দিনে দুপুরে ক্যাম্পাসে? লাল গালিচা বিছিয়ে দেব?”
আকাশ বিরক্ত হয়ে হাতের ইশারায় সজীবকে থামালো। ওর ঘুম থেকে উঠতে উঠতে আজ দুপুর হয়ে গিয়েছে। যদিও এটা নুতন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা হয়। সকালের ক্লাসটা মিস হয়েছে। তিনটার সময় আরেকটা ক্লাস আছে। তাই ভাবলো যাই, করে আসি।
আকাশদের বিশ্ববিদ্যালয়ের গলিতে একটা বটতলা আছে যেখানে বেশ কিছু ঘুন্টি চায়ের দোকান রয়েছে। মহাখালী এবং আসেপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এই জায়গাটা বেশ প্রিয়। মাঝেমাঝে এখানে জড়ো হয়ে আড্ডা দেয় তারা। একটা দোকানে বসতে বসতে সজীব বলল, “মামা, দুইটা চাফি পাঠাও”। চা এবং কফির সমন্বয়ে তৈরী এই চাফি। তার পর আকাশের দিকে ফিরে বলল, “সত্যি করে বলতো, কি মনে করে আজ তুই ক্লাসে আসলি? আমিতো ভেবে ছিলাম আজও আসবি না।”
“কেন আমি কি ক্লাস করি না?”
“করিস, তবে এই গৌন কাজটা তুই সাধারনত কোন মূখ্য কাজের সাথে করিস। তাই ভাবছি তোর মূখ্য কাজটা কি? মেয়ে বিষয়ক কিছু নাকি? এবারের ফ্রেশারদের মধ্যে বেশ কিছু ‘হটি’ আছে।”
“তোর কি ধারনা আমি সব সময় মেয়ে নিয়েই চিন্তা করি?” একটু বিরক্ত হয়ে আকাশ বলল।
“বাহ! তোর এত উন্নতি হয়েছেতো জানতাম না। এখন ছেলেদের নিয়েও চিন্তা করিস নাকি?” সজীব খোঁচাটা দিয়েই হাসতে লাগলো।
আকাশ বলল, “সমস্যাটা কি তোর? ইদানিং তুই বেশি স্মার্ট সাজার চেষ্টা করছিস। গত কিছুদিন ধরেই আমি এটা লক্ষ্য করছি। ঝেড়ে কাশতো এবার।”
সজীব আরো জোরে হেসে বলল, “না রে ভাই। তুই হলি লাভ-গুরু আকাশ। তোর থেকে বেশি স্মার্ট হবার সাধ্য আমার নাই।” তার পর প্রসঙ্গ পাল্টে বলল, “শুনেছিস, অনিন্দিতার বাবা মারা গিয়েছেন?”
“হুম। মার কাছ থেকে শুনলাম কাল।”
“বেচারীর জন্য খারাপ লাগছে।”
“খারাপ লাগার কি আছে? ভালই হয়েছে।”
“আর ইউ আউট অফ ইওর মাইন্ড? একটা মেয়েকে যতই ঘৃনা কর, তার বাবা মারা গিয়েছে, এটা নিয়ে এরকম একটা কথা কি করে বললি?”
আকাশ দেখলো কথাটা এভাবে বলা ঠিক হয়নি। তাই তাড়াতাড়ি বলল, “আচ্ছা বাদদে না প্লিজ। স্বীকার করছি এভাবে বলা ঠিক হয়নি। আসলে এক জীবনে আমি এত ঘৃনা আর কাউকে করতে পারি না।” তার পর একটু থেমে বলল, “তুই কোথা থেকে শুনলি?”
“আমাদের এ্যাপার্টমেন্টের তিনতালার নাফিসা অনিন্দিতার বান্ধবী। নাফিসার কাছ থেকে শুনলাম।”
“কোন নাফিসা? ঐ যে সেক্সি করে মেয়েটা?”
“সব মেয়েকেই তোর সেক্সি লাগে, তাই না? একটা মেয়ে যে কারো বোন হতে পারে, কিম্বা কারো ভালোবাসার মানুষ, এমনকি তোর নিজেরও, সেটা মাথায় আসে না কেন?” সজীব বিরক্তভাবে বললো।
আকাশ খোঁচা দিয়ে বলল, “ব্যাপার কি রে? এত গায়ে লাগছে কেন? নাফিসার সাথে তোর চক্কর চলছে নাকি? এরকম কিছু হলে আমাকে আগেই বলে রাখিস। বন্ধুদের গার্লফ্রেন্ডের দিকে হাত দেয়ার মত খারাপ সময় এখনও আকাশের আসেনি।” কথাটা বলেই আকাশ হাসতে লাগলো।
চাফির মাগদুটো দোকানের ছেলেটার হাতে দিতে দিতে সজীব বলল, “এতটুকু জেনে রাখিস, অন্তত বিয়ের আগে আমার বৌ-এর সাথে তোর কোনদিন পরিচয় করিয়ে দেব না।”

কথাটা আকাশ গায়ে মাখলো না এতটুকু। আসলে তখন সে ব্যস্ত অন্য বিষয়ে। গলির মুখে ফরিদকে দেখা যাচ্ছে। ফরিদ হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়াবা সাপ্লাই দেয়ার মূখ্য ব্যাক্তি। আগে ইয়াবা সম্রাট জুয়েলের নিকেতনের বাসা থেকেই সবাই ইয়াবা নিয়ে আসতে পারতো। এমন কি প্রথম দিকেতো জুয়েল পার্টি থ্রো করে ফ্রি ইয়াবা দিত। পরে টাকা নেয়া শুরু করে। একটা সময়ে ব্যাপারটা জানাজানি হতে শুরু করলে জুয়েল বিভিন্ন এ্যাজেন্টের মাধ্যমে ইয়াবা সাপ্লাই করা শুরু করে। বলাইবাহুল্য ফরিদ সে সব এ্যাজেন্টদের মধ্যে অন্যতম।
আকাশ উঠে গিয়ে ফরিদকে ডাক দিল। ফরিদ বিগলিত একটা হাসি দিয়ে বলল, “কি খবর আকাশ ভাই?”
“খবরতো সব তোমার কাছে। মাল কোথায়?”
“মালের কথা আর বইলেন না। র‌্যাবের কারনে মাল সাপ্লাইয়ে বহুত সমস্যা হইতাসে।”
“কেন র‌্যাব মালপানি নেয় না?”
“আসলে তাগো বুঝা মুশকিল। কার এত বুকের পাডা আছে তাগো লগে মালপানি নিয়া ক্যাচাল করতে যাইবো? কোন সময় ক্রসফায়ারে ফুট্টুস কইরা দিব।”
“ধুর, সব বাজে কথা। কাপড়ের রং খাকি থেকে কালো হলেই মানুষ পরিষ্কার হয় না।”
“চেষ্টা চলতাসে। জুয়েল ভাইতো এখনও লাপাত্তা। আমরাই দেখা পাই না। তয় ব্যবস্থা হইবো একটা না একটা।”
আকাশ দেখলো আসলেই অবস্থা বেশ খারাপ। সরকার ইয়াবার বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। যেন পলিথিলিন মুক্ত বাংলাদেশের মত এখন ইয়াবা মুক্ত বাংলাদেশ গড়বে। কিন্তু ওদের কি হবে? ইয়াবা যে ওদের অনেক কষ্টের বন্ধু। যখন প্রচন্ড হতাশ লাগে আকাশের, তখন ইয়াবাই যেন শেষ আশ্রয়। ইয়াবার আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা অন্য ড্রাগের মত ঘুম পাড়িয়ে দেয় না বরং এটা জাগিয়ে রাখে। আকাশ ওর পরিচিত কিছু ছেলেমেয়েকে দেখেছে, ইয়াবা খেয়ে দিনের পর দিন না ঘুমিয়ে জেগে আছে। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চেহারা ভেঙ্গে গিয়েছে। তবুও তারা নিচ্ছে তো নিচ্ছে। যদিও আকাশ এতটা এ্যাডিকটেড না, তবে যখন পুরানো কষ্টগুলো জেগে উঠে বুকের মাঝে তখন ইয়াবা ওকে অনেক শান্তি দেয়।
আকাশ ফরিদকে বলল, “আমি অত কথা বুঝি না। আমাকে মাল দিতে হবে, এবং এখনই।”
“কিছু মাল আছে। তয়, ডবল দাম দিতে হইবো। বোঝেনইতো অবস্থা।”
আকাশ বিরক্ত হয়ে বলল, “আমার সাথে ধান্দাবাজি কর, তাই না? অবস্থার ফায়দা তুলছো?”
ফরিদ যেন খুব লজ্জা পেয়েছে এমন ভাবে বলল, “কি যে কন আকাশ ভাই। তয় কিছু করনের নাই।”
আকাশ বুঝলো এভাবে কাজ হবে না। তাই স্বর নরম করে বলল, “দেখো ফরিদ, আমিতো মাঝে মধ্যে মজা করে খাই। আমার থেকে ডাবল দাম নিয়ে কয় টাকা আর লাভ করতে পারবা? তোমাদেরতো রেগুলার কাস্টোমার আছে। ওরা না কিনে থাকতে পারবে না। আসল ব্যবসাতো ওদের থেকেই করতে পারো।”
ফরিদ কি যেন ভাবলো। তার পর বলল, “আইচ্ছা ঠিক আছে। আগের দামেই দিচ্ছি আপনারে।” তার পর একটা কাগজের প্যাকেট বের করে আকাশের হাতে দিয়ে দিল। আকাশও একটা পাঁচশ টাকার নোট ফরিদের পকেটে গুঁজে দিল।

বিদায় নেয়ার আগ মুহুর্তে ফরিদ আকাশকে বলল, “আকাশ ভাই, আপনারে ভালো পাই, তাই একটা কথা কই। আমাদের যারা রেগুলার কাস্টোমার আছে, তারা কিন্তু শুরুতে আপনার মত মজা কইরা খাইতো। তার পর এক সময় এমন হইছে যে আর না খাইয়া থাকতে পারে না। যদিও এইডা আমার ব্যবসা, তবুও আপনারে কমু, যদি পারেন ছাইড়া দিয়েন। জিনিসটা একদমই ভালো না।”

আকাশ কিছু বললো না। কিছুক্ষন ফরিদের দিকে তাকিয়ে থেকে চুপচাপ হেটে চলে আসলো বন্ধুদের মাঝে। কিন্তু এখানেও সেই একই আলোচনা, ইয়াবা। এক ছেলে নেতাদের মত ইয়াবা বিষয়ে মিডিয়ার বিভ্রান্তিকর প্রচারনা নিয়ে কথা বলছিল। কিছুদিন আগে দেশের কিছু দৈনিক পত্রিকা ‘ইয়াবা সুন্দরী ইয়ানা’ নামে একটা রিপোর্ট করেছিল। এই মেয়ে আকাশদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। আসৎ সঙ্গে পড়ে সে কিছুদিন ইয়াবা নিয়েছিল বটে, তবে এক সময় সে তার ভুল বুঝতে পেরে সরে আসে এ পথ থেকে। এখন সে সমাজের একজন সম্মানিত ব্যাক্তির স্ত্রী। অথচ তাকে নিয়ে যেভাবে উল্টাপাল্টা কথা ছড়ানো হচ্ছে, এটা তার পারিবারিক এবং সামাজিক শান্তি নষ্টের জন্য যথেষ্ট। শুধু এই মেয়েই নয়, অন্য যাদের নিয়ে হুটহাট মন্তব্য করে বসছে মিডিয়া, কতটুকু গভীরের খবর তারা জানে সেটা রীতিমত সন্দেহজনক।

ইয়াবা বিষয়ক বক্তব্য আকাশের আর একদমই ভালো লাগছিল না। তাই উঠে ক্লাসের দিকে হাটা দিল।
আকাশ চলে যাবার পর সজীব এবং আরো কিছু ছেলে ফরিদকে ঘিরে ধরেছিল। তারপর কাটাকাটা শব্দে জানিয়ে দিয়েছিল যদি তাকে আর একবারও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আসেপাশে দেখা যায়, তাহলে তার বিশেষ অঙ্গের নিচে একটা ছোট অপারেশন করে দুটো রসুন ভরে দেয়া হবে। বলাইবাহুল্য, এর পর ফরিদকে স্বশরীরে অন্তত সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর কখনও দেখা যায় নাই।

৮

“কি খবর? কেমন আছেন?”
ফারজানা ম্যাসেঞ্জারে নক করেছে। আকাশের কথা বলতে ইচ্ছে করছিল না। অনিচ্ছা স্বত্বেও কথা বলল।
“এইতো ভালো। আপনি?”
“আমিও ভালো। এত রাতে কি করছেন? দেশেতো এখন তিনটার বেশি বাজে।”
“আমি নিশাচর প্রানী। রাতে জেগে থাকি, আর দিনে ঘুমাই।”
“আরে বাহ! ক্লাসটা কে করে দেয়? স্যার নিজেই?”
খোঁচাটা আকাশ সম্পূর্ন অগ্রাহ্য করলো। সুন্দরী মেয়েরা খোঁচা দিতেই পারে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। যদিও ফারজানা নামক এই অদেখা নারী সুন্দরী কি না সেটা এখনও জানা যায়নি। সজীবকেও কোন দিন জিজ্ঞেস করা হয়নি। আসলে কেন যেন এই মেয়েটার প্রতি তেমন কোন আকর্ষন বোধ করছে না আকাশ। হয়তো সজীবের বলা সেই কথাটাই সত্য, “ফারজানাকেতো আর বেডে নেয়া যাবে না।”, মনে মনে ভাবছিল আকাশ।

হঠাৎ ভাবনায় ছেদ পড়লো। ফারজানা আবার লিখেছে, “কি হলো চুপ করে আছেন কেন?”
আকাশ লিখলো, “ভাবছি আমরা কয়েকদিন হয়ে গেল কথা বলছি, কিন্তু এখনও তুমিতে আসতে পারলাম না।”
“কেন? তুমিতে আসাটা কি খুব জরুরী?”
“তা না হলে কেমন যেন পর পর মনে হয়। বন্ধুত্বটা ঠিক জমে না।”
“তাই নাকি? আর যাদের তুমি করে বলেন, তাদের সবাইকেই কি খুব আপন মনে হয়?”

“মেয়েটার সমস্যাটা কি? প্রত্যেকটা কথায় খোঁচা দিচ্ছে।” মনেমনে ভাবলো আকাশ। তার পর লিখলো, “‘তুমি’ হচ্ছে বন্ধুত্ব এবং ভালোবাসার প্রথম পদক্ষেপ।”
ফারজানা ভেংচিকেটে লিখলো, “আমাকে ভালোবাসতে কে বলেছে আপনাকে?”
আকাশও সাথে সাথে একহাত নিল, “আমার এত খারাপ দিন আসে নাই যে আপনাকে ভালোবাসতে হবে। আমি বন্ধু হবার প্রথম পদক্ষেপের কথা বলছিলাম।”

আকাশ এখন বেশ প্রফুল্যবোধ করছে। দুইদুইটা খোঁচা খাবার পর ইটের জবাবে একটা পাটকেল মারতে পেরেছে। তবে ফারজানাকেও বেশ চটপটে দেখা গেল। সাথে সাথেই লিখলো, “আপনার হৃদয়ে এত নারী আছে যে আপনি চাইলেও আমাকে ভালোবাসতে পারবেন না। জায়গা হবে না তো!”
“তাই নাকি? আমার খবর বেশ ভালই জানেন দেখছি? কে দিল এত তথ্য? সজীব?”
“কেন সজীব ছাড়া কি আর খবর জানার মানুষ নেই? মনে রাখবেন, পৃথিবীটা গোল। কখন যে কে কার পরিচিত বের হয়ে যায়, আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না।” এর পর রহস্য করে বললো, “হয়তো আপনার কোন এক গার্লফ্রেন্ড-এর বান্ধবী আমি।”

আকাশ একটু চিন্তায় পড়ে গেল। মেয়েটা কি মজা করছে, নাকি সিরিয়াস? এই মেয়েকে যতটা সোজা মনে হয়েছিল, আসলেতো সে ততটা সোজা নয়।

আকাশকে কিছু লিখতে না দেখে ফারজানা আবার লিখলো, “এই যে মি. নিশাচর। এত কি ভাবছেন? চিন্তা করেন না, আমি আপনার নীলা-লোলিতা-নিরুপমাদের বান্ধবী না।” তার পরপরই প্রসঙ্গ পাল্টে লিখলো, “আচ্ছা, এত মেয়ের সাথে যে প্রেম-প্রেম খেলা খেলেন, কি মজা পান আপনি? বোর লাগে না?”
আকাশ একটা হাসি দিয়ে লিখলো, “বোর কেন লাগবে? এই খেলা আমাকে এ্যানার্জি দেয়।”
“আরে ধুর। আমি সিরিয়াস। সত্যি করে বলেনতো, আপনার খারাপ লাগে না এমন করতে?”
হঠাৎ করে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। লিখলো, “খারাপ লাগার কি আছে? আমি যা করছি, তারাও তাই করছে। সবাই তাই করে।”
“কিন্তু আপনি যা করছেন, সেটা যে ঠিক না, সেটা কখনও মনে হয়নি?”
“কেন ঠিক হবে না? আমি যা করছি এটাই ঠিক।অল দ্যা গার্লস আর বিচেস।” হঠাৎ করে যেন আকাশের ভেতরে নিভে থাকা আগুনটা দপ করে জ্বলে উঠলো। মনে মনে বলল, “আমাকে ভালো-খারাপ শেখাতে এসেছে! সব মেয়েই আসলে একেকটা…।” আকাশের মাথায় ‘ম’ অদ্যাক্ষরের একটা গালি ঘুরছিল তখন।

আকাশের কথায় ফারজানা হয়তো একটু হতভম্ব হয়ে গিয়েছিল। তাই বেশ কিছু সময় চুপ করে রইলো। তার পর লিখলো, “একটা সত্য কথা বলবেন?”
“কি?”
“আপনার ভেতরে কি কোন তিব্র কষ্ট আছে?”
“সেটা জেনে আপনার কি দরকার?” কথাটা বলেই আকাশ বুঝলো বেশি রুঢ় হয়ে গেল ব্যবহারটা। কিন্তু মেয়েটাই বা কেন এ সব কথা তুলছে? আকাশের ভেতরের ঘৃনার সমুদ্রে যে সে ঝড় তুলে ফেলেছে এরই মধ্যে।
ফারজানা কিছু লিখছে না দেখে আকাশ আবার লিখলো, “আমি সরি। আসলে এ ব্যাপারগুলো আমাকে প্রতিমুহুর্তে যন্ত্রনা দেয়। এ সব বিষয় উঠলে আমার মাথা ঠিক থাকে না।”

ফারজানা মনে হয় ততক্ষনে আকাশকে একটু একটু করে বুঝতে পারছে। তাই লিখলো, “যন্ত্রনাগুলো ভেতরে রাখলে আপনি আরো কষ্ট পাবেন। আমার সাথে শেয়ার করুন। হালকা বোধ করবেন।”
“কি শেয়ার করবো? এখানে শেয়ার করার কিছু নাই।”
“অবস্যই আছে। বুকের ভেতরে আপনি যন্ত্রনার সমুদ্র নিয়ে বসে আছেন। আর বলছেন শেয়ার করার কিছু নাই?”
“আমি সত্যিই জানি না এসব কষ্ট কি করে শেয়ার করে।” হতাশ ভাবে আকাশ বলল।
“আমি আপনাকে সাহায্য করছি। আপনি শুরু করুন। যেখান থেকে ইচ্ছা, শুরু করুন।”
“আপনি প্রশ্ন করুন। আমি উত্তর দিচ্ছি।”
“আপনার ভালোবাসার মানুষের কথা বলুন। যাকে আপনি সত্যি সত্যি ভালোবেসে ছিলেন। আমি নিশ্চিৎ, এমন কেউ না কেউ আপনার জীবনে অবস্যই ছিল।”

আকাশ প্রথমে একটু চুপ করে ছিল। তার পর যেন নিজের অজান্তেই লিখে ফেললো নামটা। “অনিন্দিতা। আদর করে আমি ডাকতাম – অনি।” বুকের ভেতরের জমে থাকা কষ্টগুলো হঠাৎ যেন একটু হালকা হয়ে এলো। গত দুবছর যে নামটাকে আকাশ জোর করে ঘৃনা করার চেষ্টা করছে, আজ কেন সেই নামটাই ওর কষ্টগুলোকে হালকা করে দিচ্ছে? আকাশ সর্বশক্তি দিয়ে আবারও ঘৃনা করতে চাইলো, কিন্তু আর পারলো না। তার পর আবার লিখলো, “আমাদের পরিচয় স্কুল থেকে। বন্ধুরা বলতো আমাদের মত জুটি নাকি আর হয় না। অদ্ভুত এক আবেগে অনি জড়িয়ে রাখতো সব সময় আমাকে। আমাদের ভালোবাসা ছিল নিঃশ্বাসের মত। একজন আরেকজনকে একমুহুর্ত না ভাবলে যেন বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। যখন অনির কোলে মাথা রেখে শুয়ে থাকতাম, তখন মনে হতো এই পৃথিবীর সবকিছু যদি কেউ আমার থেকে নিয়েও নেয়, তুবও আমি সবচেয়ে সুখি মানুষ হয়ে থাকতে পারবো। এক জীবনে একটা মানুষ এত ভালোবাসা দিতে পারে, অনিকে না দেখলে কোন দিন বিশ্বাস করতে পারতাম না।”

আকাশ একটু থামলো। ফারজানা লিখলো, “তার পর?”
“তার পর? সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিভাবে যেন আমাদের ভালোবাসায় নজর লেগে গেল। কলেজে ওঠার পর অনি বদলে যেতে শুরু করলো। একটু একটু করে দূরত্ব বাড়তে লাগলো। জিজ্ঞেস করলে বলতো পড়ালেখার ব্যস্ততার জন্য এমন হচ্ছে। কিন্তু মাঝে মাঝে আমার কানে আসতো, অনি আমাকে না জানিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। যদিও মেয়ে বন্ধুই থাকতো বেশি, তবে তাদের মধ্যে দু’একজন ছেলে বন্ধুও ছিল। প্রথম প্রথম আমি স্বাভাবিক ভাবেই নিয়েছিলাম ব্যাপারগুলোকে। কিন্তু একটা সময় রায়হান নামে একটা ছেলের সাথে ওর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। জিজ্ঞেস করলে বলতো ভালো বন্ধু। কিন্তু এই তথাকথিত ভালো বন্ধুর সাথে অনেক জায়গায় অনিকে একা ঘুরতে দেখা যেতো। এক সময় আমার থেকে রায়হানের প্রতিই বেশি আগ্রহী হয়ে উঠলো অনি। আমাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করলো তখন। সময় কেটে যেতে লাগলো।…”
“তার পর…?” যেন সম্মোহিতের মত প্রশ্ন করলো ফারজানা।
“তার পর এক সময় সেই নির্মম সত্যগুলো বের হয়ে আসতে শুরু করলো। প্রকাশ হতে শুরু করলো রায়হানের সাথে অনির বিভিন্ন স্ক্যান্ডাল। রায়হানও যে অনিকে ভালোবেসে ছিল তা কিন্তু নয়। রায়হানও অনির সাথে প্রেম-প্রেম খেলাই খেলেছিল। রায়হান গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখেছিল অনির সাথে ওর বিভিন্ন অভিসারের চিত্র। এই নিয়ে অনেক ঝামেলা শুরু হলো। থানা-পুলিশ পর্যন্ত হয়েছিল। রায়হানের পরিবারের সাথে অনির পরিবার মিটিং করলো। শেষ পর্যন্ত সবগুলো ভিডিও টেপ বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে রায়হানের সাথে মীমাংসা করলো অনির পরিবার।”
আকাশ একটু থেমে আবার বলতে শুরু করলো, “কিন্তু ততদিনে হারিয়ে গিয়েছে আমার অনি। অনি তখন কেবলই অনিন্দিতা। এর পর অনি আর কলেজে যেতো না। এমন কি কারো সাথে কথাও বলতো না। আমি চেষ্টা করেছিলাম দেখা করার, কথা বলার। কিন্তু কোন ভাবেই আর অনি রাজী হয়নি আমার সাথে কথা বলতে। অল্প কিছুদিনের মধ্যে দেশের সব কিছু বিক্রি করে ওরা অস্ট্রেলিয়া চলে যায়।”
আকাশ থামলো। ফারজানাও চুপ। যেন দুজনেই কথা হারিয়ে ফেলেছে। বেশ কিছু সময় চুপ থাকার পর ফারজানা আবার জিজ্ঞেস করলো, “তার পর আপনি আর অনিন্দিতার খোঁজ নেয়ার চেষ্টা করেননি?”
“নাহ। আমি আর যোগাযোগের কোন চেষ্টা করিনি। যে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, তাকে আমি কেবল দূর থেকে ঘৃনাই করতে পেরেছি। এর পর আমি যখনই কোন মেয়েকে দেখেছি, আমি তার মাঝে অনিন্দিতাকে দেখেছি। আমি যখনই কোন মেয়ের শরীরকে দেখেছি, আমি রায়হানের হাতে অনিন্দিতার নগ্ন শরীরকে কল্পনা করেছি। যখনই আমি কোন মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি অনুভব করেছি, আমি যেন অনিন্দিতার উপর একটু হলেও প্রতিশোধ নিতে পেরেছি।”

আকাশ আর লিখতে পারছিল না। ওর হাত কাঁপতে শুরু করেছে। বুকের মাঝে উন্মাতাল ঝড় উঠেছে তখন। অনেক অস্থির লাগছিল। বারবার চোখ চলে যাচ্ছিল টেবিলে রাখা প্যাকেটটার দিকে। আজকে দুপুরেই ফরিদের কাছ থেকে কেনা ইয়াবার ট্যাবলেটগুলো তখন ওকে আকর্ষন করছে তিব্র ভাবে। ওর রক্ত প্রবাহে বইতে শুরু করেছে একটা হাহাকার। নেশার হাহাকার।

ফারজানা আবার লিখলো, “কি হলো? কোথায় গেলেন?...হ্যালো… আছেন?” কিন্তু আকাশের দিক থেকে সে রাতে আর কোন জবাব পেলো না সে। অস্থির আকাশ তখন নেশার হাতে জিম্মী। প্রতিটা ইয়াবার ট্যাবলেট যেন আকাশের মাঝ থেকে একটু একটু করে মুছে দিচ্ছিল অনিন্দিতাকে। ধীরেধীরে এক আলো-আধারীর জগতে চলে গেল আকাশ। যেন এটাই একমাত্র জগৎ যেটা আকাশকে একমুঠো শান্তি দিতে পারে, একান্ত আরাধ্য শান্তি।

৯

আওয়াজটা প্রথমে খুব সামান্য ছিল। কিন্তু সময়ের সাথে ধীরেধীরে বাড়তে লাগলো। আকাশ আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করছিল। ধুপধুপ করে শব্দ হচ্ছে। সাথে যেন কারা চিৎকার করছে। অনেকটা আফ্রিকার জঙ্গলের মানুষখেকো উপজাতীদের মত। আকাশ সমস্ত ইন্দ্রীয় এক করে বোঝার চেষ্টা করছে এখনও। কিন্তু পারছে না। শব্দ হয়েই চলেছে।

হঠাৎ ধড়ফড় করে আকাশ উঠে বসলো। ততক্ষনে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে ওর কাছে। লাল হয়ে থাকা চোখ দুটো খোলার সাথে সাথেই মনে হলো সমস্ত শরীর ব্যাথায় জড়িয়ে আসছে। সারা রাত ঘুমায়নি, কিন্তু আকাশ জেগেও ছিল না। ইয়াবার এই এক অশ্চর্য ক্ষমতা। না ঘুম, না জাগা – একটা অন্যরকম জগৎ। আকাশের দরজায় এতক্ষন ধরে ওর মায়ের ধাক্কা দেয়ার শব্দই আকাশ নেশার জগতে অন্যরকম ভাবে শুনছিল।

কোনক্রমে উঠে দরজাটা খুলে দিল। তখনও দাড়াতে পারছিল না। আকাশের মা নিজের ছেলেকে দেখেও যেন চিনতে পারছিলেন না। কর্ডলেস রিসিভারটা ছেলের হাতে দিয়েই চলে আসলেন রুম থেকে। ধীরেধীরে নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে ছেলেটা। তিনি মা হয়েও কিছু করতে পারছেন না। এখন তার একটাই মাত্র ভরসা। মনেমনে বিধাতার কাছে প্রর্থনা করলেন, এই শেষ ভরসাটাও যেন শেষ হয়ে না যায়।

ফোনটা ধরে আকাশ শুয়েশুয়েই কথা বলল, “হ্যালো…”
“তোর কি হয়েছে? মোবাইল কোথায়?” উদ্বিগ্ন ভাবে সজীব জানতে চাইলো।“আমি কম করে হলেও বিশবার ফোন দিয়েছি।”
আকাশের মনে পড়লো, কাল রাতে মোবাইল সাইলেন্ট করে রেখেছিল। সেটটা হাতে নিয়ে দেখলো সত্যিই সজীব একুশটা কল দিয়েছে। বলল, “কি হয়েছে সেটা বল, ইতিহাস শোনা লাগবে না তোর।”
“তোর ইতিহাস বলতেও হবে না। দুদিন পর তুই নিজেই ইতিহাস হতে যাচ্ছিস।”
আকাশ হাসলো। সজীব ইদানিং কথা শিখেছে। গুছিয়ে কথা বলছে। প্রেমেট্রেমে পড়েছে নাকি?
সজীব তখনও বলে চলেছে, “হাস, বেশি করে হাস। পরে হাসারও আর সময় পাবিনা। সকাল থেকে তিনবার র‌্যাবের লোকেরা আকাশ নামে একজনকে খোঁজ করে গিয়েছে। যে বর্ননা দিয়েছে, তাতে কোন সন্দেহ নাই এটা তুই।”
“হুমম।” যেন কিছুই হয়নি এমন ভাবে বললো আকাশ।
ওপাশ থেকে সজীব চিৎকার করে উঠলো, “তুই সব কিছুতে এতটা নির্লিপ্ত থাকিস কি করে? তোর কোন ধারনা আছে র‌্যাব সম্পর্কে? আজকে যাদের র‌্যাব খোঁজ করে, কাল তাদের হয় হার্ট এ্যাটাক হয়, না হলে দুইতিনটা AK 47সহ ক্রসফায়ারের পর ডেড বডি উদ্ধার হয়।”
সজীবের কথা শুনে আকাশ হাসতে হাসতে বলল, “আমি এমন কিছু করিনি যে আমার পরিনতি তোর বর্ননার সাথে মিলবে। ওরা হয়তো অন্য কাউকে খুঁজছিল।”
“তাই যেন হয়।” কিন্তু সজীবের গলায় খটকাটা রয়েই গেল। “তবুও তুই একবার ক্যাম্পাসে আস। ব্যাপারটা মীমাংসা করে যা।”
“ক্যাম্পাসে আসাতো দূরে থাক, আমার পক্ষে এখন বিছানা থেকে ওঠাও সম্ভব না।” আকাশ হাসছে এখনও।
হতাশ ভাবে সজীব বলল, “নেশা করতে পারিস, কিন্তু হ্যাংওভার কি করে কাটায় সেটা জানিস না? তুই আসলেই একটা…।”
“আমি কি?”
“বাদদে। উঠে এক গ্লাস পানিতে দুইটা এ্যাসপিরিন ছেড়ে খেয়ে ফেল। দশ মিনিটে হ্যাংওভার গায়েব হয়ে যাবে।”
পরিহাসের সুরে আকাশ বলল, “তাই নাকি? তুইতো নেশা করিস না। তুই জানলি কি করে?”
বিরক্ত সজীব অন্যপ্রান্ত থেকে শেষ কথাটা বলেই ফোন রেখে দিল, “ত্রিশ মিনিটের মধ্যে ক্যাম্পাসে আস। আর এটাও জেনে রাখিস মৃত্যু নিয়ে গল্প লিখতে হলে লেখককে একবার মরে আসতে হয় না।”

মোবাইলটা হাতে নিয়ে আকাশ মনে মনে ভাবছিল। সজীব কবে থেকে এত গুছিয়ে কথা বলা শিখলো? নির্ঘাৎ প্রেমে পড়েছে। সম্ভবত ওদের তিনতালার ঐ মেয়েটার। কি জানি নাম ছিল? কিছুতেই নামটা আকাশের মনে আসছে না। হঠাৎ মনে পড়লো মেয়েটা অনিন্দিতার বান্ধবী। তারপরই মেজাজটা আবার খারাপ হতে শুরু করলো। অনিন্দিতার কথা মনে হলেই এমনটা হয়। কিন্তু তারপরও কেন বারবার আকাশ অনিন্দিতার কথা মনে করে? এ প্রশ্নের উত্তর সম্ভবত পৃথিবীর কোন আকাশের জানা নেই।

হ্যাংওভার কাটানোর জন্য সজীবের দেয়া বুদ্ধিটা মন্দ ছিলনা। দশ মিনিটের মধ্যে আকাশ বেশ ফ্রেশ অনুভব করলো। আকাশ মনেমনে ভাবলো যারা নেশা করে, তারা এই পদ্ধতি গ্রহন করে না কেন? সাথে সাথেই বুঝলো, আকাশকে এখনও নেশাটা পুরো গ্রাস করে নিতে পারেনি, তাই ওর উপর এ্যাসপিরিন কাজ করেছে। কিন্তু যারা পুরোপুরি আসক্ত, তাদের হ্যাংওভার কেবল ওভারে হ্যাং করলেই, অর্থাৎ মৃত্যুতেই সম্ভব। সবই আকাশ বুঝে তবুও বের হয়ে আসতে পারে না। এ যেন জেনে শুনে মৃত্যুকে গ্রহন করা।

একটা হট শাওয়ার নিয়ে আকাশ যখন বাসা থেকে বের হলো তখন সজীবের বেধে দেয়া ত্রিশ মিনিটের সীমাটা ঘন্টা পেরিয়ে গিয়েছে। ক্যাম্পাসে এসে আকাশ একটু অবাক হলো। সবাই কেমন করে যেন ওর দিকে তাকাচ্ছে। হঠাৎ করে নিজেকে কোরবানির ছাগল মনে হতে লাগলো। সবার চোখে যেন একটা সহানুভুতি। যেন একটু পরেই বেচারাকে জবাই করা হবে।
সজীব বটতলায় বসে ছিল। আকাশ গিয়ে পাশে বসলো।
“কি হয়েছে রে?”
“কোন র‌্যাব অফিসারের মেয়ের সাথে টাঙ্কিবাজী করেছিস এর মধ্যে?” সজীব সিরিয়াস ভাবে জিজ্ঞেস করলো।
“আরে কী আজব! টাংকি মারার সময় মেয়ের বাপের পরিচয় জেনে মারি নাকি?”
“এর পর থেকে দয়া করে সেটাই করিস। সম্ভবত র‌্যাবের মেয়ের সাথে কিছু করেছিস। তাই তোকে খুঁজছে।”
আকাশ চিন্তা করতে শুরু করলো। তার সুদির্ঘ্য প্রেয়সী লিস্টে কেউ র‌্যাব কন্যা আছে কিনা। কিন্তু তেমনটাতো মনে পড়ছে না। তাছাড়া সেটা থাকলেতো মেয়েরা গলা ফাটিয়ে আগেই জানাতো।

আকাশকে বেশি চিন্তা করতে হলো না। তার আগেই আবার একটা র‌্যাবের গাড়ি দেখা গেল। সম্ভবত কোন সোর্স রেখে গিয়েছিল। আকাশের ক্যাম্পাস আগমনের খবর অফিস পর্যন্ত পৌছাতে সময় লাগেনি।
র‌্যাবের একটা বিশেষত্ব হচ্ছে তাদের প্রতিটা কথাই যেন আদেশ। গাড়ি থেকে একজন নেমে এসে আকাশকে যখন বলল আপনাকে আমাদের সাথে একটু যেতে হবে, তখন আকাশের মনে হলো এখানে কিছু বলা নিতান্তই শব্দের অপচয়। যেতে হবে বলা হয়েছে, অতএব ওকে যেতেই হবে। বিনা বাক্য ব্যয়ে আকাশ গাড়িতে উঠলো। ক্যাম্পাসের সবাই ওর দিকে এমন ভাবে তাকিয়ে রইলো যেন এই ছেলেটাকে কসাইরা জবাই করতে নিয়ে যাচ্ছে। সাবার চোখের ভাষা পড়েই যেন প্রথমবারের মত আকাশের একটু ভয় ভয় লাগতে শুরু করলো।

১০

আকাশকে ধরে আনা হয়েছে উত্তরার র‌্যাব হেডকোয়ার্টারে। একটা বেশ বড় কিন্তু বদ্ধ রুমে আকাশ বসেছিল। এটা কি ওদের ইন্টারোগেশন সেল? মনেমনে ভাবলো। রুমের ঠিক মাঝে একটা বড় টেবিল রাখা। সংলগ্ন একটা চেয়ারেই আকাশ বসা। ওর উল্টা দিকে আরো কয়েকটা চেয়ার। একটা পানির গ্লাস এবং বোতলও আছে। এটা পানি খাওয়ার জন্য, নাকি বেহুস হয়ে যাওয়ার পর মুখে পানির ছিটা দেয়ার জন্য, ঠিক বোঝা গেল না।

আকাশ ভেবে বের করার চেষ্টা করছিল ওকে কেন ধরে আনা হয়েছে এবং সেটা কার অভিযোগের পরিপ্রেক্ষিতে। কিছুতেই ব্যাপারগুলো গুছিয়ে আনতে পারছিল না। ওরা ওকে কি করবে? জিজ্ঞাসাবাদ করবে? নাকি মারবে? এমন কোন আপরাধ আকাশ করেছে বলে মনে হলো না যার জন্য এভাবে ধরে আনা লাগতে পারে। তার পরও কেন ধরে আনলো? চিন্তা করতে করতে এক সময় আকাশ দেখলো অফিসের চারদেয়াল যেন ওকে চেপে ধরছে। এভাবে একা একটা বন্ধ রুমে বসিয়ে রাখাটাও কি একটা মানসিক যন্ত্রনা দেয়া নয়? হয়তো ইচ্ছা করেই এটা করা হচ্ছে। ব্যাপারটা অনেকটা ইদুর-বেড়াল খেলার মত। খেলা শুরুর আগেই ইদুরকে দূর্বল করে ফেলার একটা কৌশল। কিম্বা এ খেলার এটাও একটা অংশ।

আকাশের অসহ্য লাগছিল চিন্তা করতে। ইচ্ছা করছিল একটা চিৎকার দিয়ে লোক জড়ো করে ফেলতে। কিন্তু তাতেও কোন কাজ হবে না। এই অফিসটা কি এয়ারটাইট? সেটা না হলেও সমস্যা নেই। এই অফিসের কোন শব্দ বাহিরে গেলেও কেউ শুনবে না। মানুষের কানই হয়তো এদের ব্যাপারে এয়ারটাইট।

খট করে একটা শব্দ হলো। আকাশ তাকালো। সাথে সাথেই বুঝতে পারলো ওকে ধরে আনার মূল কারন। হোটেল রিজেন্সির সেই লোক। কালো ইউনিফর্মে আজ যেন তাকে ভয়ঙ্কর লাগছে। নাকি আকাশের স্নায়ু অতিরিক্ত ভয়ের কারনে মস্তিষ্ককে সাধারন বিষয়গুলোও ভয়ঙ্কর করে দেখাচ্ছে?
“তোমার নাম আকাশ?” টেবিলের উপর বসতে বসতে মনিকার পরিচিত সেই র‌্যাব অফিসার আকাশকে জিজ্ঞেস করলো। আকাশ ক্ষিন স্বরে হ্যা জানালো।
“আমি আসিফ। মনিকার কাজিন।” তারপর আকাশের সাথে হ্যান্ডশেক করে বললো, “চা নাকি কফি?”
কি বলবে আকাশ ভেবে পেলো না। ওকে চুপ করে থাকতে দেখে আসিফ পাশের আরেকজনকে তিনটা কফি পাঠাতে বললো। আসিফ ছাড়াও রুমে তখনও আরেকজন ছিল। সেও বেশ হাসিহাসি মুখ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।

র‌্যাবের ব্যবহারে আকাশ রীতিমত মুগ্ধ। মানুষ কেন এদের নিয়ে এত খারাপ কথা বলে? কি চমৎকার ব্যবহার। আসিফ এমন ভাবে আকাশকে কফির কথা জিজ্ঞেস করলো যেন আকাশ যদি বায়না ধরে সে র‌্যাডিসনের টমি মিঞার রান্না খেতে চায়, তাহলে হয়তো এখনই একটা র‌্যাবের গাড়ি র‌্যাডসনের দিকে ছুটবে।

আকাশের চিন্তায় ছেদ পড়লো আসিফের প্রশ্নে। “তোমার এবং মনিকার মাঝে সম্পর্কটা কেমন?”
আকাশ বুঝলো সময় এসেছে সাবধান হবার। “আমরা ভালো বন্ধু।”
“শুধুই ভালো বন্ধু?”
“হ্যা তাই।” আমতা আমতা করে আকাশ বললো।
“কত দিনের পরিচয়?”
“মাস তিনেক।”
“তিন মাসে ভালো বন্ধু হয়ে গেলে? তোমাদের জেনারেশন দেখি অনেক ফাস্ট।” আসিফ হাসছে। আকাশ বুঝতে পারছে না এই কথাবার্তা ঠিক কোন দিকে মোঢ় নিতে পারে। টেবিলের দিকে তাকিয়ে আকাশ চিন্তা করছিল, লোকটা ওর ব্যপারে কতটা জানে? মিথ্যা বলতে হলে অন্যদিকের মানুষের জানার গভীরতা সম্পর্কে ধারনা থাকতে হয়। তা না হলে মিথ্যা বলে ধরা খাবার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু সমস্যা হলো এই লোকটাকে আকাশ ঠিক পড়তে পারছে না। আকাশের চিন্তা জগতে পনের মিনিট আগেও এই লোকটা ছিলনা। আকাশকে এই অফিসে ধরে আনার পেছনে অনেক ধরনের সম্ভাবনার কথা আকাশ ভেবেছে, কিন্তু এই লোককে কল্পনাতেও আনেনি।

“মনিকার পরিবার চায় আমার এবং মনিকার বিয়ে হোক।” আসিফ বললো। “কিন্তু সমস্যা হচ্ছে মনিকা এই মুহূর্তে বিয়ে করতে চায় না। এই না চাওয়ার পেছনে অন্য কারো উপস্থিতি আছে কিনা, ব্যাপারটা একটু ঘেটে দেখছি।”

আসিফ হাসছে। এখন আর হাসিটা আগের মত সুন্দর লাগছে না। আকাশ কিছু বললো না। আসিফ আবার বললো, “তুমি জানো মনিকার কোথাও এ্যাফেয়ার আছে কিনা?”
“না।” নিচের দিকে তাকিয়ে আকাশ সংক্ষিপ্ত উত্তর দিল।
“হুমম। সমস্যা হলো, আমার সোর্সরা তোমার ব্যাপারে কোন ভালো তথ্য দিতে পারেনি। একাধিক মেয়ের সাথে তোমাকে ঘুরতে দেখা যায়। ড্রাগের এ্যাজেন্টের সাথেও দেখা গিয়েছে একদিন। বুঝতেই পারো, হবু বউ এর সাথে এমন ছেলের বন্ধুত্ব থাকলে শান্তির ঘুম আসেনা রাতে।”
আকাশ এবার সরাসরি আসিফের দিকে তাকালো। এই লোককে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল সে দেখা যাচ্ছে তার থেকেও বেশি। রিজেন্সিতে আকাশকে দেখার পর থেকে মনে হয় এই লোক ওর পেছনে লোক লাগিয়ে রেখেছিল। এমন কি ফরিদের সাথে কথা বলার বিষয়গুলোও এড়িয়ে যায়নি।
আসিফ আবারো বললো, “তোমার ব্যাপারে আমি আরো একটু খোঁজ নিতে চাই। এই ধরো কার কার সাথে তুমি কথা বলো, কি বলো, এই সব আর কি।”
এবারও আকাশ কিছু বললো না।
“তোমার ফোন থেকে আমাকে একটা মিস কল দাও।”
আকাশ বুঝলো এবার সে তার সমস্ত থলের খবর বের করবে। সমূহ বিপদের সম্ভাবনা দেখতে পেয়ে শেষ বারের মত একটা চালাকি করতে চাইলো। নাম্বারটা মুখে বলতে গেল। আসিফ আবার বললো, “মিস কল দাও”।
“মিস কল দেয়া আর মুখে বলাতো একই; পার্থক্য কোথায়?”
কথাটা আকাশ শেষ করতে পারেনি, তার আগেই চড়টা ওর বাম গালে এসে পড়লো। মুহূর্তে মাথাটা ঘুরে গেল। চোখে যেন অনেক কিছু উড়তে দেখলো? একেই কি সর্ষেফুল বলে?
আকাশের দিকে তাকিয়ে আসিফ কাটাকাটা স্বরে বলল, “এখানে প্রশ্ন কেবল তারাই করে যাদের গায়ে কালো পোষাক থাকে। আজ এবং আজকের পর আবার তুই যখন এখানে আসবি, এই কথাটা মনে রাখবি।”
আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে। পাঁচ মিনিট আগের আসিফ আর নেই। এখন আর শুধু ভয়ঙ্করই লাগছে না, রীতিমত হিংস্র লাগছে। নিজের অজান্তেই আকাশের হাতটা চলে গেল পকেটে। ফোনটা বের করে আসিফের দিকে তাকালো। আসিফ নিজেই মিস কলটা দিয়ে নাম্বারটা সেইভ করে রাখলো। তার পর বললো, “এই কালো পোশাকের মানুষগুলোকে এত বোকা ভাবার কোন কারন নেই। মুখে বললে যে নাম্বারটা তুই ভুল দিতি, এটা তোর চোখই বলে দিচ্ছিল।”

তারপর আসিফ উঠে আকাশের সামনে কফির কাপটা রাখলো। বললো, “আমাদের অফিসের কফিটা বেশ। ডোন্ট মিস ইট। আর হ্যা, পাশে রিফ্রেশরুম আছে। চিরুনী-টিরুনিও আছে। চুল আচড়ে, শার্টটা ঠিক করে তার পর যেও।”

আকাশ যখন র‌্যাব হেডকোয়ার্টার থেকে বের হয়ে আসছিল সবাই তখন ওর দিকে তাকাচ্ছিল। সবাই কি জানে আকাশকে কি করা হয়েছে একটু আগে? সম্ভবত জানে। এটা হয়তো ওদের জন্য প্রতিদিনের নাটক। আকাশ হঠাৎ অনুভব করলো ওর চোখের কোনে পানি জমতে শুরু করেছে। দ্রুত র‌্যাব কম্পাউন্ড থেকে বের হয়ে আকাশ উত্তরার বড় রাস্তার দিকে হাটতে শুরু করলো। ওর তখন প্রচন্ড ভাবে অনিন্দিতাকে মনে পড়ছিল। ইচ্ছে করছিল অনিন্দিতার কোলে আগের মত মাথা রেখে শুয়ে থাকতে। এই একটা জায়গা আকাশের মনে হতো পৃথিবীর সবচেয়ে শান্তিময়, যেখানে কেউ কোনদিন ওকে কষ্ট দিতে পারবে না।

অন্ধকার নিরব রাস্তায় আপমান আর সীমাহীন যন্ত্রনায় আকাশ তখন কাঁদছিল।

১১

আসিফের হাতে অপদস্থ হবার দুদিন পরের ঘটনা। আকাশ ওদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাড়িয়ে এক হাতে সিগারেট নিয়ে অন্য হাতে ধরা সদ্য কেনা সিমকার্ডটা দেখছিল। ছোট একটা চিপ, অথচ কত সহজে উন্মুক্ত করে দিচ্ছে যোগাযোগের সুবিশাল সম্ভাবনা। কিছু বাটনে চাপ দাও, ওপাশে কোন তরুনীর কন্ঠস্বর শোনা যাবে, কিছু কৃত্রিম আবেগ নিয়ে এসো গলায়, কাটাতে থাকো সময় – শুরু হয়ে যাবে নুতন একেকটা সম্পর্ক। কিছু দিন পর যদি আর ভালো না লাগে, বদলে ফেলো সিমকার্ড - বদলে যাবে সম্পর্কও। যেন প্রযুক্তি আজ ভালোবাসাকে হৃদয় থেকে সরিয়ে সিমকার্ডে বন্দি করে দিয়েছে।
সিমকার্ডটা মোবাইলে সেট করতে করতে আকাশ সারা দিনের পরিকল্পনা একবার ভেবে নেয়। কাজ অনেক তবে গুছিয়ে করতে পারলে সব একদিনেই করা সম্ভব।
গত দুদিন আকাশ ঘর থেকে বের হয়নি এক মুহূর্তের জন্যও। তিব্র অপমান আর গ্লানিতে নিজেকে রাস্তার কুকুর মনে হচ্ছিল। এত বড় অপমান আকাশকে কোন দিন কেউ করতে পারেনি। অথচ কেবল চেয়ে চেয়ে দেখতে হয়েছে। প্রতিবাদ করার সামান্য সুযোগও পায়নি। নাকি সাহস হয়নি? নিজেই নিজেকে প্রশ্নটা করেছে বারবার। যখনই করেছে তখনই ওর রক্তে ঝড় উঠেছে। ইয়াবার থেকেও ভয়াবহ এক নেশা, প্রতিশোধের নেশায় সে পাগল হয়ে যাচ্ছিল।
নাম্বার বদল করে আসিফের হাত থেকে আদৌ মুক্তি পাওয়া যাবে কিনা সেটা আকাশ এখনও নিশ্চিত নয়। তবে আপাতত এর থেকে ভালো এবং সহজ সমাধান সে খুঁজে পাচ্ছিল না। পরবর্তি কিছুদিন সব ধরনের যোগাযোগ নুতন নাম্বার থেকেই করবে বলে ঠিক করলো।
অন্য মোবাইল সেট থেকে হায়দারের নম্বার খুঁজে বের করে নুতন নাম্বার দিয়ে কল করলো আকাশ। হায়দার হলো গুলশান এলাকার আদুভাই। গত চার বছর ধরে সে এ-লেভেল শেষ করার চেষ্টা করছে। তবে চেষ্টা এখনও চেষ্টার পর্যায়েই আছে, সফলাতার মুখ সেটা আজও দেখেনি। যদিও সেটা নিয়ে হায়দারের কোন আফসোস নাই। সে চরম আনন্দে প্রায় গ্রাজুয়েশন শেষ করে ফেলা বন্ধুদের সাথে গাঁজার আসরে যাচ্ছে, টয়োটা গাড়ির থোবড়া বদলে স্পোর্টস কার বানিয়ে র‌্যালি করছে আর বনানীর ধোয়াচ্ছন্ন রেস্তোরায় প্রতি সপ্তাহে নুতন নুতন বান্ধবীদের সাথে গো আউট করছে। যদিও হায়দার পাত্তা পাবার মত ছেলে নয়, তবুও বন্ধুরা ওকে পাত্তা দেয় বিশেষ কারনে। হায়দারদের আশুলিয়ার কাছে একটা ফার্ম হাউজ আছে যেটা বন্ধুদের মূল আকর্ষন। হায়দারও কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। শর্ত একটাই - নিজ দায়িত্বে মালামাল এবং বান্ধবী নিয়ে যাও। কিছু ক্ষতিগ্রস্ত হলে, সেটা মালামাল হোক অথবা বান্ধবী, হায়দারের কোন দায়দায়িত্ব নেই। হায়দার বেশ কয়েকবার আকাশকে ফার্ম হাউজের কথা বলেছিল। ‘কোন একদিন যাব’ বলে আকাশ এড়িয়ে গিয়েছে সব সময়।
“হ্যালো কে?” হায়দার ফোন ধরলো অন্যপ্রান্ত থেকে।
“কি খবর? আকাশ বলছি।”
“আরে আকাশ ভাই।” হায়দারের গলায় আবেগ যেন উথলে পড়লো। “নুতন নাম্বার নিলেন নাকি?”
আকাশ একটু হেসে বলল, “তুমিতো জানই, একই মেয়ে আর একই নাম্বার আমার সাথে বেশিদিন স্যুট করে না।”
হায়দার হাসতে হাসতে বলল, “আবার জিগস্! বস মানুষদের একই জিনিসে বেশি দিন মানায়ও না। তা বস, এই অধমকে হঠাৎ মনে পড়লো কেন? কোন বিশেষ কারন নাকি?” শেষের কথাটা একটু রহস্য করে বললো হায়দার।
আকাশ একটু চুপ করে থেকে তারপর বলল, “তোমার ফার্ম হাউজটা পাওয়া যাবে এ সপ্তাহে?”
“কঠিন অবস্থা মনে হচ্ছে? নাম্বারের সাথে কি আইটেমও বদলে ফেলেছেন নাকি?”
আকাশ একটু হাসলো, কিছু বললো না।
হায়দার আবার বলল, “আপনি কোন চিন্তা করবেন না। ফার্ম হাউজ খালিই পড়ে আছে। নিজের মনে করেই চলে যান। আমি রশীদ অর্থাৎ কেয়ারটেকারকে বলে দেব। আপনি যেকোন সময় যেতে পারবেন।”
“আমি আজই একবার একটু ঘুরে আসতে চাই।”
“কোন ব্যাপার না বস। রশীদ একটু বাহিরে আছে। বিকেলের দিকে গেলেই আপনি পেয়ে যাবেন। এর মধ্যে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি।”
হায়দারকে ধন্যবাদ দিয়ে ফোন রাখতে রাখতে আকাশ চিন্তা করলো একবার ফারিয়ার সাথে দেখা করে আসবে কিনা? গত দুদিন ইন্টারনেটে ফারজানার সাথে বার কয়েক চ্যাট করা ছাড়া বাকি সময় একমাত্র ফারিয়ার সাথেই কথা বলেছে সে। যদিও কথা বলতে ইচ্ছে করছিল না তবুও মেয়েটা ওকে প্রায় জোর করিয়েই কথা বলাচ্ছিল। কথার এক পর্যায়ে ফারিয়া দেখা করতে চাইলো। আকাশ মুখে বলেছিল “হবে, কোন এক সময় হবে।” আর মনে মনে ভেবেছিল, পায়রা তুমি নিজ থেকেই ধরা দিতে চাইলে আমার আর কি করার আছে!
দ্রুত ফারিয়াকে কল করলো আকাশ।
“হুস দিস?” ফারিয়া নুতন নাম্বারটা চিনতে পারেনি।
“ইটস্ মি, আকাশ।”
“ওহ…। হাই হানি। হঠাৎ নাম্বার বদল?”
“সে কাহিনী পরে শুনো। এখন খুব গুরুত্বপূর্ন ব্যাপার ঘটেছে, সেটা নিয়ে কথা বলতে ফোন দিলাম।”
ফারিয়া একটু চমকে উঠলো। “কি হয়েছে? এনিথিং সিরিয়াস?”
“সিরিয়াস মানে, মহা সিরিয়াস। তোমার সাথে ধাবায় বসে আমার খুব দহি ফুচকা খেতে ইচ্ছা করছে।”
“ইউ ইডিয়েট।” ফারিয়া হাসছে। “আমার দম প্রায় বন্ধ করে ফেলেছিলে।” তার পর হাসিটা একটু কমে আসলে বলল, “কখন আসতে চাচ্ছ?”
“এখন সম্ভব হলে এখনই।” আকাশ অনুভব করছিল আজকের ব্যাটিংটা আফ্রিদির মত হচ্ছে। চোখ বন্ধ করে ব্যাট চালালেও ছয় হয়ে যাচ্ছে। আকাশ নিশ্চিৎ, ফারিয়া ক্লাস থাকলে ক্লাস মিস দিয়ে হলেও সে দেখা করবে। আজকে দিনটাই যেন আকাশের।
“আচ্ছা ঠিক আছে। আমাকে ইউনিভার্সিটি থেকে পিক করো। তার পর এক সাথে ধাবায় যাবো।”
“আমি পনের মিনিটের মধ্যে তোমার ক্যাম্পাসে থাকবো।”
আকাশ যখন ফোন রাখতে যাচ্ছিল ফারিয়া তখন আবার বললো, “ইউ নো, আই সিম্পলি লাভ ইট।”
আকাশ একটু অবাক হয়ে বললো, “কী?”
“ইডিয়েট! দহি ফুচকা।”
আকাশ হেসে ফেললো। মুখে কিছু বললো না। মনেমনে বললো সেটা জানি বলেইতো তোমার উপর প্রয়োগ করলাম। শুধু আফসোস, আগামী আধঘন্টা এই অখাদ্যটা চাবাতে হবে।
আকাশ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিল পেছন থেকে সজীব ডাক দিয়েছিল। আকাশ হাতের ইশারায় বুঝিয়ে দিয়েছিল বন্ধুদের দেয়ার মত সময় এখন ওর কাছে নেই। সেদিন র‌্যাব অফিসের সেই অপমানের পর আকাশের রক্তে এখন অনেকগুলো নেশা এক সাথে কাজ করতে শুরু করেছে। সেগুলোর মধ্যে একটা হলো যেখানে যত মেয়ে পাবে, সবাইকে আকাশ ‘ট্রাই’ করবে।
***
ফারিয়ার সাথে ধাবায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আকাশ গিয়েছিল বসুন্ধরা সিটিতে। সেখানে কিছু কাজ শেষে যখন আশুলিয়ায় হায়দারদের ফার্ম হাউজে গিয়ে পৌছালো তখন প্রায় বিকেল। ফার্ম হাউজের কেয়ারটেকার রশীদ বেশ চটপটে লোক। হায়দার আগেই ফোন করে দিয়েছিল তাই আকাশকে আর খুব বেশি কিছু বলতে হয়নি। দেখেই চিনতে পেরেছিল।

রশীদের চোখের দিকে তাকিয়েই আকাশ বুঝতে পেরেছিল এই লোক চরম লোভী। তবে লোভী লোক আকাশের বেশ পছন্দ। আকাশ জানে এরা খুব কাজের হয়। যতক্ষন টাকার উপর থাকে কুকুরের থেকেও বিশ্বস্ত এরা।
রশীদ আকাশকে ফার্ম হাউজটা ঘুরিয়ে দেখালো। বেশ চমৎকার। রুমগুলো বড় এবং আরামদায়ক। যেমনটা আকাশ আশা করেছিল তার থেকেও ভালো।
পুরো ফার্ম হাউজটা ঘুরে বারান্দায় এসে দাড়ালো আকাশ। তার পর একটা পাঁচশ টাকার নোট বের করে রশীদকে দিতে দিতে বললো, “যেভাবে বলবো, সব সেভাবে যদি করো এরকম আরো চারটা নোট পাবা। স্লো মেয়ে, স্লো কার এবং স্লো এসিসট্যান্ট আমি পছন্দ করিনা। আশা করি আগামী এক সপ্তাহ এ কথাগুলো মনে থাকবে।”
রশীদ হাসলো। ওর চোখগুলো এখন আরো বেশি চকচক করছে। আকাশের সে চোখ দেখতে ইচ্ছে করছিল না। তাই অন্য দিকে তাকিয়ে থেকে বলল, “আমার গাড়িতে একটা বড় কালো ব্যাগ আছে, ওটা নিয়ে আসো।”
বাতাসে বৃষ্টির গন্ধ। আকাশ বুঝতে পারে একটু পরই বৃষ্টি নামবে। এলোমেলো বাতাসে সামনের গাছগুলো নুয়ে পড়ছিল, আবার ঠিকই মাথা তুলে দাড়াচ্ছিল। আকাশ এক মনে তাকিয়ে ছিল দিগন্তের দিকে। সেদিন কি আকাশ দিগন্তের শেষ প্রান্তে তার নিয়তীকে পড়ছে পারছিল? সম্ভবত পারেনি। নিয়তীর এই এক আজব খেলা। সবার চোখের সামনেই থাকে কিন্তু কেউ পড়তে পারে না।

১২

যতই দিন কেটে যেতে থাকে আকাশ নিজের মাঝের পরিবর্তনগুলো লক্ষ্য করতে থাকে আরো বেশি করে। তবে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে সেটা ঠিক বুঝতে পারে না। যেমন রাত তখন অনেক তবুও আকাশ জেগে ছিল। কোন সুনির্দিষ্ট কারান ছাড়াই এভাবে আকাশ এখন জেগে থাকে। ফোনে কথাও বেশ কম বলে। ওর স্নায়ু যেন কিসের জন্য অপেক্ষা করছে। ঠিক বুঝতে পারে না কিসের জন্য; তবে এটা ঠিকই বোঝে, কিছু একটার জন্য অপেক্ষা করছে; কিছু একটা।

হঠাৎ ফোনটা স্বশব্দে বেজে উঠে। ফোনের শব্দে আকাশের নিস্তেজ হয়ে আসা স্নায়ুও যেন আবার প্রখর হয়। ক্ষিপ্র হাতে ফোনটা মুঠোয় নেয়। কিন্তু আবারও ঝিমিয়ে পড়ে। সজীব ফোন দিয়েছে। অলস হাতে ফোনটা ধরে আকাশ হ্যালো বলে।
সজীব বেশ খোশমেজাজে আছে। হাসতে হাসতে বলে,
“লাভগুরু, খবর কি?”
“মনে হয় না খবর নেয়ার জন্য ফোন দিয়েছিস। দ্রুত ঝেড়ে কাশ। আসল কারনটা কি?”
সজীব আরো জোরে হাসছে। বলল, “তোর জন্য যন্ত্রনার সংবাদ আছে। বিবিএ-এর মাকসুদ আছে না?”
“হ্যা। তো কি হয়েছে।”
“শালা আজকে পালিয়ে বিয়ে করে ফেলেছে।”
“তো?”
“আমাকে গত এক ঘন্টায় পাঁচবার ফোন দিয়েছে। যার মেয়ে ভাগিয়ে এনে বিয়ে করেছে, সে গত আমলের নাম করা মন্ত্রী। মেয়ের মা ফোন দিয়ে জানিয়েছে সাবেক মন্ত্রী মহাশয় নাকি লোডেড পিস্তল নিয়ে বের হয়েছেন। কি করতে কি করে বসে ঠিক নাই। আমাকে ফোন দিয়ে বিরক্ত করছিল। তাই আমি তোর নুতন মোবাইল নাম্বার দিয়ে পরামর্শ দিয়েছি তোকে যেন ফোন দেয়। তুইতো লাভগুরু। ভালো পরামর্শ দিতে পারবি।”
সজীব হাসছে। মনে হচ্ছে কাজটা করে সে বেশ মজা পেয়েছে। আকাশ বিরক্ত হয়ে বলল, “যা বলার তা বলা হয়েছে না?”
“হ্যা।”
“তাহলে এবার ফোন রাখ।”
সজীব কিছু বলতে যাচ্ছিল। তার আগেই আকাশ ফোনটা রেখে দিল।
আবার অপেক্ষার পালা। নিরব রাতে আকাশের কিসের এত অপেক্ষা? আকাশ বুঝতে পারে না, কিন্তু অপেক্ষা করতেই থাকে।

বাহিরে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে। আকাশ জানালা দিয়ে বাহিরে তাকালা। প্রবল বাতাসের সাথে বৃষ্টির ধারা যেন পাল্লা দিয়ে খেলা করছে। একেকবার স্তরে স্তরে বৃষ্টির ধারাকে ঝাপটার মত করে আছড়ে ফেলছিল বাতাস। অনেক দিন ঢাকায় এমন বৃষ্টি হয়নি; অন্তত গত কয়েক বছর আকাশ এমন বৃষ্টি দেখেনি।

বৃষ্টির কথা মনে পড়লে আকাশের মনে পড়ে যায় অনিন্দিতার কথা। বৃষ্টি খুব প্রিয় ছিল অনির। বৃষ্টির দিনে ওরা দুজন ভিজতো খুব। অনি উপরের দিকে তাকিয়ে থেকে চোখ খুলে রাখার চেষ্টা করতো। বৃষ্টির ধারা চোখে-মুখে পড়লে অদ্ভুত ভাবে চোখটা আধো খোলা আধো বন্ধ হয়ে আসতো। কি অসম্ভব সুন্দর ছিল অনির সে তাকানো। অনি এখন কোথায়? অস্ট্রেলিয়ার কোন এক শহরে লুকিয়ে থাকা অনিন্দিতা কি আকাশের সেই অনি? নাকি সুনীলের বরুনার মত অনির বুকে আজ কেবল মাংশের গন্ধ? আজ অনি কেবলই অনিন্দিতা। বিরামহীন ভাবে আকাশ ভেবে চলে অনির কথা, ওর ফেলে আসা সেসব দিনের কথা।

হঠাৎ MSN ম্যাসেঞ্জারে চোখ পড়ে আকাশের। ফারজানা নক করেছে। প্রায় ঘন্টাখানেক আগে আকাশ নক করেছিল। তখন ফারজানা কোন রিপ্লাই দেয়নি। এতক্ষন পর তার খবর হয়েছে! আকাশের একটু রাগ লাগলো। কিছু লিখলো না। ফারজানা আবার লিখলো, “কি ব্যাপার? আছেনতো বুঝতে পারছি। মুড মারছেন কেন?”
আকাশ দেখলো আর ভাব নিয়ে লাভ নেই। তার থেকে বরং কথা বলাই ভালো।
“আমি মুড মারলাম কখন? মুডতো দেখাচ্ছেন আপনি। প্রায় এক ঘন্টা আগে নক করেছি। রিপ্লাই দিচ্ছেন এখন।”
“ওরেব্বাবা। আপনি দেখি রাগ করে ফেলছেন। আমি বিগ ব্রাদার দেখছিলাম। তাই লক্ষ্য করিনি।”
আকাশের মেজাজটা আরেকটু খারাপ হলো। লিখলো, “এ দেশের মেয়েরা যেখানেই যাক, ডেইলীসোপের নেশা ছাড়তে পারবে না।”
“এই যে মিস্টার। ডেইলীসোপ শুধু আমরা দেখিনা। ব্রিটিশরা কি রকম পাগলের মত দেখে, এসে না দেখলে বুঝবেন না।” তারপরই ফারজানা একটু খোঁচা দিয়ে লিখলো, “আমি দেরী করে রিপ্লাই দেয়াতে আপনার এত লাগছে কেন? আপনারতো ম্যাসেঞ্জার নারীময়! আমাকে দেয়ার মত সময় হাতে আসলো কি করে আপনার?”
“খোঁচা দিচ্ছেন?”
“বাহ! লাগছে নাকি?”
“ইদানিং কেন যেন লাগে।”
“লক্ষন ভালো। মানুষ হচ্ছেন।”
“কেন? আগে কি অমানুষ ছিলাম?”
“উল্টাটা। অতিমানব ছিলেন। সুপারম্যান! না হলে এতগুলো মেয়ের সাথে প্রেম করতে পারে কেউ?”
“আবার খোঁচা? আসলে খোঁচা ছাড়া আপনি কথাই বলতে পারেন না।”
“হয়তো তাই হবে।”
আকাশ দ্রুত প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, “আচ্ছা, একটা কথা বলুনতো। আপনার ইমেইল এ্যাড্রেসটা এমন কেন?”
“কেমন?”
“এই যে, kanna86 ।”
“ওহ। কারন খুব সরল। শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবনটা কান্নাময়। কান্না আমার জীবনের প্রতিশব্দ।”
“আপনিতো মনে হচ্ছে কঠিন ছ্যাকা খাওয়া পাবলিক।”
“মানুষ কি শুধু প্রেমে ব্যার্থ হলেই কাঁদে। কান্নার কি আর কোন কারন থাকতে পারে না?”
“পারে। তবে আমাদের জেনারেশন ছ্যাকা খেলেই কাঁদে শুধু।”
“তাহলে হয়তো আমি আমাদের জেনারেশনের নামে কলঙ্ক।”
“তাইতো দেখছি। আমাদের জেনারেশনের ছেলেমেয়ে নির্বিশেষে সবাই কিছুদিন পরপর কাঁদে। আবার দু্ইদিন পর অন্যকারো সাথে গো-আউট করতে বাঁধে না।”
“খুব গর্ব হচ্ছে কথাটা বলতে, তাই না?”
আকাশ মনেমনে ম্লান হাসলো। কিছু লিখতে যচ্ছিল, তখনই ফোনটা বেজে উঠলো। অজানা নাম্বার। হঠাৎ যেন স্নায়ু আবারও শক্ত হয়ে উঠলো। ফারজানাকে অপেক্ষা করতে বলে ফোনটা ধরলো আকাশ।
“হ্যালো আকাশ, আমি মাকসুদ।”
চরম বিরক্তিতে শুন্যে একটা লাথি চালালো আকাশ। তারপর হেসে বললো, “কি খবর দোস্ত?”
“দোস্ত! আমিতো আজকে বিয়ে করে ফেলেছি।”
“হ্যা। সজীবের কাছে শুনলাম সব।”
“আমার শশুরতো লোডেড পিস্তল নিয়ে বের হয়েছে বাসা থেকে। খুব চিন্তা লাগছে। কি করবো এখন?”
আকাশ বিরক্তভাবে বলল, “লোডেড পিস্তলইতো নিয়ে বের হয়েছে। কামান নিয়েতো আর বের হয়নি। ভালো করে দরজা-জানালা আটকে ঘুম দে। এত চিন্তার কি আছে?”
“আর ইউ সিওর? আমার খুব চিন্তা হচ্ছে।”
“এত চিন্তার কি আছে? শোন মাকসুদ। নিয়তী সবার জন্য কিছু কিছু কাজ ঠিক করে দেয়। তোর শশুরের জন্য নিয়তী আজকে ঢাকা শহরে লোডেড পিস্তল নিয়ে ঘোরা ঠিক করে রেখেছে। অতএব তিনি ঘুরছেন। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই।”
তারপর গলার স্বরে একটু রহস্য এনে আকাশ আবার বলে, “তবে নিয়তী তোর জন্যও আজকে কিছু একটা ঠিক করে রেখেছে। তুই হয়তো বেশি চিন্তিত তাই ভুলে গিয়েছিস। একটু ঠান্ডা মাথায় ভাব। মনে পড়বে।”
“আকাশ, আমার সত্যি খুব নার্ভাস লাগছে। যদি পিস্তল হাতে চলে আসে আমার শশুর।”
আকাশের দাত কিড়মিড় করে উঠলো। “গাধারে আমি কি বোঝাই আর গাধা বোঝেটা কি!” মনেমনে ভাবলো আকাশ। তারপর একটু কঠিন গলায় বললো, “এত নার্ভাস লাগলে বিয়ে করতে গিয়েছিলি কেন?” কিন্তু কথাটা বলেই আকাশ বুঝলো বেচারার উপর রাগ করে লাভ নেই। বরং সুন্দর করে বোঝানো দরকার। তাই গলা নামিয়ে বললো, “দেখ দোস্ত! বিয়ে যখন করেই ফেলেছিস, শশুর মেনে নেবে কোনা না কোন সময়। ফেলেতো আর দিতে পারবে না। তুই বরং বৌকে সময় দে। আর শোন, বিয়ের প্রথমরাতে এভাবে বন্ধুদের ফোন দিতে হয় না, তাও আবার ছেলেদের। বৌ তোকে অন্য কিছু ভাববে। বুঝিসইতো, আজ কালকার মেয়ে। ছেলে ছেলে কথা বললেও সন্দেহ করে!”

মাকসুদের ফোনটা কোনক্রমে রেখে আকাশ আবার ম্যাসেঞ্জারে ছুটে আসে। কিন্তু ততক্ষনে ফারজানা চলে গিয়েছে। হঠাৎ ওর খুব মন খারাপ হয়ে যায়। আকাশ বুঝতে পারে, সে আসলে ফারজানাকে মিস করতে শুরু করেছে। প্রতিদিন যে গভীর রাত পর্যন্ত ম্যাসেঞ্জারে বসে থাকে, সেটা আসলে ফারজানার জন্য অপেক্ষা। একটা অন্যরকম টান অনুভব করতে শুরু করেছে আকাশ।

সাথে সাথে সে নিজেকে শাসন করার চেষ্টা করে। এসব অদেখা নারীর প্রতি দুর্বল হলে চলবে না। কিন্তু নিজের অজান্তেই আকাশের মন বারবার চলে যেতে থাকে ফারজানার কাছে। প্রকৃতির কি অদ্ভুত খেলা! নারীমাত্রই যে আকাশের কাছে সময় কাটানোর খেলনা, সে আকাশই আজ দেশ থেকে বহু দূরে, ইংল্যান্ডের কোন এক শহরে বাস করা এক অদেখা নারীর জন্য বিনিদ্র রাত কাটাচ্ছে।